বহুল প্রত্যাশিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪ দিনের জাপান সফর সফলভাবেই সমাপ্ত হয়েছে বলে সরকার সংশ্লিষ্টরা দাবি করছেন। গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের আতিথেয়তায় বাংলাদেশের প্রাপ্তির ঝুলিতে কী যোগ হল? এ আলোচনা সামনে এসেছে। সফরকালে জাপানের সঙ্গে বাংলাদেশ সরকারের চারটি সমঝোতা স্মারক, দু’টি অনুদান চুক্তি এবং অভিপ্রায়পত্র সই হয়েছে। সহযোগিতার ক্ষেত্রও বেড়েছে বলে জ্ঞাত হওয়া গেছে।

দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর যে যৌথ ঘোষণা এসেছে, সেখানে বৈশ্বিক বাস্তবতার নিরিখে নিজেদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিশেষ অংশীদারিত্বমূলক উদ্যোগ ‘বিগ-বি’ এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে জাপান ও বাংলাদেশ। দু’দেশের শীর্ষ নেতৃত্ব তারেক রহমান ও সানায়ে তাকাইচির বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বেসরকারি খাতে দু’দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারকসহ সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যবেক্ষকদের দৃষ্টিতে, ‘বর্তমান সময়টা বাংলাদেশের জন্য ভালো। জাপানের সাথে উন্নয়নের নতুন সোপান তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে।’ প্রধানমন্ত্রীর সফরকে মূল্যায়ন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বলব, ‘দিস ইজ ওয়ান অব দ্য মোস্ট সাকসেসফুল ট্রিপ বাই অ্যানি হেড অব দ্য স্টেট ইন রিসেন্ট টাইমস’। তার ভাষায়, ‘প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। জাপানের কাছে বাংলাদেশ এখন বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে। যে সহযোগিতা ও সমঝোতার ক্ষেত্রে তৈরি হয়েছে, তাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর সফল হয়েছে পরিপূর্ণভাবে।’

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। এরপর তিনি চীন সফর করেন। চীনের পর প্রধানমন্ত্রী সম্প্রতি চার দিনের সফরে জাপানের টোকিওতে পৌঁছান। জাপান সফরের দ্বিতীয় দিনে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা আসে। এতে বলা হয়, দু’ দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিতে ‘বিগ-বি’ উদ্যোগকে ‘অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি’ নামে এগিয়ে নেওয়া হবে। এ উদ্যোগের আওতায় বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও তথ্যযোগাযোগপ্রযুক্তির অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে দু’দেশ।

এর মাধ্যমে শিল্পের মূল্য সংযোজন ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে তোলা, বাণিজ্য ও পণ্য সরবরাহের প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা এবং প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বাড়ানো হবে। এ জন্য চারটি ক্ষেত্রে কাজ করা হবে যোগাযোগব্যবস্থার উন্নয়ন; প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো; অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি ও নীতিমালা প্রণয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদার করা। যৌথ ঘোষণায় বলা হয়েছে, জাপানের বেসরকারি খাত আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করতে পারে। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে দু’লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথাও উঠে এসেছে জাপান ও বাংলাদেশের যৌথ ঘোষণায়। ঘোষণায় দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার তুলে ধরা হয়েছে। যা দৃশ্যত ইতিবাচকই মনে হয়েছে। কিন্তু বাস্তবতা দেখার জন্য আমাদেরকে অবশ্যই আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

এছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হওয়াকে স্বাগত জানিয়ে দ্রুত তা কার্যকর করার অঙ্গীকার করেছেন দুই নেতা। এ চুক্তির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশের শিল্পখাতে বৈচিত্র্য আনার লক্ষ্য রয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম উত্তরণে এ চুক্তি সহায়তা করবে বলে যৌথ ঘোষণায় বলা হয়েছে। আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার অনুরোধ নিয়ে আলোচনা এগিয়ে নিতেও জাপান আগ্রহী বলে জানা গেছে।

বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। অন্যদিকে বিনিয়োগ সহজ করতে কর, শুল্ক ছাড়করণ, অর্থ পাঠানো ও লাইসেন্স দেয়ার মতো কার্যক্রমে নিয়মকানুন ও স্বচ্ছতা বাড়ানোর অঙ্গীকার করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট চারটি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দু’টি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন অর্থাৎ ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি। এর মধ্যে উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদার করতে টহল জাহাজ দেয়ার অনুদান হিসেবে দেয়া হবে ২১২ কোটি ইয়েন (১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার)।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন বিষয়ক একটি সহযোগিতার স্মারক (এমওসি) সই হয়েছে। জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য দুই দেশের মধ্যে কর্মসংস্থান বিষয়ক এমওসি হয়েছে। জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যেও সহযোগিতার একটি স্মারক সই হয়েছে। এছাড়া জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সহযোগিতার বিষয়ে সই হয়েছে লেটার অব ইনটেন্ট বা প্রাথমিক সমঝোতাপত্র।

যে দু’টি প্রকল্পে ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে সেগুলো হল, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন ও উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেইজ ২)। এর মধ্যে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৫৮৮ বিলিয়ন ইয়েন (১০০.৮ মিলিয়ন ডলার) ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেইজ ২) এর জন্য পাওয়া গেছে ৩ হাজার ৬৮ বিলিয়ন ইয়েন (১৯৪.৭ মিলিয়ন ডলার) ঋণের প্রতিশ্রুতি। অন্যদিকে বেসরকারি খাতে ১৭টি সমঝোতা সই হয়েছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে। এসব সমঝোতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামের সংলাপে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। সেখানে জাপানের বিভিন্ন বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের আগ্রহের কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়ে তোলার সময় জাপান আমাদের পাশে ছিল। এখন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমাদের সঙ্গে মিলে শিল্পকারখানা গড়ে তুলুন, নতুন সুযোগ সৃষ্টি করুন এবং বাংলাদেশের সঙ্গে এগিয়ে চলুন। আমাদের লক্ষ্য স্পষ্ট। আসুন, দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী অংশীদারিত্বে পরিণত করি। আমাদের জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য পারস্পরিক সুযোগ সৃষ্টি করি এবং আমাদের দুই মহান দেশের জন্য সমৃদ্ধি নিশ্চিত করি।’

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের যৌথ আয়োজনে জেট্রোর প্রধান কার্যালয়ে বিনিয়োগ ফোরামের এ সম্মেলন হয়।

চারদিনের সফরে জাপানের বাণিজ্যমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর আমাকাওয়া কাজুহিকো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কাতাওয়াকা সুসুমুর, ইউনিক্লোর প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাই প্রমুখ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চিবা প্রিফেকচাররের ফুতসু শহরে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গত ৩০ অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরের ফলাফল তুলে ধরে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ‘এ সফর বাংলাদেশকে উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা ও তা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের আরও বেশি সুযোগ সৃষ্টিতে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’ প্রতিমন্ত্রী বলেন, দু’দেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতাকে পারস্পরিক কল্যাণকর অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্বে রূপান্তরের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করেছে।

তিনি সফরটিকে কার্যকর ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন অংশীদারিত্ব আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি ও মানবসম্পদকে কেন্দ্র করে বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ভিত্তি তৈরি হয়েছে। হুমায়ুন বলেন, সফরের ফলাফল সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির প্রতিফলন। এ নীতিতে জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী জাপানের নাগোয়া সিটিতে বিশ্বখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার প্রধান কারখানা ও সংযোজন প্ল্যান্ট পরিদর্শন করেন। জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি এ কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার দিনের নিবিড় সফরসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ দেশটির সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক, শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল এবং বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। পৃথক এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর সুযোগ-সুবিধা এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরা হয়। সফরকালে দু’দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরো মজবুত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও কূটনৈতিক বিশ্লেষকরা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ববহ, সময়োপযোগী ও বৈপ্লবিক বলে অভিহিত করেছেন। তাদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রক্ষাপটে সরাসরি ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি ও আশ্বাস অর্জন এবং দু’লাখ কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হওয়া বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। তবে এ বিপুল সংখ্যক কর্মসংস্থান নিয়ে ভিন্ন কথাও শোনা যাচ্ছে।

জাপান প্রবাসীরা জানাচ্ছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্ব বর্তমানে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের বাণিজ্য সম্পর্ক ও বেসরকারি খাতের বিনিয়োগে অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বিশেষ করে জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ। যারা প্রতি বছর প্রায় ২৫ বিলিয়ন থেকে ৩০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে। তবে বাংলাদেশ বিশ্বমানের পোশাক তৈরি করলেও জাপানের বাজারে আমরা এখন পর্যন্ত মাত্র ১.৪ বিলিয়ন ডলার রফতানি করতে পেরেছি। যা খুব একটা স্বস্তিদায়ক নয়।

সরকার সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে জাপান সবসময়ই বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু। প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরের মাধ্যমে যে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো, তার প্রকৃত সুফল পেতে হলে চুক্তি ও আশ্বাসগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ করার ওপরই এখন মূল সাফল্য নির্ভর করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দেন জাপান প্রবাসী ও সফল ইনভেস্টমেন্ট ব্যাংকার হোসেইন মো: সারোয়ার সানি। যিনি জাপান রেমিট ফাইন্যান্স (জেআরএফ) গ্রুপের প্রতিষ্ঠাতা। তার ভাষায়, বাংলাদেশ ও জাপানের দ্বিপীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার হলেও জাপানি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে এখনো কিছু ঘাটতি রয়েছে। তার মতে, জাপানি বিনিয়োগকারীরা সাধারণত মালয়েশিয়া বা ভিয়েতনামে বেশি বিনিয়োগ করেন কারণ সেখানে তাদের প্রচার বা পিআর (পাবলিক রিলেশন) অনেক শক্তিশালী। বাংলাদেশে বিদ্যুৎ বা গ্যাসের কিছু সঙ্কট থাকলেও যেকোনো সমস্যা সমাধান করা মানুষের কাজ। সুতরাং জাপানিদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে ব্র্যান্ডিং করার আবশ্যকতা রয়েছে। জাপানে বসবাসরত বাংলাদেশীরাই এ ক্ষেত্রে সবচেয়ে বড় সেতু হিসেবে কাজ করতে পারেন, কারণ প্রবাসীদের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের উচিত আরো বেশি ইনভেস্টমেন্ট সেমিনার আয়োজন করা, দূতাবাসগুলোকে আরো সক্রিয় করা এবং জাপানি প্রযুক্তি-বিশেষ করে এআই (এআই) ভিত্তিক প্রযুক্তি ও আধুনিক জ্ঞান বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নেয়া।

সরকারসহ সংশ্লিষ্টদের প্রচার-প্রচারণায় মনে হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য সমাপ্ত জাপান সফর খুবই সফল ও ফলপ্রসূ হয়েছে। এ সফরে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। যা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। উভয় দেশের সম্পর্ক উঠবে এক অনন্য উচ্চতায়। তবে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে ভিন্নকথাও বাজারে চাউর হতে শোনা যাচ্ছে। জাপানী প্রস্তাবে নাকি বঙ্গপোসাগরের দরজা ভারতের জন্য খোলা হচ্ছে। সংবাদটি সত্য হলে তা হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। www.syedmasud.com