মোছা: বৈশাখী খাতুন

পৃথিবীতে জলবায়ু পরিবর্তন আজকের ঘটনা নয়, মহাজগৎ সৃষ্টির পর থেকেই জলবায়ুর গতি- প্রকৃতিতে পরিবর্তন স্বাভাবিক একটি বিষয়। কয়েক দশক পূর্বেও জলবায়ু পরিবর্তনকে নিতান্তই পরিবেশের বিষয় ধরা হলেও এখন আর নিছক এ বিষয়ে সীমাবদ্ধ নেই। তা অর্থনীতি, নিরাপত্তা, স্বাস্থ্য, জনজীবন, রাজনীতি এমনকি সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে জড়িত। ইতিহাসে বরফ ও উষ্ণ যুগ বিদ্যমান থাকা সত্ত্বেও বর্তমানে জলবায়ু পরিবর্তন এত আলোচিত বিষয় কেন? পূর্বে জলবায়ু সংকটকে ২১ শতকের সমস্যা হিসেবে বিবেচনা করা হতো। তবে বিংশ শতাব্দীর শেষ দিক থেকে এ বিষয়ে আলোকপাত শুরু হয়ে যায়। জলবায়ুর উপাদানগুলোর পরিবর্তনের ক্ষেত্রে ৩০ বছর বা তার বেশি সময় নিয়ে থাকে, কিন্তু শিল্পায়ন ও আধুনিক সভ্যতার গঠন এবং তা অগ্রগতির নিমিত্তে এই পরিবর্তনের গতিকে অস্বাভাবিক হারে বাড়িয়ে তুলছে দিনদিন। পূর্বের তুলনায় প্রযুক্তির অত্যাধিক প্রসার, যত্রতত্র নগরায়ন, জ্বালানির অধিক ব্যবহার, বনভূমি উজাড় ও অনিয়ন্ত্রিত গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ধারাবাহিকতায় জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে। ১৮৮০ সাল অর্থাৎ শিল্প বিপ্লবের কিছুকাল পর থেকেই মানুষ অধিক হারে কয়লা, তেল, গ্যাস পোড়াতে শুরু করল। এতে ধীরে ধীরে পৃথিবীতে উষ্ণতার মাত্রা বাড়তে শুরু করে। কার্বনডাই-অক্সাইড (CO2), মিথেন (NH4), নাইট্রাস অক্সাইড (N2O) ও সিএফসিসহ আরো অন্যান্য গ্যাসের অতিমাত্রায় নিঃসরণ পৃথিবীকে একটি চাদরের মত ঘিরে ফেলেছে। বায়ুমণ্ডল স্তরের কিছু গ্যাসীয় উপাদান ও কণা (পার্টিকুলার ম্যাটার) আছে, যেগুলো সূর্য থেকে আগত বিকরিত তাপ চুষে নিয়ে বায়ুস্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারকে উষ্ণ করে তোলে। তাছাড়া পৃথিবীর কাঠামো ও বাহ্যিক গঠন এবং গ্রিন হাউজ ইফেক্টের কারণে জীববৈচিত্র্যর উদ্ভব ঘটে। এতে বোঝা যায়, গ্রিনহাউস ইফেক্ট নয় বরং বায়ুমন্ডলে থাকা এ সকল গ্যাসের মাত্রাতিরিক্ত নিঃসরণ পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে তুলেছে। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণ করে চীন প্রায় ২৮ শতাংশ থেকে ৩৩ শতাংশ। তবে বিশ্বব্যাংকের হিসেব মতে, বাংলাদেশ কার্বন নির্গমনের মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ নিঃসরণ করে। অথচ জলবায়ুজনিত কারণে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতাই বিগত ৫০ বছরে দেশের তাপমাত্রার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে এক ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। একই সময়ে জলবায়ু ও আর্দ্রতার প্রভাবে হিট ইনডেক্স বেড়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবছর তাপমাত্রা গড়ে ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বিরাজ করলেও সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সম্প্রতি একটি প্রতিবেদনে, ১৯৮০ থেকে ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার হার ১দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যেখানে রাজধানী ঢাকা গ্লোবাল হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা অধিক জন ঘনবসতিপূর্ণ, উচ্চ ভবন, শিল্প কারখানা বিদ্যমান থাকায় সবুজ অঞ্চল বিলীন হয়ে তাপমাত্রা ধরে রাখছে। অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। পৃথিবীর মোট জমাটবদ্ধ বরফের ৯০ শতাংশ এন্টার্টিকা মহাদেশে অবস্থিত। ১৯৯৩ সাল থেকে এই হার ২ দশমিক ১ মিলিমিটার থেকে বেড়ে ২০২৬ সাল অবধি ৪ দশমিক ৫ মিলিমিটারে পৌঁছেছে। বিশেষ করে, প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব সমুদ্রের তাপ শোষক ক্ষমতা কমিয়ে দিয়েছে, উল্টে তাপ আরও ছেড়ে দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির মত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এত দ্রুত ঘটে না। তাই সরাসরি ক্ষতির সম্ভাবনাটাও কম। আবহাওয়াবিদদের মতে, দেশের আবহাওয়া নিরপেক্ষ অবস্থা থেকে ক্রমশ এল নিনোর দিকে ঝুঁকে যাচ্ছে। বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উঁচুতে অবস্থিত একটি বদ্বীপ অঞ্চল। দেশের প্রায় ১০ শতাংশ ভূমি এক মিটার উপরে অবস্থান করছে। এর মধ্যে পঞ্চগড়ের গড় উচ্চতা ১৫০ ফুট, রংপুর ১১২ ফুট, চট্টগ্রাম ১০ থেকে ১৫ ফুট এবং ঢাকা ১৩ দশমিক ১২ ফুট উচ্চতায় অবস্থিত। সবচেয়ে নিম্ন উচ্চতায় অবস্থান করছে উপকূলীয় অঞ্চলগুলি, গড়ে ৫ দশমিক ৩ মিলিমিটার। এসব অঞ্চলে পাড় ভেঙে ভেঙে চরগুলি সমুদ্রগর্ভে চিরতরে বিলীন হয়ে যাচ্ছে।

বিগত ৩০ বছরে এই অঞ্চলে উচ্চতা বাড়ার হার ৩ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মিলিমিটার। এভাবে জলবায়ু পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সূচক ২০২১ এর প্রতিবেদন অনুযায়ী, গত ২০ বছরে ১৮৫টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে। প্রতিবছর দুর্যোগে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ক্ষতিসাধন হয়ে থাকে। জার্মানওয়াচ ‘দ্যা ক্লাইমেট রিস্ক ইনডেক্স প্রতিবেদন-২০২৬ অনুযায়ী, এ বছর দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার, বাস্তুচ্যুত প্রায় ৬৩ লক্ষাধিক মানুষ, শ্রম ও উৎপাদনশীলতায় হারিয়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বেশি ক্ষতিসাধন হয়েছে কৃষি খাতে। ইতোমধ্যে দেশে বেশ কিছু প্রভাব দেখা দিতে শুরু করেছে। যেমন: বৃষ্টির ধরনে পরিবর্তন ও অনিয়মিত বৃষ্টিপাত, সুন্দরবন ছোট হয়ে আসা, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, জলবায়ু শরণার্থী বৃদ্ধি, বৃহৎ নদীরগুলোর গতিপথ পরিবর্তন, ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিধ্বস ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ২০৫০ সাল নাগাদ তীব্র তাপপ্রবাহের শিকার হওয়া ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি। ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC)- এর সমীক্ষা অনুযায়ী, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩ দশমিক ৫ থেকে ১৫ মিলিমিটার বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। এমনকি ২১০০ সাল নাগাদ তা ১০০ তে পৌঁছাতে পারে।এতে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলি খুলনা, বরগুনা, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজার

অঞ্চল চরম ঝুঁকিতে রয়েছে। এসব অঞ্চলে থার্মাল এক্সপেনশন হার অর্থাৎ তাপীয় প্রসারণ গুণাঙ্ক কমাতে না পারলে দেশের প্রায় অর্ধেক এলাকা ১ পিপিটি মাত্রার (সর্বোচ্চ সীমা ৫ পিপিটি) লবণাক্ততার কবলে পড়বে। দক্ষিণাঞ্চের প্রায় ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে, কৃষিতে প্রায় ৫০ বিলিয়ন ডলার ক্ষতির সম্ভাবনা, দেশের প্রায় ২২টি জেলা তীব্র খরার ঝুঁকিতে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলি বিভিন্ন ফোরামে জলবায়ু সংকট উত্তোরণে চিন্তাভাবনা ও গবেষণার দ্বারা নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ভবিষ্যতে জলবায়ু সংকট মোকাবেলায় কতটা প্রস্তুত বা আগামী দিনে কতটুকু প্রস্তুতি গ্রহণ করবে এ বিষয়ে প্রশ্ন থেকেই যায়। যেহেতু ভৌগলিক অবস্থান, সমতল নিম্নভূমি, অদক্ষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জনঘনত্বের কারণে এদেশে ঝুঁকির প্রকোপ টাও বেশি। প্রথমত জাতীয় পর্যায়ে আমরা কিছু প্রস্তুতি দেখতে পাই, যেগুলো নিয়ে ইতোমধ্যে কার্যক্রম চলমান। যেমন: শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা-২১০০(৬ হটস্পট অঞ্চল) গ্রহণ, সার্কুলার ইকোনমি গ্রহণ, পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে পদ্মা ও তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ , ২০২০-৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করার অঙ্গীকার, কার্বন বাজার উন্নয়ন, বাংলাদেশ চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) গ্রহণ। আগামী ৫ বছরে ২০ হাজার নদী ও খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ। সম্প্রতি, জাতীয় জলবায়ু পরিকল্পনা-২০২৫ নামে একটি কৌশল গ্রহণ করা হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে: ২০৩৫ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে প্যারিস চুক্তির অধীনে (এনডিসি) প্রকল্প নির্ধারণ, আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু সমস্যা নিরসনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট ( সিভিএফ) এ যোগদান,১৯৯২ সালের ওয়াটার কনভেনশনে স্বাক্ষর, জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সবুজ জলবায়ু তহবিল এর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি। এছাড়া এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে “Climate

Action and the Just Transition” শীর্ষক অনুষ্ঠানে জলবায়ু সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী ৪টি পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রথমত, বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখার আহ্বান। দ্বিতীয়ত, ঝুকিপূর্ণ দেশগুলোর অভিযোজনে সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করা। তৃতীয়ত, জলবায়ু শরণার্থীদের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। চতুর্থত, উপকূলীয় অঞ্চলে স্মার্ট প্রযুক্তি ও তথ্য উপাত্তের দ্বারা আগাম সতর্কীকরণ ব্যাবস্থা উন্নতিকরণ। সর্বোপরী বলা যায় যে, এ সকল প্রকল্প, পদক্ষেপ, উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি তা বাস্তবায়নের দিকে বিশেষ জোর দিতে হবে। আন্তর্জাতিক প্রোটকল ও চুক্তিগুলোতে আরও তৎপর হতে হবে। বৃহৎ নদীকেন্দ্রিক ব্যারেজগুলি আধুনিকায়ন করে তোলা। দুর্যোগ প্রশমনের পরিবর্তে পূর্বপ্রস্তুতির দিকে নজর দিতে হবে। জলবায়ু সেবা প্রকল্প শক্তিশালী করে তোলা। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনশীল অবকাঠামো আধুনিক করে গড়ে তোলা। জলবায়ু অভিযোজনের পাশাপাশি ন্যায়বিচার কার্যকরী করা। জলবায়ু পরিবর্তন শুধুমাত্র ভবিষ্যৎ সংকট নয়, এটি বর্তমান বাস্তবতা বলা যায়। কালের বিবর্তনে যেমন মানবসভ্যতার জন্য হুমকি তেমনি বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ। শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক অঙ্গনে প্রস্তুতি থাকলেই চলবে না এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। এলডিসি পরবর্তী দেশ গঠন ও ২০৪১ সালের ভিশন- মিশন সফল করতে দেশকে ঝুঁকিমুক্ত করে গড়ে তুলতে হবে। স্বাধীনতা উত্তর সবুজ বাংলাদেশের আগাম স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সকলকে আরও সচেতন হতে হবে। তাই আজকের দায়িত্বশীল পদক্ষেপই হতে পারে আগামী প্রজন্মের বেঁচে থাকার অধিকারকে সুরক্ষিতকরণ ও একটি নিরাপদ বাংলাদেশ গড়ার কান্ডারি।

লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।