সহিংসতা কোনো ভালো বিষয় নয়। হিংসা থেকে যে বিষয়ের উৎপত্তি তা ভালো হবে কেমন করে? বর্তমান সময়ে নানা সমস্যায় জর্জরিত মানুষের জীবন, সেখানে সহিংসতা ডেকে আনে বাড়তি বিপদ। সহিংসতা মানুষের কাম্য বিষয় নয়ং, তারপরও সহিংসতা থেকে মানুষ মুক্ত হতে পারছে না। সহিংসতার আছে নানা রূপ। ব্যক্তিগত ও সামাজিক সহিংসতা অনেক পুরোনো বিষয়। আছে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সহিংসতাও। বর্তমান সময়ে রাষ্ট্রের অভ্যন্তরে যে রাজনৈতিক সহিংসতা লক্ষ্য করা যায়, তা এক ভয়াবহ ব্যাপার; এ সহিংসতায় শুধু রাষ্ট্রের শান্তি ও সমৃদ্ধিই ব্যাহত হয় না, জনজীবনে বেড়ে যায় দুর্ভোগের মাত্রাও। এমন সহিংসতা যেন ঘিরে ধরেছে আমাদের প্রিয় বাংলাদেশকে। এ নিয়ে যখন অন্যরা কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার সহিংসতা প্রসঙ্গে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর গত এক সপ্তাহে যে সহিংসতা চালানো হয়েছে তা কোনোভাবেই সমর্থন করতে পারে না ইইউ। ২০২৪ সালের সহিংসতাপর বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কার, সহিংসতা প্রতিরোধ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে। গত সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ ইইউ ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন।
তিনি গত এক সপ্তাহের কথা উল্লেখ করেছেন, এ এক সপ্তাহে আসলে কী হয়েছে? গত এক সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতার উদ্বোধন করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দলটি কি প্রমাণ করতে চাইলো? তবে আপাতত একটি বিষয় প্রমাণিত হয়েছে যে, এ দলটি নিষিদ্ধ হওয়ার যোগ্য। ক্ষমতায় থাকতে তারা ফ্যাসিবাদী আচরণ করেছে, আর ক্ষমতা হারিয়ে এখন নেমেছে অগ্নিসন্ত্রাসে। রাজনীতির এমন ন্যক্কারজনক মান নিয়ে তারা জনগণের সামনে দাঁড়াবে কোন মুখে? আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হলে তো দেশের মানুষকে গুরুত্ব দেবেন তারা। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতৃবৃন্দ শুধু পালিয়ে যাননি, নিয়ে গেছেন লুটের অর্থও; এছাড়া বিদেশে রয়েছে তাদের অবৈধ অর্থের স্তূপ। সে অর্থের উত্তাপ দিয়ে তারা বাংলাদেশে নাশকতা ছড়িয়ে নিজেদের অস্তিত্ব জাহিরের চেষ্টা করছেন।
ফ্যাসিবাদী দলটির হঠাৎ আস্ফালনে প্রশ্ন জাগে, এ সাহস তারা পেলো কোত্থেকে? প্রতিবেশী দেশটির প্রশ্রয়ের বিষয়টি সবার জানা। তবে এ বিষয়টিও আলোচনায় আছে যে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকার ও রাজনীতিবিদরা সঠিক পথে চলছেন তো? লক্ষ্যভ্রষ্ট হলে তো বিপদের মাত্রা বাড়বে। রাজনীতিতে মতভিন œতার বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু দলীয় কিংবা ক্ষমতার রাজনীতির কাছে যদি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিংবা জনস্বার্থ গৌন হয়ে পড়ে, তাহলে তো শঙ্কা জাগে। আমরা জানি, আমাদের জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্টের লক্ষ্যে ভারত সব সময় ‘একাত্তর’ ও ‘সংখ্যালঘু’ কার্ড ব্যবহার করেছে। তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুচররা এসব কার্ডের দাসত্ব করে যাচ্ছে। ‘একাত্তর কার্ড’ নিয়ে তেমন সুবিধা করতে না পেরে এখন তারা ‘সংখ্যালঘু কার্ড’ নিয়ে বিশেষভাবে তৎপর হতে চাচ্ছে। তারা মনে করছে, স্পর্শকাতর এ কার্ড আন্তর্জাতিক অঙ্গনেও তাদের জন্য ফলপ্রসূ হবে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা সংখ্যালঘু কার্ডের তৎপরতা দেখেছি। সরকারকে বিব্রত করতে নানা অপচেষ্টা চালিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আর এ অপতৎপরতায় ইন্ধন দিয়ে গেছে ভারতের একশ্রেণির রাজনীতিবিদ ও মিডিয়া। ফ্যাসিস্ট দলটির সে অপতৎপরতা আবার শুরু হয়েছে নতুন উদ্যমে। এতে যথারীতি মদত দিয়ে যাচ্ছে ভারতের সে গোষ্ঠী। আন্তর্জাতিক অঙ্গনেও তারা বাংলাদেশের ইমেজ বিনষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এবার নড়াইলের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তাদের অপতৎপরতা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে শতশত হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মিথ্যা তথ্য। ভারতের কিছু গণমাধ্যমেও প্রচারিত হয়েছে সে সব মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন। তবে ফ্যাক্ট চেকিং সাইটগুলোর তৎপরতায় এসব অপপ্রচার বুমেরাং হয়ে ফিরছে তাদের দিকেই। অনুসন্ধানে দেখা গেছে, প্রচারণায় ব্যবহৃত ছবি ও ভিডিওর সঙ্গে নড়াইলের ঘটনার কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামের মিরসরাই ও রাজধানীর মহাখালীর অগ্নিকা-ের ভিডিওকে নড়াইলের ঘটনা বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে। স্থানীয় হিন্দু নেতারাও সংখ্যালঘুর বাড়িতে হামলার দাবি নাকচ করে দিয়েছেন। পর্যবেক্ষকরা মনে করেন, সংখ্যালঘু ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশর ইমেজ বিনষ্টের চেষ্টা চলছে। নড়াইলের ঘটনায় সরাসরি জড়িত আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। উল্লেখ্য, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন আশায় উজ্জীবিত হয়ে আওয়ামী লীগ সপ্তাহজুড়ে দেশে তা-ব চালায়। তারই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শাহীনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। এ হত্যাকা-ের পাল্টা প্রতিক্রিয়ায় গত শুক্রবার নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর আওয়ামী লীগের অফিসিয়াল পেজসহ ফেসবুকে আওয়ামীপন্থি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, কালিয়ায় ‘শতশত’, ‘২০০’ এবং ‘৩০০’ হিন্দু বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি-জামায়াত। একই সাথে ভারতের অন্তত ১০টি মিডিয়ায় ‘শতশত হিন্দু বাড়ি’ পুড়িয়ে দেওয়া গয়েছে, ‘দাউ দাউ করে জ¦লছে হিন্দুদের ঘর’ শিরোনামে খবর প্রকাশিত হয়। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্যের ভিত্তিতে ফ্যাক্ট চেকিং চেকার ‘দ্যা ডিসেন্ট’ এসব দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। সংস্থাটির অনুসন্ধানে স্থানীয় নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়ি ছাড়া অন্য কোনো হিন্দু বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে বলেন, শতশত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আর বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। ঘোষ পাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি।
এদিকে কালিয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সংবাদমাধ্যম জি-২৪ ঘন্টা ‘নারকীয়! বেছে বেছে শুধুই ৩০০ হিন্দু বাড়ি জ¦ালানো হলো পদ্মাপারে, কেন চুপ তারেক সরকার?’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রতিবেদক মৌমিতা চক্রবর্তী দাবি করেন, কালিয়ায় তিন শতাধিক হিন্দু বাড়ি জ¦ালিয়ে দেওয়া হয়েছে। হিন্দু হওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক হওয়ার কারণে এসব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। ভারতের কোনো কোনো সংবাদমাধ্যমের ভূমিকা দেখে মনে হয়, এরা যাত্রামঞ্চে নাম লেখালে আরো ভালো করতেন। ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ও সে একই যাত্রাভিনয়- ‘বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইলে হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ২০০ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, তলব সেনা’ শিরোনামে খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি। ‘জি-২৪ ঘণ্টা’ জানালো ৩০০ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আর ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ এ সংখ্যা ২০০। বাকি ১০০-এর অঙ্কটা মিলাবে কে? প্রায় একই ধরনের শিরোনামে খবর প্রকাশ করেছে এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, নবভারত, ইন্ডিয়া হুড, নজরবন্দিসহ ভারতের আরো কয়েকটি গণমাধ্যম। এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার মিথ্যা অভিযোগ তুলে বিজিপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কথা বলেছেন। গত রোববার সাংবাদকিদের সঙ্গে আলাপকালে শমীক বাবু বলেন, একজন হিন্দু হিসেবে রাস্তায় নামার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতই বাংলাদেশের জন্ম দিয়েছিল। এমন কুৎসিত বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের ছাত্র-জনতার মহান মুক্তি সংগ্রামকে অস্বীকার করতে চাইলেন। ভারতের উদ্ভট সাম্প্রদায়িক গণমাধ্যম থেকে তিনি নিজেকে আলাদ করতে পারলেন না। আসলে সংখ্যালঘু কার্ডই এখন তাদের শেষ অবলম্বন। এ বিষয়ে বাংলাদেশের ছাত্র-জনতাকে থাকতে হবে সচেতন। ষড়যন্ত্রকারীরা যেন ‘সংখ্যালঘু কার্ড’ খেলার সুযোগ না পায়। এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক।
