কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে শেয়ারধারী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক ব্যতীত আর কেউ প্রতিনিধি পরিচালক হতে পারবেন না। বিদ্যমান নিয়মে কোম্পানি কর্তৃক মনোনীত যে কোন ব্যক্তি ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে পারতেন। কিন্তু আগামীতে চাইলেই একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে যে কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না। যিনি ব্যাংকের পরিচালক মনোনীত হবেন তিনি যদি কোন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হন তাহলে তার মাঝে অধিক দায়িত্বশীলতা থাকবে। যেটা অন্য কোন মনোনীত পরিচালকের মধ্যে থাকে না। একই সঙ্গে কোন কোম্পানির শেয়ার ক্রয় ও ধারণের বিষয়ের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বিদ্যমান নিয়ম মোতাবেক একটি কোম্পানির মালিকপক্ষ যত ইচ্ছে খুশি ব্যাংকের শেয়ার ক্রয় করতে পারতেন। আগামীতে এই ব্যাপারে কঠোরতা আরোপ করা হচ্ছে।

এখন থেকে কোন কোম্পানি মালিক ইচ্ছে করলেই যত খুশি ব্যাংক শেয়ার ক্রয় করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে কোম্পানির মালিক তার কোম্পানির প্রকৃত সম্পদের অতিরিক্ত মূল্যমানের শেয়ার ক্রয় করতে পারবেন না। কোনা কোম্পানির প্রকৃত সম্পদ মূল্যের চেয়ে বেশি মূল্যের শেয়ার ক্রয় এবং ধারণ করতে পারবে না। যেমন কোন কোম্পানির মোট প্রকৃত সম্পদ মূল্য যদি ১০০০ কোটি টাকা হয় তাহলে তিনি চাইলেই এমন এক বা একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন না যার মূল্য ১০০০ কোটি টাকার বেশি। কোন কোম্পানির মোট প্রকৃত সম্পদ মূল্য যদি ১০০০ কোটি টাকার বেশি হয় তাহলে তাকে সেই অতিরিক্ত সম্পদ আগামী ৬ মাসের মধ্যে সেই কোম্পানির প্রকৃত সম্পদ ১০০০ কোটি টাকার নিচে নিয়ে আসতে হবে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। অতীতে দেখা গেছে, কোন কোনো কোম্পানি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করে কোম্পানির সঙ্গে মালিকানা সূত্রে যুক্ত নন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যাক পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে থাকেন। সংশ্লিষ্ট ব্যক্তি যেহেতু কোম্পানির সঙ্গে মালিকানাসূত্রে যুক্ত নন তাই তাদের মধ্যে দায়বদ্ধতা কম থাকে। তারা কার্যত ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্যই নিবেদিত থাকেন। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম গোষ্ঠীর মালিকানায় ছিল ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। পৃথিবীর ইতিহাসে এ ধরনের নজীর খুঁজে পাওয়া দুষ্কর যেখানে একই পরিবারের হাতে ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে। এ উদ্যোক্তা গোষ্ঠী তাদের মনোনীত এমন ব্যক্তিকে এসব ব্যাংকে পরিচালক হিসেবে নিয়োগ দিতেন যারা কার্যত ব্যাংকের কর্মকর্ত, কোনভাবেই মালিকানাসূত্রে যুক্ত নন। এদের কাজ ছিল এস আমল শিল্পগোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা। এসব ব্যাংক থেকে এস আলম শিল্প গোষ্ঠী নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। এমনকি এ ঋণের টাকা তারা বিদেশে পাচার করেছে। কিন্তু বিপর্যয়ে পড়ার পর ব্যাংক এসব মনোনীত পরিচালকদের কোনভাবে দায়বদ্ধ করতে পারেনি। নতুন ব্যবস্থায় যারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক তাদের যদি ব্যাংকে মনোনীত পরিচায়ক হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে তাদের দায়দ্ধতা থাকবে তুলনামূলকভাবে বেশি। কারণ যেহেতু এরা কোম্পানির দায়িত্বশীল পদে বহাল থাকবেন তাই তাদের নিকট থেকে অধিকতর জবাবদিহিতা প্রত্যাশা করা যায়। কোন কারণে যদি এদের দ্বারা ব্যাংকের কোন ক্ষতি হয় তাহলে সে ক্ষতিপূরণ আদায় করা তুলনামূলকভাবে সহজ হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কেউ তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে তাকে সেই কোম্পানির অন্তত ২ শতাংশ শেয়ারের ধারক হতে হয়। কিন্তু মনোনীত পরিচালকের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই।

শুধু তাই নয়, আগামীতে যারা বিভিন্ন কোম্পানির শেয়ার ধারক হিসেবে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হবেন তাদের ব্যক্তিগত সম্পদ ব্যাংকে বন্ধক রাখার বিধান চালু করা যেতে পারে। কোন কারণে তারা যদি চুক্তির ব্যত্যয় ঘটান বা তাদের দ্বারা ব্যাংকের কোন আর্থিক ক্ষতি হয় তাহলে তাদের বন্ধক দেয়া সম্পদ থেকে সেই ক্ষতি পুষিয়ে নেয়া যাবে। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের পদটি অত্যস্ত মর্যাদাকর এবং গুরুত্বপূর্ণ। তাদের সিদ্ধান্তের ওপর একটি ব্যাংকের ভালোভাবে পরিচালিত হওয়া অনেকটাই নির্ভর করে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের পরিচালকদের মধ্যে ক্ষমতার পার্থক্য রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের একজন পরিচালন হলেন রাষ্ট্রের বা জনগণের প্রতিনিধি। সরকারের রাষ্ট্রের আমানতদার হিসেবে এদের বিভিন্ন ব্যাংক পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করে থাকে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো আসরে জনগণের সম্পত্তি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে যাদের পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয় তাদের কাজ বা দায়িত্ব হচ্ছে ব্যাংক পরিচালনার জন্য নীতি নির্ধারণ করা।

বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেসব নীতি প্রণয়ন করে তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করাই হচ্ছে পরিচালকদের মূল দায়িত্ব। তারা ব্যাংকের অভ্যন্তরীণ পরিচালনমূলক কোন কাজে হস্তক্ষেপ বা অংশ গ্রহণ করতে পারেন না। তাদের নিয়মিত ব্যাংকে আসার কোন প্রয়োজন নেই। ফলে পরিচালকদের জন্য ব্যাংকে বসার জন্য কোন কক্ষ থাকে না। তারা শুধু পরিচালনা বোর্ডের মিটিংয়ের দিন ব্যাংকে আসেন। তারা কোন বেতন গ্রহণ করতে পারেন না। তারা প্রতিটি মিটিংয়ে অংশ গ্রহণের জন্য নির্দিষ্ট হারে ভাতা পেয়ে থাকেন। কিন্তু প্রাইভেট ব্যাংকের পরিচালকগণ হচ্ছেন প্রকৃত মালিক। তারা ব্যাংকের অভ্যন্তরীণ পরিচালনা কার্যক্রমেও অংশ গ্রহণ করে থাকেন।

সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় দ্বৈতশাসন চলছে। বাংলাদেশ ব্যাংক মূলত প্রাইভেট ব্যাংকের উপর খরবদারি করে থাকে। প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-বদলীসহ নানাভাবে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের উপর প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ততটা জোরালো নয়। রাষ্ট্রায়ত্ব ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগদানসহ পুরো নিয়ন্ত্রণ কার্যত অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওপর। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে থাকে। তবে সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার সম্পূর্ণ রূপেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হাতে। বিগত সরকার আমলে সর্বশেষ ৯টি নতুন ব্যাংকের অনুমোদনদানকালে বাংলাদেশ ব্যাংক আপত্তি জানিয়েছিল। তারা বলেছিল, দেশে এ মুহূর্তে নতুন ব্যাংকের কোন আবশ্যকতা নেই। ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেছে। কিন্তু অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের সেই আপত্তি গ্রাহ্য করে নি। তৎকালীন অর্থমন্ত্রী বর্তমানে পরলোকগত আবুল মাল আব্দুশ মুহিত প্রসঙ্গক্রমে বলেছিলেন, দেশে এই মুহূর্তে নতুন ব্যাংকের প্রয়োজন নেই তবে রাজনৈতিক বিবেচনায় ৯টি নতুন ব্যাংক স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া হলে তার পরিণতি কি হয় তা আমরা ভালোভাবেই উপলব্দি করতে পেরেছি।

দেশের ব্যাংকিং সেক্টরের দুরবস্থার জন্য এ সেক্টরের উপর বিদ্যমান দ্বৈতশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি প্রাইভেট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এক আলোচনা অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে বলেছিলেন, দেশে কেন্দ্রীয় ব্যাংক তিনটি। এর মধ্যে দৃশ্যমান বা জ্ঞাত কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয়টি হচ্ছে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে থাকা কতিপয় ব্যক্তি, যারা পুরো ব্যাংকিং সেক্টরকে তাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে। এরা খুবই শক্তিশালী। এদের প্রভাব কাটিয়ে উঠা কারো পক্ষে সম্ভব নয়। বিশেষ করে তিনি বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতি ইঙ্গিত করেছিলেন। রাজনৈতিক বিবেচনায় যেসব ব্য্যংক অনুমোদন দেয়া হয় তারা নানাভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংক বা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্যদ অত্যন্ত ক্ষমতাবান। ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত প্রধানত পরিচালনা বোর্ডের মিটিংয়ে গ্রহণ করা হয়। এমনকি যে কোন বৃহৎ অঙ্কের ঋণ প্রস্তাব পাসের জন্যও পরিচালনা বোর্ডে উপস্থাপিত হয়। পরিচালনা বোর্ড যদি সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে তাদের কর্তব্য সাধন করে তাহলে দুর্নীতি এবং খেলাপি ঋণ সৃষ্টির আশঙ্কা অনেকচাই কমে যেতে পারে। কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালকদের একটি বড় অংশই নানাভাবে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন। তারা ব্যাংকের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকেন। বিগত সরকার আমলে ২০০৯ সালের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দলীয় ক্যাডারদের বিভিন্ন ব্যাংকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু তারা প্রমান করেছেন শিক্ষক হলেই একজন মানুষ ব্যক্তি জীবনে সৎ হবেন তার কোন নিশ্চয়তা নেই। আমি যে ব্যাংকে কর্মরত ছিলাম সেখানে একজন পরিচালক পেয়েছিলাম যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

সাধারণত যেদিন বোর্ড মিটিং হতো তার পরদিন অডিট কমিটি অথবা অন্য কোন কমিটির মিটিং হতো। যাতে পরিচালকগণ সহজেই দু’টি মিটিংয়ে অংশ নিতে পারেন এবং ব্যাংকের ব্যয় সাশ্রয় হয়। যে পরিচালক রাজশাহীতে ছিলেন তিনি হয়তো রোববার পরিচালনা বোর্ডের মিটিংয়ে উপস্থিত হলেন। মিটিং শেষে তিনি বিকেলে রাজশাহী চলে যেতেন। পরদিন আবার তিনি রাজশাহী থেকে ঢাকায় এসে মিটিংয়ে উপস্থিত হতেন। এ জন্য তিনি যাওয়া-আসা বাবদ বিমান টিকিট ব্যাংক থেকে নিতেন। কিন্তু অনুসন্ধান করে জানা যায় তিনি আসলে ঢাকা থাকা অবস্থাতেই মিটিংয়ে উপস্থিত হতেন। কিন্তু তিনি রাজশাহী যাওয়া আসার জন্য প্লেনের টিকিট ব্যাংক থেকে নিতেন। কেউ বিমানে আসা-যাওয়া করলে তাকে প্লেনের টিকিট দেখাতে হয়। কিন্তু বোর্ডে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে পরিচালকদের প্লেনের টিকিট দেখাতে হবে না। আর একজন পরিচালক, যিনি সরকারের সাবেক যুগ্ন সচিব ছিলেন। তিনি ব্যাংকিং সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতেন না। তার কাজই ছিল শুধু ঋণ আবেদনকারীদের নিকট থেকে ঘুষ গ্রহণ করা। তিনি একবার জনসংযোগ কর্মকর্তাকে দিয়ে র আ ম ওয়াবদুল মুক্তাদিরের নির্বাচনী পোস্টার ছাপেন।

তিনি সে পোস্টারের মুদ্রণ খরচ ব্যাংক থেকে পরিশোধ করার জন্য জনসংযোগ কর্মকর্তাকে চাপ দেন কিন্তু জনসংযোগ কর্মকর্তা তাকে স্পষ্টভাষায় জানিয়ে দেন যে কোন রাজনৈতিক পোস্টার ব্যাংকের খরচে ছাপা সম্ভব নয়। চাপে পড়ে ঐ পরিচালক নির্বাচনী পোস্টারের খরচ বহন করতে বাধ্য হন। পরবর্তীতে ব্যাংকের পরিচালনা বোর্ডের মিটিংয়ে তিনি জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি বিএনপি-জামাতের সঙ্গে যুক্ত। তাকে ব্যাংক থেকে রিমুভ করতে হবে। নাহলে বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারেন। ভদ্রলোকের চাপাচাপিতে একজন সাংবাদিককে জনসংযোগ কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এক পর্যায়ে আগের জনসংযোগ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলী করা হয়। পরিচালকদের একটি বড় অংশই ছিল কার্যত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তারা প্রায় নিয়মিতই ব্যাংকে আসতেন। নানা ধরনের তদবির করতেন। কাকে কোথায় বদলী করতে হবে। কাকে শাস্তি দিতে হবে তা নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের ওপর চাপ সৃষ্টি করতেন।

একটি রাজনৈতিক সরকার তার পছন্দের লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন এতে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে যদি অজ্ঞ লোকদের ব্যাংকের মতো প্রতিষ্ঠানের পরিচালক পদে মনোনয়ন দেন তাহলে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। বিগত দলীয় সরকার আমলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে এমন সব ব্যক্তিকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল ব্যাংক এবং আর্থিক খাত সম্পর্কে যাদের ন্যূনতম কোন ধারণা ছিল না। তারা ব্যাংকগুলোকে দুর্নীতি এবং জালিয়াতির আখড়ায় পরিণত করেছিলেন। তাদের সেই দায়ভার এখন ব্যাংকিং খাত বয়ে চলেছে। অতীতের পুরনাবৃত্তি যেন আর না হয় তা নিশ্চিত করতে হবে।