হারুন-আর-রশিদ

ঢাকার জনসংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। ঢাকায় প্রতি কিলোমিটারে প্রায় দুই লাখ মানুষ বাস করে। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালে দেশের মোট জনসংখ্যা দ্বিগুণে উন্নীত হবে। ঢাকা এখন বিশ্বের জনবহুল শহর। ২০১৫ সালে দূষণের কারণে ঢাকায় মারা গেছে ১৮ হাজার মানুষ। বিগত ১০ বছরে এটাই ছিল সর্ব্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এই সময়ে একই কারণে ঢাকাবাসীর জীবন থেকে হারিয়ে গেছে পাঁচ লাখ ৭৮ হাজার কর্ম ঘন্টা। ওই এক বছরে পরিবেশ দূষণের কারণে শুধু ঢাকার আর্থিক ক্ষতি হয়েছে ১৪৪ কোটি ডলার। টাকার অংকে দাঁড়ায় ১১ হাজার ২৩২ কোটি টাকা। যা দেশের মোট জিডিপির দশমিক ৭ শতাংশ। ২০২৬ এর বেসরকারি মিডিয়ার জরিপে দেখা গেছে শুধু ঢাকায় ১০ লাখ দরিদ্র মানুষ সিসা দূষণের ঝুঁকিতে রয়েছে। এতে শিশুর বুদ্ধিমত্তা (আই-কিউ)ক্ষতিগ্রস্ত হচ্ছে। অটিস্টিক বাচ্চার সংখ্যাও বাড়ছে। গর্ভবতী নারীদের গর্বপাত এবং মৃত্যু সন্তান প্রসবের ঝুঁকিও বাড়ছে। বিগত ৪০ বছরে ঢাকা প্রায় ৭৫ শতাংশ জলাভূমি হারিয়েছে। অপরিকল্পিত নগরায়নের কারণে ছোট নগরগুলো পরিবেশদূষণের শিকার হচ্ছে বেশি। বিগত দশকের শুরু থেকে এ পর্যন্ত পাবনা জেলার অর্ধেক জলাভূমি হারিয়েছে। মৃত প্রায় হয়ে গেছে জেলায় প্রবহমান ইছামতী নদী। বর্তমানে বুড়িগঙ্গা ও তুরাগ নদের পাশে গেলে বিষয়টি অনুধাবন করা সহজ হয়। জলবায়ু দূষণে আক্রান্ত নদী দুটির অবস্থা ভয়াবহ। নদী দুটির আশপাশের মানুষগুলি ‘পানি উদবাস্তু’ হিসাবে জীবনযাপন করছে। বায়ু ও পানির মতো জীবনযাপনে আবশ্যক দুটি জিনিস মানুষের জন্য এখন ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশে বায়ুদূষণ জনিত কারণে বছরে মারা যায় ৩৭ হাজার ৪৪৯ জন। দৈনিক মৃত্যু ১০৩ জনের মতো। প্রতি এক লাখে মারা যায় ২৪ জন (সূত্র: এনহ্যান্সিং অপরচুনিটিজ ফর ক্লিন অ্যান্ড রিসিলিয়েন্ট গ্রোথ ইন আরবান বাংলাদেশ)। প্রযুক্তি নিয়ে আমরা অনেক কথা বলি,তা নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর খুব একটা ভাবনা আছে বলে মনে হয় না। পরিবেশ ও জলবায়ু নিয়ে আমি কয়েকটি বই লিখেছি। বইগুলোতে পরিবেশ ও জলবায়ুর বিস্তারিত বিবরণ উল্লেখ আছে। বাংলাদেশ ৫৬ বছরে যতটুকু এগিয়েছে,তাতে ৮০ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানের অবদান বেশি। মাত্র ৬৫ ওয়াটের একটি সোলার প্যানেল দিয়ে টেলিভিশন,কয়েকটি বাতি ও ওয়াশিং মেশিন চালানো সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ কাজটি অতি সহজ। এ তথ্য হয়তো অনেকেরই অজানা। বন্ধু চুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ চুলায় ধোঁয়া থাকে নাা। রান্নাও দ্রুত হয়। খুব কম জ্বালানি লাগে। এর দামও অনেক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায়,পৃথিবীর ১০০ কোটির বেশি মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে খারাপ মানের বায়ু গ্রহণে বাধ্য হচ্ছে এবং প্রতি বছর পৃথিবীর শহরগুলোতে বায়ুদূষণের কারণে আট লাখ মানুষ মারা যায়। ব্যক্তি থেকে সরকারি পর্যায়ে বায়ুদূষণজনিত স্বাস্থ্য ব্যয় বাড়ছে এবং মানুষের কর্মদিবস নষ্ট হচ্ছে।

আমাদের দেশে যানবাহন, কলকারখানা ও ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া এবং নির্মাণকার্যক্রমের সৃষ্ট ধুলি কণার কারণে প্রতিনিয়ত বায়ুদূষণ হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, উন্নয়নশীল দেশের ১৫ শতাংশ রোগ বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে উন্নত দেশের মোট রোগের ২.৬ শতাংশ বায়ুদূষণের সাথে সম্পর্কিত। আমাদের দেশে বায়ুদূষণে মা ও শিশু থাকে সবচেয়ে ঝুঁকিতে।

প্রকৃতি ও জীবন একে অপরের বন্ধু। বিশুদ্ধ প্রকৃতি ছাড়া সুস্থ জীবনযাপন একেবারেই অসম্ভব বলা যায়। ঢাকা একটি আধুনিক শহরের আন্তর্জাতিক মানদণ্ডে অর্জন করতে পারে নি। আল্লাহর সৃষ্টিকে সাজিয়ে রাখব আমরা। যেভাবে আল্লাহ সাজিয়ে দিয়েছেন সৃ্ষ্িটর উষালগ্নে। আমরা নগরায়ণ করতে গিয়ে নগরকে ইট-পাথরের বস্তি বানিয়ে ফেলেছি। এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। অপরিকল্পিত সব কিছু গড়ে ওঠার কারণে স্বাস্থ্যগত সমস্যা, আর্থিক ক্ষতি, সময়ের অপচয় ইত্যাদি নানাবিধ সমস্যায় নগরবাসী আক্রান্ত। আমাদের নদীর পানি ব্যবহার অনুপযোগী বহু বছর ধরে। আবাসিক এলাকার পানিও দূষণ মুক্ত নয়। আর্থিক সচ্ছলতা যাদের আছে তারা পানি ফিল্টারের জন্য বাসায় আলাদা প্রযুক্তি ব্যবহার করছেন। শিল্পপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বের হওয়া ৯০ হাজার ঘনমিটার বর্জ্য পড়ছে পাঁচটি নদীতে। পরিবেশ অধিদফতরের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি ২০১৩ সালে বংশী নদীর পানির দূরীভূত অক্সিজেনের পরিমান ছিল শূন্য মিলিগ্রাম। অদ্যাবধি উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। সেটার পরিবেশ আইন বলছে, পানিতে জীবের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে প্রতি লিটার পানিতে নূন্যতম পাঁচ মিলিগ্রাম ডিও দরকার। অর্থাৎ দূষণের কারণে অক্সিজেনও তৈরি হতে পারছেনা। আমি সব নদীর কথা বলছি না তবে নগরকেন্দ্রিক কয়েকটি নদীর অবস্থা যা জলজ প্রানীর জন্যও হুমকি স্বরুপ। বহু বছর ধরে নদীতে ড্রেজিং করা হয় নি। কাজগুলো অনেকটা স্থবির হয়ে আছে।

বাংলাদেশের ৫০ শতাংশের বেশি দূষণ হয় বুড়িগঙ্গা ও বংশী নদী থেকে আসা বর্জ্যের কারণে। এটি নিয়ন্ত্রণ না করা গেলে ঢাকার কোনো নদীর দূষণ কমানো যাবে না। জেলা প্রশাসন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন,পরিবেশ অধিদপ্তর, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের একাধিক মন্ত্রণালয় ও দফতর কোনো-না-কোনোভাবে নদীর সাথে জড়িত। এদের মধ্যে কোনো সমন্বয় নেই, বরং দোষারোপ চর্চা আছে। সমন্বয়হীনতার কথা স্বীকার করে খোদ পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গোলাম রাব্বানী বলেছেন যেখানে সবার দায় থাকে, সেখানে কারো দায় নেই। এই হলো আমাদের অবস্থা। গ্যাসের স্বল্পতা নিয়ে নানা গল্প শোনা যায়। একসময় শুনেছি যা গ্যাস আছে তাতে ৫০ বছরে গ্যাসের কোনো সংকট বাংলাদেশে হবে না। প্রতিটি এলাকায় আমরা গ্যাস সংযোগ দিতে পারব। অবাক লাগে, বিগত কয়েক বছর হয়ে গেল বাসাবাড়িতে নতুন সংযোগ বন্ধ করে দিয়ে প্রতিবেশী দেশ থেকে গ্যাস কেনার কথা কাগজে দেখেছি । বন্ধুত্বের নামে সব কিছু উজাড় করে দিবো-এটা কী করে হয়। এ রকম কোনো দৃষ্টান্ত বিশ্বে বিরল। বর্তমানে এলপি গ্যাস (২০২৬ সেপ্টেম্বরে) বড়টি ৭০০০ টাকায় বিক্রি হচ্ছে। ইদানিং খুবই ঝুঁকিপূর্ণ-সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সম্প্রতি কয়েকজনের মৃত্যু ও গুরুতর আহতের কথাও পত্রিকায় উঠেছে। এলপি গ্যাসের গুণগত মানও ভালো নয়। ১২ কেজির মধ্যে তিন ভাগের এক ভাগ থাকে হাওয়া। এতে মানুষের ভোগান্তি নানাভাবে বাড়ছে। যেসব জ্বালানিতে বায়ু দূষণ কম হয়, পরিবেশ ভালো থাকে, সে রকম জ্বালানি বাসাবাড়িতে এবং যানবাহনে ব্যবহার করা আবশ্যক। যেমন ন্যাচারাল গ্যাস, সিসামুক্ত পেট্রল, অকটেন ও কম সালফারযুক্ত ডিজেল। এসব কারণে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নগরীকে বাসযোগ্য করতে হলে স্বাস্থ্যসেবা আধুনিক মানদণ্ডে নিয়ে যেতে হবে। পরিবেশ নিয়ে আমি দীর্ঘ ৪০ বছর ধরে লিখে যাচ্ছি যাতে রাষ্ট্র যন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের মানব কল্যানে সুস্থ পরিবেশ কিভাবে করা যায়, অর্থনৈতিক ক্ষতি এবং মানুষের মৃত্যু ও ভোগান্তি কিভাবে কমানো যায় বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে দেশের মানুষ মনে করে।

বেশি পুরোনো গাড়িতে বায়ুদূষণ বেশি হয়। সঠিক যন্ত্রাংশ দিয়ে সঠিক সময়ে যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ভেজাল ও নিম্নমানের অকটেন, পেট্রল, ডিজেল ও বেশি মাত্রার সালফারযুক্ত ডিজেল ব্যবহার করলে বায়ুদূষণ বেশি হয়। বেশিরভাগ আবর্জনা ফুট পাতে দোকান পাট, বাসা বাড়ি এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ, গাড়িমালিক বা চালকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও বাসা বাড়ি, ফুটপাতের দোকান থেকেও বর্জ্য আবর্জনা সৃষ্টি হয়। আসলে পুরো জাতিকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। দেশটাকে দূষণমুক্ত করতে হলে এর বিকল্প কোন ব্যাবস্থা নেই। এক পরিসংখ্যানে দেখা গেছে, উন্নয়নশীল দেশের ১৫ থেকে ২০ শতাংশ রোগ বায়ুদূষণের সাথে সম্পর্কিত। অন্য দিকে,উন্নত দেশের মোট রোগের দুই থেকে চার শতাংশ বায়ুদূষণের সাথে সম্পর্কিত। অ্যাজমা, হৃদরোগ ও মস্তিষ্ক এবং ফুসফুসের রোগ যাদের রয়েছে -তাদের অকালমৃত্যু বায়ুদূষণের কারণে হয়ে থাকে। পরিবেশ বিপর্যয়ে উল্লিখিত কারণে স্বাস্থ্যগত অর্থনৈতিক খরচ জ্যামেতিক হারে বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

লেখক : গ্রন্থকার, গবেষক এবং পরিবেশ বিশেষজ্ঞ।