আসিফ আরসালান
গত ১লা অক্টোবর বৃহস্পতিবার দৈনিক ‘সংগ্রাম’ ও দৈনিক ‘আমার দেশে’ প্রথম পৃষ্ঠায় একটি খবর প্রকাশিত হয়েছে। সংগ্রামের খবরের শিরোনাম,“ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ‘শহীদ ওসমান হাদি’ নাম”। আর দৈনিক আমার দেশের খবরের শিরোনাম, “ঢাবির হলের ফটক থেকে মুছে দেয়া হলো শহীদ ওসমান হাদির নাম”। একই বিষয়ের ওপর এই দুটি খবরের গুরুত্ব ব্যাপক এবং এর রয়েছে সুদুরপ্রসারী তাৎপর্য। এসম্পর্কে মন্তব্য করা এবং বিস্তারিত লেখার আগে খবরটি সংক্ষেপে দেখা যাক।
দৈনিক সংগ্রামের খবর মোতাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়ে ফেলা হচ্ছে। গত বুধবার দুপুরে হলের প্রধান ফটক থেকে নামটি মুছে ফেলার কাজ শুরু করে হল প্রশাসন। যেহেতু এই কলামটি লিখছি বৃহস্পতিবার তাই মনে হচ্ছে, যেদিন এই কলামটি প্রকাশিত হবে, সেদিন অর্থাৎ রবিবারের মধ্যে নতুন নামফলক সেঁটে দেয়ার কাজ সম্পন্ন হবে।
হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মৌখিকভাবে হলের নাম সংশোধনের দাবি জানিয়ে আসছেন। গত বুধবার দুপুরে হলের প্রধান ফটকে দেখা যায়, ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা অংশটি মুছে ফেলার কাজ চলছে। এ সময় ফটকের নামফলকের আগের লেখাটি সরিয়ে নতুন করে নাম লেখার প্রস্তুতি নেওয়া হয়। চলতি সপ্তাহের মধ্যেই নাম পরিবর্তনের কাজ শেষ হবে বলে জানিয়েছে হল প্রশাসন।
এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ওই নাম পরিবর্তন করা হয়েছিল। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও শেখ মুজিবুর রহমান হল সংসদের পক্ষ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বর্তমানে হলটির নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ হিসেবে উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, হলটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত।
দৈনিক আমার দেশের খবরও মোটামুটি অনুরূপ। হাদির মৃত্যুর পর তার নামে হলটির নামকরণের বিষয়টি সামনে আসে। আমার দেশের খবর মোতাবেক, ২০ ডিসেম্বর রাতে শিক্ষার্থীদের একাংশ হলের প্রধান ফটকে থাকা ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লেখেন। পরবর্তী সময়ে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়েও আলোচনায় আসে।
এর ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়েছিল।
তবে নাম পরিবর্তনের বিষয়টি পরে সিনেট অধিবেশনেও আলোচনায় আসে। গত ২৯ জুন সিনেট অধিবেশনের আলোচ্যসূচিতে বিষয়টি উপস্থাপন করা হলে সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি বিধি অনুসরণ করে পুনরায় সিন্ডিকেটে পাঠানোর প্রস্তাব দেন। সিনেট সদস্য অধ্যাপক সামিনা লুৎফাও নাম পরিবর্তনের বিষয়ে আপত্তি জানান। এ সময় সিনেট সদস্য ফজলুল হক মিলন ‘শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণের প্রস্তাব দেন। দীর্ঘ আলোচনা হলেও সেদিন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পরে ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন ডাকসুর পাঁচ সিনেট সদস্য—ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না।
দুটি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত রিপোর্টের সংশ্লিষ্ট অংশ আমাদের স্পষ্ট মনে হয়নি। বলা হয়েছে যে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও শেখ মুজিবুর রহমান হল সংসদের পক্ষ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়া হয়।
সুতরাং দেখা যাচ্ছে যে, সাধারণ ছাত্রদের দাবি মোতাবেক শেখ মুজিব হলের পরিবর্তে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম রাখা হয়েছে। আজ আবার কি কারণ ঘটলো যে, শহীদ হাদির নাম বদলে আবার শেখ মুজিবের নাম পুনঃস্থাপন করা হচ্ছে? আমার দেশের রিপোর্ট মোতাবেক, সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি বিধি অনুসরণ করে পুনরায় সিন্ডিকেটে পাঠানোর প্রস্তাব দেন। সিনেট সদস্য অধ্যাপক সামিনা লুৎফাও নাম পরিবর্তনের বিষয়ে আপত্তি জানান।
এখানেই যতো বিভ্রান্তি। অন্তত যে দুটি রিপোর্ট ছাপা হয়েছে সেখান থেকে বোঝা যায় না যে অধ্যাপক লুৎফর রহমান এবং অধ্যাপক সামিনা লুৎফা কি শহীদ হাদির নাম পরিবর্তনের বিপক্ষে কথা বলেন? নাকি তারা শেখ মুজিবের নাম পুনর্বহাল করার পক্ষে কথা বলেন? ভিসির ভূমিকা কি? ঐ দুটি রিপোর্ট থেকে তো মনে হচ্ছে, শেখ মুজিবের নাম পুনর্বহালে ভিসি সাহেবের পরোক্ষ সম্মতি রয়েছে।
॥ দুই ॥
যখন এই কলামটি বের হবে এবং ততদিনে যদি শহীদ হাদি নামটি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু প্যান্ডোরার বাক্স উন্মোচিত হবে। এমনকি ঘটলো যে, সাধারণ ছাত্রদের মতামতের বিরুদ্ধে শেখ মুজিবকে পুনর্বহাল করতে হচ্ছে? আজ যদি সেই ছাত্রদের হলেই শেখ মুজিবের নাম পুনর্বহাল হয় তাহলে ভারত ও আওয়ামী প্রেমী ছাত্র ছাত্রী ও সুশীলদের মধ্য থেকে আগামীকাল প্রশ্ন উঠবে, তাহলে র্যাংগস ভবনের সামনে থেকে শেখ মুজিবের বিশাল মূর্তি টেনে নামানো হলো কেনো? প্রশ্ন উঠবে, সারা দেশে ৪ হাজারেরও বেশি মুজিবের ম্যুরাল ও মূর্তি ভেঙে ফেলা বা অপসারণ করা হয়েছে কেনো? র্যাংগস ভবনের সামনে থেকে শেখ মুজিবের মূর্তি টেনে নামিয়ে ভেঙে ফেলা হলে এক শ্রেনীর মুজিববাদী সাংবাদিক ড. ইউনূসকে প্রশ্ন করেছিলেন, শেখ মুজিবের ছবি ভাঙা হচ্ছে কেনো? ড. ইউনূস উত্তর দিয়েছিলেন, সেকথা তার কন্যাকে জিজ্ঞেস করুন। ড. ইউনূসের এই উত্তরের সুদূরপ্রসারী তাৎপর্য ছিলো। প্রশ্ন উঠবে, ড. ইউনূস এমন উত্তর দিয়েছিলেন কেনো?
॥ তিন ॥
এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি টেনে ছিঁড়ে ফেলা ও পদদলিত করার ঘটনাও উঠে আসে। আমরা এই বিষয়টি উত্থাপন করতে চাইনি। কিন্তু ২৪ বছর ধরে ছাত্র থাকা জনৈক আবু তৈয়ব হাবিলদার জিন্নাহর তিনটি ছবি ছিঁড়লেও শেখ মুজিবের ছবিটি কিন্তু অক্ষতই ছিলো। অনেকে যুক্তি দেন যে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সাড়ে ৩ বছর শেখ মুজিবের শাসন ছিলো দুর্নীতি অপশাসন এবং প্রচন্ড দমননীতিতে ভরা। কিন্তু স্বাধীনতার আগে শেখ মুজিবের ভূমিকাতো মানুষকে স্মরণ রাখতে হবে।
তাহলে মুদ্রার অপর পিঠেও তো একই কথা লেখা থাকবে। পাকিস্তান স্বাধীন হয়েছিলো ১৯৪৭ সালের ১৪ অগাস্ট। জিন্নাহ ইন্তেকাল করেন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর। অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি মাত্র ১৩ মাস বেঁচে ছিলেন। ঢাকাতে কার্জন হলে তার যে বক্তৃতার জন্য তিনি বিতর্কিত হন সেটি ঘটে ১৯৪৮ সালের ২৪ মার্চ। এর পর তিনি বেঁচে ছিলেন মাত্র ৬ মাস। ১৯৪৮ সালের ২৪ মার্চ। তার মাত্র ৭ মাস আগে পাকিস্তান নামক নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং তখন জিন্নাহ অসাধারণ ও তুলনাহীন জনপ্রিয়তার অধিকারী ছিলেন।
তিনি তখন জাতির পিতা অভিধায় অভিষিক্ত। অথচ তেমন একজন নেতার মুখের ওপর ছাত্ররা ‘না’, ‘না’ বললেন। কিন্তু তার পরেও একজন ছাত্রের বিরুদ্ধেও সরকার বা প্রশাসন বিন্দু মাত্রও এ্যাকশন নেয়নি। সন্ধ্যার পর মি. জিন্নাহ কয়েকজন ছাত্র নেতাকে ডাকেন এবং তাদের সাথে বৈঠকে বসেন। তিনি তাদেরকে বোঝান যে, পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশ) অফিসিয়াল ভাষা বাংলাই থাকবে। স্কুল কলেজ সরকারি বেসরকারি অফিস সর্বত্রই বাংলা ভাষায় কাজ চলবে।
তিনি নিজেই বলেন যে, পাকিস্তানের ৫টি প্রদেশের কোনো প্রদেশেরই অফিসিয়াল ভাষা উর্দু নয়। সারা পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানের ৫টি প্রদেশের মধ্যে মাত্র ৬ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলেন। তবুও ৫টি প্রদেশের মধ্যে একটি সাধারণ ভাষা অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে উর্দু চালু থাকবে। কিন্তু ছাত্ররা তার কথা মেনে নেননি। তারা তাদের দাবিতে অটল ছিলেন।
তার পরেও তিনি কাউকে কিছু বলেন নাই। পরদিন তিনি চট্টগ্রাম যান এবং ২৮ মার্চ তিনি করাচি ফেরত যান। এর পর ১১ সেপ্টেম্বর মৃত্যু পর্যন্ত তিনি রাষ্ট্র ভাষা সম্পর্কে কোথাও একটি কথাও বলেননি। বাংলা ভাষার পক্ষে আন্দোলনকারীদের পক্ষের একটি ব্যক্তির কেশাগ্রও স্পর্শ করা হয়নি। একটি অসমর্থিত সূত্রের খবর মোতাবেক, মৃত্যুর কিছু দিন আগে তাঁর একাধিক নিকট জনের কাছে তিনি বলেন যে, বাংলা ভাষার ব্যাপারে পূর্ব বাংলার মানুষদের সেন্টিমেন্ট সম্পর্কে তাঁকে ভুল ধারণা দেয়া হয়েছিলো। আরো বড়ো কথা হলো, ১৯৫৬ সালে গৃহীত ও চালু হওয়া পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলা এবং উর্দুকে দুটি ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়। পক্ষান্তরে শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সিরাজ শিকদার সহ হাজার হাজার রাজনৈতিক বিরোধীকে হত্যা করেছিলেন।
এই পটভূমিতে বিচার করলে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার এবং শেখ মুজিবের ছবি টাঙিয়ে রাখার যুক্তি খুঁজে পাওয়া যায় না।
॥ চার ॥
আজ আর স্থান সঙ্কুলান হচ্ছে না। তার পরেও এসম্পর্কে দু তিনটি কথা বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র হলের নাম ‘প্রীতিলতা হল’। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম, ‘মোহাম্মদ আলী জিন্নাহ হল’ পরিবর্তন করে ‘সূর্যসেন হল’ রাখা হয়। তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সূর্যসেনের নামে ছাত্র হল রয়েছে। সূর্যসেন মারা যান ১৯৩৪ সালে। আর প্রীতিলতা ওয়াদ্দেদার মারা যান ১৯৩২ সালে। তাহলে এই দুই জনের সাথে বাংলাদেশ সৃষ্টি বা স্বাধীনতার কি সম্পর্ক রয়েছে? সূর্যসেন মারা যান বাংলাদেশ স্বাধীন হওয়ার ৩৭ বছর আগে আর প্রীতিলতা মারা যান ৩৯ বছর আগে। মহাকবি ইকবাল মারা যান ৯ বছর আগে। তাই প্রশ্ন জাগে, বাংলাদেশের স্বাধীনতার সাথে সূর্যসেন, প্রীতিলতা বা কবি ইকবালের কি কোনো সম্পর্ক ছিলো? মোটেই ছিলো না। তাহলে সূর্যসেন ও প্রীতিলতার নামে হল হয় আর আরেকটি হল থেকে ইকবালের নাম বাদ যায়। স্বাধীনতার পর অনেক হল হয়েছে। তার যেকোনো একটি সার্জেন্ট জহুরুল হকের নামে হতে পারতো।
আসলে সূর্যসেন বা প্রীতিলতা কে বা কারা ছিলেন, মনে হয় সেসম্পর্কে আলোচনার সময় খুব দ্রুত এগিয়ে আসছে।
Email: asifarsalan15@gmail.com
