ইসলামে নেতৃত্বের অর্থ ক্ষমতা ভোগ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়; বরং মানুষের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। একজন নেতা জনগণের শাসক নন, বরং তাঁদের সেবক। তাঁর নেতৃত্বের সার্থকতা নির্ভর করে মানুষের কল্যাণে তাঁর ভূমিকা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির ওপর।
আল্লাহ–তাআলা নবী-রাসুল (আ.) পাঠিয়েছেন, যাঁরা মানবজাতিকে হিদায়াত ও মুক্তির পথ দেখিয়েছেন। তাঁরাই মানবজাতির সামনে নেতৃত্বের পরম আদর্শ। সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির সামনে সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর আদর্শই আমাদের নেতৃত্বের পথে চলার সর্বোত্তম পাথেয়।
আল্লাহ–তাআলা বলেন, ‘তাদের মধ্যে কিছু লোককে অন্য কিছু লোকের ওপর আমিই প্রাধান্য দিয়েছি, যেন তারা পরস্পরের কাছ থেকে কাজ নিতে পারে। আর আপনার প্রতিপালকের রহমত ওই ধনসম্পদ থেকে অধিক মূল্যবান, যা (ধনীরা) দুই হাতে সংগ্রহ করছে।’ (সুরা জুখরুফ, আয়াত: ৩২)
.
আল্লাহ–তাআলা আরও বলেন, ‘বস্তুত আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি বা নীতিপরায়ণ। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে জানেন এবং সব বিষয়ে অবহিত।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩)
নেতৃত্বের আরেকটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা। কারও ওপর কোনো দায়িত্ব অর্পিত হলে তা সর্বোত্তমভাবে পালনের চেষ্টা করতে হবে।
এই নির্দেশনা থেকে স্পষ্ট যে ইসলামে নেতৃত্বের মর্যাদা সম্পদ, বংশ, পদ কিংবা সামাজিক প্রভাবের ওপর নির্ভরশীল নয়। বরং তাকওয়া, নৈতিকতা ও মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই নেতৃত্বের প্রকৃত সার্থকতা।
সমাজের সেবা করা, জনগণের সুখে-দুঃখে তাঁদের পাশে থাকা এবং তাঁদের সমস্যা সমাধানে ভূমিকা পালন করাই নেতার দায়িত্ব। আরবিতে একটি প্রবাদ আছে, ‘সাইয়্যিদুল কওমি খাদিমুহুম’, অর্থাৎ জাতির নেতারা তাঁদের সেবক। নেতা কোনো অবস্থাতেই অধীন লোকেদের মধ্যে বৈষম্য করবেন না। সবার সঙ্গে ইনসাফভিত্তিক আচরণ করবেন। ধর্ম-বর্ণ-গোত্র-জাতীয়তা বা অঞ্চলনির্বিশেষে সবাই নেতার কাছ থেকে ন্যায়বিচার পাবেন। এমনকি শত্রুর প্রতিও ইনসাফের আচরণ করতে নির্দেশ দিয়েছে ইসলাম।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ সেগুলোর প্রাপকদের কাছে পৌঁছে দাও। আর মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে বিচার করবে, তখন ইনসাফের সঙ্গে বিচার করবে।’ (সুরা ৪ নিসা, আয়াত: ৫৮)
অন্য আয়াতে আল্লাহ–তাআলা বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহর (বিধিবিধানের) পূর্ণ প্রতিষ্ঠাকারী ও ইনসাফের সাক্ষ্যদাতা হও। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অবগত।’ (সুরা মায়িদা, আয়াত: ৮)
নেতাদের হতে হবে উদার, মহৎ ও ক্ষমাশীল। কঠোরতা ও পাষাণহৃদয় নেতৃত্বের জন্য উপযুক্ত গুণ নয়। আল্লাহ–তাআলা মহানবী (সা.)–এর উদ্দেশে বলেন, ‘হে নবী (সা.)! এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি এসব লোকের প্রতি অত্যন্ত নম্র স্বভাবের হয়েছেন। আপনি যদি উগ্র স্বভাব ও কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তবে এসব লোক আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। অতএব তাদের ক্ষমা করে দিন। তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এবং ইসলামের কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। অবশ্য কোনো বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর ওপর ভরসা করুন। বস্তুত আল্লাহ তাঁদের ভালোবাসেন, যাঁরা তাঁর ওপর ভরসা করে কাজ করেন।’ (সুরা আলে–ইমরান, আয়াত: ১৫৯)
মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সা.) ক্ষমার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বিশ্ব ইতিহাসে তা এক অনন্য নজির। বিজয়ী হয়েও তিনি প্রতিশোধপরায়ণ হননি; বরং ক্ষমা ও উদারতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। নেতৃত্বের ক্ষেত্রে এই মানবিক গুণের গুরুত্ব অপরিসীম।
নেতৃত্বের আরেকটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা। কারও ওপর কোনো দায়িত্ব অর্পিত হলে তা সর্বোত্তমভাবে পালনের চেষ্টা করতে হবে। দায়িত্বের কারণে মানুষ যেন কষ্টের শিকার না হয়, সেদিকে নেতাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। হজরত আয়েশা (রা.) বলেন, ‘আমার এ ঘরে রাসুলুল্লাহ (সা.)–কে দোয়া করতে শুনেছি, “হে আল্লাহ! যে ব্যক্তি আমার উম্মতের যেকোনো কাজের দায়িত্বশীল নিযুক্ত হয়, এরপর সে লোকেদের কষ্ট দেয়, আপনিও তাকে কষ্টের মধ্যে ফেলে দিন। আর যে ব্যক্তি আমার উম্মতের যেকোনো বিষয়ে দায়িত্বশীল নিযুক্ত হয় এবং লোকেদের সঙ্গে নম্র ব্যবহার করে, আপনিও তার সঙ্গে নম্র ব্যবহার করুন।’” (মুসলিম: ৪৭২২)
অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম
smusmangonee@gmail.com
