জাফর আহমাদ
আল্লাহ তা’আলা বলেন, “(আর হে মুহাম্মাদ!) আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু।” (সুরা বনী ইসরাঈল : ৫৩)
এই পৃথিবীতে শয়তানের সবচেয়ে না পছন্দের কাজ হচ্ছে ‘ইসলামী রাষ্ট্রব্যবস্থা’। সে চায়, মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করুক। ব্যক্তিগত ইসলাম পালন করলে শয়তান এতটাই খুশি হয় যে, সে তার অনুসারীদেরকে বলে প্রয়োজনে সে সমস্ত ব্যক্তিগত ইবাদাতকারীকে সাহায্য-সহযোগিতা করো। শত শত বছর এভাবে ইসলাম পালন করলে তার পরিচালিত রাষ্ট্রের এতটুকু কিছু যায় আসে না। কিন্তু রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা ইসলামী অনুযায়ী পরিচালিত হলেই কেবল তার অসুবিধা। এ জন্য যুগে যুগে কালে কালে দেখা গেছে যে, যারাই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কাজ নিয়ে এগিয়ে এসেছে শয়তান তার সাঙ্গ পাঙ্গকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কাছের ইতিহাস তথা সর্বশেষ নবী মুহাম্মদ (সা.) ও তাঁর সাথীদের ওপর নেমে আসা লোমহর্ষক জুলুম-নির্যাতন তার প্রকৃষ্ট উদাহরণ। অতি সাম্প্রতিক কালের ইসলামী সালভেশন ফ্রন্ট, আলজিরিয়া-এর নির্বাচনে জয়ী হয়েও ক্ষমতায় যেতে পারে নাই। শয়তানের সহচররা তাদেরকে ক্ষমতায় যেতে দেয়নি। আল ইখওয়ান, বিপুল ভোটে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট মুরসী বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়নি। শয়তানের সহচররা তাকে ক্ষমতা থেকে হটিয়ে জুলুমতন্ত্র কায়েম করেছে।
শয়তানদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ (সা.) কে ব্যক্তিগতভাবে ইসলাম পালনের প্রস্তাবও দেয়া হয়েছিলো, বলা হয়েছিল, হে আমাদের ভাতিজা! তুমি যদি এই আন্দোলনের মাধ্যমে সম্পদ অর্জন করতে চাও, তবে আমরা তোমকে এত সম্পদ দিবো যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে। আর তুমি যদি নেতৃত্ব বা প্রধান হতে চাও, তবে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো এবং তোমার সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করব না। যদি তুমি রাজত্ব চাও, তবে তোমাকে আমাদের রাজা বানিয়ে দেবো। উতবার সব কথা শোনার পর আল্লাহর রাসুল সা: কোনো লোভের কাছে মাথা নত করেননি। তিনি উত্তর হিসাবে আল কুরআনের হামীম আস সাজদা প্রথম ৩৮ আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শোনান। কুরআনের বাণী শুনে উতবা এতটাই মুগ্ধ ও ভীত হয়ে পড়ে যে সে তার কুরাইশ বন্ধুদের কাছে ফিরে গিয়ে ইসলাম ও মুহাম্মাদ (সা.) এর বিরোধিতা বন্ধ করার পরামর্শ দেয়। (সিরাতে ইবনে হিশাম ও আর রাহীকুল মাখতুম)
এই ৩৮ আয়াতের মধ্যে নিচের আয়াতটি আছে, সেখানে বলা হয়েছে,“যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোন প্ররোচনা আঁচ করতে পারো তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তিনি সব কিছু শোনেন এবং জানেন।”(সুরা হামীম আস সাজদা:৩৬) শয়তান যখন দেখে হক ও বাতিলের লড়াইয়ে ভদ্রতা ও শিষ্টাচার দ্বারা দুষ্কৃতির মোকাবেলা করা হচ্ছে তখন সে চরম অস্বস্তির মধ্যে পড়ে যায়। সে চায় কোনভাবে একবারের জন্য হলেও হকের পথে সংগ্রামকারী বিশেষ করে তাদের বিশিষ্ট লোকজন ও নেতৃবৃন্দের দ্বারা এমন কোন ত্রুটি সংঘটিত করিয়ে দেয়া যায় যাতে সাধারণ মানুষকে হক পথ সম্পর্কে বিভ্রান্ত করা যায়। তাছাড়া এর দ্বারা বিরোধীরাও একটি শক্ত কথার জবাব হঠকারিতার সাহায্যে দেয়ার অজুহাত পেয়ে যায়। এ কারণে বলা হয়েছে শয়তানের প্রতারণার ব্যাপারে সাধান থাকো। সে অত্যন্ত দরদী ও সঙ্গকামী সেজে এই বলে তোমাদেরকে উত্তেজিত করবে যে, অমুক অত্যাচার কখনো বরদাশত করা উচিত নয়, অমুক কথার দাঁতভাঙ্গা জবাব দেয়া উচিত এবং এই আক্রমনের জবাবে লড়াই করা উচিত। তা না হলে তোমাদেরকে কাপুরুষ মনে করা হবে এবং তোমাদের আদৌ কোন প্রভাব থাকবে না এ ধরনের প্রতিটি ক্ষেত্রে তোমরা যখন নিজেদের মধ্যে কোন অযথা উত্তেজনা অনুভব করবে তখন সাবধান হয়ে যাও। কারণ তা শয়তানের প্ররোচনা।
শয়তান তোমাদের উত্তেজিত করে কোন ভুল সংঘটিত করাতে চায়। কিন্তু কেউ সাবধান হওয়ায় যদি এমনটি মনে করে যে, শয়তান আমার দ্বারা কোন ত্রুটি করাতে পারবে না। নিজের এই ইচ্ছা শক্তির বিভ্রম হবে শয়তানের আরেকটি ভয়ঙ্কর হাতিয়ার। এর চেয়ে বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। কারণ তিনিই তাওফীক দান করেন ও রক্ষা করেন। তিনি রক্ষা না করলে কেউ শয়তানের হামলা থেকে রক্ষা পেতে পারে না। কারণ শয়তান এতটাই ধোকাবাজ যে, সেই অত্যন্ত আপন দরদী, হিতাকাঙ্ক্ষী ও পরোপকারী সেজে বলবে যে অমুক যা করছে বা বলছে তা সুস্পষ্ট অন্যায় ও অবিচার। এর একটি বিহীত হওয়া জরুরি। তাদের জুলুম বরদাশত করা উচিত নয়, আমাদের সক্ষমতা আছে তাদের এ সমস্ত অন্যায়ের দাঁতভাঙা জবাব দেয়ার, এরপরও যদি আমরা চুপ থাকি তাহলে আমরা কাপুরুষ থেকে যাবো বা এরা আমাদেরকে দুর্বল ভাববে এবং তারা আরো বেশি করে আমাদের ওপর হামলে পড়বে। এভাবে শয়তান আমাদেরকে এ কাজে শামিল করে এক সময় সে পেছন থেকে কেটে পড়বে। সুতরাং শয়তানের বিভিন্ন ধরনের রূপ থেকে বাঁচার একটি মাত্র উপায় হলো, মহান রবের আশ্রয় গ্রহণ করা।
বিরোধিতার তুফানের মুখে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার পর যে জিনিসটি মু’মিনের হৃদয়ে ধৈর্য, প্রশান্তি ও তৃপ্তির গভীর শীতলতা সৃষ্টি করে তা এই বিশ্বাসে যে আল্লাহ বিষয়টি সম্পর্কে অবহিত আছে। আমরা যা করছি তাও তিনি জানেন এবং আমাদের বিরোধীরা যা করছে তাও তিনি জানেন। আমাদের ও আমাদের বিরোধীদের সব কথাই তিনি শুনছেন এবং উভয়ের কর্মনীতি যা কিছুই হোক না কেন তা তিনি দেখছেন। কারণ তিনি সামিউম বাছির অর্থাৎ তিনি শ্রুতিশীল ও মহা দ্রষ্টা। এই আস্থার কারণেই মু’মিন বান্দা নিজের এবঙ ন্যায় ও সত্যের দুশমনদের ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ সম্পুর্ণরূপে নিশ্চিন্ত হয়ে যান। বিভেদ সৃষ্টি করা শয়তানের প্রধান কাজ। তাই মহান আল্লাহ আল কুরআনের বেশ কয়েকটি জায়গায় নবী (সা.) ও তাঁর মাধ্যমে ঈমাদারদেরকে দীনে ইসলামের দাওয়াত এবং সমাজ সংস্কারের কৌশল শিক্ষা দিয়েছেন। সব ক’টি স্থানে শয়তান দাওয়াতকে ব্যর্থ করার জন্য উসকানি দেয়। মু’মিনদেরকে বলা হয়েছে সে সময় যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়। যেমন আল্লাহ তা’আলা বলেন,“ (হে মুহাম্মদ!) মন্দকে দূর করো সর্বোত্তম পদ্ধতিতে। তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে তা আমি খুব ভালো করেই জানি। আর দু’আ করো, “হে আমার রব! আমি শয়তানের উস্কানি থেকে তোমার আশ্রয় চাই। এবং হে আমার রব! সে আমার কাছে আসুক এ থেকেও আমি তোমার আশ্রয় চাই”। (সুরা মু’মিনুন : ৯৬-৯৮)
বিতর্ক ও আলাপ-আলোচনা উপযুক্ত যুক্তি প্রমাণ সহকারে, ভদ্র ও শালীন ভাষায় এবং বুঝবার ও বুঝাবার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে করতে হবে। বিতর্ক ও আলাপ-আলোচনার কোন ফাঁকে যেন শয়তান প্রবেশ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি প্রসারিত রাখতে হবে। তাহলে এই আলোচনার ফলে যার সাথে আলোচনা করা হচ্ছে সে তার চিন্তার সংশোধন করবে। প্রচারকের চিন্তা করা উচিত, তিনি শ্রোতার হৃদয়ের দুয়ার উন্মুক্ত করে তার মধ্যে সত্যকথা বসিয়ে দিবেন এবং তাকে সঠিক পথে আনবেন। তার মধ্যে এ চিন্তা থাকবে না যে, একজন যুক্তিবাদীর মতো তাকে যুক্তি দিয়ে হারিয়ে দেয়া বা পাহলোয়ানের মতো লড়াই করা যার উদ্দেশ্যই হয় প্রতিপক্ষকে হারিয়ে দেয়া। বরং একজন ডাক্তারের মতো তাকে সবসময় উদ্বিগ্ন থাকতে হবে, যিনি তার রোগীর চিকিৎসা করার সময় এ কথাকে গুরুত্ব দেন যে, তার নিজের ভুলের দরুন রোগীর রোগ যেন আরো বেশি বেড়ে না যায় এবং সর্বাধিক কম কষ্ট সহ্য করে যাতে রোগীর রোগ নিরাময় হওয়া সম্ভব হয়। যেমন আল্লাহ তা’আলা বলেন,“আহ্বান করো নিজের রবের দিকে প্রজ্ঞা ও উৎকৃষ্ট উপদেশের মাধ্যমে এবং লোকদের সাথে উত্তম পদ্ধতিতে বিতর্ক-আলোচনা করো।” (সুরা আন নাহল : ১২৫) “সুকৃতি ও দুষ্কৃতি সমান নয়। (বিরোধীদের আক্রমণ) প্রতিরোধ করো উৎকৃষ্ট পদ্ধতিতে। তুমি দেখবে এমন এক ব্যক্তির সাথে তোমার শত্রুতা ছিল সে এমন হয়ে গেছে যেমন তোমার অন্তরঙ্গ বন্ধু।” (সুরা হা-মীম আস সাজদাহ : ৩৪) “তুমি উত্তম পদ্ধতিতে দুষ্কৃতি নির্মূল করো। আমি জানি (তোমার বিরুদ্ধে) তারা যেসব কিছু তৈরি করে।” (সুরা আল মু’মিনুন : ৯৬)
আল্লাহ তা’আলা বলেন, “ক্ষমার পথ অবলম্বন করো, ভালো কাজ করার নির্দেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। আর যদি (মুখে মুখে জবাব দেবার জন্য) শয়তান তোমাকে উসকানি দেয় তাহলে আল্লাহর আশ্রয় চাও।” (সুরা আরাফ : ১৯৯-২০০) যখনই বিরোধীদের কথার জবাব দিতে গিয়ে নিজেদের মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠছে বলে মনে করা হবে এবং মন মেজাজ আকস্মিকভাবে আবেগ-উত্তেজনায় ভরে যেতে দেখা যাবে তখনই বুঝতে হবে, দীনের দাওয়াতের কাজ নষ্ট করার জন্য এটি শয়তানের উসকানি ছাড়া আর কিছুই নয়। শয়তানের চেষ্টা হচ্ছে, দীনের আহবানকারীরাও যেন বিরোধীদের মতো কঠিন মত বিরোধে জড়িয়ে পড়ে এবং সংস্কারের কাজ ত্যাগ কওে সে যেভাবে মানবগোষ্ঠীকে বিতর্ক-কলহ ও ফিতনা-ফাসাদে মশগুল করে রাখতে চায় তারাও তার মধ্যে মশগুল হয়ে যাক। তাছাড়া শয়তানের সবচেয়ে বড় কাজ হলো, দাওয়াত দানকারী এবং বিরোধীদের মাঝে যে বিষয়ের উপর তর্ক-বিতর্ক হচ্ছে, তীব্র তর্ক-বিতর্কের কারণে বিরোধীদের ভুল মতাদর্শটি তাদের মনে আরো বেশি করে কঠিনভাবে গেঁথে যায়, যেখান থেকে তাকে ফেরানো আর সম্ভব হয় না। এটিই শয়তানের সবচেয়ে বড় সফলতা।
তাই ইসলাম বিরোধীদের সাথে আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্ক করার সময় কড়া কথা, বাড়াবাড়ি ও বাহুল্য বর্জন করতে হবে। বিরোধী পক্ষ যতই অপ্রীতিকর কথা বলুক না কেন মুসলমানদের মুখ থেকে কোন ন্যায় ও সত্য বিরোধী একটি কথাও বের হওয়া উচিত নয়। ক্রোধ আত্মহারা হয়ে তাদের আজে বাজে কথা বলা শোভা পায় না। ঠাণ্ডা মাথায় তাদেরও এমন সব কথা বলতে হবে, যা যাচাই বাছাই করা, মাপাজোকা, ওজন করা, সত্য এবং তাদেরও দাওয়াতের মর্যাদার সাথে সঙ্গতিশীল।
লেখক : ব্যাংকার ও প্রাবন্ধিক।
