সাইফুল ইসলাম
আমরা এমন এক সময়ে বসবাস করছি, যখন একটি ছবি তৈরি করতে ক্যামেরার প্রয়োজন হয় না, একটি ভিডিও বানাতে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন হয় না, এমনকি কোনো ব্যক্তির কণ্ঠস্বর নকল করতেও তার সামনে উপস্থিত থাকার প্রয়োজন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি এর অপব্যবহার তৈরি করেছে নতুন ধরনের নৈতিক ও সামাজিক সংকট। বিশেষ করে এআই নির্মিত ছবি, ভিডিও, অডিও এবং ডিপফেকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। সম্প্রতি আমাদের বাংলাদেশেও এআই নির্মিত কন্টেন্ট ও অনলাইন বিভ্রান্তিকর তথ্য নিয়ে একাধিক ঘটনা আলোচনায় এসেছে।
প্রশ্ন হলো- এই প্রযুক্তির যুগে আমাদের দায়িত্ব কী? ইসলাম প্রযুক্তির বিরোধিতা করে না। বরং যে প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, তা আল্লাহর দেয়া জ্ঞান ও সামর্থ্যরে একটি নিয়ামত হতে পারে। কিন্তু কোনো নিয়ামত যখন অন্যায়, প্রতারণা, অপবাদ, গুজব কিংবা মানুষের ক্ষতির হাতিয়ারে পরিণত হয়, তখন সেটিই পরিণত হতে পারে গুনাহের মাধ্যমে।
খবর পেলেই শেয়ার করা কি উচিত? সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আমরা প্রতিদিন অসংখ্য পোস্ট, ছবি, ভিডিও ও সংবাদ পাই। অনেক সময় যাচাই না করেই সেগুলো অন্যদের কাছে পাঠিয়ে দেই। অথচ কুরআন আমাদের সর্তক করে বলেছে, “হে মুমিনগণ! কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে দেখো।” (সূরা: আল-হূজরাত, আয়াত: ৬)
এই আয়াত শুধু প্রাচীন যুগের সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য নয়; বরং আধুনিক ডিজিটাল যুগে এর গুরুত্ব আরও বেড়েছে। কারণ আজ একটি মিথ্যা সংবাদ কয়েক মিনিেিটর মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আগে একটি গুজব ছড়াতে একজন মানুষের মুখ ও একটি নির্দিষ্ট এলাকার প্রয়োজন হতো। এখন একটি মোবাইল ফোনই যথেষ্ট। একটি মিথ্যা পোস্ট, একটি সম্পাদিত ছবি কিংবা এআই দিয়ে তৈরি একটি ভিডিও মুহূর্তের মধ্যে মানুষের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে। তাই কোনো শেয়ার করার আগে অন্তত নিজেকে প্রশ্ন করা উচিত যে, আমি কি এর সত্যটা যাচাই করেছি?
এআই দিয়ে মিথ্যা বানানো কতটা ভয়ংকর? এআই নিজে ভালো বা মন্দ নয়। এটি একটি প্রযুক্তি। ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, আবার মানুষকে আঘাতও করা যায়, তেমনি এআই দিয়ে শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও সৃজনশীল কাজে সহায়তা নেয়া যায়; আবার মিথ্যা সংবাদ, প্রতারণা ও অপমানজনক কন্টেন্টও তৈরি করা যায়। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো- অনেক সময় এআই নির্মিত ছবি বা ভিডিও এতটাই বাস্তব মনে হয় যে সাধারণ মানুষের পক্ষে সত্য-মিথ্যা বোঝা কঠিন হয়ে পড়ে। UNESCO ও AI সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে misinformation ও disinformation মোকাবেলায় গণমাধ্যম ও তথ্য-সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলছে। কিন্তু একজন মুসলমানের জন্য বিষয়টি শুধু প্রযুক্তিগত নয়; এটি ঈমানি দায়িত্বেরও বিষয়।
কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা, তার কণ্ঠস্বর নকল করে বক্তব্য বানানো, তার ছবি বিকৃত করা কিংবা এমন কোনো ভিডিও ছড়িয়ে দেয়া যাতে তার সম্মান ক্ষুণ্ন হয়- এসব নিছক ‘মজা’ নয়। এগুলোর পেছনে মানুষের ইজ্জত, অধিকার ও ভবিষ্যৎ জড়িয়ে থাকতে পারে।
‘শেয়ার’ করার দায় কি শেয়ারকারীরও আছে? অনেকে মনে করেন, “আমি তো বানাইনি, শুধু শেয়ার করেছি।” কিন্তু ইসলাম দায়িত্বকে এত সহজভাবে দেখেনি। মহানবী (সা.) বলেছেন, “কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বর্ণনা করে।” (সহিহ মুসলিম)
আজকের ভাষায় বলা যায়, যাচাই না করে পাওয়া তথ্য ফরওয়ার্ড করাও দায়িত্বহীনতার পরিচয়। একটি মিথ্যা তথ্য আপনি তৈরি করেননি- এটি সত্য। কিন্তু আপনি যদি জানার চেষ্টা না করেই সেটিকে ছড়িয়ে দেন, তাহলে সে মিথ্যার বিস্তারে আপনার ভূমিকা তৈরি হতে পারে। সুতরাং একজন সচেতন মানুষের নীতি হওয়া উচিত- “আগে যাচাই, পরে শেয়ার।”
গুজব শুধু একটি তথ্য নয়, কখনো একটি অস্ত্র: গুজবের কারণে পরিবার ও সমাজে নানা অশান্তি দেখা দিতে পারে। এমনকি রাষ্ট্রের ভিতরে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনাও তৈরি হতে পারে। পবিত্র কুরআন মানুষের সম্মান রক্ষার ব্যাপারে অত্যন্ত কঠোর। মহান আল্লাহ বলেন, “তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না।” (সূরা: আল-হূজরাত, আয়াত: ১২)
এখানে গিবত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের ডিজিটাল জীবনে গিবত, অপবাদ ও কুৎসা যেন নতুন রূপ পেয়েছে। আগে কয়েকজন মানুষ বসে কারও সমালোচনা করত; আর এখন একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে কোটি কোটি মানুষের সামনে একজনকে হেয় করা সম্ভব। তাই ‘ডিজিটাল গিবত, ডিজিটাল অপবাদ কিংবা ডিজিটাল প্রতারণা’- শব্দগুলো কুরআন-হাদিসের ভাষা না হলেও এর অন্তর্নিহিত নৈতিক সমস্যাগুলো ইসলামের পরিচিত নিষিদ্ধ কাজের সঙ্গেই সম্পর্কিত।
প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু বিবেক হারব না: এআই আমাদের শত্রু নয়। বরং এটি শিক্ষা, গবেষণা, চিকিৎসা, অনুবাদ, লেখালেখি ও তথ্য বিশ্লেষণে মানুষের জন্য বড় সহায়ক হতে পারে। কিন্তু প্রযুক্তি যত শক্তিশালী হবে, ব্যবহারকারীর নৈতিক দায়িত্বও তত বাড়বে। সুতরাং এআই ব্যবহারে আমাদের বিবেক যেন বর্জিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা বিবেকবর্জিত প্রযুক্তির ব্যবহার সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
আঙ্গুলের একটি স্পর্শ, কিন্তু আমলনামায় কী লেখা হচ্ছে? সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা অনেক সময় না ভেবেই লাইক, কমেন্ট, শেয়ার কিংবা ফরওয়ার্ড করি। অথচ কুরআন ঘোষণা করেছে, “মানুষ যে কথাই উচ্চারণ করে, তার কাছে একজন প্রহরী প্রস্তুত থাকে। (সূরা: ক¦াফ, আয়াত: ১৮)
আজকের এই ডিজিটাল যুগে এই আয়াতের শিক্ষা আমাদের নতুনভাবে উপলব্ধি করতে হবে। আমাদের মুখের কথাই শুধু নয়- আমাদের লেখা, মন্তব্য, প্রচার ও মানুষের কাছে পৌঁছে দেয়া তথ্যও আমাদের নৈতিক দায়িত্বের অংশ। একটি ক্লিক হয়তো এক সেকেন্ডের। কিন্তু তার প্রভাব হতে পারে বছরের পর বছর। একটি মিথ্যা পোস্ট কারও সম্মান নষ্ট করতে পারে। একটি গুজব একটি পরিবারকে অশান্ত করতে পারে। একটি উসকানিমূলক ভিডিও সমাজে বিভাজন তৈরি করতে পারে। তাই পোস্ট করার আগে এক মুহূর্ত থামা জরুরি। এটি কি সত্য? এটি কি প্রয়োজনীয়? এটি কি কারও ক্ষতি করবে? এটি কি আল্লাহর কাছে আমাকে জবাবদিহির মুখোমুখি করবে?
প্রযুক্তির পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। হয়তো আগামী দিনে এআই আরও শক্তিশালী হবে। ছবি, কণ্ঠস্বর ও ভিডিওর সত্যতা যাচাই আরও কঠিন হয়ে উঠবে। কিন্তু একজন মুমিনের জন্য সত্যের সংজ্ঞা বদলাবে না। কুরআনের শিক্ষা বদলাবে না। আমানতের গুরুত্ব বদলাবে না। মিথ্যা, অপবাদ ও প্রতারণার নিষেধাজ্ঞাও বদলাবে না। তাই ভবিষ্যতের মুসলমানকে শুধু প্রযুক্তি-সচেতন হলেই চলবে না; তাকে নৈতিকভাবে প্রযুক্তি সচেতন হতে হবে।
আমাদের হাতে স্মার্টফোন থাকবে, কিন্তু বিবেকও থাকতে হবে। এআই থাকবে, কিন্তু তাকওয়াও থাকতে হবে। অসংখ্য তথ্য থাকবে, কিন্তু সত্য-মিথ্যা যাচাই করার অভ্যাসও থাকতে হবে। কারণ দিন শেষে মানুষ হয়তো ভুলে যাবে আমরা কী পোস্ট করলাম; কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রতিটি কাজের হিসাব সংরক্ষিত থাকবে। মনে রাখতে হবে, একটি পোস্ট হয়তো কয়েক সেকেন্ডে হারিয়ে যাবে; কিন্তু তার দায় থেকে যেতে পারে আমলনামায়। ডিজিটাল পৃথিবীতে একজন মুসলমানের প্রকৃত পরিচয় তার অনুসারীর সংখ্যা, জনপ্রিয়তা কিংবা কত মানুষ তার পোস্টে প্রতিক্রিয়া জানাল- তা দিয়ে নির্ধারিত হয় না। বরং তার প্রকৃত পরিচয় ফুটে ওঠে প্রতিটি শব্দের সত্যবাদিতায়, প্রতিটি পোস্টের দায়িত্বশীলতায়, প্রতিটি মন্তব্যের শালীনতায় এবং প্রতিটি ক্লিকের পেছনে থাকা আল্লাহভীতিতে। সুতরাং, প্রযুক্তি আমাদের হাতে থাকুক, কিন্তু নিয়ন্ত্রণ থাকুক বিবেকের; আর বিবেক পরিচালিত হোক তাকওয়ার আলোয়।
লেখক: আইনবিদ ও শিক্ষক।
