আবারও রিকনসিলিয়েশনের কথা উঠে আসলো। রিকনসিলিয়েশন বা পুনর্মিলনের আকাক্সক্ষা মন্দ নয়। জাতীয় শান্তি, সংহতি, ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশে রিকনসিলিয়েশনের উদ্যোগ লক্ষ্য করা গেছে। এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তবে রিকনসিলিয়েশনের আওয়াজে তারতম্য থাকে, থাকে রকমফেরও। জাতির শান্তি, সংহতি ও সমৃদ্ধির বদলে এখানে রাজনৈতিক পুনর্বাসন ও আগ্রাসী শক্তির স্বার্থও যুক্ত হয়ে যেতে পারে। তাই রিকনসিলিয়েশনের আওয়াজ কারা তুলছে তাদের পরিচয় জানার সাথে সাথে, উদ্দেশ্য ও সময় সম্পর্কেও সচেতন থাকা যে কোনো দেশের সরকার ও রাজনীতিবিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ‘ন্যায়বিচার, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক অধিবেশনে আলোচকরা তাদের মতামত প্রকাশ করেছেন। তারা বলেছেন, অপরাধের বিচার জরুরি। একই সাথে প্রয়োজন রিকনসিলিয়েশন বা পুনর্মিলন। তা না হলে সমাজ গভীরভাবে বিভক্ত থাকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, পার্বত্য অঞ্চলে সহিংসতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি রিকনসিলিয়েশনের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন আলোচকরা। তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিন ছিল ৫ অক্টোবর সোমবার। রাজধানীর একটি হোটেলে শেষদিনের এই অধিবেশনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া, ভারত ও নেপাল থেকে আসা শিক্ষক ও গবেষকরা ন্যায়বিচার, জবাবদিহিতা ও রিকনসিলিয়েশন প্রসঙ্গে কথা বলেন। এ অধিবেশন সঞ্চালনা করেন নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এনগেজমেন্টের গবেষণা পরিচালক প্রমোদ জয়সওয়াল। তিনি মনে করেন, ন্যায়বিচার দরকার। তবে রিকনসিলিয়েশন না হলে সমাজ গভীরভাবে বিভক্ত থাকতে পারে। জবাবদিহিকে অবশ্যই প্রতিশোধ থেকে আলাদা করতে হবে বলে মনে করেন প্রমোদ জয়সওয়াল। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বেশিরভাগ সমাজেই জবাবদিহিকে প্রতিশোধের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। রিকনসিলিয়েশন মানে অতীত নিয়ে সম্পূর্ণ একমত হওয়া নয়। আবার এর মানে গুরুতর অন্যায় বা অপরাধগুলোকে ভুলে যাওয়া কিংবা ক্ষমা করে দেওয়াও নয়। বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে ব্যক্তি বা সম্প্রদায় মর্যাদার সঙ্গে সহাবস্থান করতে পারে। ঐতিহাসিক ক্ষোভগুলোকে স্বীকৃতি দিতে পারে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে একে অপরের ওপর আস্থা পুনর্গঠন করতে পারে।

ভারতের রাজস্থান বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কারোরি সিং বলেন, যারা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। দক্ষিণ এশিয়ার পটভূমিতে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে এ স্বেচ্ছাচারিতাই সমস্যার সৃষ্টি করছে। দক্ষিণ আফ্রিকার উইটস বিশ^বিদ্যালয়ের গবেষক মাদালিৎসো জিলিলো ফিরি বলেন, দক্ষিণ আফ্রিকায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল, যা একটি নতুন সমাজ কল্পনার পূর্বশর্ত ছিল। তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কারণ উদারনৈতিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক বন্দোবস্ত সাম্যের সব প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয় নি। কম্বোডিয়ার সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকিসিঙ্গার বলেন, কম্বোডিয়া গৃহযুদ্ধের শিকার এবং সেখানে রিকনসিলিয়েশনের প্রচেষ্টা ১৯৯১ সালের আগেই শুরু হয়েছিল। তিনি বলেন, কম্বোডিয়ায় জাতীয় রিকনসিলিয়েশনের আওতায় ১৯৯৮ সালে খেমাররুজ (বিদ্রোহী গোষ্ঠী) সৈন্যদের মূল ¯্রােতে ফিরিয়ে আনা এবং নিরস্ত্রীকরণ করা হয়। নিকি সিঙ্গার বলেন, কম্বোডিয়ার বহু মানুষের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে এমন ভাবনা কাজ করে যে, তারা যদি কেবল অতীতের দোষারোপের ওপরই মনোযোগ দিয়ে থাকেন, তবে সামনে এগোতে পারবেন না। সন্তান ও নাতি-নাতনিদের জন্য তারা কেমন ভবিষ্যৎ ও ঐতিহ্য রেখে যেতে চান, সেটাও ভাবেন।

এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এ অধিবেশনে বলেন, বিশ^জুড়ে প্রায়ই দেখা যায় রিকনসিলিয়েশন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, এটিকে রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি পরিণতি থেকে রক্ষা করার রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়। বিচারবিহীন জাতীয় রিকনসিলিয়েশন কোনো শান্তি নয়, তা কেবল সংঘাতের মধ্যে একটি সাময়িক বিরতি মাত্র। কায়সার কামাল জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্য ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু। এ ভয়হীন, আপসহীন প্রজন্ম একটি নতুন দেশগড়ার জন্য লড়েছিল, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। ডেপুটি স্পিকার আরো বলেন, সবাই অবগত যে অপশক্তিগুলো এখন সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত, দেশ-বিদেশের কিছু গোষ্ঠী রিকনসিলিয়েশনের দোহাই দিয়ে তাদের পক্ষে কথা বলছে। এ ধরনের চিন্তা দেশকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে, যার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ ও অকল্পনীয়। তিনি অত্যন্ত স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীনভাবে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রিকনসিলিয়েশনের কোনে সুযোগ নেই।

‘বে-অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর রিকনসিলিয়েশন অধিবেশনের কথামালা সম্পর্কে আমরা মোটামোটি অবহিত হলাম। এখানে অপরাধের বিচার জরুরি বলে মন্তব্য করা হয়েছে। আবার বলা হয়েছে, রিকনসিলিয়েশন বা পুনর্মিলন না হলে সমাজ গভীরভাবে বিভক্ত থাকে। কেউ বলেছেন, জবাবদিহিকে অবশ্যই প্রতিশোধ থেকে আলাদা করতে হবে। ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, পৃথিবীতে রিকনসিলিয়েশন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণ হলো, রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি পরিণতি থেকে রক্ষা করার রাজনৈতিক ঢাল হিসেবে এটির ব্যবহার। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত দেশ-বিদেশের কিছু গোষ্ঠী রিকনসিলিয়েশনের দোহাই দিয়ে ওই অপশক্তির পক্ষে কথা বলছে। কায়সার কামাল স্পষ্টভাবে বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের কোনো সুযোগ নেই।

‘রিকনসিলিয়েশন’ আলোচনায় এখন একটি প্রশ্ন বড় হয়ে উঠেছে, আওয়ামী লীগ কি আদৌ রিকনসিলিয়েশন চায়? রিকনসিলিয়েশন চাইলে তো কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে। অনুতাপ, অনুশোচনা তো দূরের কথা, বরং তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা-কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তালিকা প্রস্তুত করছেন। ভারতে প্রেসকনফারেন্স করে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী মিথ্যা বয়ান দিচ্ছেন, ঔদ্ধত্য প্রকাশ করছেন। এ যখন অবস্থা, তখন বাংলাদেশে রিকনসিলিয়েশনের আলোচনা কিভাবে এগিয়ে যাবে? পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ যদি তার ফ্যাসিবাদী অপশাসনের জন্য অনুতপ্ত হয়, তাহলে রিকনসিলিয়েশনের উদ্যোগটা তাদেরই নিতে হবে। এ ক্ষেত্রে প্রথমেই আওয়ামী লীগ নেতৃত্বকে নিজেদের অপরাধ স্বীকার করে নিতে হবে এবং দেখাতে হবে বিচারের মুখোমুখি হওয়ার সৎ সাহস। কিন্তু এমন আবহ তো লক্ষ্য করা যাচ্ছে না। বরং সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে তারা তাদের অস্তিত্ব জাহির করার চেষ্টা চালাচ্ছে। এমন বাস্তবতায় ‘বে-অব বেঙ্গল কনভারসেশনের’ রিকনসিলিয়েশন আলাপন আদৌ হালে পানি পাবে কী?

‘রিকনসিলিয়েশন’ আলোচনার চাইতেও এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশ কোনদিকে যাচ্ছে? জুলাই গণঅভ্যুত্থানের রক্তের আখরে যে স্বপ্ন আঁকা হয়েছিল তা পূরণ হচ্ছে কী? ভয়ের সংস্কৃতি দূর হয়েছে কী? জুলাই সনদ কতদূর? মেধার মূল্যায়ন হচ্ছে কী, না কি আবারো দলীয়করণ? চাঁদাবাজি, দখলবাজির এত দৌরাত্ম্য কেন? দেশে তো সরকার আছে, তবুও সংস্কার নেই কেন? জনবৃত্তে এখন স্বগত সংলাপ-পথিক, তুমি কি পথ হারিয়েছো? গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পথ হারানো চলবে না। সরকার, রাজনীতিবিদ, ছাত্রজনতা সবাই বিশেষ অঙ্গীকারে আবদ্ধ। বিচার, সংস্কার, ইনসাফ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। নিজের জায়গা থেকে সবাইকে বাস্তবায়ন করতে হবে অঙ্গীকার। অঙ্গীকার ভঙ্গের সুযোগ নেই নতুন বাংলাদেশে। তবে অঙ্গীকার রক্ষার দায়টা সরকারের বেশি। সরকার গঠানের আগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ৩১ দফা ছিল। ফ্যাসিবাদবিরোধী অঙ্গীকার ছিল। জুলাই শহীদদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি ছিল। সেসব মনে আছে তো? শুধু কার্ড দিলে চলবে না। কার্ড তো আরো আছে। ভারত এখনো ’৭১ কার্ড দিয়ে জাতিকে বিভক্ত করতে চায়। সাম্প্রদায়িকতা ও উগ্রতার ধুয়া তুলে জাতিকে বিভ্রান্ত করতে চায়। সরকারি দলের অনেকে এ কার্ডে আসক্ত হয়ে পড়েছেন। এমন আসক্তি ভাল নয়। বরং সরকারি দল হিসেবে এখন কর্তব্যজ্ঞান তীক্ষè করা উচিত। কারণ, গণঅভ্যুত্থানের বাংলাদেশে ছাত্রজনতা সরকারের কাছ থেকে হিসেবটা ভালো করে বুঝে নিতে শিখেছে। লুন্ঠন ও পাচারের খায়েশ থাকলে বিপদ বাড়বে। রিকনসিলিয়েশনের বাইরে আরো বহু ‘ফিউশন’ মাঠে নামবে। সে সব মোকাবিলার জন্য যোগ্যতা অর্জনে সরকার যেন সফল হয়। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সাফল্য চাই।