এডভোকেট আবু হাসিন
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশীদের প্রাণহানির ঘটনা নিয়ন্ত্রণ হয় নি বরং ক্ষেত্রবিশেষে বেড়েছে বলেই মনে হচ্ছে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন। সীমান্তে বারবার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি থাকলেও ভারত কোনভাবেই তা তোয়াক্কা করছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হলেও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে ভারতের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের দৃশ্যমান কোন উন্নতি হচ্ছে না।
একথা অস্বীকার করা যাবে না যে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনা কোনভাবেই থামছে না। ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ছয় জেলাকে ঘিরে। কৃষিসহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দু’দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও বিএসএফের গুলিতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়তই। সর্বশেষ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত হন আসাদুল হক। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠক ও আইনি প্রক্রিয়া শেষে আসাদুলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আহত দুই বাংলাদেশী এখনো ভারতের কারাগারে বন্দি। স্থানীয়, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর ভোররাতে পীরগঞ্জের চান্দেরহাট বিওপির সীমান্তের ৩৩৩ নম্বর পিলারের কাছে কয়েকজন বাংলাদেশী যুবক জরুরি কাজে গিয়েছিলেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল বিনা উস্কানীতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে আসাদুল হক নিহত হন। আসাদুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে ভারতীয় পুলিশ।
অন্যদিকে গুলিবিদ্ধ মোস্তাকিম ও উদাকে চিকিৎসা দেওয়ার পর গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। এর আগে মে মাসে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তে বিএসএফের ছররা গুলিতে খাদেমুল ইসলাম নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন। চলতি মাসে সীমান্তে বিএসএফ ফাঁকা গুলি ছুড়ে ৪টি বাংলাদেশী নৌকা নিয়ে যায়। গত বছর মার্চে পঞ্চগড়ে আল আমিন নামে একজন নিহত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী গত ২ বছরে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ। নির্বিচারে নিহত হওয়া এসব মানুষের স্বজনদের কান্না দিনদিন ভারী হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করেও এ হত্যাকাণ্ড ঠেকানো যাচ্ছে না বরং দিনের পর দিন সার্বিক পরিস্থিতির অবনতিই হচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষিরা কোন আইন-কানুন, বিধি-বিধানের ধার ধারছে না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশকেন্দ্র আসক ও অধিকার অন্য দেশের সীমান্তরক্ষীর হাতে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনাকে স্পষ্টভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে দাবী করছে। তারা দীর্ঘদিন ধরেই কূটনৈতিকভাবে দৃঢ়তার সঙ্গে এ সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিএসএফের সীমান্তে হত্যা বন্ধ হয়নি বরং দিনের পর দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।
জুলাই বিপ্লব পরবর্তীতে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে সীমান্ত পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। কারণ, দেশটি ছাত্র-জনতার বিপ্লবকে কোন ভাবেই মেনে নিতে পারেনি। নতুন সরকার ক্ষমতায় আসার পরও দেশটি সে অপতৎপরতা অব্যাহত রেখেছেন। বিষয়টি দু’দেশের শীর্ষ পর্যায়ে বারবার বৈঠক অনুষ্ঠিত হলেও সার্বিক পরিস্থিতির কোন উন্নতি হয়নি। এমতাবস্থায় সীমান্ত হত্যার নেপথ্যে ভূ-রাজনৈতিক বিষয় জড়িত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা। তারা মনে করেছেন দক্ষিণ এশিয়ায় ভারত প্রতিবেশী দেশগুলোর ওপর কর্তৃত্ববাদী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সে চেষ্টা আরো বেড়েছে। সে ধারাবাহকতায় গত দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় শাসকগোষ্ঠীর মদদে বিএসএফ গুলি করে শিশু-কিশোর থেকে বৃদ্ধ, কৃষক-শ্রমিক থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করেছে। বিশ্বের কোনো সীমান্তে এমন নির্বিচারে গুলি করে মানুষ হত্যার উদাহরণ নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্ত হত্যা না কমলে আমাদেরকেও বিকল্প ভাবতে হবে। প্রতি মাসে চোরাকারবারি বা অনুপ্রবেশের নামে নৃশংসভাবে গুলি করে নিরীহ মানুষকে হত্যার অভিযোগ উঠছে বিএসএফের বিরুদ্ধে।
সরকারি একটি সংস্থার হিসাব অনুযায়ী ২০১১ সালে ফেলানী হত্যাকাণ্ডের পর ২০২৫ সাল পর্যন্ত ১৪ বছরে এক হাজার ১৪৯ জন বিএসএফের গুলি ও নির্যাতনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিএসএফের গুলিতে ৯ জন নিহত হয়েছেন। আর চলতি মাসে আরো দু’জন গুলিতে নিহত হয়েছেন। গত আট মাসে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি। গুলিতে আহত হয়েছেন ১১ জন। আটকের পর অপহরণ করা হয়েছে তিনজনকে। মানবাধিকার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে অগ্রগতি হয়নি। সংশ্লিষ্টরা পরামর্শ দিয়ে বলছেন, উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে; প্রয়োজনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এমনকি জাতিসঙ্ঘের দ্বারস্থ হতে হবে। তারা অভিযোগ করে বলছেন, বহু ঘটনারই এখনো বিচার হয়নি, যা দায়মুক্তির সংস্কৃতি তৈরি করতে পারে। ভারতের সীমান্তে হত্যাকাণ্ডের সাথে ভূ-রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকী বলেই মনে করছেন বোদ্ধামহল।
মূলত, বিভিন্ন সময় দ্বিপক্ষীয় সভার প্রতিশ্রুতি থাকলেও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। রাজনীতির চেয়েও বড় যে বিষয়টা কাজ করে সেটি হচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তের যুদ্ধ অবস্থা বিরাজ করে; কিন্তু সেখানে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা দেখা যায় না; কিন্তু বাংলাদেশ সীমান্তে প্রায়ই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বিএসএফ দ্বারা। কখনো বলা হয় চোরাকারবারি; কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি যে, চোরাচালানিদের সাথে তাদের সশস্ত্র সংঘর্ষ হয়। সে কারণে তারা গুলি করে; বরং দেখা যায় যে ঠাণ্ডা মাথায় পরিকল্পনামাফিক বাংলাদেশের নাগরিকদের ওপরে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। এটার কারণে আমাদের উচিত আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়টা নিয়ে যাওয়া। দুঃখের বিষয় হলো সীমান্ত হত্যা যদি না-ই কমে প্রতিবাদে আমাদেরও সীমান্ত হত্যার জবাব দিবে হবে। অন্যথায় আমাদের জাতিসত্তায় মারাত্মক হুমকির মধ্যে পড়বে।
একথা ঠিক যে, পতিত আওয়ামী-ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের দরহরমমহরম ছিল। রাজনৈতিকভাবে খুব ভালো সম্পর্ক ছিল। ভারতের অঙ্গুলী হেলনে সে সরকার সবকিছুই করতো। কিন্তু আজকের প্রেক্ষাপটে সে অবস্থা আর অবশিষ্ট নেই। কিন্তু দু’বছরেও সার্বিক পরিস্থিতির কোন উন্নতি হয়নি বা হচ্ছে না। হচ্ছে না সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ; বরং প্রতিনিয়ত সেটি চলছে বিরতিহীনভাবে।
ভারতের আগ্রাসন বিষয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা (অধিকার)-এর বক্তব্য হলো, সীমান্ত হত্যার সাথে ভূ-রাজনৈতিক বিষয় জড়িত। কারণ দক্ষিণ এশিয়ায় ভারত তার আশপাশের দেশগুলোর ওপর কর্তৃত্ববাদী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটার অংশ হিসেবে ভারত বাংলাদেশে একটি অগণতান্ত্রিক এবং তাদের পদলেহী সরকার আশা করে আসছে। গণতান্ত্রিক সরকার কখনো পদলেহী হতে পারে না। শেখ হাসিনা বিনা ভোটের নির্বাচনে বারবার জয়ী হয়ে এসেছে। সে নির্বাচনে ভারত সমর্থন দিলেও এটিকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে প্রচার করেছে। ভারতের এ আগ্রাসী মনোভাবের জবাব মানুষ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দিয়েছে। কিন্তু ভারতীয় শাসকগোষ্ঠী এটিকে সহজভাবে নেয়নি। তারা এখানে একটি পুতুল সরকার বসিয়ে তাদের সুযোগ-সুবিধা নিয়ে শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যেতে চেয়েছিল। ভারতীয় শাসকগোষ্ঠী শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে মদদ দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। গণ-অভ্যুত্থানের পর সে ভাষা কিন্তু পাল্টে গেছে। শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে থেকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ রকম পরিস্থিতিতে বিএসএফ প্রতিনিয়ত ভারতীয় জনগণকে উত্তেজিত করে সীমান্তে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। আমরা যখন বেড়া তৈরি করতে যাচ্ছি বাধা দিচ্ছে, আমাদের সীমানায় স্থাপনা নির্মাণেও বাধা দিচ্ছে। একধরনের উসকানির মধ্যে তারা যাচ্ছে। হত্যাকাণ্ডও অব্যাহত রেখেছে। এতে প্রমাণ হয় ভারত আমাদের স্বাধীন সত্তাকেই স্বীকার করছে না।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত পাঁচ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে অন্তত ১৩৪ জন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এককভাবে ২০২৫ সালেই নিহত হয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে ২৪ জন সরাসরি গুলিতে এবং ১০ জন শারীরিক নির্যাতনে মারা যান। এর আগের বছরগুলোতে যথাক্রমে ২০২৪ সালে ৩০ জন, ২০২৩ সালে ৩১ জন, ২০২২ সালে ২৩ জন এবং ২০২১ সালে ১৮ জন বাংলাদেশী সীমান্ত এলাকায় বিএসএফের সহিংসতার শিকার হয়েছেন। এ প্রাণঘাতী ধারা অব্যাহত রেখে গড়ে প্রতিমাসে অন্তত একজন করে বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন, যা স্বাধীন দেশের নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর বড় ধরনের আঘাত। সীমান্তে বাংলাদেশীদের ওপর এই অব্যাহত গুলিবর্ষণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে দেশী-বিদেশী মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে আসছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যান্য উত্তেজনাপূর্ণ সীমান্তেও এ ধরনের ধারাবাহিক প্রাণহানি দেখা যায় না। তাদের মতে, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক কূটনৈতিক দৃঢ়তা এবং জাতীয় স্বার্থে কঠোর অবস্থান নেয়া প্রয়োজন। তারা বলছেন, নীতিগত পরিবর্তন ও জিরো টলারেন্স নীতি কার্যকরভাবে বাস্তবায়িত হলে হত্যাকাণ্ড কমতে পারে। একই সাথে সীমান্ত এলাকায় বিকল্প অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা জরুরি, যাতে চোরাচালাননির্ভরতা কমে যায়।
স্বাধীনতার পর থেকেই ভারত আমাদের সাথে সৎ প্রতিবেশীসুলভ আচরণ করেনি বরং দেশটি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। তারা আমাদের দেশকে পদানত করে রাখার জন্য তাদের আজ্ঞাবাহী শক্তিকেই এদেশে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। যখন তাদের সে স্বপ্ন পূরুণ হয়নি তখন তারা পরিকল্পিতভাবে সীমান্তকে অশান্ত করে তুলেছে। নানা ছলছুতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে অবলীলায়। এসব বন্ধে বারবার দু’দেশের শীর্ষ বৈঠক ও না প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সে প্রতিশ্রুতি রক্ষা করা হয় নি। ফলে সীমান্ত হত্যা বন্ধ হয় নি বরং নতুন মাত্রা পেয়েছে।
এমতাবস্থায় দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। কারো চোখ রাঙানীতে ভীত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। তাই বলীয়ান হতে হবে আত্মশক্তিতে।
লেখক: আইনজীবী ও প্রাবন্ধিক।
