আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ত সড়কের আড়ালে লুকিয়ে আছে এক গোপন জগৎ। ২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে নারীদের ওপর যে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়, নীরবে তা অমান্য করে চলেছেন সেই নারীরা।

ইসলামি ধর্মীয় শিক্ষা ও ভাষার কোর্স ছাড়া প্রাথমিক স্তরের পর নারীদের পড়াশোনা নিষিদ্ধ। পার্ক ও ব্যায়ামাগারে যাওয়া মানা, বিউটি সেলুন বেআইনি ঘোষণা করা হয়েছে এবং আপাদমস্তক কঠোর পোশাকবিধি চালু রয়েছে। নারীরা কিছু ব্যবসায়িক লাইসেন্স নিতে পারলেও অধিকাংশ কাজ থেকেই তাঁরা বঞ্চিত।

খেলাধুলার ওপর নিষেধাজ্ঞায় স্বপ্ন ভেঙে যাওয়া সাবেক এক ফুটবলার বলেন, ‘আফগানিস্তানে নারী হওয়াটাই এক অপরাধ।’

সৎ কাজের প্রসার ও অসৎ কাজের প্রতিরোধ মন্ত্রণালয়ের নীতি-পুলিশ এসব নিয়ম কার্যকর করে। তাঁরা বেশ ভীতিকর। চিকিৎসকদের মতো সাদা গাউন পরে তাঁরা রাস্তায় টহল দেন এবং নিয়ম ভাঙলে নারীদের আটক করতে পারেন। কাউকে কাউকে মারধরও করা হয়েছে।

.পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের অবনতি যেসব কারণে.ভারত–আফগানিস্তান: ‘হিন্দুবাদী’ ও ‘ইসলামি’ দুটি দেশের সম্পর্কের রসায়ন.

ঝুঁকি সত্ত্বেও কিছু নারী এসব নিষেধাজ্ঞা অমান্য করার উপায় খুঁজে নিয়েছেন। কাবুলের এমনই তিন নারীর গোপন জীবনের খণ্ডচিত্র নিচে তুলে ধরা হলো। গ্রেপ্তারের ভয়ে তাঁরা সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

চল্লিশ বছর বয়সী এক নারী বহু বছর কাবুলের একটি বিউটি সেলুনে কাজ করেছেন। তালেবান কর্তৃপক্ষ সেলুন নিষিদ্ধ করলে তাঁর মনে হয়, জীবনটা যেন সংকুচিত হয়ে গেল।

তিনি বলেন, ‘আপনার ভেতর শুধুই হতাশা কাজ করে; একেবারে ভেঙে পড়েন। এখন আফগানিস্তানে আনন্দ বা স্বস্তি দেওয়ার মতো আর কিছুই নেই। ভ্রমণ নেই, পার্ক নেই, স্কুল নেই—একেবারে কিছুই নেই।

তিনি বলেন, ‘কিন্তু এখন ওরা তা-ও (সেলুন) করতে দেবে না। আফগানিস্তানের নারীদের কাছে কাজ করাটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।’ সেলুন নিষিদ্ধ হলেও তিনি নিজের মতো করে একটি সেলুন খোলার সিদ্ধান্ত নেন। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে নারীদের চুলের সাজ ও মেকআপের চাহিদা ছিল বেশ।

তিনি একটি ফ্ল্যাট ভাড়া নেন এবং সরঞ্জাম কেনেন। শিগগিরই তাঁর প্রায় ৩০ জন গ্রাহক হয়ে যান। আফগানিস্তানের যে লাখ লাখ পুরুষ কাজ পাচ্ছেন না, তাঁর স্বামীও তাঁদের একজন; তাই এই কাজটিই ছিল তাঁদের বেঁচে থাকার অবলম্বন।

.

কিন্তু তালেবান কর্তৃপক্ষ তাঁর গোপন সেলুনের খোঁজ পেয়ে যায়। অভিযানে সব সরঞ্জাম এবং প্রায় সব আসবাবপত্র নিয়ে যায় তারা।

তিনি বলেন, ‘আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। যে কাজটি আমাকে কিছুটা হলেও উদ্দেশ্য খুঁজে দিত, সেটিই যদি কেড়ে নেওয়া হয়, তবে আমার কী রইল? সন্তানদের কীভাবে খাওয়াব? সংসারের খরচ কীভাবে চালাব? আমি চরম হতাশায় পৌঁছে গিয়েছিলাম এবং ভেবেছিলাম, দেশই ছেড়ে চলে যাব।’

কিন্তু গ্রাহকদের ফোন আসতেই থাকে, আর তাঁকে বিলও মেটাতে হয়। শেষ পর্যন্ত তিনি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। আরেকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নতুন করে শুরু করেন। এখন তাঁর সাতজন কর্মী আছেন—তাঁরা সবাই তরুণী এবং নিজেদের পরিবার চালাচ্ছেন।

বিয়ের সাজ নিতে আসা নারীতে সেলুন ভরা। বিউটিশিয়ানরা তাঁদের গালে পাউডার বুলিয়ে দিচ্ছেন, আর তাঁরা মেঝেতে গদির ওপর শুয়ে আছেন। পরিবেশটি হালকা মনে হলেও এর নিচে চাপা ভয় কাজ করছিল। সেলুনের মালিক বলেন, ‘দরজায় প্রতিবার কড়া নাড়লেই ভয় হয়, ওপাশে তালেবান দাঁড়িয়ে নেই তো?’

অক্টোবরের সাম্প্রতিক এক দিনে দেখা যায়, বিয়ের সাজ নিতে আসা নারীতে সেলুন ভরা। বিউটিশিয়ানরা তাঁদের গালে পাউডার বুলিয়ে দিচ্ছেন, আর তাঁরা মেঝেতে গদির ওপর শুয়ে আছেন।

পরিবেশটি হালকা মনে হলেও এর নিচে চাপা ভয় কাজ করছিল। সেলুনের মালিক বলেন, ‘দরজায় প্রতিবার কড়া নাড়লেই ভয় হয়, ওপাশে তালেবান দাঁড়িয়ে নেই তো?’

নারীদের ওপর বিধিনিষেধ নিয়ে এপির প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বদ্রিওয়াল বলেন, ইসলামি শরিয়া আইনের আওতায় সবার অধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয় ‘পুরোপুরি অঙ্গীকারবদ্ধ’।

মোহাম্মদ আসলাম বদ্রিওয়াল বলেন, ‘ইসলামি শরিয়াহর নীতিমালা এবং বর্তমানে কার্যকর আইন কঠোরভাবে মেনে চললে আমাদের বোনেরা তাঁদের সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডও পরিচালনা করতে পারেন।’ তিনি আরও যোগ করেন, সমাজে তাঁদের বোনদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা এবং শরিয়াপ্রদত্ত সব অধিকার ভোগ করার সুযোগ দেওয়াই মন্ত্রণালয়ের অগ্রাধিকার।

আরেক আফগান নারী, কৈশোরে তাঁর সব স্বপ্ন ছিল ফুটবলকে ঘিরে। মনে হচ্ছিল স্বপ্নগুলো সত্যি হতে চলেছে—তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুই বছর পর নারী খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা সেই স্বপ্ন গুঁড়িয়ে দেয়।

মানসিক অবসাদে ডুবে গিয়ে তিনি ছয় মাস ঘর থেকে প্রায় বেরই হননি। তাঁর পরিবার চিন্তিত হয়ে পড়ে, আর তিনি বুঝতে পারেন, এই অবস্থা থেকে বের হওয়ার পথ তাঁকে নিজেকেই খুঁজতে হবে। শেষ পর্যন্ত তিনি আবার খেলা শুরু করেন—মাঠে নয়, ঘরের ছোট্ট পরিসরে।

বক্সিংও শুরু করেন তিনি; পুরোনো গাড়ির টায়ার জমিয়ে বানিয়ে নেন প্রাথমিক মানের পাঞ্চিং ব্যাগ। তিনি জানান, নিজের আবেগ সামলাতে এটি তাঁকে সাহায্য করেছে। তাঁর আসল ভালোবাসা এখনো ফুটবল। নিজে ঠিকমতো খেলতে না পেরে নতুন প্রজন্মের কাছে নিজের জ্ঞান ও দক্ষতা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন। নিজের বাড়ির ছোট্ট দেয়ালঘেরা উঠানে একদল বাচ্চাকে কোচিং করান তিনি।

চোখে জল নিয়ে তিনি বলেন, ‘ওদের মধ্যে আমি সেই একই স্বপ্ন ও আবেগ দেখেছি, যা আমার নিজের শৈশবে ছিল। ওদের প্র্যাকটিস করাতে আমার খুব ভালো লাগে। কখনো কখনো ওদের মধ্যে নিজেকেই দেখতে পাই।’

.তালেবান শাসনে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছেন আফগান নারীরা.গোপনে পড়াশোনা করে যাচ্ছে আফগান মেয়েরা, দেখছে ভবিষ্যতের স্বপ্ন.

বক্সিং আর কোচিংয়ের মধ্য দিয়ে কোনোমতে দিন কেটে যায় তাঁর। কিন্তু ভবিষ্যৎ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অন্ধকারাচ্ছন্ন। তিনি দেশ ছেড়ে অন্য কোনো দেশে আশ্রয় নিতে চান।

তিনি বলেন, ‘আফগানিস্তানে নিজের জন্য কোনো আশা দেখি না। আমাদের জন্য কোনো দরজাই খোলা নেই।’

ঘরের ভেতরে গোপন স্কুল। সন্দেহ এড়াতে শিক্ষার্থীরা একে একে আলাদা সময়ে আসে। দরজা সামান্য ফাঁক করে তাদের ভেতরে ঢোকানো হয়।

ভেতরে পড়ানো হয় সাধারণ বিষয়ই—ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা। কিন্তু এটি কোনো সাধারণ স্কুল নয়। একটি ব্যক্তিগত বাড়ির ভেতরে গড়ে তোলা এই স্কুলে ছেলেদের পাশাপাশি ২০ বছর বয়সী মেয়েরাও পড়ে। কিশোরী মেয়েরাও থাকায় ক্লাসগুলো গোপনে নিতে হয়।

এখানকার শিক্ষক—২০ বছর বয়সী এক তরুণী, যাঁকে সাহায্য করেন তাঁর কিশোরী বোন। শিক্ষকতা পেশায় ওই নারীদের যদিও কোনো প্রশিক্ষণ নেই। স্কুল বন্ধ হওয়ার আগে তাঁরা যা শিখেছিলেন, সাধ্যমতো তা-ই অন্যদের পৌঁছে দিচ্ছেন।

ওই তরুণী বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোটেই ভালো নয়। আমি তীব্র মানসিক অবসাদে ভুগছিলাম, তাই এই ক্লাস চালুর সিদ্ধান্ত নিই।’

তিনি জানান, এক বছরেরও বেশি সময় আগে তিনি এটি শুরু করেন—মেয়েদের ‘একটু আশার আলো দেখানো এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার’ আশায়। এখন তাঁর শিক্ষার্থী প্রায় ৩০ জন।

বাড়ির একটি কক্ষকে শ্রেণিকক্ষে রূপ দেওয়া হয়েছে; শিক্ষার্থীরা নিচু প্লাস্টিকের টেবিলে মেঝেতে বসে। দেয়ালজুড়ে উজ্জ্বল রঙের আঁকা ছবি।

তালেবানের নিষেধাজ্ঞাগুলোর মধ্যে শিক্ষার ওপর বিধিনিষেধই সবচেয়ে বেশি অপছন্দনীয়। কর্মকর্তারা বারবার বলছেন, তাঁরা একটি সমাধানের চেষ্টা করছেন।

গত আগস্টে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘শিক্ষার যে অংশে এখনো ঘাটতি রয়েছে, তা সার্বিকভাবে সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।’ কিন্তু অগ্রগতির কোনো লক্ষণ দেখা যায়নি।

কিশোরী সহকারী শিক্ষিকা বলেন, অনেক মেয়েই পিছিয়ে পড়েছে, আর ‘আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছি, যেখানে মেয়েরা পড়াশোনা করতে পারে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে পারে।’

.তালেবান পাঁচ বছরে যা অর্জন করেছে, যা করতে ব্যর্থ হয়েছে.তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে .

কিন্তু প্রতিটি ক্লাস নেওয়ার সময়ই তাঁদের গ্রেপ্তারের ঝুঁকি থাকে। তিনি বলেন, ‘আমরা তালেবানকে ভীষণ ভয় পাই। আমাদের ভয় হয়, একদিন হয়তো ওরা আসবে, নিয়ম ভাঙার অভিযোগ তুলবে, গ্রেপ্তার করে ধরে নিয়ে যাবে। এই আশঙ্কায় আমরা একেবারে আতঙ্কিত হয়ে থাকি।’

এলেনা বেকাতোরোস

দক্ষিণ-পূর্ব ইউরোপে এপির ব্যুরো প্রধান। অ্যাসোসিয়েটেড প্রেসের হয়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের সংবাদ কভারেজের তত্ত্বাবধান করেন বেকাতোরোস; পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানেও তিনি নিয়মিত অ্যাসাইনমেন্টে যান। গ্রিসের এথেন্সভিত্তিক এই সাংবাদিক বলকান, ইরাক, আফগানিস্তান ও ইউক্রেনের যুদ্ধ কভার করাসহ বিশ্বের নানা প্রান্তে কাজ করেছেন।

দ্য ইন্ডিপেন্ডেন্ট

থেকে নেওয়া। ইংরেজি থেকে নেওয়া।