একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়। কখনো তা রাষ্ট্রের ব্যর্থতার নির্মম দলিল হয়ে ওঠে। যে রোগ প্রতিরোধে কার্যকর টিকা রয়েছে, সেই হামেই যখন একের পর এক শিশুর মৃত্যু হয়, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক—টিকা কোথায় ছিল? সময়মতো শিশুদের কাছে পৌঁছাল না কেন? আর এই ব্যর্থতার দায় কে নেবে? বাংলাদেশের চলতি বছর হামের প্রাদুর্ভাব এখন আর কেবল জনস্বাস্থ্যের সংকট নয়। এটি রাষ্ট্রীয় দায়িত্ব, প্রশাসনিক দক্ষতা ও নীতিনির্ধারকদের জবাবদিহির বড় পরীক্ষা। সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে টিকা সংগ্রহের নীতিতে পরিবর্তন এবং সরবরাহে বিলম্বের অভিযোগ সামনে আসায় সেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। এখনো হামে প্রতিদিন শিশুর প্রাণহানি ঘটছে। কিন্তু বর্তমান সরকারও এই সমস্যা মোকাবিলায় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫। প্রাদুর্ভাবের সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে অল্পবয়সী শিশুরা। প্রতিরোধযোগ্য একটি রোগে এত শিশুর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। প্রশ্ন হলো, এই বিপর্যয় কি অনিবার্য ছিল? হামের কার্যকর টিকা দেওয়া বহুদিন বন্ধ ছিল। পর্যাপ্ত টিকাদান, রোগ শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা থাকলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রাদুর্ভাবকে গুরুতর জনস্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত করেছিল। ফলে টিকাদানের ঘাটতি, নিয়মিত কর্মসূচি পালনের দুর্বলতা এবং টিকার মজুত ও সরবরাহ নিয়ে কোনো সংকেত থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। কিন্তু বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা না করায় দেশে আজ হাজারো শিশুর প্রাণহানি ঘটছে। টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের অভিযোগটি এ কারণে বিশেষ গুরুত্বের দাবি রাখে। ২০২৫ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে প্রচলিত ব্যবস্থায় হাম-রুবেলার টিকা সংগ্রহের পরিবর্তে উন্মুক্ত দরপত্রের পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ইউনিসেফ সতর্ক করলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তী সময়ে প্রশাসনিক জটিলতা ও অনুমোদন প্রক্রিয়ার কারণে টিকা সরবরাহে বিলম্ব ঘটে।
চলতি বছরের ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হামের টিকার তীব্র সংকট এবং এর ফলে শিশুমৃত্যুর মূল কারণ ছিল অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা ক্রয়প্রক্রিয়ায় আকস্মিক পরিবর্তন, আমলাতান্ত্রিক জটিলতা এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করা। তবে টিকা সরবরাহে বিলম্ব ও পরবর্তী মৃত্যুর মধ্যে ঠিক কতটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, তা নির্ধারণে পূর্ণাঙ্গ নথি, রোগতাত্ত্বিক তথ্য এবং স্বাধীন তদন্ত প্রয়োজন। এখানেই সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দায়ের প্রশ্নটি আসে। সরকারের প্রধান হিসেবে তাঁর দায়িত্ব ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যক্রম তদারক করা এবং জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বড় নীতিগত পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা নিশ্চিত করা। টিকা সংগ্রহের পদ্ধতি বদলানোর সিদ্ধান্তে তাঁর ব্যক্তিগত ভূমিকা কতটা ছিল, সতর্কবার্তার পর সরবরাহে বিলম্বের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।
কোনো সিদ্ধান্তে ঝুঁকি তৈরি হলে, সতর্কবার্তা উপেক্ষিত হলে কিংবা বিকল্প ব্যবস্থা নিতে অযৌক্তিক বিলম্ব হলে তার ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। পদমর্যাদাসম্পন্ন কাউকে জবাবদিহির ঊর্ধ্বে রাখা ঠিক নয়। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অবহেলা ও টিকা সংগ্রহে ব্যর্থতার অভিযোগ তুলে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করা হয়েছিল। আদালত মামলার আবেদনটি খারিজ করে দেয়। তবে মামলা গ্রহণের আবেদন খারিজ হওয়া আর বিচার শেষে কাউকে নির্দোষ ঘোষণা করা এক বিষয় নয়। একটি ভুল সিদ্ধান্তের কারণে দেশে হামে এত শিশু মারা যাচ্ছে, এর দায় তাহলে কে নেবে?
তদন্তের প্রথম কাজ হওয়া উচিত টিকা সংগ্রহ ও সরবরাহের পূর্ণাঙ্গ সময়রেখা প্রকাশ করা। কখন টিকার চাহিদা নিরূপণ করা হয়েছিল, কখন ক্রয়পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়, কী কী সতর্কবার্তা এসেছিল, অনুমোদন ও অর্থ ছাড়ে কোথায় বিলম্ব হয়েছে এবং কোন সময়ে কত টিকার মজুত ছিল—এসব তথ্য জনসমক্ষে আনতে হবে। পাশাপাশি নিয়মিত টিকাদানের আওতা, টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতাও পর্যালোচনা করা দরকার। মামলার আবেদন খারিজ হওয়ায় একটি ভুল সিদ্ধান্তের তদন্ত না করলে শিশুমৃত্যুর প্রকৃত চিত্র আড়াল হওয়ার ঝুঁকি থাকে। এই পর্যালোচনায় সাবেক সরকারপ্রধানের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট ক্রয় ও সরবরাহব্যবস্থার কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে। স্বাধীন তদন্তে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে পদমর্যাদা বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর যদি দেখা যায়, দীর্ঘদিনের টিকাদান ঘাটতি, দুর্বল নজরদারি কিংবা মাঠপর্যায়ের সীমাবদ্ধতাও সংকটকে তীব্র করেছে, তাহলে সেগুলোর দায়ও নির্ধারণ করতে হবে।
হামের প্রাদুর্ভাব নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের চেয়ে এখন বেশি জরুরি সত্য উদ্ঘাটন এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকানোর ব্যবস্থা। টিকা সংগ্রহের সিদ্ধান্ত কেন বদলানো হয়েছিল, সম্ভাব্য সংকটের সতর্কতা কতটা গুরুত্ব পেয়েছিল এবং শিশুদের সুরক্ষায় সময়মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, এসব প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। শিশুর জীবন রক্ষার দায়িত্ব কোনো সরকারের সাময়িক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের স্থায়ী অঙ্গীকার। তাই হামে মৃত্যুর ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক। দেশে সরকার বদলেছে, ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু সন্তানহারা পরিবারগুলোর কান্না থামেনি। প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যু যদি রাষ্ট্র ঠেকাতে না পারে, তবে সেই ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করাই রাষ্ট্রের প্রথম দায়িত্ব। শিশুর মৃত্যুর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কারও নেই, না সাবেক সরকারের, না বর্তমান সরকারের।
লেখক: সাংবাদিক
