ঠাকুরগাঁও—১ আসনের উপনির্বাচনটি ক্ষমতাসীন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা ছিল। দলটি আসনটি জিতেছে। কিন্তু এ জয়কে কেন্দ্র করে যে নির্বাচনী সংস্কৃতির প্রতিফলন ঘটেছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য উদ্বেগজনক। নির্বাচনকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে আগাম ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট, ভোটারদের ভোট আগেই দেওয়া হয়ে যাওয়া, পরিচয়পত্রবিহীন কর্মকর্তাদের দায়িত্ব পালন, টাকা বিতরণ এবং বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এগুলো কেবল একটি উপনির্বাচনের অনিয়ম নয়; বরং ক্ষমতাসীন দলের নির্বাচনী আচরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতার একটি বিপজ্জনক ইঙ্গিত। ঠাকুরগাঁওয়ের নির্বাচনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে। বিশেষ করে ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ভয়াবহভাবে রাষ্ট্রের প্রশাসনিক ও নির্বাচনী কাঠামোর ওপর দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটছে তো বোঝাই যাচ্ছে। আর তেমনটা হলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আবারও গভীর সংকটে পড়ার আশঙ্কা তৈরি হবে। বিএনপি হয়তো একটি আসন জিতেছে, কিন্তু এই জয় থেকে ভুল শিক্ষা নিলে একসময় তাদের আরও অনেক কিছুই হারাতে হতে পারে।
শুরুতে ঠাকুরগাঁও—১ আসনের ফলাফল এবং বাংলাদেশের উপনির্বাচনের ঐতিহাসিক প্রবণতা বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে সাধারণ নির্বাচনের দু’বছরের মধ্যে অনুষ্ঠিত উপনির্বাচনে ক্ষমতাসীন দল নিজেদের জেতা আসন হারিয়েছে, এমন নজির নেই বললেই চলে বরং বিরোধী দলের জেতা আসনের উপনির্বাচনেও ক্ষমতাসীন দলের প্রার্থী জয়ী হওয়ার অসংখ্য উদাহরণ রয়েছে। সরকারের মেয়াদের শেষ দিকে এসে ক্ষমতাসীন দলের জেতা আসন উপনির্বাচনে বিরোধী দলের জয়ী হওয়ার দু—একটি বিরল দৃষ্টান্ত পাওয়া যায়। এ কারণে উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নেওয়া জরুরি। ঠাকুরগাঁও—১ উপনির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৮ হাজার ২০১ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১১৫ ভোট। জামায়াতের প্রার্থী গত সংসদ নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পেয়েছিলেন। এবার পেয়েছেন ২৯ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ভোটের অনুপাতে কিছুটা পরিবর্তন হলেও একটি উল্লেখযোগ্য ভোটব্যাংক এখনো তাঁর সঙ্গে রয়েছে। তাছাড়া নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের অভিযোগ বিবেচনায় নিলে বিরোধী দলের ভোটের এই পরিমাণও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
বিএনপির জন্য এ নির্বাচনটি ছিল টেস্ট কেস। যদি তারা আসনটি হারাতো তাহলে মাত্র নয় মাসের মাথায় নিজেদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো। সরকারের সমালোচকেরা বলত, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে। রাষ্ট্রপতি হওয়ার পরও তাঁর ভাই সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি, এমন আলোচনাও তৈরি হতো। সুতরাং এ আসনটি জয় করা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা জয়ী হয়েছে। কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা তাদের বিজয়ের রাজনৈতিক তাৎপর্যকে অনেকটাই জটিল করে দিয়েছে।
নির্বাচনে ব্যাপক জালভোট পড়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের নির্বাচনে জাল ভোট নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাবশালী কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক সুবিধা কাজে লাগিয়ে ইচ্ছামতো ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ভোটার কেন্দ্রে গিয়ে জানতে পারেন যে, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। অর্থাৎ তার নাগরিক অধিকার অন্য কেউ ব্যবহার করে ফেলেছে। ঠাকুরগাঁওতেও এর ব্যতিক্রম হয় নি। জাল ভোট দেওয়ার এই সুযোগ তৈরি হয় মূলত প্রশাসন ও নির্বাচন পরিচালনার কাঠামোর ওপর ক্ষমতাসীন দলের প্রভাব থাকলে। কারণ, একজন সাধারণ ভোটার বা বিরোধী দলের প্রার্থী একা এই অনিয়ম ঠেকাতে পারেন না। ভোটকেন্দ্রে জাল ভোট ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বিরোধী দলের শক্তিশালী পোলিং এজেন্ট। তারা প্রতিটি ভোটের হিসাব রাখবেন, আগাম ব্যালট সিল দেওয়া বা অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিবাদ করবেন এবং অনিয়মের প্রমাণ সংগ্রহ করবেন।
কিন্তু বিরোধী দলের পোলিং এজেন্টরা যখন হুমকি, ভয়ভীতি ও চাপের মধ্যে থাকেন, তখন এ প্রতিরোধব্যবস্থা কার্যকর থাকে না। উপনির্বাচনে বিরোধী দলের এজেন্টরা সাধারণত আরও বেশি চাপের মুখে থাকেন। কারণ, তারা জানেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। ঠাকুরগাঁওয়ের নির্বাচনেও এমন অভিযোগ সামনে এসেছে। অনেক এজেন্টকেই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করতে বাধা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের মধ্যে টাকা বিতরণেরও অভিযোগও এসেছে। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন এসব অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিকদের বলেছেন, অনেক কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচন কমিশন কর্তৃক ইস্যু করা পরিচয়পত্র ছিল না। ব্যালট বইয়ে ২০ থেকে ২৫টি করে ব্যালটে আগেই সিল মেরে রাখা হয়েছিল। জাল ভোট দেওয়ার অভিযোগে বিএনপির ছয়জনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। তিনি শিশুদের ব্যবহার করে জাল ভোট দেওয়ানোর অভিযোগও তুলেছেন।
প্রশ্ন হলো, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিচয় ও নিরপেক্ষতা নিয়ে কেন অভিযোগ উঠবে? কেন্দ্রে যাওয়ার আগেই ভোটারের ভোট দেওয়া হয়ে যাবে কেন? বিরোধী দলের এজেন্টদের কেন চাপের মুখে থাকতে হবে? আর ক্ষমতাসীন দলের সমর্থকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে কি না? একটি আসনের উপনির্বাচনে এসব প্রশ্নের উত্তর পাওয়া না গেলে সামনের স্থানীয় সরকার নির্বাচনে কিংবা ২০৩১ সালের জাতীয় নির্বাচনের সময় পরিস্থিতি কতটা জটিল হতে পারে, তা সহজেই অনুমান করা যায়।
আমাদের বিবেচনায় বিএনপি সরকার যদি বড় কোনো রাজনৈতিক সংকট তৈরি করে, তাহলে সেটি হতে পারে ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। বিএনপির সামনে এখন সবচেয়ে বড় প্রলোভন হলো রাষ্ট্রের সর্বত্র দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভবিষ্যতের নির্বাচনগুলো নিজেদের অনুকূলে নিয়ে আসা। এর আগে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে প্রশাসন, পুলিশ, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তারা এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল, যেখানে ক্ষমতাসীন দলের ইচ্ছার বাইরে গিয়ে নির্বাচন পরিচালনা করা ক্রমেই অসম্ভব হয়ে উঠেছিল। বিএনপি যদি সেই একই পথ অনুসরণ করে, তাহলে শুধু দলীয় পরিচয় বদলাবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার চরিত্র বদলাবে না। বিএনপি এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনের আনুষ্ঠানিক সুযোগ থাকলেও বাস্তবে নিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকবে বিএনপির অনুগত লোকজন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ওপর থাকবে দলীয় প্রভাব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে থাকবেন বিএনপিপন্থী ব্যক্তিরা। এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলেও তার গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন লোকদের বসানো হবে, যারা বিএনপির রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
অর্থাৎ নাম হবে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে বিএনপির হাতে। নির্বাচন কমিশন হবে সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু কমিশনারদের রাজনৈতিক আনুগত্য থাকবে ক্ষমতাসীন দলের প্রতি। এমন একটি কাঠামোর অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা নিছক কল্পনা। এ পরিস্থিতি তৈরি হলে বিএনপি হয়তো দাবি করবে, তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিয়েছে, নির্বাচন কমিশনও গঠন করেছে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগও দিয়েছে। কিন্তু প্রকৃত প্রশ্ন হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষ? নির্বাচন কমিশন কতটা স্বাধীন? প্রশাসন কি ক্ষমতাসীন দলের বাইরে গিয়ে কাজ করতে পারছে? বিরোধী দল কি সমান সুযোগ পাচ্ছে? জনগণ কি সত্যিকার অর্থে সরকার পরিবর্তনের স্বাধীনতা ভোগ করছে? এসব প্রশ্নের উত্তর নেতিবাচক হলে কেবলমাত্র নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না।
বিএনপির সম্ভাব্য রাজনৈতিক কৌশল আরও সূক্ষ্ম হতে পারে। তারা রাষ্ট্রের প্রশাসনিক ও নির্বাচনী কাঠামো নিজেদের নিয়ন্ত্রণে রেখেও জামায়াতে ইসলামীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে। এমনকি ৫০ থেকে ৬০টি আসনও জামায়াতকে ছেড়ে দিতে পারে। বাইরে থেকে দেখানো হবে, বিরোধী দল যথেষ্ট আসন পেয়েছে, সংসদে শক্তিশালী বিরোধী দল রয়েছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং গণতন্ত্রও কার্যকর আছে। একই সঙ্গে জামায়াতকে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ভয় দেখানো হবে। বোঝানো হবে, বিএনপির সঙ্গে সমঝোতা না করলে আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে। ফলে জামায়াতকে বিএনপির সব কর্মকাণ্ড মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এ কৌশলকে বিএনপির শক্তিশালী রাজনৈতিক স্ট্রাটেজি মনে করার কোনো কারণ নেই। বরং এটি বিপজ্জনক। কারণ, বিরোধী দলকে ৫০ বা ৬০টি আসন দিয়ে সংসদে বসতে দেওয়া আর জনগণকে স্বাধীনভাবে সরকার পরিবর্তনের সুযোগ দেওয়া এক বিষয় নয়।
গণতন্ত্রের মূল কথা হলো, জনগণ চাইলে ক্ষমতাসীন দলকে পরাজিত করতে পারবে। ক্ষমতাসীন দলকেও পরাজিত হওয়ার বাস্তব সম্ভাবনা মেনে নিতে হবে। বিরোধী দলকে কিছু আসন দিয়ে সংসদে রাখার অর্থ যদি হয়, তারা সরকার গঠন করতে পারবে না, ক্ষমতাসীন দলকে পরাজিত করতে পারবে না, তাহলে সেই ব্যবস্থায় গণতন্ত্রের মূল উপাদানটিই অনুপস্থিত থাকবে। বিএনপি যদি মনে করে, জামায়াতকে কয়েক ডজন আসন দিয়ে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, তাহলে তারা ভুল করবে। জামায়াতকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না। ১৭ বছরের আওয়ামী দু:শাসন প্রমাণ করেছে যে, অতিরিক্ত রাজনৈতিক চাপ দিয়ে জামায়াতের মতো দলকে নিশ্চিহ্ন করা যায় না। অনেক সময় উল্টো সেই দলটির প্রতি জনগণের সহানুভূতি তৈরি হয়।
বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হবে, তারা যদি আওয়ামী লীগের পতনকে কেবল একটি দলের পতন হিসেবে দেখে। আওয়ামী লীগের পতনের পেছনে যে রাজনৈতিক সংস্কৃতি কাজ করেছে, তার অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, প্রশাসনের দলীয়করণ, বিরোধী দলের ওপর দমন—পীড়ন এবং নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা ধ্বংস করা। একটি দল যখন মনে করে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে দিলে ক্ষমতা নিরাপদ থাকবে, তখন তারা আসলে নিজেদের পতনের ভিত্তিই তৈরি করে। কারণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ দিয়ে কিছুদিন বিরোধী দলকে দমন করা যায়, কিন্তু জনগণের ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষ চিরকাল আটকে রাখা যায় না। আওয়ামী লীগ একসময় মনে করেছিল, তাদের বিকল্প নেই। বিএনপি যদি এখন মনে করে, তাদের বিকল্প তৈরি হতে দেওয়া হবে না, তাহলে সেটি হবে একই রাজনৈতিক ঔদ্ধত্যের পুনরাবৃত্তি। যে দল অন্যের পতনের কারণ থেকে শিক্ষা নেয় না, একসময় তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হয়।
২০০৭ সালের ওয়ান—ইলেভেনও বাংলাদেশের জন্য একটি বড় রাজনৈতিক বিপর্যয়ের অভিজ্ঞতা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস, নির্বাচনব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে সংকট এবং সাংবিধানিক ব্যবস্থার দুর্বলতা কীভাবে একটি অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিতে পারে, তা দেশের মানুষ দেখেছে। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে যদি আবার এমন পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে কোনো পক্ষই নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারবে না, তাহলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে। বিএনপির মনে রাখা উচিত, ২০০৭ সালের পরিস্থিতি কোনো রাজনৈতিক দলের জন্যই সুখকর ছিল না। সে অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকানোর দায়িত্ব সব রাজনৈতিক দলের, বিশেষ করে ক্ষমতাসীন দলের। কিন্তু বিএনপি যদি নিজেই নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থাকে দলীয়করণের দিকে ঠেলে দেয়, তাহলে সেই বিপর্যয়ের হাত থেকে তারাও বাঁচতে পারবে না।
