এডভোকেট আবু হাসিন
আমাদের দেশের মত নৈরাজ্যকর বাজার পরিস্থিতি বিশ্বের আর কোন দেশে দেখা যায় না। সে ধারাবাহিকতায় দেশের চাল ও ভোজ্যতেলের বাজারে বর্তমানে তীব্র অস্থিরতা ও নৈরাজ্য চলছে। যা প্রান্তিক শ্রেণির জীবনযাত্রাকে অস্থির করে তুলেছে। খোলা চালের পাশাপাশি সুগন্ধি চালের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ভালো মানের খোলা সুগন্ধি চাল প্রতি কেজি ২শ’ টাকা এবং প্যাকেটজাত সুগন্ধি চাল ২শ’ ২০ থেকে ২শ’ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। নওগাঁসহ দেশের বিভিন্ন বড় উৎপাদন অঞ্চলে ধান ও চাল উৎপাদন কমিয়ে কিংবা কৃত্রিম ঘাটতি দেখিয়ে গুদামে মজুত করার অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও সারের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের উৎপাদন ও পরিবহন খরচে। ঢাকা ও অন্যান্য বড় বাজারে প্রতি ট্রাক চালের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে বলে দাবি করা হচ্ছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
ভোজ্য তেলের বাজারেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের সাথে ব্যবসায়ীদের বৈঠকের পরও প্রভাবশালী কোম্পানিগুলো পর্যাপ্ত পরিমাণ বোতলজাত সয়াবিন তেল বাজারে সরবরাহ করছে না। খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের বাজারেও চরম ঘাটতি দেখা দিয়েছে। ফলে ভোক্তারা সরকার নির্ধারিত মূল্যে তেল কিনতে পারছেন না। মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালী ঘিরে জটিলতায় জ্বালানি তেল, সার ও খাদ্যপণ্যের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ধাক্কা লেগেছে। কর্পোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকদের কারসাজি এবং সরকারের দুর্বল বাজার মনিটরিংকে দায়ী করছেন সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ( BBS) তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি কিছুটা কমার কথা থাকলেও খুচরা বাজারে এর সুফল নেই। এমতাবস্থায় সাবিক পরিস্থিতির উত্তরোত্তর অবনতিই হচ্ছে।
সার্বিক দিক বিবেচনায় চাল ও তেলের বাজারে রীতিমত অস্থিরতা সৃষ্টি হয়েছে। ফলে উৎপাদন বা আমদানি পর্যায় থেকে খুচরা বিক্রি পর্যন্ত দামের ব্যবধান ক্রমেই ভোক্তাদের উদ্বেগ বাড়াচ্ছে। ধান উৎপাদন, চাল প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের ব্যয় যেমন দামের ওপর প্রভাব ফেলে, তেমনি ভোজ্যতেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয়, শুল্ক ও সরবরাহ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, এসব ব্যয়ের সাথে খুচরা বাজারের দামের সামঞ্জস্য কতটা, আর সরবরাহ শৃঙ্খলের কোন পর্যায়ে কতটা মুনাফা যুক্ত হচ্ছে, তার স্বচ্ছ হিসাব সাধারণ ভোক্তার সামনে নেই। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় এই দুই পণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপে পড়ছে সীমিত আয়ের মানুষ; অন্য দিকে উৎপাদক, আমদানিকারক, মিল মালিক, পাইকার ও খুচরা বিক্রেতার মধ্যে বাড়তি দামের সুবিধা কীভাবে বণ্টিত হচ্ছে, তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। তারা বলছেন, বাজারের প্রকৃত চিত্র বুঝতে তাই উৎপাদন ও আমদানি ব্যয় থেকে শুরু করে পাইকারি ও খুচরা বিক্রির পর্যায় পর্যন্ত দামের ব্যবধান, মুনাফা ও বাজার তদারকির কার্যকারিতা খতিয়ে দেখা জরুরি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাজারে এক কেজি চালের জন্য ভোক্তাকে যে টাকা দিতে হচ্ছে, তার পুরোটা কৃষকের হাতে পৌঁছায় না। একইভাবে আমদানি করা এক লিটার ভোজ্যতেল খুচরা দোকানে বিক্রির আগেই কয়েকটি পর্যায় অতিক্রম করে। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে ব্যয় যুক্ত হওয়া স্বাভাবিক। কিন্তু এসব ব্যয়ের বাইরে কোথায় কত টাকা মুনাফা থাকছে, কোন পর্যায়ে মূল্যবৃদ্ধির চাপ সবচেয়ে বেশি তৈরি হচ্ছে এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাজারদর নির্ধারণে কতটা প্রভাব রাখছে— এসব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর স্পষ্ট নয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের বাজারে চাল ও ভোজ্যতেলের দাম নিয়ে ভোক্তাদের উদ্বেগের মধ্যে মূল্যশৃঙ্খলের এই অস্বচ্ছতা নতুন করে আলোচনায় এসেছে। উৎপাদন বা আমদানি পর্যায়ের মূল্য এবং খুচরা বাজারের দামের মধ্যে বড় ব্যবধান দেখা গেলেও সেটিকে সরাসরি ব্যবসায়ীদের মুনাফা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। তারা বলছেন, প্রকৃত চিত্র জানতে প্রয়োজন উৎপাদন ব্যয়, আমদানি মূল্য, পরিবহন, সংরক্ষণ, কমিশন, কর এবং প্রতিটি পর্যায়ের ক্রয়-বিক্রয়ের হিসাব। এসব তথ্য একসাথে বিশ্লেষণ করা না হলে মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ আড়ালেই থেকে যায়। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রকাশিত এক গবেষণায় খাদ্যপণ্যের উৎপাদন ও খুচরা পর্যায়ের দামের ব্যবধানের একটি চিত্র পাওয়া যায়। প্রতিষ্ঠানটির গবেষণা তথ্যে দেখা যায়, মাঝারি মানের পাইজাম চাল উৎপাদন পর্যায়ে প্রতি কেজি গড়ে ৩০ টাকা ৬৫ পয়সায় বিক্রি হলেও খুচরা বাজারে এর দাম ছিল ৫৯ টাকা ৬৯ পয়সা; অর্থাৎ দুই পর্যায়ের দামের ব্যবধান ২৯ টাকা ৪ পয়সা, যা উৎপাদন পর্যায়ের দামের প্রায় ৯৫ শতাংশ।
প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা যায়, উৎপাদক থেকে খুচরা বাজারে পৌঁছাতে কাঁচামরিচের দাম ১১৬ শতাংশ, দেশী পেঁয়াজের ৮৭ শতাংশ, মসুর ডালের ৭৮ শতাংশ, বেগুনের ৭২ শতাংশ এবং আলুর ৫০ শতাংশ বাড়ার তথ্য উঠে এসেছে। এসব পরিসংখ্যান বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে মূল্য সংযোজনের বিষয়টি সামনে আনে। তবে চালের ক্ষেত্রে ধান থেকে চাল তৈরির প্রক্রিয়া, চালের উৎপাদন অনুপাত, উপজাত বিক্রি থেকে আয়, পরিবহন ও সংরণ ব্যয় বিবেচনা করতে হবে। অন্য পণ্যের ক্ষেত্রেও একইভাবে সংশ্লিষ্ট ব্যয় বাদ দিয়ে প্রকৃত মুনাফা নির্ধারণ করা জরুরি।
এদিকে পাইকারি বাজারে একই সময়ে সরু চালের দাম কেজিপ্রতি প্রায় এক টাকা বেড়ে ৬৬ টাকা এবং মাঝারি চালের দাম দেড় টাকা বেড়ে ৪৮ টাকা ৫০ পয়সায় দাঁড়ায় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন, কুষ্টিয়া থেকে ঢাকায় এক ট্রাক চাল পরিবহনের ভাড়া ২০ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা হয়েছে। পরিবহন ব্যয়ের এ বৃদ্ধি বাজারদরে প্রভাব ফেলতে পারে। কিন্তু ভাড়া বৃদ্ধির কারণে প্রতি কেজি চালে প্রকৃতপে কত টাকা বাড়তি ব্যয় হচ্ছে, তা নির্ণয় না করে পুরো মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দেয়া সম্ভব নয়।
এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর বক্তব্য হলো, সরবরাহ কম থাকার অভিযোগও একইভাবে যাচাই করা প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বা আমদানি কমে গেলে তার কারণ কী, বাজারে মোট সরবরাহ কতটা কমেছে এবং অন্য প্রতিষ্ঠানগুলো ঘাটতি পূরণ করতে পারছে কি না এসব প্রশ্নের উত্তর ছাড়া সরবরাহ সঙ্কটের দায় নির্দিষ্ট কোনো পরে ওপর চাপানো যায় না। আবার বাজারে পর্যাপ্ত পণ্য থাকা সত্ত্বেও দোকানে সরবরাহ না পাওয়া গেলে পরিবেশক ও সরবরাহকারীদের বিক্রয় নথি পরীক্ষা করা জরুরি বলে প্রতিষ্ঠানটি মনে করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারি নীতির কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা প্রয়োজন। চাল আমদানির অনুমতি, সরকারি খাদ্যগুদামের মজুত, বাজারে সরকারি চাল সরবরাহ এবং ভোজ্যতেলের শুল্ক-কর সমন্বয়ের উদ্দেশ্য হলো সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলা। কিন্তু কোনো নীতিগত সুবিধা দেওয়ার পর আমদানিকারকের ব্যয় কতটা কমেছে এবং সেই সুবিধার কতটা ভোক্তার কাছে পৌঁছেছে, তা আলাদা করে পরিমাপ করা জরুরি। শুধু শুল্ক কমানো বা বাজারে অভিযান পরিচালনার তথ্য দিয়ে নীতির সাফল্য বিচার করা যায় না।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, একই পণ্যের উৎপাদন বা আমদানি পর্যায়ের মূল্য, প্রক্রিয়াজাতকরণ ব্যয়, পরিবহন, সংরণ, কমিশন এবং পাইকারি ও খুচরা বিক্রির মূল্য পাশাপাশি প্রকাশ করা হলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শনাক্ত করা সহজ হবে। বড় চালকল ও ভোজ্যতেল সরবরাহকারীদের বাজারে অংশীদারত্ব এবং সরবরাহের পরিবর্তনের তথ্যও প্রকাশ করতে হবে। তারা বলেন, অস্বাভাবিক মজুদ, সরবরাহ আটকে রাখা, প্রতিযোগীদের সাথে যোগসাজশ কিংবা ব্যয়ের তুলনায় অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপরে তদন্ত করা উচিত। তবে শুধু বেশি দাম বা বড় মূল্য ব্যবধান দেখেই কোনো প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক হবে না। একইভাবে ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধির দাবি যাচাই ছাড়াই গ্রহণ করাও ভোক্তার স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে তারা মনে করেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি পর্যায়ের মূল্য, ব্যয় ও মুনাফার হিসাব প্রকাশ করা গেলে বোঝা সম্ভব হবে কোথায় অপ্রয়োজনীয় খরচ বাড়ছে, কোথায় প্রতিযোগিতা দুর্বল এবং সরকারি নীতির সুফল কোথায় আটকে যাচ্ছে। তাতে বাজারের সব মূল্যবৃদ্ধি বন্ধ হয়ে যাবে এমন নিশ্চয়তা নেই। তবে অনুমাননির্ভর অভিযোগের বদলে প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ এবং ভোক্তার স্বার্থ রার জন্য এটি হতে পারে সবচেয়ে কার্যকর সূচনা।
আমাদের দেশর বাজার ব্যবস্থা সবসময় অস্থির ও নৈরাজ্যকর। বাজারের ওপর সরকার, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিকার অধিদপ্তরের কোন নিয়ন্ত্রণ নেই। বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট চক্র। এরা নানা ছলছুতায় তাদের মর্জি মাফিক পণ্যের দাম বৃদ্ধি করে। কমার তো কোন প্রশ্নেই আসে না। কখনো আন্তর্জাতিক বাজারের অজুহাত, কখনো অনাবৃষ্টি; আবার কখনো অতিবৃষ্টি, মাঝে মাঝে পরিবহন সঙ্কট এবং সরবরাহ ঘাটতির অজুহাত তুলে পণ্যের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করে তোলে।
এমতাবস্থায় চাল ও তেলসহ নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা ফিরে আনতে সরকার বাজারের এসব রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অহেতুক মূল্যবৃদ্ধি সাথে জড়িতদের আনতে হবে আইনি পদক্ষেপ। প্রয়োজন হলে প্রচলিত আইন হালনাগাদ করা দরকার। অন্যথায় বাজার সিন্ডিকেটের নৈরাজ্য কোনভাবেই বন্ধ করা সম্ভব হবে না।
লেখক : আইনজীবী ও প্রাবন্ধিক।
