ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর পার হয়ে গেছে একটি বছর। ২০২৫ সালের সেপ্টেম্বরের ঐতিহাসিক নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের নেতৃত্বাধীন পর্ষদ। সে দায়িত্বের মেয়াদও শেষ হলো সম্প্রতি। দায়িত্ব গ্রহণের পর থেকে ক্ষমতার দাপট বা নেতিবাচক ছাত্র রাজনীতির চেনা ছক ভেঙে এ পর্ষদ ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তন এনেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নির্বাচনের সময় দেওয়া সাধারণ ইশতেহার বা প্রতিশ্রুতির সীমানা ছাড়িয়ে বাস্তব ক্ষেত্রে তার চেয়েও বেশি বাস্তবায়ন করে দেখিয়েছে এই নেতৃত্ব। ডাকসু নির্বাচনের আগে ছাত্রশিবির ছাত্রদের সামনে কিছু অঙ্গীকার ব্যক্ত করেছিল। এগুলো হলো:

১. কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা বন্ধ করে নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা।

২. গণরুম, গেস্টরুমের সংস্কৃতি দূরীভূত করে আবাসন সংকট সমাধান করা।

৩. বৈষম্যমূলক নীতি ও আচরণ নির্মূল করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

৪. মাদক, ছিনতাই, চাঁদাবাজিকে না বলে চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা।

৫. ‘লাঞ্চের পরে আসেন’ সংস্কৃতিকে না বলা ও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।

৬. ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্যসেবা নিশ্চিত করা এবং ইসলামোফোবিয়া ও সাইবার বুলিংকে না বলা।

এক বছরের মেয়াদ শেষে দেখা যাচ্ছে এ অঙ্গীকারগুলো শতভাগ এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। ডাকসুর মেয়াদ ৩৬৫ দিন হয়েছে। আর ডাকসুতে শিবির প্রায় ৪০০ এর কাছাকাছি ওয়েলফেয়ার কাজ করেছে। অর্থাৎ কাজের হিসাবে প্রত্যেক দিনই শিবিরের ডাকসু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। সর্বোপরি, ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের অর্জনের তালিকা অনেক লম্বা। এরপরও আলাদা করে কিছু বিষয় না উল্লেখ করলেই নয়।

‘গেস্টরুম-গণরুম’ নির্যাতন ও হল দখলদারিত্বের স্থায়ী অবসান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দীর্ঘ কয়েক দশকের সবচেয়ে বড় অভিশাপ ছিল ‘গেস্টরুম কালচার’ ও ‘গণরুম’ নির্যাতন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক মিছিল-মিটিংয়ে নিয়ে যাওয়া এবং ভিন্নমতাবলম্বীদের ওপর শারীরিক-মানসিক নির্যাতনের যে সংস্কৃতি ছিল, গত এক বছরে তা সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। ডাকসু নেতৃত্বের দৃঢ়তায় এবং হল প্রশাসনকে কার্যকর সহযোগিতা প্রদানের মাধ্যমে মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন ব্যবস্থা চালু করা হয়েছে, যা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ভীতিহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে।

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও দলমত নির্বিশেষে রাজনৈতিক সহাবস্থান : অতীতে ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্যের কারণে অন্য কোনো ছাত্র সংগঠনের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ ছিল না। তবে এই ডাকসু পর্ষদের সবচেয়ে বড় সাফল্য হলো ক্যাম্পাসে সব বৈধ ও প্রগতিশীল ছাত্র সংগঠনের অবাধ সহাবস্থান নিশ্চিত করা। ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন বা ভীতি প্রদর্শন করা হয় নি। পরিবেশ পরিষদের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। ফলে দীর্ঘ সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অবলীলায় ক্যাম্পাসে প্রবেশ করেছেন, নানা ধরনের কার্যক্রমে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দূতাবাস ও থিংক ট্যাংকের নানা আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভীতি ও বলপ্রয়োগের রাজনীতির বিপরীতে ‘সেবা, মেধা ও সৌহার্দ্যের’ রাজনীতি যে কতটা কল্যাণকর হতে পারে, ডাকসুর এ এক বছর তা প্রমাণ করেছে।

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন : সাধারণ শিক্ষার্থীদের বৈশ্বিক ক্যারিয়ার ও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ডাকসু আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ শিক্ষা ও ক্যারিয়ার মেলা। চীনের দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতায় এ মেলায় ৪শরও বেশি কোম্পানি অংশ নেয় এবং এ মেলা থেকেই ৪৩০ জন শিক্ষার্থীকে চীনা কোম্পানিতে চাকরি নিয়ে দিয়েছে।

শিক্ষার্থীবান্ধব মেগা ইভেন্ট ও প্রকাশনা : একাডেমিক পরিবেশকে প্রাণবন্ত করতে ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ডাকসু এক বছরে অনন্য কিছু উদ্যোগ নিয়েছে। ডাকসুর সাহিত্য সম্পাদক এ পর্যন্ত জুলাই বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব পরিবারের অবদান এবং ইশারাত মঞ্জিলের ওপর আলাদা গ্রন্থ প্রকাশ করেছে। এছাড়াও শিক্ষার্থীদের সাহিত্য ও গবেষণামূলক লেখার বিকাশ ঘটাতে ডাকসুর পক্ষ থেকে বেশ কিছু মানসম্পন্ন ও তথ্যসমৃদ্ধ বার্ষিক প্রকাশনা ও সাময়িকী প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক চর্চাকে এগিয়ে নিতে নিয়মিতভাবে ইতিহাসভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে।

পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ : সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পরিবহন শাখায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনকে চাপ দিয়ে কাজ করিয়েছে ডাকসু। হল থেকে হলে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিরাপদে যাওয়ার জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। পরিবহন খাতে শনিবার বাস সার্ভিস চালু, বিভিন্ন রুটে সন্ধ্যার ট্রিপ, নারী হলগুলোর জন্য বাস চালু করা হয়েছে। একই সঙ্গে পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বিভিন্ন রুট সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

মেডিকেল সেন্টার ও ডাইনিংয়ের উন্নয়ন : হলের ডাইনিংয়ের খাবারের মানোন্নয়নে নিয়মিত তদারকি এবং কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে আধুনিক প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখা হয়েছে।

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ‘ক্লিন ইমেজ’: বিগত এক বছরে ডাকসুর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ধরনের টেন্ডারবাজি, ক্যাম্পাস ও আশপাশের নীলক্ষেত-টিএসসি এলাকার দোকানদারদের থেকে চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগও ওঠেনি। সাধারণত ছাত্র সংসদের ক্ষমতা হাতে পাওয়ার পর ছাত্রনেতাদের আচরণ ও ক্ষমতার অপব্যবহারের চিরাচরিত যে চিত্র দেশের মানুষ দেখে অভ্যস্ত, তার সম্পূর্ণ ব্যতিক্রম দেখিয়েছে বর্তমান পর্ষদ। গত এক বছরে ডাকসুর কোনো নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোনো ধরনের টেন্ডারবাজি, কিংবা টিএসসি ও নীলক্ষেত এলাকার সাধারণ ব্যবসায়ীদের ওপর চড়াও হওয়া বা চাঁদাবাজির একটি অভিযোগও ওঠেনি। সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—ডাকসুর কোনো নেতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী কিংবা কোনো নারীর প্রতি অপ্রীতিকর বা অশোভন আচরণের দূরতম কোনো অভিযোগও পাওয়া যায়নি। এ প্রশ্নহীন ও স্বচ্ছ ভাবমূর্তি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে কোনো আর্থিক অনিয়ম বা ক্ষমতার দাপট না দেখানোয় সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই পর্ষদের ‘ক্লিন ইমেজ’ বা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে, যা দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি বিরল উদাহরণ।

সীমিত বাজেটে সর্বোচ্চ আউটপুট : ডাকসুর বর্তমান পর্ষদ বাজেট ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতার পরিচয় দিয়েছে। ডাকসুর সমাজসেবা সম্পাদকের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাদ্দকৃত টাকার অধিকাংশই না পাওয়া গেলেও বিভিন্ন শুভানুধ্যায়ী ও সাবেক ছাত্রছাত্রীদের সহযোগিতায় এবং সমাজের আলোকিত মানুষেল পৃষ্ঠপোষকতায় ডাকসুর এবারের সংসদ বিভিন্ন স্পন্সর ও সেবামূলক প্রজেক্টের সমন্বয়ে শিক্ষার্থীদের কল্যাণে বহুগুণ বেশি দৃশ্যমান কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। মেধা অন্বেষণ, বিতর্ক প্রতিযোগিতা এবং গবেষণামূলক সেমিনারে এই ফান্ড অত্যন্ত সততার সাথে ব্যয় করা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিশ্রুতির চেয়ে বেশি বাস্তবায়ন : নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে গিয়েও সাধারণ শিক্ষার্থীদের প্রাত্যহিক ও ধর্মীয় প্রয়োজন পূরণের দিকে নজর দিয়েছে ডাকসু। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রতিটি আবাসিক হলে ও একাডেমিক ভবনে আধুনিক ও নিরাপদ বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। প্রতিটি হলের মসজিদের সংস্কার করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পরিবেশ উন্নত করতে মসজিদ সংস্কারে বিপুল অর্থ ব্যয়ে এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করা হয়েছে। পাশাপাশি ছাত্রীদের হলে আলাদা ও নিরাপদভাবে নামাজ আদায়ের স্থান নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামের আধুনিকীকরণের পাশাপাশি ছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হলের ভেতর বিশেষ ব্যায়ামের জায়গা বা ফিমেল জিমনেশিয়ামের ব্যবস্থা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হয়েছে।

ডাকসু ভবনের আধুনিকীকরণ ও ‘ডাকসু সংগ্রহশালা’ স্থাপন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে ডাকসু ভবনের ভেতরের পরিবেশকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি সমৃদ্ধ ‘ডাকসু সংগ্রহশালা’ (DUCSU Museum) স্থাপন করা হয়েছে, যেখানে ডাকসুর জন্মলগ্ন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বপূর্ণ ইতিহাস ও স্মারকগুলো সংরক্ষণ করা হয়েছে।

ক্যাম্পাস মাদকমুক্তকরণ ও নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ: ক্যাম্পাসের বহিরাগত ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধে ডাকসু প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সাথে সমন্বয় করে জোরালো ভূমিকা পালন করেছে। টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা এবং কার্জন হল প্রাঙ্গণকে মাদকমুক্ত করতে নিয়মিত তদারকি করা হয়েছে। একই সাথে সন্ধ্যার পর ক্যাম্পাসের অন্ধকারাচ্ছন্ন স্পটগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করার মাধ্যমে নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও ভীতিহীন একটি ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে।

একাডেমিক জবাবদিহিতা ও ‘শিক্ষক মূল্যায়ন’ প্ল্যাটফর্ম : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বর্তমান ডাকসু পর্ষদ একটি ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো তারা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষক মূল্যায়ন প্রক্রিয়া ও এর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে. এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের মান, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষকদের সময়ানুবর্তিতা নিয়ে গঠনমূলক রেটিং ও মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রশাসনিক ও একাডেমিক জবাবদিহিতা নিশ্চিত করতে একটি বৈপ্লবিক পদক্ষেপ। এছাড়াও নারী শিক্ষার্থীদের অধিকার ও প্রক্টোরিয়াল টিমের সংস্কারছাত্রীদের হলগুলোর অভ্যন্তরীণ সমস্যা নিরসন, ডাইনিং ও রিডিং রুমের সুবিধা বাড়াতে ডাকসুর নারী নেত্রীরা সরাসরি প্রশাসনের সাথে VC- DUCSU Follow-up Meeting নিশ্চিত করেছেন। রোকেয়া হলের পাশে ঝুঁকিপূর্ণ বাস কাউন্টার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে স্মারকলিপি প্রদান এবং মেয়েদের হলগুলোর নিরাপত্তা বাড়াতে প্রক্টোরিয়াল টিম ও নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে বাধ্য করার ক্ষেত্রে ডাকসু রাজপথে এবং প্রশাসনিক পরিসরে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ এককভাবে কাজ না করে প্রতিটি আবাসিক হলের হল সংসদের সাথে চমৎকার সমন্বয় সাধন করেছে। হল সংসদের ভিপি-জিএসদের সাথে নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, সিট বণ্টন এবং হলের অভ্যন্তরীণ সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়েছে।

জাতীয় ইস্যুতে সরব অবস্থান ও রাজনৈতিক ক্রান্তিকালে ভূমিকা : কেবল ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়েই নয়, দেশের যেকোনো জাতীয় সংকট ও নীতিগত ইস্যুতে এই ডাকসু পর্ষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে সরব অবস্থান নিয়েছে। বিশেষ করে, দেশের রাজনৈতিক পটপরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে ক্যাম্পাসের ভেতরের পরিবেশ স্থিতিশীল রাখতে তারা অত্যন্ত পরিপক্ক ভূমিকা পালন করেছে। কোনো ধরনের উসকানি বা রাজনৈতিক প্রতিহিংসা যাতে ক্যাম্পাসের শিক্ষাজীবনকে ব্যাহত করতে না পারে এবং কোনো প্রকার ছাত্র-সন্ত্রাস বা সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে, তা অত্যন্ত সফলতার সাথে নিয়ন্ত্রণ করেছে ডাকসু নেতৃত্ব।

প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ছাত্রশিবিরের নেতৃত্বাধীন পরিষদ এরই মধ্যে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে বাস্তবায়নের পথ উম্মুক্ত করেছে। এখন ডাকসু নির্বাচনের আয়োজন করার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে আপাতত এটুকু বলাই যায় যে, ভীতি, বলপ্রয়োগ এবং সন্ত্রাসের চেনা ছাত্র রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ডাকসুর এ এক বছর প্রমাণ করেছে যে— সদিচ্ছা ও সততা থাকলে সীমিত সম্পদেও শিক্ষার্থীদের কল্যাণে অভাবনীয় কাজ করা সম্ভব। প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করে দেখানো এবং ক্ষমতার লোভ বর্জন করে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হয়ে ওঠার এ অনন্য মডেলটি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়েই থাকবে।