ফাহমিদা আক্তার রিপা
বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের সামনে সে চেনা লম্বা লাইন, ভিসা অফিসের বাইরে অপেক্ষারত ভিড়, আর ফেসবুকে “বিদেশে সেটেল হওয়া যায় কীভাবে”—এমন প্রশ্নের ছড়াছড়ি। এ দৃশ্যগুলো এখন আমাদের চারপাশে এতটাই সাধারণ হয়ে গেছে যে আলাদা করে চোখে পড়েও না। অথচ একটু থেমে ভাবলে বোঝা যায়, এর পেছনে লুকিয়ে আছে একটা গোটা প্রজন্মের হতাশা। দেশের মেধাবী তরুণদের একটা বড় অংশ আজ স্বপ্ন দেখে দেশ ছাড়ার। প্রশ্ন হলো—ভালো থাকার এ খোঁজ কি সত্যিই শুধু সীমানার বাইরে গিয়েই মেটে?
এ প্রবণতার পেছনে কারণ একটা নয়, অনেকগুলো। পড়াশোনা শেষ করার পরও যোগ্যতামতো চাকরি না পাওয়া, আবার অনেক সময় চাকরির জন্য যে দক্ষতা দরকার সেটাও না থাকা—এ দুটোই একসাথে চলে। তার ওপর বেতন-ভাতা নিয়ে অসন্তোষ, বিশ্ববিদ্যালয়ে সেশনজটের ভোগান্তি, মেধার সঠিক দাম না পাওয়া—সব মিলিয়ে একটা ক্লান্তি জমে যায়। যোগ হয় যানজট, দূষণ, চিকিৎসাসেবার নিম্নমান, সামাজিক মর্যাদার আকাঙ্ক্ষা, আর সবচেয়ে বড় কথা—নিরাপত্তার অভাব।
এসব মিলিয়ে একজন তরুণের মনে একটা ভয় জন্ম নেয়—নিজের দেশে থেকে কিছু গড়ে তোলার পথটা যেন দিনদিন সরু হয়ে আসছে। বেকারত্বের চাপ তখন জীবনটাকেই তেঁতো করে তোলে। কিন্তু এটাকে শুধু একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত ভাবলে ভুল হবে। এটা আসলে গোটা জাতির একটা সংকটের ছবি। যে মেধা আর শ্রম দিয়ে একটা দেশ গড়ে ওঠার কথা, সেটাই যখন প্রতিদিন বিদেশে চলে যাচ্ছে, তখন এর মূল্য একদিন পুরো জাতিকেই চোকাতে হয়। মূলত, এ সমস্যার সমাধান কেবল কোনো দূরের দেশে নেই—আছে এ মাটিতেও।
এজন্য শিক্ষাব্যবস্থাটাকে বাস্তব কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে ছেলেমেয়েরা শুধু সার্টিফিকেট নিয়ে না বেরিয়ে সত্যিকারের দক্ষতা নিয়ে বের হয়। প্রযুক্তি আর তথ্যপ্রযুক্তির মতো খাতে বিনিয়োগ বাড়ালে দেশেই তৈরি হতে পারে হাজারো নতুন কাজের সুযোগ। তরুণ যারা নিজে কিছু করতে চায়, তাদের জন্য সহজ শর্তে ঋণ আর প্রশিক্ষণের ব্যবস্থাও সমান জরুরি। সে সাথে দরকার স্বাস্থ্যসেবা, গণপরিবহন আর শহরের অবকাঠামোর মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যাতে দেশের ভেতরেই একটা ভালো জীবনযাত্রা সম্ভব হয়।
তবে বিদেশযাত্রাকে শুধু নেতিবাচক দৃষ্টিতে দেখারও সুযোগ নেই। অনেক তরুণ উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন কিংবা উন্নত কর্মপরিবেশের জন্য বিদেশে যায়। তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অর্থ যদি কোনোভাবে দেশের উন্নয়নে ফিরে আসে, তাহলে সেই অভিবাসনও দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারে। সমস্যা তখনই, যখন দেশের ভেতরে সুযোগের অভাব মানুষকে বাধ্য করে ভবিষ্যৎ খুঁজতে বিদেশের দিকে তাকাতে।
কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটাতে পারে সুশাসন। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, আর যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত হলে তরুণদের মনে আবার বিশ্বাস ফিরবে। তারা বুঝবে, পরিশ্রম আর মেধা থাকলে দেশেই উপায় ও পন্থা বের করা যায়, সুদূর বিদেশেরও বিকল্প তৈরি করা যায়।
বছরের পর বছর ধরে গেঁথে থাকা এ মানসিকতা আর ব্যবস্থা রাতারাতি বদলাবে না, এটা ঠিক। কিন্তু সৎ চেষ্টা, বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা, আর নিরলস পরিশ্রম ছাড়া এই তরুণ প্রজন্মের মুক্তি মিলবে না। রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত আর নীতিনির্ধারক—সবাই মিলে কাজ করলেই এ দেশের মাটিতে গড়ে উঠতে পারে ভালো থাকার ভিত্তি। এজন্য শুধু দরকার সত্যিকারের ইচ্ছা আর দূরদৃষ্টি। তাহলে একদিন তরুণরা দেশ ছাড়ার স্বপ্ন নয়, দেশ গড়ার স্বপ্ন দেখবে।
লেখক : শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
