মানবাধিকারের সুরক্ষা শুধু একটি বিকল্প নয়, এটি আমাদের একটি দায়িত্বও বটে। বৈশ্বিকভাবে আমাদের সবাইকে যূথবদ্ধ হতে হবে, যাতে নারীর বিরুদ্ধে সহিংসতা অবসানের যুদ্ধটা আমরা জিততে পারি। লিখেছেন
সেলিম জাহান
.
২৫ নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা অবসানে আন্তর্জাতিক দিবস। নারীর বিরুদ্ধে সহিংসতা নানা রূপে ও প্রকৃতিতে আবির্ভূত হয়। এর মধ্যে রয়েছে স্ত্রী নিপীড়ন থেকে ধর্ষণ, যৌতুকের জন্য হত্যা, অ্যাসিড ছুড়ে মারা, যৌন হয়রানি, যৌন দাসত্বের জন্য আন্তর্জাতিক নারী পাচার ইত্যাদি। গৃহাভ্যন্তরে নারীরা শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং যৌন সম্পৃক্ততায় পরিবারের কোনো সদস্য দ্বারা নিগৃহীত হয়।
নারীর বিরুদ্ধে সহিংসতার নানা কারণ আছে। এর মধ্যে রয়েছে পুরুষতান্ত্রিক কর্তৃত্ব, জোরপূর্বক বিয়ে, নারীর প্রতি প্রথাগত দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি সংবেদনশীলতার অভাব, বিচারব্যবস্থায় দুর্নীতি, অসম ক্ষমতার সম্পর্ক, বেকারত্ব, নারী দারিদ্র্য ও বঞ্চনা এবং নারী পাচার। এ ছাড়া শিক্ষার ঘাটতি, নিচু আর্থসামাজিক অবস্থান, অল্প বয়স, অতিমাত্রায় মদ্যপান, শিশুকালে পরিবারের মধ্যে সহিংসতা প্রত্যক্ষ করা, মা-বাবার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের অভাব নারী নির্যাতনের পেছনে কাজ করে।
.নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন.
যে সমাজে পুরুষ কর্তৃত্ববাদভিত্তিক অতীত মূল্যবোধের একটি ইতিহাস রয়েছে, সেখানে নারীর প্রতি সহিংসতা অপ্রত্যাশিত নয়। বিশ্বের বিভিন্ন সমাজে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ নারীদের অধীনতাকে আরও সুপ্রোথিত করে। আসলে পারিবারিক সম্মান রক্ষার্থে এবং পুরুষের কর্তৃত্ব মানিয়ে চলার লক্ষ্যে সমাজ মেয়েদের নিপীড়ন সহ্য করার জন্য চাপ দেয়।
গৃহাভ্যন্তরে নারী নির্যাতনকে একটি স্বাভাবিক ঘটনা হিসেবে চিত্রায়িত করার পেছনে এসবের একটি বিরাট ভূমিকা রয়েছে। নারীর প্রতি সহিংসতার দুটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নারী যৌনাঙ্গচ্ছেদের মতো বর্বর প্রক্রিয়া এবং তথাকথিত ‘পারিবারিক সম্মান রক্ষার’ মতো মধ্যযুগীয় বিধির জন্য তরুণীদের আত্মাহুতি।
নারীর বিরুদ্ধে সহিংসতা একটি বৈশ্বিক ঘটনা। বয়স, আর্থসামাজিক অবস্থান, শিক্ষা, ভৌগোলিক অবস্থাননির্বিশেষে এটি বিশ্বের নানা প্রান্তে ঘটে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুসারে, বিশ্বের প্রতি তিনজন নারীর একজন (৩৫ শতাংশ) তাঁদের ঘনিষ্ঠ সঙ্গীদের দ্বারা বা ঘনিষ্ঠ সঙ্গী–বহির্ভূত মানুষদের দ্বারা জীবনের কোনো একটি সময়ে যৌন সহিংসতার শিকার হয়েছেন।
.অবিবাহিত নারী বিদেশে গেলে পুলিশের কী সমস্যা.
বৈশ্বিকভাবে বিশ্বের ২০ কোটি নারী যৌনাঙ্গচ্ছেদের মতো বর্বর প্রক্রিয়ার শিকার হয়ে বেঁচে আছেন। বিশ্বে ৪৫ লাখ নারী বা কিশোরী বিভিন্নভাবে যৌন শোষণের শিকার হয়। তথাকথিত ‘পারিবারিক সম্মান রক্ষার’ মতো মধ্যযুগীয় বিধির জন্য প্রতিবছর বিশ্বে আত্মাহুতি দেয় পাঁচ হাজার তরুণী।
তবে মনে রাখা দরকার, এসব উপাত্ত যতই রোমহর্ষক হোক না কেন, সার্বিক চিত্রের একটি অংশমাত্র। আসলে নারীর বিরুদ্ধে সহিংসতার ব্যাপ্তি এবং গভীরতার পুরোটা আমাদের জানা নেই। এমনকি এ ব্যাপারে যেসব উপাত্ত বর্তমানে লভ্য, সেগুলোও অবসমীক্ষিত। কারণ, নারীর বিরুদ্ধে সহিংসতা বা নারী নির্যাতনের ওপরে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা রীতিমতো কষ্টকর, যেহেতু এ ব্যাপারে নিপীড়িত নারীরা সংগত কারণেই কথা বলতে ভয় পান কিংবা লজ্জা বোধ করেন।
গৃহাভ্যন্তরের সহিংসতা বড়ই বিধ্বংসী। যাঁরা এর শিকার, তাঁরা শারীরিক ও মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সেই সঙ্গে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক স্থিরতা নষ্ট হয়। গৃহাভ্যন্তরের সহিংসতা মানুষের জ্ঞানীয় দক্ষতাকে নষ্ট করে এবং নির্যাতিত নারীদের ওপরে এর ক্ষতিকর স্বাস্থ্য প্রভাব রয়েছে। এ প্রভাবের ফলাফল হচ্ছে তীব্র ব্যথা, নানা স্ত্রীরোগজনিত সমস্যা, স্মরণশক্তি হ্রাস, শারীরিক দুরবস্থা ইত্যাদি। এর বাইরে যেসব শিশু গৃহাভ্যন্তরের নির্যাতন প্রত্যক্ষ করেছে, তাদের মানসিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
অন্যদিকে যেসব ছেলে তাদের কৈশোরে ঘরের ভেতরে তাদের বাবা কর্তৃক তাদের মাকে নিপীড়িত হতে দেখেছে, বড় হলে তাদের নিজের সংসারে তারা ঠিক তাদের পিতাদের মতোই ব্যবহার করবে। যদিও নানা গবেষণায় দেখা গেছে, দরিদ্র গৃহস্থালির নারীদের গৃহাভ্যন্তরীণ সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি বেশি, তবু দারিদ্র্য এবং গৃহাভ্যন্তরীণ সহিংসতার মধ্যকার মিথস্ক্রিয়া খুব সহজেই বোধগম্য নয়। বাড়ির বাইরে এবং কাজের জায়গায় নারীরা নানা রকম হয়রানির শিকার হয়। এসব হয়রানির মধ্যে শারীরিক, মানসিক এবং বাক্যের হয়রানি রয়েছে।
বিশ্বের বহু নারী প্রত্যক্ষভাবে সহিংসতার শিকার হন। কিন্তু তাঁদের বাইরেও বিপুলসংখ্যক নারী এ সহিংসতার অপ্রত্যক্ষ নেতিবাচক প্রভাবের সম্মুখীন হন। বহু মেয়ে সহিংসতার ভীতির কারণে বহু শিক্ষাস্থলে যেতে, কর্মস্থলে কাজ করতে কিংবা তাঁদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে ভয় পান। পৃথিবীর প্রতিটি নারী পুরুষদের চেয়ে বেশি অনিরাপত্তায় ভোগেন, যদিও সে অনিরাপত্তার ব্যাপ্তি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের।
নারীর বিরুদ্ধে সহিংসতা নারী-পুরুষের মধ্যকার অসমতার শুধু কারণই নয়, তার ফলাফলও বটে। নানা অঞ্চলে বিভিন্ন বৈষম্যমূলক আইন এবং বহির্ভুক্তিমূলক সামাজিক মূল্যবোধ নারীর বিরুদ্ধে সহিংসতাকে আরও জোরদার করেছে। এ জাতীয় আইন ও মূল্যবোধ মেয়েদের শিক্ষার সুযোগ, আয় ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। কখনো কখনো গৃহাভ্যন্তরে ক্ষমতার সম্পর্ক পরিবর্তিত হলে নারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যায়। বিশেষত নারীরা যখন প্রথাগত ভূমিকা পরিত্যাগ করে অন্য ভূমিকায় অবতীর্ণ হন, তখন নারীদের বিরুদ্ধে অসন্তোষ বিস্তৃত হয়।
বাংলাদেশেও নারীর বিরুদ্ধে সহিংসতা বেশ প্রকট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬ সালের এক সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে প্রতি দুজন বিবাহিত নারীর মধ্যে একজন তাঁদের জীবনকালের কোনো এক সময়ে গৃহাভ্যন্তরীণ সহিংসতার শিকার হয়েছেন। কিশোর-কিশোরীদের বিরুদ্ধে সহিংসতাও আমাদের দেশের একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা।
পরিসংখ্যান ব্যুরোর আরও বিস্তৃত উপাত্তে দেখা যায়, তাদের বৈবাহিক মর্যাদানির্বিশেষে, কিশোরীরা নানা রকমের সহিংসতা বিষয়ে একটি নাজুক অবস্থানে আছেন। গৃহাভ্যন্তরীণ সহিংসতার যারা শিকার, তাদের একটি সুপ্ত লড়াই লড়তে হয়—তারা নিঃসঙ্গ, সহযোগিতা ও সম্পদহীন, নিঃশব্দ কষ্টভোগী। সেই সঙ্গে তারা ভবিষ্যতে আরও নির্যাতন ও প্রতিশোধের আশঙ্কা করে, আরও লজ্জা ও সংকোচে কুঁকড়ে যায়, যার ফলে প্রয়োজনীয় সাহায্য চাওয়া বা নিপীড়নের খবর দেওয়া তাদের জন্যে কষ্টকর হয়ে পড়ে।
বৈশ্বিকভাবে গৃহাভ্যন্তরীণ সহিংসতার মোকাবিলা করার জন্য একটি সামগ্রিক কৌশল প্রয়োজন। এ কৌশলের তিনটি মাত্রিকতা থাকা দরকার—আইনগত ও নীতিগত পরিবর্তন, ধারণা ও মনোভাবের বদল এবং সহিংসতাভোগীদের ক্ষমতায়ন। যারা সহিংসতার শিকার, তাদের নিরাপত্তা এবং যারা নিপীড়ক, তাদের দায়বদ্ধতা অবশ্যই নিশ্চিত করতে হবে। এর জন্য গৃহাভ্যন্তরীণ সহিংসতা রোধের লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ এবং বিচার বিভাগীয় প্রতিক্রিয়াকে উন্নত করা প্রয়োজন এবং নিপীড়িত নারীরা যাতে আইনগত সাহায্য পেতে পারে, সে জন্য নিরাপত্তা নির্দেশ নিশ্চিত করতে হবে। নিপীড়ন এবং নির্যাতন যেখানেই ঘটুক না কেন, গৃহের ভেতরে কিংবা কর্মস্থলে—যারা নিপীড়ন এবং নির্যাতনের শিকার, তাদের সহায়তা প্রদান নিশ্চিত করা দরকার, যাতে তারা ন্যায্য বিচার, আশ্রয় ও নিরাপত্তা লাভ করতে পারে। অতিমারি কোভিড-১৯ এর মতো নানা অভিঘাত এবং ভঙ্গুরতার সময় বর্ধিত গৃহাভ্যন্তরীণ সহিংসতা মোকাবিলা করার জন্য সুনির্দিষ্ট পন্থা, কৌশল এবং নীতিমালা থাকা প্রয়োজন।
চূড়ান্ত বিচারে, নারীর বিরুদ্ধে সহিংসতা একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার বিষয়, যার জন্য তাৎক্ষণিক এবং ক্রমাগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এর জন্য সরকার, নাগরিক সমাজ, বিভিন্ন জনগোষ্ঠী এবং ব্যক্তিরও যৌথ প্রয়াস অতীব প্রয়োজন। এর মাধ্যমেই সাংস্কৃতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে বদলানো সম্ভব। তখনই যারা সহিংসতার শিকার, তাদের সহায়তা প্রদান এবং নিরাপত্তা বিধান এবং সেই সঙ্গে যারা সহিংসতা ঘটায়, তাদের বিচারের আওতায় আনা সম্ভব।
নিপীড়নের চক্র ভাঙতে হলে গৃহাভ্যন্তরীণ সহিংসতার ব্যাপারে সামাজিক মনোভাবের রূপান্তর অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধির প্রচারকার্য, শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ জাতীয় রূপান্তর অর্জন সম্ভব। যেসব ধারণা ও বিশ্বাস গৃহাভ্যন্তরীণ সহিংসতাকে জিইয়ে রাখে, তাকে প্রশ্ন করা প্রয়োজন।
এমন একটা সংস্কৃতি গড়ে তোলা দরকার, যেখানে সহিংসতা অগ্রহণযোগ্য এবং সহিংসতার যারা শিকার, তাদের সহযোগিতা দেওয়া এবং তাদের ক্ষমতায়িত করা খুবই জরুরি। কিন্তু নারীদের বিরুদ্ধে সহিংসতার চক্র ভাঙার জন্য গৃহীত নীতিমালাগুলোকে দীর্ঘমেয়াদি হতে হবে, যাতে তারা বৈষম্যমূলক সামাজিক মূল্যবোধগুলো পরিবর্তন করতে পারে; শিক্ষা, অর্থনৈতিক কিংবা সামাজিক স্তরে নারী-পুরুষের যে বৈষম্য বিদ্যমান তাকে কমিয়ে আনা যায়; কিংবা নারীদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা যায়।
সমাজে নারীকণ্ঠের ভূমিকাকে শক্তিশালী করার জন্য এমন সব উদ্ভাবনী এবং ইতিবাচক নীতি গ্রহণ করতে হবে, যাতে মূল্যবোধ পরিবর্তিত হয়। যদিও সমাজের মূল্যবোধ সংস্কৃতি-স্পর্শকাতর নীতিমালা ও কর্মসূচির নকশাকে প্রভাবিত করতে পারে, কিন্তু সে মূল্যবোধ বিভিন্ন উদ্যোগকে সীমিত করুক তা অভিপ্রেত নয়।
গৃহাভ্যন্তরীণ সহিংসতার যারা শিকার, তাদের সহায়তা সেবা দেওয়া প্রসারিত করা যায়। এ সেবার মধ্যে আছে সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ আশ্রয়, তাদের পরামর্শ এবং স্বাস্থ্যসেবা প্রদান, তাদের জীবনকে পুনর্নির্মাণে সহায়তা দেওয়ার লক্ষ্যে অর্থনৈতিক ক্ষমতায়নের কর্মসূচি গ্রহণ। নির্যাতিত নারীদের ভৌগোলিক কিংবা আর্থ-সামাজিক অবস্থাননির্বিশেষে তারা যাতে এসব সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে হবে।
যেসব সমাজে সহিংসতা সমাজজীবনে অতি গভীরভাবে অনুপ্রবিষ্ট হয়েছে, সেসব সহিংসতার অবসানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কারণ সে জাতীয় সহিংসতা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলমান হতে পারে। সহিংসতার ওপরে উপাত্ত সংগ্রহ করা অত্যন্ত জরুরি। নানাবিধ কারণে সহিংসতা ভুক্তভোগীরা সাহায্য চাইতে দ্বিধা করে। অনেক সময় সচেতনতার অভাবে তারা ঠিক জানে না তাদের কী কী অধিকার আছে, অথবা কোথায় সহায়তা পাওয়া যেতে পারে।
সামাজিক বিধিবিধানের কারণে এবং সমাজ ছাড়ার ভয়েও অনেক সময়ে তারা মুখ ফুটে কিছু বলে না। অর্থনৈতিক দিক থেকে পরনির্ভরতার ফলে সহিংসতার যারা শিকার, তারা কোনো বিকল্প ব্যবস্থার অনুপস্থিতিতে একটি নির্যাতন ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। সীমিত আইনগত এবং সামাজিক সহায়তা কাঠামোও পর্যাপ্তভাবে তাদের সাহায্য করতে পারে না, ফলে অনেক সময়েই তারা নিজেরা নিজদের পরিত্যক্ত মনে করে।
মানবাধিকারের সুরক্ষা শুধু একটি বিকল্প নয়, এটি আমাদের একটি দায়িত্বও বটে। বৈশ্বিকভাবে, আমাদের সবাইকে যূথবদ্ধ হতে হবে, যাতে নারীর বিরুদ্ধে সহিংসতা অবসানের যুদ্ধটা আমরা জিততে পারি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক।
মতামত লেখকের নিজস্ব
