দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট সেবা। আমদানি-রপ্তানি পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা, প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই, শুল্ক ও কর পরিশোধে সহায়তা এবং বন্দর ও কাস্টমস স্টেশনভিত্তিক প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা প্রদান– এসব ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের প্রধান বন্দর ও কাস্টমস স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই খাত কেবল একটি ব্যবসায়িক কার্যক্রম নয়’ দেশীয় উদ্যোক্তাদের একটি বড় ক্ষেত্র এবং বিপুলসংখ্যক মানুষের জীবিকার উৎস।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপন (এসআরও নং-০৪-আইন/২০২৬/কাস্টমস, ৮ জানুয়ারি ২০২৬) এবং তার পরিপ্রেক্ষিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন কোম্পানিকেও লাইসেন্স প্রদানের যোগ্য হিসেবে অন্তর্ভুক্ত এবং বিদেশি অংশীদারিত্বের সর্বোচ্চ সীমা ৪৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নতুন লাইসেন্স প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে দেশি-বিদেশি যৌথ মালিকানার ভিত্তিতে সিঅ্যান্ডএফ লাইসেন্স প্রদানের সিদ্ধান্তটি সংশ্লিষ্ট মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ, সিঅ্যান্ডএফ ব্যবসা মূলত কাস্টমস অনুমোদিত ব্রোকারভিত্তিক পেশা, যার কার্যক্রম পুরোপুরি দেশের অভ্যন্তরীণ আইন, কাস্টমস প্রশাসন এবং রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এই ব্যবসার কার্যক্রম বাংলাদেশের কাস্টমস স্টেশনগুলোর মধ্যেই সীমাবদ্ধ এবং এটি কোনো আন্তর্জাতিক এজেন্সিভিত্তিক সেবা নয়। ফলে এখানে বিদেশি অংশীদারিত্ব যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি শিপিং লাইন ও ফ্রেইট ফরওয়ার্ডারদের নিজস্ব বৈশ্বিক নেটওয়ার্ক রয়েছে। আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্কও সুদৃঢ়। যদি তারা যৌথ মালিকানার মাধ্যমে সিঅ্যান্ডএফ লাইসেন্স লাভ করে, তাহলে নমিনেশনভিত্তিক ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া তাদের জন্য সহজ হয়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ ডোর-টু-ডোর লজিস্টিকস চুক্তির আওতায় পণ্য প্রেরণ ও সরবরাহের পুরো প্রক্রিয়া যদি একই বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হয়, তাহলে স্থানীয় ক্লিয়ারিং ফরওয়ার্ডিং ব্যবসায়ীদের ভূমিকা ক্রমেই সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে আমদানি-রপ্তানিকারকদের বিভিন্ন বাণিজ্যিক তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে, যা দীর্ঘ মেয়াদে বাজারের প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈদেশিক মুদ্রা বহির্গমনের আশঙ্কা। যৌথ মালিকানার ক্ষেত্রে আয়ের একটি অংশ বিদেশি অংশীদারদের লভ্যাংশ হিসেবে তাদের নিজ দেশে চলে যেতে পারে। জাল-জালিয়াতি বা রাজস্ব ফাঁকিতে জড়িয়ে গেলে বৈদেশিক পার্টনারকে আইনের আওতায় আনা কঠিন হবে। কারণ দেশের বাইরে থেকে ব‍্যবসা পরিচালনা করায় সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের আমদানি প্রায় ৬৭ বিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি প্রায় ৪৬ বিলিয়ন ডলার। অর্থাৎ মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১১৩ বিলিয়ন ডলার। অন্যদিকে রাজস্ব আহরণেও দেশীয় সিঅ্যান্ডএফ এজেন্টদের ভূমিকা উল্লেখযোগ্য। শুধু চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায় হয় ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৬১ হাজার ৩৫০ দশমিক ৪৪ কোটি টাকায়। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয় ৬৮ হাজার ৮৬৬ দশমিক ৫৮ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার ১৪২ দশমিক ৯৮ কোটি টাকায় পৌঁছায়। অর্থাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে রাজস্ব আদায় প্রায় ২৫ হাজার কোটি টাকা বেড়েছে। দেশের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত আমদানি-রপ্তানি কার্যক্রমই মূলত এই রাজস্ব প্রবাহকে শক্তিশালী করেছে। এতে বোঝা যায়, দেশীয় ক্লিয়ারিং এজেন্টরা নিজেদের সক্ষমতাও সময়ের সঙ্গে বৃদ্ধি করেছে।

এই বাস্তবতায় দেশি-বিদেশি যৌথ মালিকানায় সিঅ্যান্ডএফ লাইসেন্স প্রদানের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জোরালো হয়ে উঠেছে। বিষয়টি কেবল একটি পেশাগত খাতের স্বার্থের প্রশ্ন নয়। এটি জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

খায়রুল আলম সুজন: সাবেক কো-চেয়ারম্যান, এফবিসিসিআই পোর্ট অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটি