লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে গত ৫৫ বছরেও রাজনৈতিক-অর্থনৈতিকভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হয়নি। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক বা সামাজিক-অর্থনৈতিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দক্ষিণ এশিয়ায় একটি আদর্শ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার সব সম্ভাবনাই বাংলাদেশের ছিল। কিন্তু ভারতীয় আধিপত্যবাদিদের পরিকল্পনা ছিল ভিন্ন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান দেড়মাসের যুদ্ধে ভারত কার্যত পাকিস্তানের কাছে মার খেয়ে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দে প্রেসিডেন্ট আইয়ুব খান ও প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রির মধ্যে যুদ্ধ বিরতি স্বাক্ষর করতে বাধ্য হয়।
বলা হয়, ভারতের জন্য যুদ্ধবিরতি চুক্তি এতটাই অবমাননাকর ছিল যে, অপমান সহ্য করতে না পেরে ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রি তাসখন্দেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। যাই হোক, সে বিষয় আজকের লেখার মূল উপজীব্য নয়। বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রহীনতা ও বৈষম্যনীতির বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছিল, ঠিক তখন ভারতীয়রা পাকিস্তান ভেঙ্গে দুর্বল করার সুযোগ হিসেবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ধন ও সহযোগিতার হাত বাড়িয়েছিল। এটি ছিল তাদের সুদূরপ্রসারি গোয়েন্দা পরিকল্পনার অংশ। ‘বাঙালির মুক্তিযুদ্ধ ও অন্তরালের শেখ মুজিব’ নামক গ্রন্থের লেখক কালিদাস বৈদ্য সেই মহাপরিকল্পনার সবিস্তার বর্ণনা দিয়েছেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিশ্বসম্প্রদায় যখন যুদ্ধবিদ্ধস্ত, দারিদ্র্য ও দুর্ভিক্ষপীড়িত দেশটির সাড়ে ৭ কোটি মানুষকে বাঁচিয়ে রাখতে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, ভারত তখন কলকাতা বন্দর হয়ে আসা বিদেশি সাহায্য গায়েব করে দেয়ার বন্দোবস্ত নিশ্চিত করেছিল। যুদ্ধ শেষ হতে না হতেই মিত্রবাহিনী রূপে আসা ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে লুটপাটের মচ্ছব চালিয়েছিল।
প্রথমত: আত্মসমর্পনকারী পাকিস্তানি বাহিনীর শত শত ট্যাঙ্ক, সাজোয়াযান, হাজার হাজার আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ক্যান্টনমেন্টের যাবতীয় সম্পদ, মেশিন টুলস ফ্যাক্টরির যন্ত্রপাতি, পাটকলের যন্ত্রপাতি থেকে শুরু করে সরকারি বেসরকারি কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ শত শত ট্রাক-কাভার্ডভ্যানে ভরে ভারতে পাচার করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ও পঙ্গু করে দেয়ার নীলনকশার বাস্তবায়ন ঘটানো হয়েছিল। সেক্টর কমান্ডার এম এ জলিল ভারতীয় বাহিনীর লুটপাট ও সম্পদ পাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ মুজিবের নিদের্শে গ্রেফতার হয়েছিলেন। সম্ভবত তিনিই ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি। ভারতীয় বাহিনীর লুটপাট ও ভারতীয় হেজিমনির কাছে শেখ মুজিবের আত্মসমর্পনের অভিজ্ঞতার আলোকে মেজর আব্দুল জলিলের লেখা বইয়ের নাম ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’। প্রায় একই সময়ে সাবেক আওয়ামী লীগ নেতা আবুল মনসুর আহমদের লেখা একটি গ্রন্থের নাম ছিল ‘বেশি দামে কেনা কমদামে বেচা আমাদের স্বাধীনতা’। লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা একটি দলের স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে বিকিয়ে দেয়ার বাস্তবতা আমাদের রাজনৈতিক ইতিহাসের এক দগদগে ক্ষতচিহ্ন। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দালালদের মাধ্যমে রাজনৈতিক-অর্থনৈতিক আগ্রাসন চালিয়ে সেই ক্ষত চিহ্নকে আরো গভীর, বিস্তৃত ও দূরারোগ্য করে তোলার অপতৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
শেখ হাসিনার শাসনামলকে আমরা কি বলে অভিহিত করব? অনেকে স্বৈরাচারি, ফ্যাসিস্ট ইত্যাদি বলে অভিহিত করছেন। বিশ্বের ইতিহাসে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শাসককে নিজ দেশের জনগণের বিরুদ্ধে এমন ধ্বংসাত্মক ভূমিকা নিতে দেখা যায়নি। যিনি নিজের দলের লোকদের বলতেন, যত পারো টাকা বানাও এবং বিদেশে পাচার করো। দেশের দেড়কোটি প্রবাসি শ্রমিকের পাঠানো রেমিটেন্স, প্রায় এক কোটি গার্মেন্ট শ্রমিকের ঘাম ঝরানো শ্রমে রফতানি আয় থেকে প্রাপ্ত ডলার তিনি বিদেশে পাচার করে দিয়ে দেশকে দেউলিয়া করে পালিয়েছেন। সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার যে তা-ব চালানো হয়েছিল, তা শুধুমাত্র অর্থনৈতিক লুটপাট নয়, তা ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশের টাকা ভারতে পাচার করার একটি পদ্ধতিগত ব্লু-প্রিন্ট।
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার সাথে দিল্লিতে এস আলমের সাক্ষাতের খবর আমরা দেখেছি। বাংলাদেশে নির্বাচনের আগে এবং পরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এস আলমের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দের কথাও শোনা গিয়েছিল। সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভুত এক অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন হুদার ভারতে তিন লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা শুনে অনেকেই এই টাকাকে বাংলাদেশ থেকে শেখ হাসিনার দোসরদের মাধ্যমে পাচার হওয়া টাকা বলে মন্তব্য করেছেন। এক এস আলমের পাচার করা টাকার পরিমান এর চেয়ে বেশি। আওয়ামী কালো টাকা নির্বাচনে কোনো আঁচ লাগাতে না পারলেও এখন তারা নতুন করে দেশে গন্ডোগল পাকিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনৈতিক পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছে।
অধিকাংশ আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার কারণে র’-এর নেটওয়ার্ক কিছুটা দুর্বল হয়ে পড়ায় সরাসরি দিল্লী ও কলকাতার বিজেপি নেতারাই এখন নানা রকম হুমকি ও উস্কানি দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঠে নামিয়ে পরিস্থিতি ঘোলা করতে চাইছে। শতকরা তিরিশ ভাগ মুসলমান অধ্যুষিত পশ্চিম বাংলায় মুসলমানদের মসজিদ নির্মাণে বাঁধা দেয়া হচ্ছে, জুম্মা নামাজ পড়তে বাঁধা দেয়া হচ্ছে, বলা হচ্ছে, নামাজ পড়তে হলে পাকিস্তানে-বাংলাদেশে চলে যাও। সেখানকার হিন্দুরা এখনো রাম মন্দির বা রামমূর্তি তৈরীতে উৎসাহিত না হলেও শতকরা ৫ ভাগের কম হিন্দু জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের রংপুরে কোনো রকম অনুমোদন ছাড়াই বিশ্বের বৃহত্তম রাম মূর্তি স্থাপন করে সেখানে সারাদেশ থেকে হিন্দুদের জড়ো করে রংপুর দখলের প্রকাশ্য হুমকি দেয়া হচ্ছে ভারত থেকে।
রংপুর দখল করে তারা শিলিগুঁড়ি করিডোর প্রশ্বস্ত করে সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তারা ভবিষ্যতে সম্ভাব্য চীনা আগ্রাসন মোকাবেলা করতে বাংলাদেশের ভূমি দখল করে শিলিগুঁড়ি করিডোর প্রশ্বস্ত করতে চায়। বারবার ভুল পদক্ষেপের কারণে ভারত এখন একটি পতিত ও ইসরাইলের পর বিশ্বের ঘৃণিত রাষ্ট্রে পরিনত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির পাশে বসে মিডিয়ার সামনে মোদিকে ‘কিলার’ বলেছেন, আর মোদি অপমান হজম করে বেকুবের মতো হাসছেন! অন্যদিকে, পাকিস্তানি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান বিশ্বের অন্যতম শক্তিশালী কূটনীতিক ও মধ্যস্থতাকারির মর্যাদায় অভিসিক্ত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থিত নতুন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার-অনমনীয়। এই বাংলাদেশ আর ভারতের হেজিমনি বরদাশত করবে না। কিন্তু ভারতের পুতুল সরকার যে দেশ থেকে শত শত বিলিয়ন ডলার লুটপাট করে, দেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে, কেন্দ্রীয় ব্যাংকের সুইফ্ট কোড হ্যাক করে ফরেক্স রির্জাভের একসাথে পুরোটা হাতিয়ে নেয়ার ফন্দি করে দেশের সামগ্রিক অর্থব্যবস্থাকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ ও দেউলিয়া করে তোলার চক্রান্ত করেছিল, তার নেপথ্য শক্তির মুখোশ উন্মোচিত করে তা থেকে উত্তরণের নতুন গতিপথ নির্ধারণই বিএনপি সরকারের প্রধান কর্তব্য।
জমি বা সীমারেখা নিয়ে এখন আর যুদ্ধ হয়না। এখনকার যুদ্ধের মূল লক্ষ্য কৌশলগত ও অর্থনৈতিক। স্ট্র্যাটেজি বা ভূ-রাজনৈতিক কৌশলের আওতায় আছে আঞ্চলিক নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য অংশীদারিত্ব এবং রাজনৈতিক-সাংস্কৃতিক অংশীদারিত্বের দাবি। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবকে মনে রেখে সাতচল্লিশের দেশভাগের সময় সমগ্র বাংলাদেশ, আসাম ও ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে গ্রেটার বেঙ্গল গঠিত হলে এটি হতো ভারতের পর এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। কিন্তু ভারতের হিন্দুত্ববাদীদের মাথায় ভিন্ন চিন্তা। তারা হিন্দুত্ববাদী ধারণায় পুরো অঞ্চলকে অখ- ভারতের সাথে একীভূত করার পরিকল্পনায় ব্যস্ত।
তারা একদিকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মত প্রতিবেশিদের রাজনৈতিক-অর্থনৈতিক নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্ক বা আসিয়ানের মতো আঞ্চলিক ভূরাজনৈতিক ঐক্যে বিশ্বাস করেনা। আবার স্পর্শকাতর সময়ে দিনেশ ত্রিবেদীর মত লোকেরা রাষ্ট্রদূত হয়ে দুই দেশের মানুষ ও আকাশ-বাতাস একত্রিত করে শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখে। তারা বাংলাদেশের পণ্যের উপর ট্যারিফ ব্যারিয়ার দেয়, অবৈধভাবে এন্টি-ডাম্পিং নিষেধাজ্ঞা আরোপ করে, স্থল বাণিজ্যে যত্রতত্র নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বাজারে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সিন্ডিকেটেড মুনাফাবাজি করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়।
আবার ভারতীয় বশংবদ সরকার বাংলাদেশের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গার্মেন্টসহ বিভিন্ন সেক্টরে হাজার হাজার ভারতীয়কে চাকরি দিয়ে বছরের শত শত কোটি ডলার পাচারের মচ্ছব চালিয়েছে। মোদ্দা কথা, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের ভেতরেরটা, বাহিরেরটা, গাছেরটা, তলারটা, সমুদ্রের এবং পাহাড়ের সম্পদ কেড়ে নিয়ে স্বাধীনতার ৫ দশক পর বাংলাদেশকে আবারো একটি তলাবিহিন ঝুড়িতে পরিনত করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে পানি আগ্রাসন, সীমান্ত হত্যা, বাণিজ্য ও অর্থনৈতিক আগ্রাসন এবং লুটপাটতন্ত্র কায়েমের শেষে অখন্ড ভারত হেজিমনি পরিকল্পনার আওতায় চিরস্থায়ীভাবে অধীনতামূলক মৈত্রীর ফানুস উড়িয়ে আকাশ-বাতাস একাকার করে তোলার বন্দোবস্ত কায়েমের ব্যর্থ চেষ্টা ভারতের জন্য বুমেরাং হয়ে দেখা দিতে পারে। ইসরাইল-আমেরিকা মিলে ৯ কোটি মুসলমানের দেশ ইরানের কাছে চরম মার খেয়ে সন্ধি করতে বাধ্য হচ্ছে। তেষট্টি বছর আগে যেমন পাকিস্তানের কাছে মার খেয়ে যুদ্ধবিরতি চুক্তি করে ভারতীয় প্রধানমন্ত্রী প্রাণ নিয়ে দেশে ফিরতে পারেননি। তেষট্টি বছর পরেও অপারেশন সিঁদুর বিমান হামলায় পাকিস্তানের হাতে পাল্টা মার খেয়ে ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বিরতি করে খামোশ হয়েছে ভারত। বাংলাদেশকে বিশ্ব থেকে একঘরে করে রাখতে ১৬ বছর ধরে পাকিস্তান বিরোধি ঘৃনার ন্যারেটিভ প্রচার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ পাকিস্তান, তুরস্ক, চীন, রাশিয়া এবং আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বাণিজ্যিক অংশীদারিত্ব কায়েম করছে। বাংলাদেশ তার কোনো প্রতিবেশিকে প্রতিপক্ষ মনে করেনা। বাংলাদেশের কোনো সম্প্রসারণবাদী নীতি বা পরিকল্পনা নেই। কেউ যদি বাংলাদেশের দিকে তার অশুভ কালোহাত বাড়াতে চায় সে হাত ভেঙ্গে যাবে নিশ্চিত।
জুলাই অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ন্যায্যতা ও সমতাভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিয়েছিল। তারা তা অগ্রাহ্য করে একের পর এক আক্রমনাত্মক কর্মসূচি, ন্যারেটিভ ও হুমকি-ধামকি ও চালিয়েছে। শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দখলবাজির মৌরসিপাট্টার খায়েশ পূরণ করতে চায়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখলের পর শুভেন্দুরা হাজার হাজার বাংলাভাষাভাষি মুসলমানকে বাংলাদেশে পুশ-ইন করে বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের মতো আরেকটি বড় সংকটের দিকে ঠেলে দিতে চায়। তাদের হেজিমনিক পরিকল্পনা বহুমুখী ও বহুমাত্রিক। একঢিলে তিনপাখি মারার প্রকল্প হচ্ছে দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে দুবর্ল ও অস্থিতিশীল করে তোলা।
হাসিনার ১৬ বছরে সে পরিকল্পনার চৌদ্দ আনা পুরণ করা হয়েছিল। এমন একটি সর্বগ্রাসি লুটপাটতন্ত্রের গ্যারাকল থেকে বের হয়ে দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সম্ভাবনাময় সমৃদ্ধির সোপানে ফিরিয়ে আনতে সরকারের যে ধরণের কর্মসূচি ও দৃশ্যমান পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন তা এখনো দেখা যাচ্ছে না। তবে এখনো দৃশ্যমান প্রেক্ষাপট যথেষ্ট আশাব্যঞ্জক বলেই প্রতিয়মান হয়। শক্ত ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি সফল দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অংশীদারিত্ব ও রাশিয়ায় জনশক্তি রফতানির সম্ভাবনা জাগিয়ে তোলতে সক্ষম হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া থেকে এখন চীনে অবস্থান করছেন। আমরা স্মরণ করতে পারি, ড. ইউনূসের অর্ন্তবর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি অতিথি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছিলেন। এরপর ড. ইউনূসও সেখানে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেলেন। মধ্যপ্রাচ্যের পর মালয়েশিয়া বাংলাদেশের প্রধান শ্রমবাজার যেখান থেকে বছরে কয়েক বিলিয়ন ডলার রেমিটেন্স আসে, যার আকার কয়েকগুণ বৃদ্ধি পাওয়া সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দেশি-বিদেশি একটি অশুভ সিন্ডিকেটের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন এই সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে মালয়েশিয়ায় কর্মসংস্থানের প্রতিবন্ধকতা দূর করতে পারলে দেশের অর্থনীতি নতুন সম্ভাবনা খুঁজে পাবে। রাশিয়া ও জাপানে জনশক্তি রফতানি এবং চীনের সাথে বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তার আগে দেশের বিভিন্ন সেক্টরে অবৈধভাবে কর্মরত ভারতীয়দের চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে হবে। শেখ হাসিনার রেখে যাওয়া ও ভারতীয় বশংবদ আমলাতন্ত্র বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক সম্ভাবনাকে দাবিয়ে রাখতে চায়! জনগণের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সদিচ্ছা আমলাতান্ত্রিক জটিলতা ও পুরনো ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাবে না তো? বিগত দেড় দশকের ভুল অর্থনীতি, লুটপাটতন্ত্র ও লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের মধ্য দিয়ে নড়বড়ে, ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হলে ভারতীয় হেজিমনিক এজেন্ডার সাথে জড়িত আমলাতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সরকারকে তার স্বচ্ছ ও কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে।
bari_zamal@yahoo.com
