‘আগর’ থেকে অগুরু। প্রতিটি পরিচিত গাছের যেমন একটি বিশেষ ‘পরিবার’ বোাঁনিক্যাল নাম আছে, আগর গাছের ক্ষেত্রেও আছে। ‘অ্যাকুইলেরিয়া এগালুচা’ এর নাম এবং তা ‘থাইমেলাসি’ পরিবারভুক্ত। নানা দেশে আগরের নানা নাম। বঙ্গদেশে এর নাম আগর বা অগুরু, ভারতীয় নাম আগর, ব্রহ্মদেশে আকাউ, সিংহলে খয়া, চীনদেশে ন্যহচহি, আরবি ও ফারসি নাম ঔদি, ইংরেজি নাম ঈগল উড। আগর গাছ শুধু পার্বত্য এলাকায় নয়, সমতল ভূমিতেও জন্মাতে দেখা যায়। উচ্চতায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত হয়। গাছের ডালপালা হয় বাঁকা ও কোঁকড়ানো। আগর গাছের পাতা তিন থেকে চার ইঞ্চি লম্বা এবং এক থেকে সোয়া ইঞ্চি চওড়া হয়ে থাকে। গাছের বাকলের উপরিভাগের রং অনেকটা হলদে, সাদাটে ও মসৃণ।

আগর গাছের বয়স ও আকার বৃদ্ধির সাথে সাথে কান্ড, বড়ো ও মাঝারি আকারের ডাল-পালার সংযোগস্থলের যে অংশ ঘোর কালো, তামাটে বা ঈষৎ তামাটে রং ধারণ করে ঠিক সেই অংশে গাছের সমস্ত আগরের সুরভী সঞ্চিত হয়। অবশিষ্ট অংশগুলো নরম ও ঈষৎ হলদে-সাদাটে এবং ওজনেও হালকা। যুগে যুগে শুধু বাংলাদেশেই নয়, ভারতসহ বিভিন্ন দেশে অগুরু কাঠের বহুল ব্যবহার ছিল এবং আজও আছে। অগুরু সুরভীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। আরব বিশ্বে এর ব্যবহার বেশি হয়ে থাকে। হিন্দুদের পূজা-পার্বণে আজও অগুরু ব্যবহৃত হয়। প্রাক্-ইসলামিক যুগের আরবরা গ্রিক ‘আগালোখন’ শব্দটিকে বিকৃত করে সুরভী কাঠের নাম দিয়েছিলেন ‘আগালাখি’। পরবর্তীকালে মুসলমান আরববাসীরা এই কাঠকে ‘ঔদ্’ নামে চিহ্নিত করেন।

মহামূল্যবান আগরগাছ সিলেট, মণিপুর, চট্টগ্রাম, আরাকান, ব্রহ্মদেশ, মাবগুয়ে ও সুমাত্রায় পাওয়া যায়। আগরকাঠ প্রথম ভারত থেকে রফতানি হয়ে চীন দেশে যায়। পরে সেখান থেকে রফতানি হয়ে ইউরোপে যায়। ‘মখজানুল আবদিয়া’ নামে বিখ্যাত ভেষজ গ্রন্থে হেকিম মোহম্মদ হোসেন খাঁ ঔদ বা আগরকাঠ সম্পর্কে অত্যন্ত তথ্যপূর্ণ ও নির্ভরযোগ্য বিবরণ দিয়েছেন। ফারসি ভাষায় লেখা এই গ্রন্থে আরো অনেক ভেষজ গাছ-গাছের চারা ও লতাপাতার পরিচয় লিপিবদ্ধ আছে। আগর গাছ কাটার পর টুকরো টুকরো করে রঙিন অংশগুলো বাছাই করে নিতে হয়। এ অংশগুলো সাধারণ আগরকাঠ থেকে অনেক ভারী। আগর কাঠের রঙিন অংশগুলোই সুরভীযুক্ত। এ থেকেই আতর বা অগুরু নির্যাস পাওয়া যায়। আগর গাছে এ ধরনের রঙিন সুরভী সঞ্চিত অংশ তৈরি হতে গাছের একটা নির্দিষ্ট বয়সে পৌঁছতে হয়।

তাই সেকালে আগর কাঠ রফাতানিকারক ও আতর উৎপাদনকারীরা কৃত্রিম উপায়ে তা ত্বরান্বিত করত। সে সময় মোটা মোটা আগর গাছ কেটে টুকরো করে সেঁতসেঁতে মাটির নিচে পুঁতে রাখা হতো। নির্দিষ্ট সময়ের মেয়াদ পেরোনোর পর সেই কাঠ মাটির নিচ থেকে তুলে শুকিয়ে নেওয়া হতো। এর পর পানিতে ফেলে সেগুলোর শ্রেণীবিভাগ করা হতো। যে আগর কাঠের টুকরোগুলো সম্পূর্ণরূপে পানিতে ডোবে তার নাম ‘নিম গর্কি’ বা ‘সামাল্হে আলা’। পানিতে সম্পূর্ণ ভেসে থাকা আগর কাঠ হল সাধারণ মানের। সবচেয়ে দামি আগর কাঠই হলো গর্কি। এর রং হয় গভীর কালো। নিমগর্কির রং হয় হালকা কালো অথবা তামাটে। কমদামি কিছু সুগন্ধি কাঠ আগর কাঠের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা ভেজাল দিত। ঔদ-এ সামন্দরী ও ঔদ-এ কামারী নামে দু’ধরনের আগর কাঠ আরব বণিকরা প্রথমে মধ্যপ্রাচ্য রফতানি করত।

সিলেটে ও চট্টগ্রামের পাহাড়-পর্বত ও সমতল ভূমিতে উৎপাদিত যে আগর কাঠ মধ্যপ্রাচ্য ও ইউরোপে রফতানি করা হতো তাকে ঔদ-এ সামন্দরী বলা হতো। আসামের কামরূপ, মণিপুর এবং জয়ন্তিয়া থেকে প্রাচীনকালে যে আগর কাঠ নদীপথে চট্টগ্রাম বন্দরে এনে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রফতানি করা হতো তাকে ঔদ-এ কামারী বলা হতো। ‘কামারী’ শব্দটি কামরূপ শব্দের প্রাকৃত রূপ। আজও সিলেট অঞ্চলে যে কয়জন আগর ব্যবসায়ী তাঁদের ব্যবসাকে কোনোরকমে টিকিয়ে রেখেছেন তাঁরা ‘কামারী’ জাতীয় আগর কাঠই সংগ্রহ করেন বেশি। আগর দিয়ে শুধু যে আতর হয় তা নয়। মধ্যপ্রাচ্য ও ইউরোপের ধনাঢ্য সৌখিন ব্যক্তিরা প্রাচীনকালে আগর কাঠ দিয়ে মণিরতœ ও অলংকার বাক্স তৈরি করতেন। আর অলংকারের বাক্সই বা বলি কেন, আগর কাঠের অলংকারের উপর মূল্যবান পাথর বসিয়ে তাঁরা সেগুলো ব্যবহার করতেন।

ধর্মপ্রাণ মুসলমানরা আগর কাঠ দিয়ে তসবিও বানাতেন। ইউরোপের বাজারে কিউবিক ফুট হিসেবে এক সময় বিশ থেকে ত্রিশ পাউন্ড দরে আগর কাঠ বিক্রি হতো। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আগরের এমন কোনো কারখানা আমার চোখে পড়েনি যেখানে পর্যাপ্ত পরিমাণ আগর তেল উৎপাদিত হয়। তবে সিলেট শহরের খাদিমনগর এলাকায় ক’বছর আগে একটি গৃহের আঙিনা প্রান্থে আগর কাঠ থেকে তেল বের করার কৌশলটি প্রত্যক্ষ করেছিলাম। কুটির শিল্প হিসাবেও এতদাঞ্চলে আজ আর আগর থেকে আতর তৈরি হয় না। আগে ট্রাঙ্ক ভর্তি করে আগরের ছোটো ছোটো টুকরো ভারত ও বহির্ভারতের নানা স্থানে চালান যেত।

বিশেষজ্ঞরা আধ-ইঞ্চি মাপের এক ধরনের বিশেষ ধারালো বাটালি জাতীয় ছোটো যন্ত্রের সাহায্যে আগর কাঠের টুকরো থেকে কালো, তামাটে ও সাদা অংশগুলোকে অত্যন্ত মুন্সিয়ানায় চেঁছে তুলে একটি পাত্রে সংগ্রহ করতেন। এই টুকরোগুলো অত্যন্ত পাতলা হতো। শেষে টুকরোগুলোকে একটি বাষ্পনিরোধক তামার হাঁড়িতে তোলা হতো। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে তামার হাঁড়িটির ভিতরের অংশে নিকেল পালিশ করা হতো। সম্পূর্ণ পালিশের পর তামার হাঁড়ির ভিতরের অংশটি নতুন রূপার মতো ঝকঝক করত। আগর কাঠের পাতলা টুকরোগুলো দু’দিন এই বাষ্পনিরোধক পাত্রে ভিজিয়ে রাখা হতো। এরপর একটি কাঠের উনুনে তামার মুখবন্ধ পাত্রটির ঢাকনির একটি ছিদ্রপথে বকযন্ত্রের নলের একটি প্রান্ত যুক্ত করে অপর প্রান্তটি একটি বোতলের মুখে ঢুকিয়ে দেওয়া হতো। উনুনে বসানো হাঁড়ির পানি আগুনের উত্তাপে যখন আগর কাঠের অতিপাতলা ও ক্ষুদ্রাকৃতি টুকরোগুলো ফুটত তখন বকযন্ত্রের নল দিয়ে বাষ্প নির্গমন শুরু হতো। বাষ্প নির্গমনের সাথে সাথে নলের উপর শীতল পানির ধারা দেওয়া হতো অনবরত। এর বৈজ্ঞানিক কারণটি আমাদের অজানা নয়। ঠান্ডা পানির ধারা প্রবাহে আগরসিদ্ধ বাষ্প জলীয় আকার ধারণ করে এবং আগর আতররূপে বকযন্ত্রের অপর প্রান্তস্থিত বোতলে ফোটা ফোটা জমা হয়। আগরসিদ্ধ বাষ্প থেকে আতর বের হওয়া শেষ হলে বকযন্ত্র খুলে ফেলা হয়। এরপর হাঁড়ির ভেতরের আগর-টুকরোগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়। এগুলো পরে ধূপের মতো ঘরে জ্বালানো হয়। ধূপের ধোঁয়া হয় অতি সুগন্ধযুক্ত। আগরচূর্ণ দিয়ে ধূপকাঠি বা আগরবাতি তৈরি হয়। ভারতের মহীশূর আগরবাতি নির্মাণের জন্য ভুবনবিখ্যাত। শুধু বাংলাদেশ বা ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশে আগরবাতি বা ধূপকাটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।