দেশে প্রথমবারের মতো আইএমএফের শর্ত মেনে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। যেখানে অপরিবর্তিত রাখা হলো ৯ দশমিক ৫ শতাংশ নীতি সুদহার। এ ছাড়া স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সাড়ে ৭ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এবারও মুদ্রানীতিতে প্রাধান্য পেল মূল্যস্ফীতি। দেশে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান রয়েছে। কিন্তু কেন কমছে না মূল্যস্ফীতি? যেখানে সাধারণ মানুষের তথা নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনযাত্রার মানকে দুর্বিষহ করে তুলেছে এই মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়ভার কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের ওপরেই। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এই মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না? দায়ভার কি বাংলাদেশ সরকারের নেই, রাজস্ব উন্নয়ন বোর্ডের সহযোগিতা কি কাজে আসছে না, নাকি আমরা নিজেরাই চাই না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসুক?
পরিসংখ্যান বলছে, চলতি বছর জুন শেষে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। যেখানে বিগত ১২ (আগস্ট পর্যন্ত) মাসজুড়ে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। সেটি কিছুটা কমে আগস্টে ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে। যেখানে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ, অপরদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। অথচ লক্ষ করা যায়, কাঙ্ক্ষিত মূল্যস্ফীতি কখনোই হাতের নাগালে আসছে না। অনেকটা ডুমুরের ফুল হয়ে গেছে। পরিসংখ্যান যা-ই বলুক না কেন, বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। ইতোমধ্যে বাজারে সংকট দেখা দিয়েছে এলপিজি গ্যাসের। গত ৩ অক্টোবর একটি জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম ছিল, ‘পাঁচ বছরে এলপিজির দাম বেড়ে দ্বিগুণ’। এ ছাড়াও আটা-ময়দা, সুজি, দুধ, চিনি— সবকিছুর মূল্য যেন লাগামছাড়া। আজ যে পণ্যটি যে দামে ক্রয় করছেন, আগামীকাল ওই পণ্যটি একই দামে কিনতে পারবেন— এমন নিশ্চয়তা দেওয়া মুশকিল। সুতরাং, এমন অস্থিতিশীলতা তৈরি হওয়ার পেছনে, কী এমন কারণ রয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এসে লাগামছাড়া হচ্ছে? সরকারকে এই বিষয়গুলো নজরে আনতে হবে এবং অস্থির বিশ্বে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের দোহাই দিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন অনাকাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধি না করে, সেদিকে কঠোর নজর দিতে হবে।
মূল্যস্ফীতি এখন সবার কাছে পরিচিত একটি শব্দ। প্রত্যন্ত অঞ্চলের নিরক্ষর ব্যক্তিও জানে, মূল্যস্ফীতি মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া। কারণ, দীর্ঘ সময় ধরে তাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলছে এই মূল্যস্ফীতি। শুধুমাত্র নীতিনির্ধারকেরা কতটুকু বুঝতে পারেন মূল্যস্ফীতি নিয়ে, সেটাই হয়তো অনেকের বোধগম্য হয় না। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অনেকের সাথেই কথা হয় আমার। তাদের অনেকেরই দাবি, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হলো, হয়তো একদিন বেসরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয় করা হবে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, তাদের নিয়ে কে কতটুকু ভাবে? আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ, আমাদের নিয়ে ভাববার মতো সময় আছে তাদের? মুদ্রানীতি ঘোষণা করা হয় এই প্রত্যাশা নিয়ে যে, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে এবার। কিন্তু দেখা যাচ্ছে, কঠোর মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে ২৪ সালের অক্টোবর থেকে, কিন্তু আজও লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। উপরন্তু, উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগে মন্দা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, বিনিয়োগের গতি মন্থর। উচ্চ ঝুঁকির কারণে বেসরকারি খাতের ঋণপ্রবাহের গতিও অনেক কম। গত আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে নেমে এসেছে ৪ দশমিক ৭৫ শতাংশে। সার্বিক পরিস্থিতিতে তাই বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশের অর্থনীতি দ্রুত নয়, ধীরগতিতে পুনরুদ্ধার হবে। দেশের সার্বিক অর্থনীতি যত দ্রুত পুনরুদ্ধার হবে, ততই দেশের জন্য কল্যাণকর। কিন্তু বাঁধ সাধে বিশ্ব অস্থিরতা। এই অস্থিরতা, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বা হরমুজ প্রণালি আরও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে— এই আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বড়ই অস্থির এবং উচ্চ মূল্যে অবস্থান করছে। সম্প্রতি হুথিদের সঙ্গে সউদী আরবের তিক্ততাও চরম আকার ধারণ করেছে। ফলে বিশ্বের অন্য দেশের মতোই বাংলাদেশেও লাগামহীন, পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে মূল্যস্ফীতি। এর থেকে উত্তরণের জন্য মুদ্রানীতিই কি একমাত্র অবলম্বন হওয়া উচিত, নাকি সমন্বয়? তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য চাই সমন্বিত প্রচেষ্টা। যেখানে কাজ করবে সরকার ও সরকারের বিভিন্ন অঙ্গসংগঠন, সঙ্গে বিপিসি। তবেই হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই মূল্যস্ফীতি।
পে-স্কেল ঘোষণা করায় মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে মূল্যস্ফীতির আঁতুড়ঘর বলা যেতে পারে। সেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা যৌক্তিক হলো? বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) হিসাব অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে জ্বালানি তেল আমদানিতে শুল্ক-কর বাবদ সরকারকে প্রায় ১ লাখ ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে। একই সঙ্গে সংস্থাটি ১০ বছরে নিট মুনাফা করেছে ৫৩ হাজার ১৩২ কোটি টাকা। একটি বিষয় লক্ষ করা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের একারই কাজ। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ সময় ধরে সুদের হার বৃদ্ধি করে রাখল। ফলে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলেও দেশের বিনিয়োগে মন্দা দেখা দিল। একই সঙ্গে বেকারত্বের হারও বেড়ে গেল। অথচ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি না করে এবং শুল্ক-কর ধার্য না করে, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলে মূল্যস্ফীতি খুব সহজে নিয়ন্ত্রণে আসতে পারে বলে বিশেষজ্ঞদের মত। অনেকেই হয়তো বলবে চোরাচালানের কথা, কিন্তু তার জন্য বর্ডার গার্ড রয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাষ্ট্রের দায়িত্ব তথা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। বাংলাদেশ ব্যাংক যেহেতু মুদ্রার মান নিয়ন্ত্রণ করে, সুতরাং তাদের দায়িত্ব— এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উচ্চ সুদের হার নির্ধারণ করে দিল, ঠিক একই সময়ে রাজস্ব উন্নয়ন বোর্ড (এনবিআর) বা কাস্টমস বাজেট ঘাটতি মেটানোর জন্য পণ্যের ওপর শুল্ক আরোপ করল, তাহলে কীভাবে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আসবে? আবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতিটি পণ্যের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে, যেখান থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ হবে না। সুতরাং, বাংলাদেশ ব্যাংক কীভাবে মূল্যস্ফীতি এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে? তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাই সরকারের সদিচ্ছা ও সমন্বয়। তবেই হয়তো পূরণ হবে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং অর্জিত হবে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা। স্বস্তি পাবে সাধারণ মানুষ।
লেখক: ব্যাংকার ও কলামিস্ট aktarrofikul@gmail.com
