রাজধানীর ভাটারায় ডিশ ব্যবসায়ী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো এ মাসের শুরুতে। ২০২৪-এর অক্টোবরে এই ব্যবসা নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে নিহত হয়েছিলেন রাজধানীর দক্ষিণখানের ডিশ ব্যবসায়ী সোহেল। বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আছে এক কোটি ২৯ লাখ। যেখান থেকে বছরে আয়ের আনুমানিক অর্থের পরিমাণ মাসে সাড়ে ৭০০ কোটি টাকার বেশি। ইন্টারনেট সরবরাহকারীদের নিয়ে একটি রিপোর্টের কাজে সেদিন আলাপ হচ্ছিল রাজধানীর মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি ছিলেন স্থানীয় যুবলীগ নেতা। কয়েক বছর আগে সেই নেতা বলেছিলেন, ‘তারের ব্যবসা (ডিশ ও ইন্টারনেট সংযোগ) সবাই করতে পারে না। ক্ষমতা ও লোকবল ছাড়া কেউ এই ব্যবসায় টিকতে পারবে না।’
বাংলাদেশে বাসাবাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ডিশ ও ইন্টারনেট সংযোগ এখনও ঝুলন্ত তারের মাধ্যমে দেওয়া হয়। যুবলীগের সেই নেতা তারের ব্যবসা বলতে তার টেনে সংযোগ দেওয়াকেই বুঝিয়েছিলেন। এই ব্যবসার সঙ্গে ক্ষমতার প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যে ব্যবসার আয় কাঁচা টাকায়, ক্ষমতাশালীরা সেগুলো নিজেদের দখলে রাখতে মরিয়া। এই মরিয়া মনোভাবের কারণেই কিছুদিন পরপর ডিশ-ইন্টারনেট ব্যবসা নিয়ে খুনোখুনির খবর আসে। এটি এমন খাত, যেখানে অধিকাংশ ক্ষেত্রে অস্ত্র-পেশিশক্তির জোরে ব্যবসা চালাতে হয়।
ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে অন্য অনেক কিছুর মতোই এলাকার ডিশ-ইন্টারনেট সংযোগ ব্যবসারও হাতবদল হয়। পতিত ক্ষমতাসীনদের হটিয়ে বা তাদের রেখে যাওয়া ব্যবসা দখলে নেয় নব্য ক্ষমতাধরেরা। এলাকার প্রভাবশালী না হলে ডিশ-ইন্টারনেট ব্যবসা করা যায় না। দেখা যায়, এই দখল করা নিয়েও নিজেদের মধ্যে লড়াইয়ে নামেন সদ্য ক্ষমতাপ্রাপ্ত অনেকেই। ফলে কাঁচা টাকার গন্ধে উন্মাতাল হয়ে নিজেরা হানাহানি করে রক্ত ঝরান। সম্প্রতি রংপুরে কারাগারে থাকা এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ। তামজিদুর অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। এই মামলায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমানও আসামি।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকার ফলে অন্যান্য খাতের মতো ডিশ-ইন্টারনেট ব্যবসাতেও একচ্ছত্র আধিপত্য ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ক্ষমতার পালাবদলের ফলে তাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। তাদের রেখে যাওয়া ব্যবসায় রাতারাতি হাতবদল ঘটে যায়। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা প্রতিপক্ষ প্রবল উৎসাহে সেগুলো দখল করে নেয়। কোনো ধরনের বিনিয়োগ বা পুঁজি না খাটিয়েই তারা পেয়ে যায় মাস শেষে বিশাল অঙ্কের আয়ের পথ।
একটা ব্যবসা ঘিরে এমন হত্যা বা রাহাজানির নেপথ্যের কারণ কী? বাংলাদেশের রাজনৈতিক যে ধারা, সেখানে শুধু রাজনীতি করে পেট ভরার সুযোগ নেই। ক্ষমতায় থাকা দলের নেতাকর্মীরা টাকা কামানোর সহজ উপায় খোঁজেন। যেখানে বিনিয়োগ লাগে না, পরিশ্রমও কম, কিন্তু টাকা অঢেল– এমন কাজ করতেই তারা উৎসাহী হন। সেই সূত্র ধরেই টেম্পো স্ট্যান্ড দখল, হাটবাজার, ফুটপাতে চাঁদাবাজির ঘটনা ঘটে। ডিশ-ইন্টারনেট ব্যবসাও এর ব্যতিক্রম নয়।
দেশে ডিশ-ইন্টারনেট ব্যবসার আকার কেমন? একটা সাধারণ হিসাবের চেষ্টা করা যায়। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট খানার সংখ্যা চার কোটি ১০ লাখ প্রায়। বিবিএসের সর্বশেষ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রয়োগ এবং ব্যবহার জরিপের তথ্য অনুযায়ী, টেলিভিশন আছে ৫৯ শতাংশ পরিবারে। একটি পরিবার থেকে প্রতি মাসে গড়ে ৩০০ টাকা ডিশের বিল আদায় করা হলে মাসে তা ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। বছরে যার পরিমাণ সাড়ে আট হাজার কোটি টাকার বেশি। একইভাবে বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আছে এক কোটি ২৯ লাখ। প্রতিটি সংযোগ থেকে গড়ে ৬০০ টাকা আদায় করা হলে মাসে দাঁড়ায় সাড়ে ৭০০ কোটির বেশি। ডিশ-ইন্টারনেট ব্যবসার পরিধি বছরে ১৭ হাজার কোটি টাকার কাছাকাছি।
সবচেয়ে বড় ব্যাপার, এই ব্যবসার পুরোটাই কাঁচা টাকা অর্থাৎ নগদ লেনদেনে হয়। ফলে প্রাতিষ্ঠানিক হিসাব-নিকাশের কোনো বালাই নাই। মাস শেষে কর্মীরা গিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে আনেন। ভাগ-বাটোয়ারা করে নেন নিজেদের মতো। অনেক ক্ষেত্রে দেখা যায়, এই ভাগ-বাটোয়ারার দ্বন্দ্ব থেকেই খুনের ঘটনা ঘটে। ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীদের সহযোগিতার অভাবে সড়ক থেকে ঝুলন্ত তারের জঞ্জাল সরানো যায়নি। সড়কের খুঁটি থেকে তারের জঞ্জাল সরিয়ে নিতে অনেক বছর ধরেই আলোচনা হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন আগে সড়কের ঝুলন্ত তার কেটে দিত। কয়েক বছর ধরে এসব তার মাটির নিচে নেওয়ার আলোচনাও থমকে আছে। মাটির নিচের অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে গেলে ফি দিতে হবে। সরকারকে কর দিতে হবে। এখন যে শত শত অবৈধ ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী রয়েছেন, তাদের ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। তাই ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ব্যবসা করে যাওয়া এই গোষ্ঠী তারের জঞ্জাল সরানোর পক্ষে থাকে না।
দেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলালে চাঁদাবাজি বা ডিশ-ইন্টারনেট ব্যবসা দখলের মতো ঘটনা বন্ধ হবে না। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যতদিন এই ব্যবসাকে তাদের আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে নেবেন ততদিন এটা নিয়ে হানাহানি চলতেই থাকবে। অন্যান্য সেবা খাতের তুলনায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় থাকা এই বেসরকারি খাতকে একটা নির্দিষ্ট কাঠামোয় আনা উচিত।
সামছুর রহমান আদিল: সাংবাদিক ও যোগাযোগবিদ jagoritoadil@gmail.com
