আলোচনার পরিবর্তে উদাহরণ দিয়েই লেখাটি শুরু করা যাক। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) চুক্তির অধীনে বাংলাদেশ ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে গত একুশ বছরেরও বেশি সময় ধরে অস্ত্র ও মাদকদ্রব্য ব্যতীত বাকি প্রায় সব পণ্যই ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ ভোগ করে আসছে। কিন্তু সে সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ কি ভারতের বাজারে আশানুরূপ হারে পণ্য রফতানি বাড়াতে পেরেছে? পারেনি। দোষটি কি ভারতের? অথচ অন্ধ ভারতবিরোধিতায় ঘোরগ্রস্ত এ দেশের কোনো কোনো নাগরিককে প্রায়ই এ মর্মে উষ্মা প্রকাশ করতে দেখা যায় যে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্যে ছেয়ে গেছে। যে চুক্তির আওতায় ভারত বাংলাদেশের বাজারে অবাধে পণ্য রফতানির সুযোগ পাচ্ছে, সেই একই চুক্তির আওতায় বাংলাদেশেরও তো সুযোগ ছিল ভারতের বাজারকে বাংলাদেশী পণ্যে টইটম্বুর করে দেয়ার। কিন্তু নিজেরা পর্যাপ্ত পণ্য উৎপাদন করতে না পারার কারণে সে সুযোগ শুধু খাতা-কলমেই লেখা থাকছে, বাস্তবে এর কোনো প্রয়োগ ঘটছে না এবং এজন্য সব ক্ষোভ যেয়ে পড়ছে ভারতীয় পণ্যের ওপর। অথচ ভারত যেসব পণ্য বাংলাদেশে রফতানি করছে, বাংলাদেশ সেগুলো নিজেরা উৎপাদন করলে বাজারের স্বাভাবিক নিয়ম মেনে এমনিতেই ভারতীয় পণ্য বাংলাদেশের বাজার থেকে সরে যেতে বাধ্য হতো। কিন্তু বাংলাদেশ কি সেটি করেছে?

এ ধরনের সুযোগ শুধু ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে নয়, অন্যান্য দেশে রফতানির ক্ষেত্রেও রয়েছে, যেমন জাপানের ক্ষেত্রে। জাপান বাংলাদেশকে আরো আগে থেকেই অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আওতায় ৭ হাজার ৩৭৯টি পণ্যকে তাদের বাজারে শুল্কমুক্ত রফতানি প্রবেশাধিকার দিয়ে রেখেছে। কিন্তু বাংলাদেশ কি সে সুবিধার অতি সামান্য অংশও ব্যবহার করতে পেরেছে? পারেনি। ফলে বাংলাদেশের সরকারপ্রধান ও অপরাপর শীর্ষ পর্যায়ের ব্যক্তি যখন বিভিন্ন দেশ সফর করতে যেয়ে আমলাদের তৈরি করা ভাষ্যমতে বাংলাদেশী পণ্যের রফতানি সুবিধা চেয়ে বসেন, তখন বিষয়টি অনেকটাই কেমন হাস্যকর হয়ে ওঠে না কি? কারণ যাদের কাছে এ প্রস্তাব তোলা হচ্ছে তারা তো যথাযথ প্রস্তুতি নিয়ে কথা বলেন বিধায় তাদের জানাই আছে যে এরূপ অঙ্গীকার তারা আগেও করেছেন এবং নতুন করে আরেকবার করতেও তাদের কোনো অসুবিধা নেই। কারণ তারা জানেন, এ ধরনের শুল্কমুক্ত রফতানি সুবিধা বাংলাদেশকে যতই দেয়া হোক না কেন, বাংলাদেশ তা কাজে লাগাতে পারবে না এবং পারছেও না।

বাংলাদেশী পণ্য কেনার জন্য দেশের বাইরে যেয়ে এরূপ অহেতুক তয়তদবির ও অনুনয়-বিনয়ের কারণে বিদেশীদের কাছে বাংলাদেশের গুরুত্ব কি এতটুকু বাড়ছে, নাকি তাতে বাংলাদেশী পণ্যের বেচাবিক্রি বিন্দু পরিমাণ বেড়ে যাচ্ছে? রফতানিযোগ্য পণ্যই যদি না থাকে তাহলে যত শুল্কছাড় সুবিধাই দেয়া হোক না কেন তাতে রফতানি বাড়বে কীভাবে? এবং সে কারণে আশানুরূপ হারে তা বাড়ছেও না। এক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলতে পারি, এ পর্যন্ত গত ৫৫ বছরে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যতগুলো বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) ব্যতীত বাকি প্রায় প্রতিটি চুক্তিতেই পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশকে বিপুল পরিমাণে শুল্কছাড় সুবিধা দেয়া আছে। বাংলাদেশ যদি এ মুহূর্ত থেকে আগামী পাঁচ বছরে নতুন কোনো দেশের সঙ্গে আর একটি বাণিজ্য চুক্তিও স্বাক্ষর না করে, তাহলেও বিদ্যমান রফতানি সুবিধাদি বাংলাদেশ ভোগ করে শেষ করতে পারবে না। এর মানে হচ্ছে বাজার প্রাপ্তির ক্ষেত্রে বা সে বাজারে সুবিধাজনক শুল্ক হারে পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ কোনো সমস্যায় নেই। আসলে মূল সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পণ্য উৎপাদনের মাধ্যমে চুক্তিতে দেয়া সুযোগকে কাজে লাগাতে না পারা, কিংবা যাদের সঙ্গে চুক্তি নেই তাদের বাজারেও যথেষ্ট রফতানি সম্ভাবনা থাকা সত্ত্বেও চুক্তি ছাড়াই তাদের চাহিদা অনুযায়ী পণ্য রফতানি করতে না পারা।

কিন্তু প্রায়ই লক্ষ করা যাচ্ছে যে এরূপ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে যখনই কোনো বৈদেশিক সফর বা ভ্রমণ হয়, তা সফরকারীরা আমলা বা রাজনৈতিক যাই হোন না কেন, অধিকাংশ ক্ষেত্রে সে সফরের উদ্দেশ্য হিসেবে বলা হয় ‘বিদেশে বাংলাদেশী পণ্যের বাজার অনুসন্ধান’। গত ৫৫ বছরে এ অনুসন্ধান এত বেশি হয়েছে যে বাংলাদেশ যদি নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা ভোগ না করে পুরোটাও বিদেশে রফতানি করে দেয়, তাহলেও ওই সব সূত্রে সৃষ্ট রফতানি চাহিদা আগামী এক যুগ বা দশকেও পূরণ করে শেষ করা যাবে না। তাহলে নিজেদের উৎপাদন না বাড়িয়ে অর্থাৎ রফতানি সক্ষমতা সৃষ্টি না করে বাজার অনুসন্ধানের এ ধরনের চেষ্টা একেবারেই অহেতুক অর্থহীন উদ্যোগ নয় কি? অথচ শুধু তৈরি পোশাক নয়, অন্যান্য বহু বাংলাদেশী পণ্যেরই বিদেশে চমৎকার বাজার সম্ভাবনা রয়েছে এবং সেটি কাজে লাগানোর চেষ্টাই হওয়া উচিত বৈদেশিক বাণিজ্যকে ঘিরে বাংলাদেশের অন্যতম বাণিজ্য কৌশল। কিন্তু বাংলাদেশ আজও সেটি করে উঠতে পারেনি।

বিদেশে বাংলাদেশী পণ্যের যথেষ্ট রফতানি সম্ভাবনা থাকার একটি বড় কারণ হচ্ছে এর সস্তা শ্রম, যদিও কোনো কোনো ক্ষেত্রে সে শ্রম যথেষ্ট মাত্রায় উচ্চ উৎপাদনশীলতা সহায়ক নয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু তার পরও এত সস্তা শ্রম পৃথিবীর আর কোথাও নেই, যার মূল ভিত্তি হচ্ছে রাষ্ট্রের আনুকূল্যে ও প্রশ্রয়ে গড়ে ওঠা নিরঙ্কুশ শ্রমশোষণ। আর সেই শ্রমশোষণের বিষয়টি কষ্টের সঙ্গে মনে রেখে হলেও বলতে চাই যে সস্তা শ্রমের এ সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ যত দ্রুত অধিক হারে পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে আরো কিছুটা জায়গা দখল করে নিতে পারবে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ ততটাই এগিয়ে থাকবে। এক্ষেত্রে কাজটি দ্রুত করার তাগিদ এজন্য যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্তর থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি হিসেবে সর্বশেষ পর্যায়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত যে সময় দেয়া হয়েছে, তা আর না বাড়ানোর সম্ভাবনাই সর্বাধিক। অতএব যা করার এ সময়ের মধ্যেই করতে হবে। এ সময়ের পরে উচ্চ হারে শুল্ক দিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পক্ষে নতুন করে জায়গা খুঁজে পাওয়া সত্যি কঠিন হবে। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশকে এ বাড়তি সময় প্রদান করা হয়।

এখন কথা হচ্ছে, রফতানিযোগ্য পণ্যের উৎপাদন বাংলাদেশ বাড়াতে পারছে না কেন? পারছে না মূলত রাষ্ট্রের নীতিকাঠামোগত দুর্বলতার কারণে। বাংলাদেশের শিল্পনীতি, ঋণনীতি ও আর্থিক নীতিতে উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতের তুলনায় অগ্রাধিকারে রাখা হয়েছে সেবা খাতকে। ফলে কায়ক্লেশবিহীন সহজ ও বাড়তি মুনাফার লোভে স্থানীয় ও বিদেশী উভয় শ্রেণীর বিনিয়োগকারীরাই অত্যন্ত স্বাভাবিকভাবে সেবা খাতের দিকে ঝুঁকছে এবং তারই অনিবার্য ফলশ্রুতি হচ্ছে দীর্ঘ ৫৫ বছর পরও অতিসীমিত মূল্য সংযোজনকারী তৈরি পোশাকই (আরএমজি) এখন পর্যন্ত বাংলাদেশের প্রধান রফতানি খাত হয়ে থেকেছে। আর সে সুযোগে এ খাতের উদ্যোক্তারাও সাধারণ জনগণের কষ্টার্জিত করের অর্থে গঠিত রাষ্ট্রীয় কোষাগারের সীমিত সম্পদকে নগদ ভর্তুকি, বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা, স্বল্প সুদে ঋণ ইত্যাদি নানা কৌশলে ভোগ করে খাচ্ছে। অথচ বাংলাদেশের উচিত ছিল রাষ্ট্রের উপরোক্ত নীতিগুলোকে উৎপাদন খাতের অনুকূলে বিন্যস্ত করে রফতানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়ানো।

এলডিসি থেকে উত্তরণের আগে কাঁটায় কাঁটায় আর মাত্র তিন বছর সময় হাতে আছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ যদি নীতিকাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে কাজটি দ্রুত করতে না পারে, তাহলে ২০২৯ সালের পর সেটি আর পারা সম্ভব হবে বলে মনে হয় না। সে ক্ষেত্রে ওই সময়ের পর থেকে বাংলাদেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ এতটাই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে যে আইএমএফই তখন হয়ে দাঁড়াবে ওই ঘাটতিজনিত সংকট মোকাবেলায় এ দেশের মূল রক্ষাকর্তা ও অভিভাবক। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশ আগামী তিন বছর আরএমজির বাইরে অন্যান্য ক্ষেত্রেও পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরিয়াসলি মনোযোগী হবে, নাকি এআরটি বাস্তবায়ন, মক্কা জোটে যোগদান, সচিবালয় স্থানান্তর, কার্ড বিতরণ, বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন ইত্যাদির পেছনেই তারা অধিকাংশ সময় ব্যয় করবে।

একটি সেবা খাত প্রধান অর্থনীতিকে উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তরের জন্য তিন বছর খুবই অল্প সময়। কিন্তু এলডিসি উত্তরণের সময়সীমা যদি আর না বাড়ে (না বাড়ার সম্ভাবনাই সর্বাধিক), তাহলে এ কাজটি এ সময়ের মধ্যেই করতে হবে। সে ক্ষেত্রে উচ্চাভিলাষী কোনো পরিকল্পনায় না যেয়ে যা করা যেতে পারে তা হচ্ছে: এক. আরএমজিকে নিজ অবস্থানে রেখে চামড়াজাত পণ্য, ওষুধ, পাটজাত দ্রব্যাদি, প্রকৌশল পণ্য, প্লাস্টিক সামগ্রী ইত্যাদি কতিপয় পণ্য (সর্বোচ্চ ১০টি) বাছাই করে সেগুলোর অগ্রাধিকারভিত্তিক উৎপাদনে মনোযোগ দেয়া যেতে পারে। দুই. বর্তমানে চামড়াজাত পণ্যের তুলনায় পাকা চামড়াই রফতানি হচ্ছে বেশি। এটিকে এখন উল্টোভাবে সাজাতে হবে। পাকা চামড়াকে চামড়াজাত পণ্যে রূপান্তরের উদ্যেগ নিতে হবে। তিন. ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান বা অস্ট্রেলিয়ায় রাতারাতি রফতানি বৃদ্ধি সম্ভব নয়। কারণ সে মানের পণ্য বাংলাদেশের নেই। কিন্তু ভারতের বাজারোপযোগী পণ্য উৎপাদনের সামর্থ্য বাংলাদেশের রয়েছে। ফলে অন্ধ বিদ্বেষ ভুলে যেয়ে (ব্যবসায় বিদ্বেষ চলে না) সাফটা চুক্তির অধীনে ভারতে শুল্কমুক্ত সুবিধার আওতায় পণ্য রফতানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। চার. একই কারণে অর্থাৎ বাংলাদেশী পণ্য এশিয়ার দেশগুলোতে রফতানির জন্য উদ্যোগী হতে হবে।

পাঁচ. সর্বোপরি এ বিষয়গুলোকে সমন্বিত প্রয়াসের আওতায় বাস্তবায়নের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক তিন বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রণয়ন করে নিয়মিতভাবে এর বাস্তবায়ন পরিধারণ করতে হবে। তবে এ পরিকল্পনা প্রণয়নকালে অবশ্যই শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) প্রভৃতি প্রতিষ্ঠানকে যুক্ত রাখতে হবে। তদুপরি ওই পরিকল্পনার বাস্তবায়ন পর্যায়ে যথাযথ সমন্বয় রক্ষাকল্পে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কমিটিও গঠন করা যেতে। তবে যা-ই কিছু করা হোক না কেন, সবকিছুই অত্যন্ত দ্রুত ও দক্ষতার সঙ্গে করতে হবে। আর এ কাজে উদ্যোক্তাদেরই সর্বোচ্চ অগ্রাধিকারে রাখতে হবে। কারণ শেষ পর্যন্ত উৎপাদনের কাজটি তারাই করবেন।

পরিশেষে বলব, পণ্যের উৎপাদন না বাড়িয়ে দেশে দেশে পণ্যের বাজার খুঁজে বেড়ানো শ্রম, সময় ও অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। রফতানি যদি বাড়াতেই হয় তাহলে একই সঙ্গে তিনটি কাজ করতে হবে: এক. রফতানির জন্য নতুনতর পণ্য চিহ্নিত করা; দুই. চিহ্নিত পণ্যের উৎপাদন বাড়ানো এবং তিন. রফতানির জন্য নতুন গন্তব্য খুঁজে বের করা। তবে প্রথম দুটি কাজ করেই কেবল তৃতীয় কাজে হাতে দেয়া যেতে পারে, তার আগে নয়। কিন্তু রাষ্ট্রের নীতিনির্ধারকরা বরাবরই প্রথম দুটি কাজ অনিষ্পন্ন রেখে তৃতীয় কাজটি নিয়ে বেশি দৌড়ঝাঁপ করছেন, যা একটি খুবই ভ্রান্তিপূর্ণ কৌশল। তবে প্রচার ও স্বার্থের মোহে কখনো কখনো এ কৌশল ইচ্ছাকৃত ভ্রান্তি কিনা, সে প্রশ্নও রয়েছে। সে যাই হোক, ২০২৯ সালের ২৫ নভেম্বর উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়া-পূর্ব মধ্যবর্তী এ তিন বছরে সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তারা মিলে বাংলাদেশের রফতানি সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে কিছু দৃষ্টান্তমূলক কাজের নমুনা গড়ে তুলবেন, এটিই প্রত্যাশা।

আবু তাহের খান : অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি; সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয়