বাংলাদেশে নির্বাচন মানেই এক ধরনের উত্তেজনা, এক ধরনের প্রত্যাশা, আবার অনেকের মধ্যে শঙ্কাও। এই দেশ জন্ম নিয়েছে গণতন্ত্রের চেতনা নিয়ে। সে জন্য প্রতিটি নির্বাচন জাতির কাছে একটি গণতান্ত্রিক উৎসব। কিন্তু এই উৎসবের আমেজ সব সময় শান্তিপূর্ণ থাকে না। রাজনৈতিক উত্তাপ, দলীয় প্রতিদ্বন্দ্বিতা, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এমনকি সহিংসতার আশঙ্কা–সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসে, পরিবেশও ততটাই সংবেদনশীল হয়ে ওঠে।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। বাকিগুলোও চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। ফলে নির্বাচন ঘিরে দেশজুড়ে এখন নির্বাচনী আবহ তৈরি হয়েছে। কিন্তু জনগণের প্রত্যাশা একটাই–যেন এই নির্বাচন সত্যিকার অর্থে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হয়। সেটি নিশ্চিত করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দেশের সশস্ত্র বাহিনীকে, বিশেষত যখন তাদের হাতে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা।
নিরপেক্ষ বাহিনীই জনআস্থার প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব সময়ই জাতির গর্ব। দুর্যোগ, বিপর্যয় কিংবা রাজনৈতিক সংকট–সশস্ত্র বাহিনী জনগণের প্রথম আস্থার স্থল। তাই নির্বাচনকালীন তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তখন তারা শুধু নিরাপত্তা বাহিনী নয়, বরং জনআস্থার কেন্দ্রবিন্দু।
নির্বাচন কমিশন এবারও জানিয়েছে, সেনাবাহিনী মাঠে থাকবে এবং প্রয়োজনে তারা আইনি ক্ষমতা ব্যবহার করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে। কিন্তু এ দায়িত্ব যেন সঠিকভাবে পালন হয়, তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। কারণ গত কয়েক বছরে সেনাবাহিনীকে ঘিরে নানা রাজনৈতিক বিতর্ক ও মন্তব্য জনমনে কিছু প্রশ্ন তৈরি করেছে। এই সময় তাদের দায়িত্ব শুধু নিরাপত্তা নয়, নিরপেক্ষতা বজায় রাখা।
সেনাবাহিনী সবসময়ই সংবিধানের প্রতি অনুগত থেকেছে–১৯৭১ সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র গঠনের প্রতিটি অধ্যায়ে তাদের অবদান স্পষ্ট। দুর্যোগে, বন্যায়, রোহিঙ্গা সংকটে কিংবা কভিড মহামারির সময়–সব পরিস্থিতিতে তারা প্রমাণ করেছে যে, তাদের মূল শক্তি শুধু অস্ত্র নয়, মনোবল এবং মানবিকতা।
মনোবল মানে শুধু শারীরিক প্রস্তুতি বা সামরিক কৌশল নয়; এটি একধরনের মানসিক দৃঢ়তা, পেশাদারিত্ব ও আত্মসম্মানের মিশ্রণ। একজন সৈনিকের মনোবল তখনই দৃঢ় থাকে, যখন সে জানে তার কাজকে জনগণ শ্রদ্ধা করে, তার নেতৃত্ব স্বচ্ছ এবং তার দায়িত্বের প্রতি সমাজের আস্থা অটুট আছে। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনৈতিক কারণে। কখনও সরকারবিরোধী পক্ষ তাদের ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, আবার কখনও শাসকপক্ষের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এসব বিতর্ক যদি এখনও চলতে থাকে, তাহলে বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাই, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো–সশস্ত্র বাহিনীর প্রতি জাতির পূর্ণ আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচনের সময় জনগণের চোখে সেনাবাহিনী শুধু নিরাপত্তার প্রতীক নয়, বরং তাদের ভোটের অধিকার রক্ষার নিশ্চয়তাও।
উৎসবমুখর নির্বাচন কেমন হওয়া উচিত উৎসবমুখর নির্বাচন মানে এমন একটি নির্বাচন; যেখানে ভোটার কেন্দ্রে যেতে ভয় পান না, প্রার্থীরা সমান সুযোগ পান প্রচারণার, প্রশাসন থাকে নিরপেক্ষ, আর সংবাদ মাধ্যম স্বাধীনভাবে এবং নিরপেক্ষতার সঙ্গে তারা কাজ করতে পারে। বাংলাদেশের ইতিহাসে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়, সেখানে সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও রাজনৈতিক পরিবেশের অস্থিরতা উৎসবের আনন্দকে ম্লান করেছিল। তাই এবারের নির্বাচন হতে পারে এক নতুন পরীক্ষা। কীভাবে সেনাবাহিনী নিজেদের নিরপেক্ষতা ও উচ্চ মনোবল বজায় রেখে জাতির আস্থা ফিরিয়ে আনতে পারে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট বেশ কিছু দেশে সশস্ত্র বাহিনী নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়–ভারত, ইন্দোনেশিয়া, বা শ্রীলঙ্কা–এখানকার সেনারা নির্বাচনী নিরাপত্তায় অংশ নেয়, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে থাকে। এই ভারসাম্যই তাদের পেশাদারিত্বের মূল চাবিকাঠি। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। আমাদের সেনাবাহিনী যদি এই পেশাদার ভারসাম্য বজায় রাখতে পারে, তবে তারা শুধু নিরাপত্তা নয়, গণতন্ত্রের রক্ষক হিসেবেও জনগণের বিশ্বাস অর্জন করবে।
সেনাবাহিনীর মনোবল ধরে রাখতে হলে প্রশাসন, নির্বাচন কমিশন এবং সংবাদ মাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ; যাতে কোনো রাজনৈতিক চাপ ছাড়া সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারে প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে হতে হবে দৃঢ় ও স্বচ্ছ, যাতে বাহিনীর ওপর অপ্রয়োজনীয় অভিযোগ না আসে। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন শিরোনাম বা বিভ্রান্তিকর রিপোর্ট নির্বাচনকালীন পরিবেশকে অস্থির করে তুলতে পারে। সাংবাদিকতার স্বাধীনতা যেমন জরুরি, তেমনি দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ।
জনগণের অংশগ্রহণ নির্বাচন কেবল প্রার্থী বা আইনশৃঙ্খলা বাহিনীর নয়, জনগণেরও দায়িত্ব। ভোটাররা যদি সচেতন না হন, যদি নিজের ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল না হন, তাহলে কোনো বাহিনীই শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারবে না। বাহিনীগুলোকে তখন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেনাবাহিনীর উপস্থিতি কোনো ভয় নয়, বরং নিরাপত্তার নিশ্চয়তা। তারা মাঠে নামে জনগণের ভোটাধিকার রক্ষায়, কারও পক্ষ নিতে নয়। এই বোঝাপড়াটা মানুষের মধ্যে যত বেশি শক্ত হবে, নির্বাচনের পরিবেশ তত বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। বাংলাদেশের গণতন্ত্র আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচন শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, বরং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের সুযোগ। সেই আস্থা রক্ষার কেন্দ্রবিন্দুতে এবার থাকছে সশস্ত্র বাহিনী। তাদের মনোবল যত দৃঢ় হবে, ততই ভোটারদের আস্থা বাড়বে। সেনাবাহিনী যদি নিরপেক্ষতা, শৃঙ্খলা ও উচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে, তবে দেশ পাবে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সত্যিকারের উৎসবমুখর নির্বাচন।
সিরাজুল ইসলাম : গবেষক
