নেপালের ২০২৬ সালের নির্বাচনকে ব্যাপকভাবে ভাঙন কিংবা অন্যভাবে বললে বাঁকবদল হিসেবে আখ্যায়িত করা হয়। তরুণদের ক্ষোভ, সংবাদমাধ্যমের ওপর কড়া নজরদারি এবং বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর গভীর অনাস্থার ফলে সৃষ্ট একটি হিসাব-নিকাশের মুহূর্ত হিসেবে দেখা হয়েছে। কিন্তু নেপাল এই প্রথমবার এমন একটি সন্ধিক্ষণের মুখোমুখি হয়নি। বরং এটি এমন এক সুদীর্ঘ ধারার সর্বশেষ সংযোজন, যা এখনও কোনো সুনির্দিষ্ট দিকে ধাবিত হয়নি। নেপাল আজ যে সংকটের মুখোমুখি, তা হলো পরিণতির সংকট।
সুতরাং, আসল প্রশ্নটি এই নয়– কে জিতেছে বা হেরেছে। বরং মৌলিক কোনো পরিবর্তন ঘটেছে কিনা সেটিই বিবেচ্য। ক্ষমতার পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে একটি রাষ্ট্র কি নিজেকে রূপান্তরিত করতে পারে? নাকি প্রকৃত রূপান্তরের জন্য আরও অনেক কঠিন কিছুর প্রয়োজন। যেমন প্রতিষ্ঠান, প্রণোদনা এবং শাসনের মূল উদ্দেশ্যেরই পুনর্গঠন?
নেপালে রাজনৈতিক শক্তির কোনো কমতি কখনোই ছিল না। ১৯৯০ সালের গণতান্ত্রিক অভ্যুত্থান থেকে ২০০৬ সালের গণপ্রজাতান্ত্রিক রূপান্তর, মধেশ আন্দোলন থেকে ২০২৫ সালের জেন-জি আন্দোলন পর্যন্ত দেশটিতে বারবার আশার আলো দেখা গেছে। প্রতিটি আন্দোলন পুনর্গঠন, অন্তর্ভুক্তি এবং রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু পরিবর্তনের প্রতিটি ঢেউ শেষ পর্যন্ত এক পরিচিত নিস্তব্ধতায় স্থবির হয়ে পড়ে।
এর ফলে এমন একটি চিত্র ফুটে ওঠে, যা উপেক্ষা করা কঠিন। যেমন রাষ্ট্রব্যবস্থার কথাই ধরা যাক, যা মৌলিকভাবে অপরিবর্তিতই থেকে যায়। নেপাল নতুন করে শুরু করতে শিখেছে, কিন্তু সামনে এগিয়ে যেতে শেখেনি। প্রতিটি পরিবর্তন প্রত্যাশা তৈরি করে, কিন্তু উদ্দেশ্যের ধারাবাহিকতা খুব কমই বজায় রাখে। রাজনীতিতে পরিবর্তন এলেও পুরোনো ব্যবস্থাটি বহাল থাকে। অ্যালেক্সিস ডি টোকভিল সতর্ক করেছিলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী না করেও অংশগ্রহণ বাড়াতে পারে, যা জনসাধারণের অংশগ্রহণ ও সুশাসনের মধ্যে ব্যবধান তৈরি করে। একইভাবে স্যামুয়েল পি. হান্টিংটন যুক্তি দিয়েছিলেন, যখন গণসংহতির মাত্রা প্রাতিষ্ঠানিক উন্নয়নকে ছাপিয়ে যায়, তখন অস্থিতিশীলতা অনিবার্য হয়ে ওঠে। আজকের নেপাল ঠিক এই টানাপোড়েনের মধ্যেই রয়েছে। নেপাল রাজনৈতিকভাবে জাগ্রত হলেও প্রাতিষ্ঠানিকভাবে অস্থিতিশীল। ফলে ক্ষণিকের জন্য এগিয়ে গেলেও কাঠামোগতভাবে উল্লেখযোগ্য অগ্রসর হতে পারছে না।
তাহলে এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে কি কোনো পরিবর্তন ঘটেছে? আপাতদৃষ্টিতে অনেক কিছুই বদলে গেছে। নতুন মুখ, আরও তীক্ষ্ণ বাগ্মিতা এবং এমন এক নেতৃত্ব, যা জবাবদিহির দিক থেকে আরও বেশি তৎপরতার সঙ্গে আওয়াজ তোলে। স্বর্ণিম ওয়াগলে এবং রবি লমিছানের মতো ব্যক্তিত্ব প্রযুক্তিনির্ভর প্রতিশ্রুতি এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলয়ের প্রতীক হয়ে উঠেছেন। তবুও তাদের কর্মপন্থা এক গভীর ধারাবাহিকতা প্রকাশ করে, যেখানে সংস্কারবাদী উদ্দেশ্য বারবার কাঠামোগত সীমাবদ্ধতার সঙ্গে সংঘর্ষে লিপ্ত। ডগলাস নর্থ এবং ড্যারন অ্যাসেমোগলু যেমন আমাদের মনে করিয়ে দেন– ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই ফলাফল নির্ধারণ করে।
নেপালের রাষ্ট্রব্যবস্থা কর্মক্ষমতার চেয়ে পৃষ্ঠপোষকতা; নিয়ম-নীতির চেয়ে আলোচনা এবং রূপান্তরের চেয়ে টিকে থাকাকে পুরস্কৃত করে চলেছে। এর ফল হলো একটি পুনরাবৃত্তিমূলক ধারা, যেখানে নতুন নেতা আসেন বটে, কিন্তু চেনা সীমাবদ্ধতাগুলো বহাল থাকে। সুতরাং, এই নির্বাচন কোনো কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয় না, বরং ক্রমবর্ধমান জনপ্রত্যাশা এবং সেগুলোকে দমন করার জন্য পরিকল্পিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এক ক্রমবর্ধমান উত্তেজনাই সামনে আনে। সুতরাং, শিক্ষাটি কেবল বলেন্দ্রকে নিয়ে নয়, বরং তিনি যে ধারার প্রতিনিধিত্ব করেন তা নিয়ে। নেপালের রাজনীতি আশা ও পুনরাবৃত্তির মধ্যে দোদুল্যমান, যা এমন এক পুরোনো ব্যবস্থায় নতুন মুখদের তুলে আনছে, যা আশ্চর্যজনকভাবে পরিবর্তনবিরোধী।
ডা. বিনয় পাঞ্জিয়ার: মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েল হেলথের ক্লিনিক্যাল গবেষণা সহযোগী; দ্য কাঠমান্ডু পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
