প্রায় প্রতিটি দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের একটি ইতিহাস আছে। এ ক্ষেত্রে বাংলাদেশও ব্যতিক্রম নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের ওই সব প্রতিবাদ সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠায় সে ইতিহাস জানা খুবই প্রয়োজন।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের প্রথম ঘটনা ছিল ১৯৮৯ সালে। ঠিক সেই সময় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিছু দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি তাদের শিক্ষা গ্রহণের পর অনিশ্চিত জীবন নিয়ে শঙ্কিত হয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার ইচ্ছা নিয়ে একটি আন্দোলন গড়ে তোলেন ‘সম্মিলিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার পরিষদ’ নামে এক ব্যানারে। এটি ছিল অরাজনৈতিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক প্ল্যাটফর্ম। এর পর ওই সব দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ১৬ দফা দাবিনামা তৈরি করেন। সেখানে প্রথম তিনটি দাবি ছিল– ১. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরিতে কোটা সংরক্ষণ, ২. প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি ট্রাস্ট গঠন এবং ৩. অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিবন্ধী ব্যক্তির চাকরি প্রদান।
আন্দোলনকারী প্রতিবন্ধী ব্যক্তিরা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ করতে আহ্বান জানান। পাশাপাশি তারা সাধারণ মানুষ উন্নয়ন সংস্থাসহ সবাইকে তাদের সঙ্গে যুক্ত হতে আবেদন করেন। এরপর নানা ধরনের কর্মসূচি পালন করতে থাকেন। সে আন্দোলনে সরকার কর্ণপাত না করায় প্রতিবন্ধী ব্যক্তিরা অনশনে বসার সিদ্ধান্ত নেন।
টানা ৫৬ ঘণ্টা অনশন করার পর সরকার তাদের দাবির প্রতি সাড়া দেয়। এক পর্যায়ে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী রেজোয়ানুল হক আন্দোলনরত প্রতিবন্ধী ব্যক্তিদের অনশন ভাঙতে অনুরোধ জানান। এরপর ওই সময়ের সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরিতে ১০ শতাংশ কোটা সংরক্ষণ করে। পরিতাপের বিষয়, সেই কোটা ছিল শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য। এ ছাড়া একটি ট্রাস্ট তৈরি করার উদ্যোগ নেয়, যা পরে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন ফাউন্ডেশন হিসেবে রূপান্তর করা হয়। বাকি দাবিগুলো অনিষ্পন্ন থেকে যায়।
এরপর ২০২২ সালে প্রতিবন্ধী ব্যক্তিরা আরেকটি আন্দোলন শুরু করেন প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে। সে দাবির পক্ষে বেশ কিছু প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন ও ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। সেখানে তারা যে অভিজ্ঞতার সম্মুখীন হন তাতে প্রতিবন্ধী ব্যক্তি শুধু নন, সমগ্র দেশ হতবাক। প্রতিবন্ধী ব্যক্তিদের পুলিশি নির্যাতনের শিকার হতে হয়। এরপর সরকার বিভিন্ন উন্নয়ন সংস্থার কার্যালয়ে তল্লাশি চালায় এই যুক্তিতে– এসব দাবির পেছনে কোনো অশুভ চক্রান্ত আছে সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে। এভাবেই প্রতিবন্ধী ব্যক্তিদের একটি নায্য দাবি হারিয়ে যায়।
সাংগঠনিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৮০ সাল থেকে বাংলাদেশে ডিপিও আন্দোলন শুরু হয়। এটি বেগবান হয় ১৯৯০-এর দশকে। ডিপিও অর্থ ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন; অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের মূল দর্শন হলো (প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে)।
বর্তমানে ডিপিও শব্দটির কিছুটা পরিবর্তন এসেছে। এখন ওপিডি বলা হয়ে থাকে। ওপিডিগুলোর অ্যাডভোকেসির ফলে বাংলাদেশ সরকার (প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ২০১৩) এবং (জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ২০০৬) গ্রহণ করেন। কিন্তু আইন ও সনদ বাস্তবায়নে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। আমাদের দেশে যদি সত্যিকার অর্থে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। প্রতিবন্ধী ব্যক্তিদের কণ্ঠস্বর আরও দৃঢ় করতে একটি প্ল্যাটফর্ম গঠন এখন সময়ের দাবি; অন্তত ইতিহাস তাই বলছে।
তালুকদার রিফাত পাশা: পলিসি কর্মকর্তা, ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ rifatir2@gmail.com
