রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দায়ী করেছে। সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বরের এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমবারের মতো আইসিজে সরাসরি কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে। রোহিঙ্গাদের জন্য এটি দীর্ঘ দিনের বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে একটি বড় স্বীকৃতি। কিন্তু প্রশ্ন হচ্ছে— এ রায়ে কি তাদের জীবনে কোনো পরিবর্তন আসবে? তারা কি নাগরিকত্ব ফিরে পাবেন? নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারবেন? নাকি আন্তর্জাতিক আদালতের রায় কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে?
এ প্রশ্ন শুধু রোহিঙ্গাদের নয়। বাংলাদেশের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোহিঙ্গা সঙ্কটের সবচেয়ে বড় মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত বোঝা বহন করছে বাংলাদেশ। সাত বছরের বিচারিক প্রক্রিয়ায় একটি আইনি স্বীকৃতি পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ যে সঙ্কটের মধ্যে আছে, তার সমাধানের কোনো নিশ্চয়তা এখনো তৈরি হয়নি।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ দমন-পীড়ন শুরু করে। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নির্যাতনের মুখে কয়েক মাসের মধ্যে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এর আগে থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ছিল। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২৬ সালের এপ্রিল মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংসদে জানিয়েছিল, জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ১৩ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ছিল ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন। পরবর্তীতে এ সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। তবে শিবিরের বাইরে অবস্থানকারী এবং নতুন করে আসা রোহিঙ্গাদের হিসাব যুক্ত করলে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। বিভিন্ন সূত্র ও সংস্থার প্রাক্কলন অনুযায়ী, এ সংখ্যা ১৫ লাখের বেশি। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির আরেকটি বড় কারণ জন্মহার। শরণার্থী শিবিরগুলোতে প্রতি বছর ২৫ হাজার শিশুর জন্ম হচ্ছে। ফলে প্রত্যাবাসন না হলে এ জনগোষ্ঠীর আকার আরো বাড়তে থাকবে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অধিকাংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বসবাস করছে। এ ছাড়া নোয়াখালীর ভাসানচরে ৩৫ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকের বেশি শিশু। লিঙ্গভিত্তিক হিসাবে ৫১ শতাংশ নারী এবং ৪৯ শতাংশ পুরুষ। অর্থাৎ এ জনগোষ্ঠীর একটি বড় অংশ শিশু ও নারী। দীর্ঘদিন ধরে আশ্রয়শিবিরে তাদের বসবাস শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে নানা মানবিক চ্যালেঞ্জ তৈরি করছে।
সবমিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার এবং আশ্রয়শিবিরে দীর্ঘস্থায়ী অবস্থান পরিস্থিতিকে ক্রমে জটিল করে তুলছে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা না গেলে এ সঙ্কট বাংলাদেশের জন্য আরো বড় মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ হয়ে উঠবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ আশ্রয়শিবির।
রোহিঙ্গাদের এই দেশত্যাগ কোনো স্বাভাবিক অভিবাসন ছিল না। এটি ছিল পরিকল্পিত নিপীড়ন ও জাতিগত নির্মূলের পরিণতি। মিয়ানমারের সামরিক বাহিনী তাদের বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে। মানুষ হত্যা করেছে। নারীদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে। শিশুদেরও রেহাই দেয়নি। এসব অপরাধের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের নিজস্ব ভূখণ্ড থেকে উৎখাত করা। অথচ রোহিঙ্গাদের রাখাইন অঞ্চলে বসবাসের ইতিহাস কয়েক শতাব্দীর। কিন্তু মিয়ানমারের রাষ্ট্রীয় নীতিতে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন তাদের বড় অংশকে রাষ্ট্রহীন করে দেয়। তাদের পরিচয় অস্বীকার করা হয়। কখনো তাদের ‘বাঙালি’ বলে আখ্যায়িত করা হয়েছে। যেন তারা মিয়ানমারের মানুষ নয়, প্রতিবেশী বাংলাদেশ থেকে যাওয়া কোনো জনগোষ্ঠী।
এ বাস্তবতার বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এ মামলায় অভিযোগ আনা হয়, মিয়ানমার গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানের আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করেছে। দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে আইসিজে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেছে। আদালত দায়ীদের তদন্ত ও বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়েও নির্দেশ দিয়েছে।
এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রায়। তবে আইনি স্বীকৃতি আর বাস্তবতা এক বিষয় নয়। আদালত রায় দিতে পারেন। কিন্তু সেই রায় কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক চাপ। এখানে বড় সঙ্কট।
মিয়ানমারে এখনো সামরিক বাহিনীর প্রভাব আছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সামরিক জান্তার বিরুদ্ধে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং গণতন্ত্রপন্থী শক্তি লড়াই করছে। ফলে দেশটির কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব অনেক এলাকায় দুর্বল। বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে। কিন্তু তাদের হাতে এ রায় বাস্তবায়নের মতো ক্ষমতা নেই। অন্য দিকে সামরিক সরকার রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখানে আন্তর্জাতিক রাজনীতির হিসাব-নিকাশও গুরুত্বপূর্ণ। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকে মতপার্থক্য আছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মিয়ানমারের নিপীড়নের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু চীন ও রাশিয়া বরাবর বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখার চেষ্টা করেছে। সাম্প্রতিক আইসিজে রায়ের প্রতিক্রিয়ায়ও এ বিভাজন স্পষ্ট। যুক্তরাজ্য ও ফ্রান্স ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্র তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে। চীন আদালতের এখতিয়ার ও রায়ের ব্যাখ্যা নিয়ে আপত্তি তুলেছে। রাশিয়াও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অবস্থান নেয়নি।
মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের নীতি মূলত কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। মিয়ানমারের রাখাইন অঞ্চলে ভারতের বন্দর প্রকল্প এবং সীমান্ত নিরাপত্তার বিষয়টি এ নীতির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। রাখাইন রাজ্যের সিত্তে বন্দরকেন্দ্রিক কালাদান মাল্টি-মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে সমুদ্রপথে কলকাতা থেকে সিত্তে বন্দর হয়ে মিয়ানমারের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (যেমন— মিজোরাম) পণ্য পরিবহনের বিকল্প পথ তৈরি করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সাথে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত আছে। ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারত মিয়ানমারের সেনাবাহিনী ও সরকারের সহযোগিতার ওপর নির্ভর করে। চীনের প্রভাব মোকাবেলা : মিয়ানমারে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত প্রভাবের বিপরীতে ভারসাম্য বজায় রাখতে ভারত মিয়ানমার কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বজায় রাখে।
ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রশ্নে দিল্লি কঠোর। জোরপূর্বক প্রত্যাবাসনের অভিযোগও আছে। ফলে ভারতের নীতিতে মানবিকতার চেয়ে নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থের প্রাধান্য স্পষ্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— রোহিঙ্গারা মুসলিম বলে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে ভারতে হিন্দুত্ববাদী বিজিবি সরকার।
প্রশ্ন হচ্ছে— মানবাধিকার ও গণহত্যার মতো গুরুতর বিষয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান কি নীতির ভিত্তিতে নির্ধারিত হয়, নাকি জাতীয় স্বার্থের ভিত্তিতে?
বাস্তবতা হচ্ছে, মিয়ানমার এখন ভূরাজনৈতিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দেশটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এটি চীনের দক্ষিণ সীমান্তে অবস্থিত। একই সাথে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সাথে এর সংযোগ রয়েছে। চীনের জন্য মিয়ানমার ভারত মহাসাগরে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ স্থলপথ। মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও দেশটি গুরুত্বপূর্ণ।
চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, কিয়াউকফিউ গভীর সমুদ্রবন্দর এবং রেল যোগাযোগ প্রকল্পের গুরুত্ব রয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের সাথেও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আবার দেশটির বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সাথেও চীনের যোগাযোগ আছে। অর্থাৎ চীন এক দিকে সামরিক সরকারকে সমর্থন করছে, অন্য দিকে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথেও সম্পর্ক বজায় রাখছে। উদ্দেশ্য একটাই— মিয়ানমারে নিজের কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখা।
যুক্তরাষ্ট্রের হিসাবও এখন বদলাচ্ছে। মিয়ানমার বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ। বিশেষ করে ডাইসপ্রোসিয়াম ও টার্বিয়াম আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ। এসব খনিজের সরবরাহে চীনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা আছে। ফলে বিকল্প উৎস খুঁজছে ওয়াশিংটন। মিয়ানমার সেই বিকল্প হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ। একসময় যে সামরিক নেতাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল, এখন তার সরকারের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ মানবাধিকার প্রশ্নকে পেছনে ঠেলে দিচ্ছে কি না, সেই প্রশ্ন উঠছে। এখানে একটি বড় বৈপরীত্যও আছে। যুক্তরাষ্ট্র এক দিকে রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিয়েছে। অন্য দিকে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতের কার্যক্রমের বিরোধিতা করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম নিয়েও ওয়াশিংটনের অবস্থান প্রশ্নবিদ্ধ। ফলে আন্তর্জাতিক বিচারব্যবস্থার প্রতি বড় শক্তিগুলোর সমর্থন যেসব ক্ষেত্রে সমান নয়, তা স্পষ্ট।
এই ভূরাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা কমছে। আশ্রয়শিবিরগুলোতে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় জনগোষ্ঠীর সাথে সম্পদের প্রতিযোগিতা বাড়ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে। বনভূমি উজাড় হয়েছে। স্থানীয় শ্রমবাজার ও সামাজিক কাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নিরাপত্তার উদ্বেগ। দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন না হওয়ায় আশ্রয় শিবিরগুলোতে হতাশা বাড়ছে। তরুণদের একটি অংশ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। অপরাধী চক্রের তৎপরতা, মানবপাচার, মাদককারবারি এবং সশস্ত্র গোষ্ঠীর প্রভাব পরিস্থিতি আরো জটিল করছে। এসব সমস্যা সব রোহিঙ্গার সাথে এক করে দেখার সুযোগ নেই। কিন্তু দীর্ঘস্থায়ী শরণার্থী পরিস্থিতি যে নানা ধরনের ঝুঁকি সৃষ্টি করে, তা অস্বীকার করার উপায় নেই।
বাংলাদেশ শুরু থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছে। কিন্তু এ দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের একার ওপর চাপিয়ে দেয়া যায় না। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন। তাদের নিজস্ব দেশ আছে। তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দেয়ার দায়িত্ব মিয়ানমারের। এখানে প্রত্যাবাসনের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যাবাসন মানে শুধু রোহিঙ্গাদের সীমান্ত পার করে মিয়ানমারে পাঠিয়ে দেয়া নয়। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে। চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। শিক্ষা, চিকিৎসা, জীবিকা ও সম্পত্তির অধিকার ফিরিয়ে দিতে হবে। অতীতের অপরাধের বিচার করতে হবে।
রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিও প্রত্যাবাসনে অনুকূল নয়। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও সঙ্ঘাত পরিস্থিতিকে জটিল করেছে। কেন্দ্রীয় সামরিক সরকারের কর্তৃত্বও সেখানে সীমিত। ফলে শুধু নেপিডোর সাথে সমঝোতা করে প্রত্যাবাসন শুরু করলেই সমস্যার সমাধান হবে না। যেসব শক্তি রাখাইনে বাস্তবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তাদেরও আলোচনার আওতায় আনতে হবে।
বাংলাদেশের কূটনীতিতে তাই নতুন করে সক্রিয়তা প্রয়োজন। শুধু দ্বিপক্ষীয় আলোচনার ওপর নির্ভর করলে হবে না। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নকে কার্যকর ভূমিকা নিতে হবে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে রায়ের বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নকে কোনো দেশের অর্থনৈতিক বা ভূরাজনৈতিক স্বার্থের কাছে অসহায় হতে দেয়া যাবে না।
একই সাথে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক আদালতের রায়কে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা। রোহিঙ্গা সঙ্কটকে শুধু মানবিক সহায়তার সমস্যা হিসেবে তুলে ধরলে চলবে না। এটি গণহত্যা, নাগরিকত্বহীনতা, জাতিগত নিপীড়ন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়। এ দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক অঙ্গনে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে।
রোহিঙ্গা সঙ্কটের সমাধান বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথেও সরাসরি যুক্ত। এটি শুধু মানবিক দায়িত্ব নয়। দেশের নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ ও আঞ্চলিক স্থিতিশীলতারও প্রশ্ন। তাই এ বিষয়ে জাতীয় ঐকমত্য থাকা জরুরি। সরকার পরিবর্তন হলেও রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থান ও কূটনৈতিক তৎপরতায় ধারাবাহিকতা থাকতে হবে।
শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকে যায়। আন্তর্জাতিক আদালত গণহত্যার রায় দিয়েছেন। কিন্তু সেই গণহত্যার শিকার মানুষগুলো পরিবার কোথায় বিচার পাবে? জোরপূর্বক বাস্তুচ্যুতদের ঘরবাড়ি কে ফিরিয়ে দেবে? তাদের নাগরিকত্ব কে নিশ্চিত করবে? তাদের নিরাপদ ভবিষ্যৎ কে গড়ে দেবে? বিচার শুধু অপরাধের স্বীকৃতি নয়। বিচার মানে অপরাধীর জবাবদিহি। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ফিরিয়ে দেয়া। ন্যায়বিচার মানে ভুক্তভোগীর জীবনে পরিবর্তন আনা। সাত বছর পর আইসিজের রায় সেই পথের একটি গুরুত্বপূর্ণ সূচনা। কিন্তু এখানেই শেষ নয়। রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত না হলে এ রায়ের ঐতিহাসিক গুরুত্বও একসময় প্রশ্নের মুখে পড়বে। আর বাংলাদেশকে যদি অনির্দিষ্টকাল এ সঙ্কটের বোঝা বহন করতে হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবাধিকার ও ন্যায়বিচারের অঙ্গীকারও অর্থহীন হয়ে পড়বে। রায় হয়েছে। এখন প্রয়োজন তার বাস্তবায়ন। কারণ বিচার শুধু আদালতের রায়ে নয়, মানুষের জীবনে প্রতিষ্ঠিত হতে হয়।
লেখক : সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
