বিচিত্র কাজ কারবার। জাহানারা ইমামসহ বিশিষ্টজনের বই ‘কেজি দরে’ বিক্রি করেছে বাংলা একাডেমি। এ খবর এমন সময়ে সামনে এলো যার প্রায় সপ্তাহখানেক পূর্বে প্রকাশিত সিইও ম্যাগাজিনের একটা প্রতিবেদন বলছে, বই পড়ায় বাংলাদেশের অবস্থান তলানীতে। এ তালিকায় ১০২ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম স্থানে। এ দিক থেকে আলোচ্য খবরটি স্বাভাবিক মনে হলেও বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের জন্য এটি বিস্ময়কর।
জাতির মননের প্রতীক বাংলা একাডেমিকে যখন কেউ বই উপহার দেয়, তখন এ প্রত্যাশা থাকে যে, বইগুলো কাজে লাগবে। এ প্রতিষ্ঠানে যাচ্ছে মানে বিদগ্ধ পাঠকের কাছে বইগুলো পৌছবে। অন্তত বাংলা একাডেমি বইগুলোর যত্ন নিবে। অথচ প্রতিষ্ঠানটি সে বইগুলো বাতিল সামগ্রীর মতো কেজি দরে বিক্রি করে দিচ্ছে! সহযোগী দৈনিকের এ সংক্রান্ত খবরটি যখন সামাজিক মাধ্যমে আলোচনায় আসে, তখন এটাও আমরা জানতে পারছি, বাংলা একাডেমির গ্রন্থাগারই পাঠকবান্ধব নয়। এখানে নিশ্চয়ই দুটো ঘটনাই ঘটেছে, একটি হলো পাঠক গ্রন্থাগারে পড়তে আসছে না। আরেকটি হলো, পাঠকের জন্য বাংলা একাডেমির গ্রন্থাগার যেভাবে উন্মুক্ত হওয়ার কথা ছিলো সেভাবে হয়নি। যেমন কথাসাহিত্যিক মাহবুব মোরশেদ ফেসবুকে ২০২২ সালের কথা লিখেছেন, যাকে গ্রন্থাগার ঘুরে বই দেখতেই বেগ পেতে হয়েছিল। বইয়ের কার্ড দেখে কী সব পাঠক নাম বলতে পারে?
তবে বাংলা একাডেমি কেজি দরে বিক্রি করলেও অনলাইনে সেই বই লাখ টাকা হাঁকানো হয়েছে। প্রতিবেদন বলছে, ‘বিচিত্র বিচিত্র বই’ নামে পুরনো বই বিক্রির অনলাইন মধ্যমে সংশপ্তক বইটি লাখ টাকায় বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। জাহানারা ইমাম এবং তাঁর স্বামী শরীফ ইমামকে বইটির লেখক শহীদুল্লা কায়সার নিজেই স্বীয় স্বাক্ষরসহ উপহার দিয়েছিলেন, তাও প্রায় ছয় দশক আগে। স্বাবাবিকভাবেই বইটির গায়ের মুল্যের চেয়েও ঐতিহাসিক মূল্য অনেকে বেশি। তাই ‘বিচিত্র বিচিত্র বই’য়ের কর্ণধার নীলক্ষেত থেকে কিনলেও, বিক্রি করতে গিয়ে বইটির দাম হেকেছেন বিশাল। বাংলা একাডেমির এমন বই নীলক্ষেতে কেন?
প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্যাখ্যা দিয়েছেন, ‘বাংলা একাডেমির গ্রন্থাগারে যাঁরা বই জমা দিয়েছিলেন, তাঁদের বই থেকে ডুপ্লিকেট কপি, মানহীন বই বাছাইয়ের জন্য ২০১৪ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি বই বাছাই করে বাতিলযোগ্য বইগুলো নির্ধারণ করেছিল।’ প্রশ্ন হলো বাতিলযোগ্য বইয়ের তালিকায় সংশপ্তক তো যাওয়ার কথা নয়। তাছাড়া প্রতিবেদন বলছে, জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহের অনেক বইই তারা বাইরে পেয়েছেন, যেগুলো বাংলা একাডেমিকে দেওয়া হয়েছিল সংরক্ষণ ও উপযুক্ত পাঠকের কাছে পৌছানোর জন্য। বাংলা একাডেমি তার অফিসিয়াল ফেসবুক বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন, সে যুক্তিও অনস্বীকার্য। তারপরও ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এক্ষেত্রে সচেতন থাকবে, এটাই প্রত্যাশিত।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
