গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা। বলাবাহুল্য, ভারতেই রয়েছেন অন্তত ১২০০-১৩০০ জন, যাদের বড় অংশ অবস্থান করছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। বাকিরা আছেন নেপাল, সিঙ্গাপুর, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়। আনুমানিক বিদেশে পলাতক রয়েছেন আওয়ামী লীগের ২ সহস্রাধিক নেতা। দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কলকাতার অভিজাত এলাকাখ্যাত নিউটাউন ও সল্টলেক এলাকায় অবস্থান করছেন। আর মধ্য ও নিচের সারির নেতারা অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় থাকছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিদেশি একটি গণমাধ্যমে জানা যায়, চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ অর্থ সংকটে রয়েছেন। কারণ আন্দোলনের তোড়ে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার কারণে তারা কেউই তেমন অর্থ সঙ্গে করে নিতে পারেননি। যেহেতু কারও কোনো প্রস্তুতি ছিল না। এ ছাড়া অধিকাংশই সম্পদ গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে বেগ পেতে হচ্ছে। এই অবস্থায় বর্তমানে জানা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছাড়তে বাধা দেওয়া হচ্ছে আ.লীগ নেতাদের। উদ্দেশ্য কী? অনেকে ভিন্ন কোনো দেশে যেতে চাইলেও যেতে পারছেন না। কারণ, বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নেই। এর ফলে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তারা বেশ আতঙ্কিত। নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে! কলকাতায় অবস্থান করা একজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অন্য দেশে যেতে চাইলেও পারছেন না। কলকাতার লোকজন আমাদের সহায়তা করলেও অনেকে আর্থিক সমস্যার মধ্যে আছেন। ভারত সরকারের সিগন্যাল ছাড়া যাওয়া সম্ভব হচ্ছে না। কেন যেতে দেওয়া হচ্ছে না তাও বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হওয়ার পর তাকে প্রকাশ্য দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন বলা যাচ্ছে না। রায় ঘোষণার আগের দিনও তাকে নিউ মার্কেট এলাকায় দেখা গেছে। তবে তিনি ভারতেই আছেন; অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন।’
এর উল্টোদিকে আরেকটি তথ্যও রয়েছে। জানা যাচ্ছে কলকাতায় বসে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কলকাঠি নাড়ছেন। নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে ‘আত্মগোপনে’ থাকা নেতাদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছেন। একদিকে ভারত ত্যাগ করতে না পারা, অর্থ ফুরিয়ে যাওয়া এবং অন্যদিকে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর বিষয়টি বেশ সন্দেহজনক। জানা যাচ্ছে, তারা অফিস নিয়েছেন কলকাতায়। সেখানে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। নিয়মিত যাতায়াত করছেন জেলা-উপজেলা এমনকি গ্রাম পর্যায়ের নেতারাও। আবার তাদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। এর উদ্দেশ্য কী? কারণ কি এই তাদের ভারতে থাকাটা জরুরি! এই কারণেই কি বাধা? বিষয়টি যাই হোক, সরকারের নিয়মিত পর্যবেক্ষণে থাকা দরকার। আসলে নেপথ্যে কোনো ফন্দি আঁটা হচ্ছে কি না সে বিষয়ে সবসময় সতর্ক থাকার আহ্বান জানাই। কাউকে দুর্বল ভেবে মনোযোগ যেন ভিন্ন খাতে না যায়। বিশেষ করে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অত্যন্ত সতর্ক থাকা দরকার।
