বাঙালির জীবনে এক পরম গৌরব ও অহংকারের মাস, ডিসেম্বর। ৫৪ বছর আগে এই মাসেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর সীমাহীন ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করেছিল হাজার বছরের কাক্সিক্ষত স্বাধীনতা। তাই প্রতি বছর ডিসেম্বর এলেই বাংলার প্রকৃতিতে, আকাশে-বাতাসে এক অন্যরকম শিহরণ জাগে।\r\nবিজয়ের ৫৪ বছর অতিক্রান্ত হওয়ার এই মাহেন্দ্রক্ষণে ঠিক মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তেই বিজয়ের মাসকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস লক্ষ করা গেছে। এটি শুধু একটি মাস নয়, এটি ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা আর চূড়ান্ত বিজয়ের আনন্দের এক অপূর্ব সংমিশ্রণ।

একাত্তরের এই মাসেই বীর মুক্তিযোদ্ধারা দুর্বার গতিতে পাকিস্তানি হানাদার বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিল, যার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে শত্রুপক্ষের আত্মসমর্পণের মধ্য দিয়ে।\r\n১ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বিজয় মাসের আবহ ছড়িয়ে পড়েছে সারাদেশে। এ বিশেষ দিনটিকে বরণ করে নিতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সরকারিভাবে ১ ডিসেম্বর নিয়ে কোনো বড় কর্মসূচি না থাকলেও দিনটি দেশপ্রেমিক মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিভিন্ন মুক্তিযোদ্ধা সংসদ ও সংগঠন দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করার প্রস্তুতি নিয়েছে।

১ ডিসেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা জড়ো হবেন। সেখানে শহীদদের স্মৃতির উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ ও র‌্যালির মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিজয়ের মাসের প্রথম সকালে লাল-সবুজের পতাকায় সজ্জিত হয়ে মানুষ শ্রদ্ধা জানাবে সেইসব সূর্যসন্তানের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন ভূখণ্ড।\r\nসাংস্কৃতিক অঙ্গনও বিকেল থেকে মুখর হয়ে উঠবে বিজয়ের গানে আর প্রাণের উৎসবে। বিশেষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিজয়ের মাসকে বরণ করতে আয়োজন করেছে মাসব্যাপী জমকালো যাত্রাপালা উৎসব । গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী শিল্পমাধ্যমকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একাডেমি প্রাঙ্গণ সাজবে নতুনের কেতনে।

একি দিনে বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে পরিবেশিত হয় দেশাত্মবোধক যাত্রাপালা, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে বিশেষ যাত্রাপালা, যেখানে টিকিট কেটে দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলার লোকজ সংস্কৃতির এই অনবদ্য রূপ। মাসব্যাপী এই উৎসবের সূচনা ১ ডিসেম্বর থেকেই হয়েছে, যা সাংস্কৃতিক কর্মীদের মাঝেও এক নতুন প্রাণের সঞ্চার করেছে।\r\nরাজনীতির মাঠেও ১ ডিসেম্বর ঘিরে উত্তাপ ছড়ানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট বদলে গেছে। বিজয়ের মাসের প্রথম দিনেই চট্টগ্রাম থেকে বিএনপি বিজয় মশাল রোড মার্চ শুরুর ঘোষণা দিয়ে রেখেছিল। দলীয় প্রধান খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতার কারণে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাজনৈতিক এই কর্মসূচি না থাকলেও বিজয়ের মাসের প্রথম প্রহরেই দেশবাসী হৃদয়ে ধারণ করছে মুক্তিযুদ্ধের চেতনা। অফিস-আদালত, স্কুল-কলেজ আর রাজপথে ১ তারিখ থেকেই উড়তে শুরু করে লাল-সবুজের পতাকা। বিজয় মাসের প্রথম প্রহরে জাতি নতুন করে শপথ নিচ্ছে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, যে স্বপ্নের কথা বলে গেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা।\r\n১ ডিসেম্বর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ভেতরে গেরিলা হামলা বেড়ে যাওয়ায় পাকিস্তানের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের নির্দেশে সেনাবাহিনীর আরও ভয়াবহ চেহারা প্রকাশ পেতে থাকে। বুড়িগঙ্গা নদীর পাড়ে জিঞ্জিরাতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এক দিনেই হত্যা করা হয় ৮৭ জনকে। ডিসেম্বরের শুরু থেকেই রক্তক্ষয়ী যুদ্ধ আরও ক্ষতবিক্ষত করতে থাকে বাংলাদেশকে।

শেষ কামড় দিতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তানি বাহিনী। একাত্তরের মার্চে বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়া পাকিস্তানি হানাদার বাহিনী ততদিনে কোণঠাসা হতে শুরু করেছে। একের পর এক এলাকা মুক্তাঞ্চলে রূপ নিতে থাকে। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুক্ত হয় মিত্রবাহিনী। তবে মুক্তিযোদ্ধাদের বিজয় ডিসেম্বরের মাঝামাঝির বেশি ঠেকিয়ে রাখতে পারেনি পাকিস্তানিরা। ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে আসে রক্তঝরানো কাক্সিক্ষত বিজয়।\r\nআনন্দ হচ্ছে এই ভেবে যে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১-এর ৭ মার্চ তারিখে প্রদত্ত ঐতিহাসিক ভাষণ, যাকে জাতিসংঘ একটি কালজয়ী এবং বিশেষ স্বীকৃতি দিয়ে তালিকাভুক্ত করেছে-তা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্বকর্ণে শুনেছি।

আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আরও একটি কারণে। ১৯৭১-এর ৭ মার্চ শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই নেতা সুকৌশলে স্বাধীনতার ডাকটা দিয়েই দেন। এ থেকে বুঝতে হবে- আলোচনা ব্যর্থ হলে দ্বিতীয় উপায় হচ্ছে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম। তিনি ১৯৭১-এর ২৬ মার্চ রাতে স্বাধীনতা ঘোষণা করেন। তাই ২৬-এ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। সে ঘোষণা টেলেক্সের মাধ্যমে চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। আলোচনার টেবিল থেকে এই নেতাকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে আটক রাখা হয়। রাজনৈতিক কর্তৃত্ব, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ঘোষিত হয় স্বাধীনতা।

স্বাধীন বাংলাদেশে ফিরে এসে তিনি বাংলাদেশের যে চার নীতি ঘোষণা করেন, সেগুলো হলো ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র।\r\nকিন্তু স্বৈরাচারী শোষকগোষ্ঠী ও সাম্রাজ্যবাদী পুঁজিবাদী বিশ্বমোড়লরা থেমে থাকে না তারা সুকৌশলে মধ্যম পর্যায়ে কিছু সামরিক কর্মকর্তাদের নানা অজুহাতে উত্তেজিত করে এবং কাজে লাগায়। তারা এই নেতাকে তার বাসভবনে গিয়ে নির্মমভাবে তাকে এবং তার পরিবারের সদস্য ও অন্যদের হত্যা করে ১৯৭৫ সালে। তার দুই কন্যা দেশের বাইরে ছিলেন বলে বেঁচে যান। পরে আবার সামরিক শাসন, আবার প্রহসনমূলক গণতন্ত্র-এ ভাবেই চলতে থাকে বাংলাদেশ। রাষ্ট্র চারনীতি থেকে বাদ পড়ে ধর্মনিরপেক্ষতা।

কিন্তু সেই নেতা ব্যাখ্যা দিয়ে ছিলেন যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বিভিন্ন ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই ধর্মনিরপেক্ষতা। সমাজতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রীয় নীতি হিসাবে গৃহীত হয় অর্থনৈতিক ন্যায়বিচার। এ শুধু পরিভাষার পরিবর্তন নয় এ নীতির পরিবর্তন, আদর্শের পরিবর্তন। এত সব পরিবর্তন ও ভাঙা-গড়ার মধ্যে সাধারণ মানুষের ভাগ্যের তেমন পরিবর্ত ঘটেনি।

কিন্তু সমাজব্যবস্থায় পরিবর্তন, সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন, প্রগতিশীল মানবিক মূল্য বোধ, নারীর প্রতি শ্রদ্ধা ও নারীর সমধিক ক্ষমতায়ন অর্থাৎ নারীর অধিকারের স্বীকৃতি, পুরুষতান্ত্রিকতার অবসান, শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সমতার বোধ প্রভৃতি যথার্থভাবে প্রতিষ্ঠিত না হলে, অর্থাৎ মূল ব্যবস্থাটির আমূল পরিবর্তন না হলে, সমতার প্রত্যাশা পূরণ হবে না।\r\nসেই লক্ষ্যে সরকারকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থেকে কাজ করতে হবে। জনগণকেও সচেতন করে তুলতে হবে। ছড়িয়ে দিতে হবে শিক্ষা ও সচেতনতার আলো। তবেই আমরা পূরণ করতে পারব আমাদের প্রত্যাশা। অন্ধকারে জ্বলে উঠবে আলো। এ আলো এমনি এমনি জ্বলে উঠবে না। তার জন্য দরকার সংগ্রাম, দরকার সততা, নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতা। দরকার বৈষম্যবিলোপের চেতনাপুষ্ট মানবিক মূল্যবোধ। প্রাতিষ্ঠানিক শিক্ষার দ্বারা এ চেতনা যাতে জাগ্রত হয়, শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের প্রাপ্তি কম নয়, কিন্তু তা সর্বগামী হয়নি, এ সত্যটা আমাদের মনে রাখতে হবে। শেখ মুজিব সব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, বাঙালি জাতীয়তাবাদী চেতনা চিরজাগ্রত রাখতে চেয়েছিলেন, চেয়েছিলেন সাম্প্রদায়িকতার চির সমাধি। এসব প্রত্যাশা সর্বাংশে পূরণ হয়নি। এসব প্রত্যাশা পূরণের সনিষ্ঠ প্রচেষ্টার মধ্য দিয়ে ঘটবে সেই পরম প্রাপ্তি, তিনি যা চেয়েছিলেন, এখনো শোষিত-বঞ্চিত দেশবাসী যা চায়। আর এ প্রচেষ্টা, এ আন্দোলন কেবল রাজনৈতিক নয়, তা এ-সংক্রান্ত মূল্যবোধ অর্জনের জন্য এক সুদীর্ঘ সাংস্কৃতিক আন্দোলন। এ আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। জয় আমাদের হবেই। সনিষ্ঠ প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না। \r\nলেখক : কৃষি গবেষক ও অর্থনীতিবিদ, সাবেক ডিন, সিটি ইউনিভার্সিটি