ঢাকা শহরের আশপাশে ভূমিকম্পের আনাগোনা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই এটি জনসংখ্যাবহুল শহর, তার ওপর অল্প জায়গায় বসতবাড়ির জন্য বিল্ডিং-ভবনের চাপ। বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বাড়ি বানানো, রাস্তাঘাট, ফ্লাইওভার, গাড়ি-ঘোড়ার চাপ ও ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর নেমে যাওয়ায় মাটির নিচে শূন্যতা তৈরি হয়; যা ভূমিকম্পের সময় ক্ষয়ক্ষতির মাত্রাকে বাড়াতে পারে।

ধারণা করা হয়, মানুষের কেন্দ্রাভিমুখী প্রবণতা তীব্র হওয়াই ঢাকার কলেবর বাড়ার অন্যতম প্রধান কারণ। কেন মানুষের ওই কেন্দ্রের দিকে যাওয়ার প্রবণতা? মানুষের নানামুখী চাহিদা মেটানো সহজলভ্য হওয়ায় কারণেই গ্রাম থেকে ঢাকামুখী জনস্রোত প্রবল হচ্ছে। আরও সুস্পষ্ট করে বলা যায়, দেশের ব্যবস-বাণিজ্য, শিল্প, কর্মসংস্থান, অর্থনীতির মূল চালিকাশক্তিসহ রাজনীতি, বিচার, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সাহিত্য-সংস্কৃতিসহ জাতীয় জীবনে সব বিষয়ের প্রাণকেন্দ্র ঢাকা। তাহলে ঢাকায় না গিয়ে মানুষ চলবে কী করে? আর উন্নতির সোনার হরিণ সে নাগালের মধ্যে পায় কী করে? তাই জীবন-জীবিকার তাগিদে ঢাকামুখী জনস্রোত আজকের সমাজ বাস্তবতা, সমস্যার মূলে না গিয়ে সেটিকে রোধ করার চেষ্টা বৃথা।

বিশেষজ্ঞদের আলোচনা থেকে জানা যায়–ভবনের নকশা, প্রকৌশল, নির্মাণের মান ও আইন প্রয়োগ–এই চারটি ধাপ সঠিকভাবে অনুসরণ না করা ভূমিকম্পের কারণ। আরও জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক ৯ হলে ঢাকায় সত্তর হাজার থেকে এক লাখ ভবন ধসে পড়তে পারে। ফলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি কতটা ঘটতে পারে তাও সহজে অনুমান করা যায়। এ অবস্থায় বসবাসের অযোগ্য ও দমবন্ধ হওয়ার উপক্রম ঢাকা নগরীর জীবন বায়ু সচল রাখার উপায় কী? ঢাকার ভার হালকা করার জন্য নতুন একটি প্রশাসনিক রাজধানী নগরী গড়ে তুলে এবং সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সে কাজটি করা যেতে পারে। যেমন সুলতান ও মোগল আমলের দিল্লিকে ঘিরে নতুন দিল্লি হয়েছে, পাকিস্তানের রাজধানী করাচিকে ঘিরে পরবর্তীকালে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ নগরী সমৃদ্ধ হয়েছে।

সরকার সচিবালয়সহ কিছু জরুরি অফিস-আদালত স্থানান্তরের মাধ্যমে সে কাজটির শুভ সূচনা করতে পারে। তারপর ধীরে ধীরে শিক্ষা- স্বাস্থ্যসহ অন্যান্য দিকে যদি অগ্রসর হতে হবে। স্থানান্তরিত রাজধানীকে ঘিরে যদি একটি নতুন নগর ও জনপদ গড়ে ওঠে, সেখানে যদি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, পরিবেশ ও উন্নয়নের ভারসাম্য যদি ফিরে আনা যায়– তাহলে হয়তো ভূমিকম্পের সম্ভাব্য বিপদের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হয়। তাছাড়া ঢাকা নগরীর দিকে ধাবমান জনস্রোত ও তার জনসংখ্যাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যৌক্তিক মনে হয়।

উন্নয়ন করতে গিয়ে উন্নয়নই যদি আমাদের অস্তিত্বের হুমকির কারণ হয়, তাহলে জাতির ভাগ্য হতে পারে দুর্যোগময়। জাতির বৃহত্তর স্বার্থে টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজধানীর স্থানান্তর বা বিকেন্দ্রীকরণের প্রয়োজনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন আমাদের পথ দেখাতে পারে। সঙ্গে সঙ্গে তা আঞ্চলিক বৈষম্য দূর করে জাতিকে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন উপহার দিতে পারে। দেশ ও জাতি ভূমিকম্পের সমূহ বিপদের আশঙ্কা থেকে মুক্ত হতে পারে।

ড. মো. মোস্তাফিজার রহমান: অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নওগাঁ সরকারি কলেজ