জীবিকা নির্বাহের সবচেয়ে উত্তম ও পবিত্র উপায় হচ্ছে ব্যবসা। অনেক নবী-রাসুল (আ.) ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন। ইসলাম সৎ ব্যবসায়ীদের প্রশংসা করেছে এবং তাদের পরকালীন মর্যাদা ও শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। কিন্তু এই পবিত্র পেশাও তার মর্যাদা হারিয়ে অপবিত্র হয়ে যায় এবং ব্যবসায়ীর পরকালীন মর্যাদা লাভের পরিবর্তে শাস্তির কারণ হয়, যখন তাতে প্রতারণা ও ঠকবাজির আশ্রয় নেওয়া হয়।
ব্যবসায় যত প্রতারণা বা অনৈতিক পন্থা রয়েছে, তার মধ্যে মজুতদারি জঘন্য পন্থা। ইসলাম মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করাকে হারাম ঘোষণা করেছে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘পাপী ব্যক্তি ব্যতীত অন্য কেউ মজুতদারি করতে পারে না।’ (মুসলিম)। এ হাদিসে রাসুল মজুতদারকে পাপী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রকৃতপক্ষে মজুতদার সৎ হতে পারে না, বরং পাপীই হয়ে থাকে। অতএব, প্রকৃত ইমানদার কখনও মজুতদারির মতো জঘন্য পাপে যুক্ত হতে পারেন না। সুনানু আবি দাউদের একটি হাদিসে বলা হয়েছে, ‘সরবরাহকারী রিজিকপ্রাপ্ত আর মজুতদার অভিশপ্ত।’ মুসনাদে আহমাদ গ্রন্থে উল্লিখিত আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে মুসলিমদের পণ্যদ্রব্যে হস্তক্ষেপ করে, কেয়ামতের দিন তাকে আগুনের একটি বড় অংশে বসিয়ে দেওয়া আল্লাহর হক হয়ে যায়।’
হাদিস দুটি সনদগতভাবে দুর্বল হলেও সার্বিক বিচারে মাফহুম, তথা উদ্দিষ্ট অর্থ সঠিক। কারণ মজুতদারি এমন অমানবিক পন্থা, যার মাধ্যমে এক-দুজন নয়, বহু মানুষ হয়রানির শিকার হয়। মানুষের মাঝে অস্থিরতা তৈরি হয় এবং এটি ব্যাপক আকার ধারণ করে। এভাবে মজুতদাররা হয়রানির শিকার মানুষদের অভিশাপের উপযুক্ত হয়। তা ছাড়া মজুতদারির মাধ্যমে অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করা হয়। এতে মানুষ স্বল্পমূল্যের পণ্য উচ্চমূল্যে কিনতে বাধ্য হয়। অথচ মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা, তোমরা পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসায়িক পদ্ধতি ছাড়া একে অন্যের সম্পদ গ্রাস করো না।...যারা অন্যায় ও জুলুমের মাধ্যমে এ রূপ করবে, শীঘ্রই আমরা তাদের আগুনে নিক্ষেপ করব’ (সুরাহ নিসা, ২৯, ৩০)।
সুতরাং মজুতদারি অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণের একটি পন্থা হওয়ায় মজুতদার ব্যক্তি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত হয়ে যায়। মজুতদারি এক ধরনের গুলুল বা আত্মসাৎ এবং ব্যবসায়িক প্রতারণা। আত্মসাৎ সম্পর্কে আল্লাহ বলেন, ‘যে আত্মসাৎ করবে, সে যা আত্মসাৎ করেছে, তাসহ কেয়ামতের দিন উপস্থিত হবে’ (আল ইমরান, ১৬১)।
প্রতারণা সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়’ (মুসলিম)। সুতরাং মজুতদারি একটি বহুমুখী অপরাধমূলক কাজ এবং এতে বান্দার হক ক্ষুণ্ন হওয়ার কারণে মজুতদার ব্যক্তির ক্ষমা লাভ প্রায় অসম্ভব। এ অপরাধের কারণে আখেরাতে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এমন জঘন্য অপরাধ থেকে আমাদের বিরত থাকা উচিত।
মনে রাখতে হবে, মজুতদার শুধু ব্যবসায়ীরাই নয়, ক্রেতারাও অনেক সময় এ অপরাধে জড়িত হয়। অনেক সময় দেখা যায়, বাজারের কোনো পণ্যের মূল্য বৃদ্ধির ইঙ্গিত পাওয়ামাত্রই অনেক ক্রেতা প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে ঘরে জমা করে রাখে। এভাবে যাদের অর্থের অভাব নেই, তারা বেশি পরিমাণ পণ্য জমা করার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। ফলে নিম্ন আয়ের মানুষ পণ্য কিনতে পারে না। এ ক্ষেত্রে সেসব ক্রেতাও মজুতদারের অন্তর্ভুক্ত হবে, যারা মূল্য বৃদ্ধির ভয়ে বেশি পরিমাণ পণ্য কেনে। তা ছাড়া এটা তাকদির এবং তাওয়াক্কুলের পরিপন্থি কাজ হওয়ায় ইসলাম তা সমর্থন করে না। তাই ক্রেতাদের উচিত প্রয়োজনমতো পণ্য কেনা এবং কৃচ্ছ্র সাধন করা।
আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
