(গত শুক্রবারের পর)

কাল অসীম মামার ফ্যামিলির আমাদের বাড়ি নিমন্ত্রণ। টোড়িমাসি সকাল সকাল গেছে খাসির মাংস আর অন্যান্য সরঞ্জাম কিনতে। মা ৮ হাজার টাকা দিয়েছে। টোড়িমাসি নাকি সব হিসাবের কাগজ ব্যাগে ভরেছে, তাও একশ আটাশ টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। টোড়িমাসি বলছে, টোড়িমাসির জমকালো মেজাজের জন্য মা নাকি টোড়িমাসিকে কিছু বলছে না। অন্য কেউ হলে খবর ছিল। গল্প এখানেই শেষ না। বাজার থেকে আনা এক কেজি মটরশুঁটি আমাকে বাছতে দিয়েছে টোড়িমাসি। আমি যে অকর্মার ঢেঁকি, বুঝতেই পারলাম না কেন আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মটরশুঁটি বাছবার স্পিড দেখে মা এগিয়ে এলো মটরশুঁটি বাছতে। এমনকি পিয়াশ মেসোও এসে মটরশুঁটি বাছতে শুরু করলেন। এই হলো আমার সংসারের কাজে সাহায্য করবার নমুনা। মটরশুঁটি বাছা শেষ হলে টোড়িমাসিকে দিতে গেছি খোসা ছাড়ানো মটরশুঁটি।

টোড়িমাসি বলল, ‘হ্যাঁ, দেখেছি তিনজন মিলে বেছেছিস এ কয়টা মটরশুঁটি।’ বুঝতে পারলাম না কোথা থেকে দেখল। আমরা খাওয়ার টেবিলে বসে মটরশুঁটি বাছছিলাম, আর টোড়িমাসি ছিল রান্নাঘরে দরজা বন্ধ করে। পরের দিন মা’র অনেক ডাকাডাকিতে শেষমেশ আমারও ভোরের সূর্য উঠল সকাল সাড়ে ৯টায়। যথারীতি সকালে উঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কোনো একটা ধাপ দেখতে পাব না, তা এ বাড়িতে হবে না। এবার সোফা এপিসোড। তাকিয়ে দেখি সব সোফার গদিগুলো চিৎপটাং হয়ে বসবার ঘরের টেবিলের ওপর। পিরামিডের মতো দেখাচ্ছে। আর শেফালি প্রবল উৎসাহে সোফার কাঠের ফ্রেমগুলো মুছে যাচ্ছে। তাড়াতাড়ি করতে হবে। দুপুরে গেস্ট আসবে। আমারও উঠেই স্ন্নান করে, ভালো জামাকাপড় পরে ফেলতে হলো। অতিথিরা এসে পড়বে যে কোনো সময়।

এখনো চিনি সহজে পাওয়া যাচ্ছে না বলে আজ সকালেও রসগোল্লার সিরা দিয়ে চা খেয়েছি! মন্দ নয়। ইতোমধ্যে শেফালির মনে পড়েছে যে ওরস্যান্ডালউডসোপ, টুথব্রাশ আর টুথপেস্ট লাগবে। মা বাজারের ফর্দে সব লিখে ফেলল। কামাল ভাই বাজার করে ফিরলে আর এক দফা লেখালিখি হবে। এক পয়সা নড়চড় হওয়ার উপায় নেই মা’র হিসাবে। পোলাও, খাসির মাংস, ছোলার ডাল, রুই মাছের কালিয়া, বাঁধাকপির ঘণ্ট, ফুলকপির বড়া রান্না হয়েছে। সঙ্গে ইয়া বড় বড় রসগোল্লা। টোড়িমাসি আমার লেখা পড়ে বলেছে এমন দুই লাইন লিখলে কেমন করে হবে ? এতকিছু রান্না করলাম! এদিকে আমি পিঁপড়ের মতো চারপাশ দিয়ে ঘোরাফেরা করছি। এ অপেক্ষা বড় দুর্বিষহ। ঠিক জানি সবাই আসবার সঙ্গে সঙ্গে কুশলবিনিময় শুরু হবে। ভাবখানা যেন কাউকে খেতে ডাকা হয়নি।

আমার অধৈর্য ভাব দেখে শেফালি এসে আমায় বলে কী, ‘দুটো রসগোল্লা খাবেন ?’ কথা শুনে পিত্তি জ্বলে গেল। এদিকে দুপুর ১২টা বেজে গেছে। টিভিতে দেশের উন্নয়ন নিয়ে নানা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। অতিথিদের দেখা নেই। আজকাল একটা প্রিয় কথা হচ্ছে, ‘পথে খুব জ্যাম ছিল।’ আমি জানি সবাই এসে এ কথাটাই বলবে। বড় বড় রসগোল্লাগুলো সত্যিই আমার দিকে তাকিয়ে আছে। টোড়িমাসির নিয়মে আমাদের বাসায় কেউ এলে তাকে তার নিজের জুতা খুলে বাইরে যত্ন করে রাখা হাওয়াই চপ্পল পরতে হয়। টোড়িমাসির বাসায় বাইরের স্যান্ডেল এবং জুতা পরে ঢোকা নিষেধ। টোড়িমাসি প্রায় কুড়িটা চপ্পল রেখে দিয়েছে অতিথিদের জন্য। বাইরে একটা জুতা রাখার তাক আছে। সেটায় এই হাওয়াই চপ্পলগুলো প্লাস্টিকের ব্যাগে করে রাখা আছে, ধুলা থেকে বাঁচানোর জন্য।

নিজের স্যান্ডেল বাইরে রেখে প্লাস্টিকের ব্যাগ থেকে হাওয়াই চপ্পল বের করে তা পরে তবে ঘরে ঢুকতে হয়। সেদিন দেখি সেই চপ্পলগুলো আবার শেফালি ঘষে ঘষে পরিষ্কার করছে। তারপর তা প্লাস্টিকের ব্যাগে ভরে দরজার সামনের তাকে রেখে দিচ্ছে। আমি তো কোথায় ধুলা, কোথায় দাগ, কিছুই দেখতে পাই না। আমার কাছে তো মনে হয় সবকিছুই বেশ ঝা চকচক করছে। এ কথাটা আবার মুখ ফুটে বলতেও পারব না। সঙ্গে সঙ্গে টোড়িমাসি বলবে, ‘তোর চোখ নাই নাকি?’ না, তার পরদিন চোখে সর্ষে ফুল দেখিনি। তবে সকাল ৭টায় সর্ষে ফুল দেখতে বের হয়েছি। কী যে অপূর্ব! গাড়িতে সবাই গান করতে করতে চলেছে। আমিও চলেছি বেসুরে। সর্ষে ফুল মনে হয় আমি শেষ দেখেছি আটাশ বছর আগে। কিছু তুলে আনা হলো সর্ষে ফুলের বড়া খাওয়া হবে বলে।

সরষের আইলে টোড়িমাসি, পিয়াশ মেসো, রঞ্জনামাসি, টোড়িমাসিদের আরেক বন্ধু সুভাষমামা বেশ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করল। আমি অত পণ্ডিত নই। তাই কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়লাম। মা-ও কিছুদূর লাঠি নিয়ে গিয়ে আমার মতোই দাঁড়িয়ে পড়ল। মা যদিও বলে চলল, ‘কী সুন্দর গন্ধ! কী সুন্দর দৃশ্য! একেবারে মন ভরে যায়!’ মা’র মন ভরতে থাকল, আমারও কিছুটা। তবে কাল আমি সালোয়ার, কামিজের ওপর একটা উলের কাশ্মীরি শাল পরে গিয়েছিলাম। বাড়ি এসেই আমার জামাকাপড় ধোয়া হয়েছে। আর কাশ্মীরি শালকে পাঠানো হয়েছে ড্রাই ক্লিনারে। আমি নাকি গ্রামের পথের সব ময়লা ঝাঁট দিয়েছি। তা শেষ পর্যন্ত মাটিতেই তো মিশে যাব আমরা। এখন তার কিছুটা গায়ে লাগলে ক্ষতি কী? এদিকে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। এক ল্যাপটপ ঠিক করতে আমরা পাঁচজন গিয়েছিলাম। মা গিয়েছিল টাকা-পয়সা নিয়ে।

দুর্গামামী গিয়েছিলেন ওনার কলিগের হাসবেন্ডের দোকান বলে। মা’র কাকাতো ভাইয়ের বউ হচ্ছে আমার দুর্গামামী। আর দুর্গামামীর মেয়ে হচ্ছে অপরূপা। ও গিয়েছিল টেক সাপোর্ট বুঝে নিতে, আর আমি গিয়েছিলাম কী নষ্ট হয়েছে দেখাতে। মাদারবোর্ড নষ্ট হয়েছে। আমেরিকায় থাকলে এ ল্যাপটপের স্থান হতো ট্র্যাশবিনে। কিন্তু এখানে ওরা আমেরিকার আঠারো ডলার কনভার্শন রেটে আমার ল্যাপটপ ঠিক করে দিল। আমি তো আশ্চর্য দাম শুনে। রাস্তাঘাটে কাউকে আজকাল মাস্ক পরতে দেখি না। কিন্তু মার দাবি কম্পিউটারের দোকানে যেতে হলে মাস্ক পরে যেতে হবে। কম্পিউটারগুলো মানুষ বুঝি। মা’র ধারণা এখন নাকি খুব করোনা হচ্ছে। ভীষণ বিরক্ত হয়ে আমি আর অপরূপা মাস্ক পরলাম। কিছুক্ষণ পর দেখি মা নিজের মাস্ক খুলে ফেলেছে। মাস্ক পরে নাকি দম নিতে পারছে না। না নিতে পারবারই তো কথা! বিভিন্ন বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে ছয় রকমের শাক- মেথিশাক, পালংশাক, বৈথাশাক, কচুশাক, পুঁইশাক, নাপাশাক। শেফালি খুবই বিরক্ত এত শাক কাটতে হবে বলে। আর বাড়ির লোকজন বিরক্ত, এত শাক খেতে হবে বলে। লোকজন ভালোবেসে পাঠিয়েছে বলে ফেলেও দিতে পারছে না। জটিল অবস্থা! নাপাশাক শেফালির খুব প্রিয়। নাপাশাক হলে শেফালি মাছ, মাংসও খায় না। অবশ্য মুরগির মাংস শেফালি এমনিতেই খায় না। ওদের গ্রামে হিন্দু বাড়িতে মুরগির মাংস রান্না হয় না। তবে ও খাসির মাংস খায়। একজন ব্রকলি পাঠিয়েছেন। তার ভাজি করা হয়েছে। কিন্তু সেই ব্রকলি শেষ হওয়ার আগেই আর একজন আর একটা ব্রকলি পাঠিয়ে দিয়েছেন। ব্রকলিকে আমি বলতাম কলেজ ড্রপ-আউট আর ফুলকপিকে কলেজ গ্র্যাজুয়েট। ওই যে যখন চেহারা দেখেই মানুষকে বিচার করা হত তখন। এ বাড়িতে কেউ ব্রকলি ভালোবাসে না। কিন্তু এখন উপায় নেই।

এখানে ভালোবেসে লোকজন এতকিছু পাঠায় যে সে এক বিপত্তি। খাওয়াও যায় না, ফেলে দেওয়াও যায় না। কত দিনে আমরা এই ছয় রকমের শাক আর ব্রকলি খেয়ে শেষ করব, তা ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু শাক নয়, উপহার হিসেবে এবার বাড়িতে এসে উপস্থিত হয়েছে দুটো ইয়া বড় সাইজের সাদা মূলা আর দুটো ফুলকপি। মূলাগুলো একদম হাতির দাঁতের মতো। আমি ঠিক বুঝতে পারছি না এদের দিয়ে কী করা হবে। এদিকে নতুন বছরের জন্য টোড়িমাসি রেঁধে চলেছে লুচি, আলুর দম, ছোলার ডাল, টমেটোর টক, পায়েস। মাকে কাটতে দেওয়া হয়েছে খেজুরের গুড়। পায়েসে দেওয়া হবে। কিন্তু হায় রে মূলা! তার জায়গা কোনোখানেই তো দেখতে পাচ্ছি না। বিশাল সাইজের ফুলকপিরও কোনো জায়গা নেই। কেউ কিছু উপহার দিলে তা হাসিমুখে নিতে হয় এবং তারপর তা খেয়ে খুব ভালো ছিল বলতে হয়।

কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বড় অসহায় বোধ করছি। মিথ্যা কথা বলতে পারছি না, সত্য কথাও বলতে পারছি না গজদন্ত মূলা কিংবা সুন্দরী ফুলকপি নিয়ে! দুঃসংবাদ ! টোড়িমাসি ঘোষণা দিয়েছে যে কাল থেকে আমার চা খাওয়া বন্ধ। কারণ হচ্ছে আজ আমি চার কাপ চা খেয়েছি প্রতি কাপে তিন চামচ চিনি দিয়ে। অন্যায় হয়েছে বুঝতে পারছি কিন্তু তাই বলে পুরো চা খাওয়া বন্ধ? শেফালি অবশ্য বলেছে, ‘চিন্তা কইরেন না। আমি আপনারে চা দিমু নে।’ ব্যাকডোরে ‘হে আমার বন্ধু লাগে’ জাতীয় লোকজন থাকলে অনেক সুবিধা। এদিকে মা পড়েছে আমাদের অ্যাপার্টমেন্টের বাগান নিয়ে। মা’র ধারণা ইস্পাহানি কলোনির ওরা খুবই বাজে কাজ করছে। ঝাউ গাছ লাগিয়েছে, চাইনিজ বাঁশ লাগিয়েছে, বট গাছ লাগিয়েছে, কলাবতী লাগিয়েছে, গাঁদা ফুল লাগিয়েছে যেগুলো ফুলের ভারে ভেঙে পড়ে যাচ্ছে।

মা’র ইচ্ছা কামিনী, চাঁপা, গন্ধরাজ, দোলনচাঁপা, বেলি, টগর ইত্যাদি লাগানো হোক। আর বটগাছের বদলে কৃষ্ণচূড়া। আমি মা’কে বুদ্ধি দিলাম অ্যাপার্টমেন্টের বাগান কমিটিতে যোগ দিতে। মা যোগ দেয়নি। কিন্তু এখন আবার বলছে ওরা খুব সুন্দর বাগান করেছে। পেছনে আলো ঠিকরে পড়ছে। একদম রিসর্টের মতো লাগছে। যাক, অবশেষে মা’র হতাশা আশায় পরিবর্তিত হয়েছে। টোড়িমাসির গাঁদাফুল, চন্দ্রমল্লিকা—সবাই ইন্তেকাল করেছে। টোড়িমাসির প্রিয় উত্তরমুখী বারান্দা যে সুবিধার নয়, তাও প্রমাণ হয়েছে। তাই এবার টোড়িমাসি কিছু হাউসপ্ল্যান্ট নিয়ে এসেছে। সারারাত তারা ছাদে রাত কাটিয়েছে কুয়াশাসিক্ত হওয়ার জন্য। কুয়াশা পেয়ে গাছের নাকি খুব উপকার হয়েছে। সেই কুয়াশা ভেজা গাছ কামালভাই যত্নসহকারে বারান্দায় লাগিয়েছেন। এখন শুধু জীবনের প্রতীক্ষা।

আজ শাড়ি, লেপের ওয়্যার, বিছানার চাদর, মশারি ইত্যাদি ধোয়া দিবস। শেফালিকে জিজ্ঞাসা করলাম, ‘কী অবস্থা তোমার?’ শেফালি বলে কী, ‘আমি ওয়াশিং মেশিন!’ কামাল ভাইকে জিজ্ঞাসা করলাম তার পরিস্থিতিই বা কী ?’ উনি বললেন, ‘আমি ঝাড়ুদার!’ ছেলেবেলায় দেখতাম আমাদের বাড়ির সব পর্দা মাটি থেকে আট ইঞ্চি ওপরে। যদিও মাড় দিয়ে ইস্ত্রি করা থাকত সেসব পর্দা। নতুন বাসায় এসে দেখি কী সর্বনাশ! এখানেও পর্দা মাটির আট ইঞ্চি ওপরে। অথচ এগুলো আড়ং থেকে কেনা। পর্দাতেও মাটির ধুলাবালি লেগে যাবে? এখন বুঝতে পারছি কেন মা রমনায় আমাকে নিয়ে গেলে ধুলার অত্যাচারের কল্পনা করে আমাকে সালোয়ার উঁচু করে তোল, আরও উঁচু, আরও উঁচু করতে থাকে। এবার দেখি কামাল ভাই তার ড্রাইভারের পদচ্যুতি ঘটিয়ে সেসব পর্দা ঝাড়াঝাড়ি করছেন। শুনলাম, বলে উঠেছেন ‘ওহ মাই গড!

এত পর্দা আড়ং থেকে কিনছেন? সে তো অনেক কস্টলি!’ এদিকে মা ইউটিউব ছেড়ে বসে আছে। এক্সসারসাইজ দেখছে। ভাবছি বলব নাকি এক্সসারসাইজ করবার জিনিস, দেখবার নয়। এরপর টোড়িমাসি নিজে ছাদে হাঁটতে যেতে নিয়ে আমাকেও খুব নম্র গলায় বলল, ছাদে গিয়ে রোদ পোহাবি নাকি আর একটু ঘুমাবি? তবে বলতে ভুলল না ‘এখন সাড়ে দশটা বাজে।’ এইসব নরম গলার আত্মাহুতি দিতে বলা আমার একদম পছন্দ নয়। কী একটা কথা! আগুনে ঝাঁপ দিবি নাকি লেপের তলে আবার ঢুকে পড়বি? আমি গুটি গুটি ছাদের দিকে রওনা হলাম বিমর্ষ হৃদয়ে। টোড়িমাসি ছাদে যাওয়ার আগে দেখে যে লিফটের সামনে মাটি পড়ে আছে। আমি ভাবলাম টোড়িমাসি বুঝি এখন ঝাড়ু হাতে নেমে পড়বে। না, অতটা টোড়িমাসি করল না। খালি অসন্তোষ জানাল ঘৃণা সহকারে। আজ ইউনিয়ন পরিষদের ভোটের দিন। কামাল ভাই ছুটি নিয়েছেন। ওনার নাকি বিশেষ দায়িত্ব আছে। আমি ধারণা করছি উনি সারাদিন ভেস্ট পরে থাকবেন। আর কী কী করবেন জানা হয়নি। দায়িত্ব শেষ হলে হয়তো কাল জানতে পারব। আমাদের শেফালি যদিও ভোট দিতে পারল না। ওর ভোট গুলশান থেকে। গুলশান বিশিষ্ট জায়গা। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। (ধারাবাহিক)

লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)