আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিবেশ উদ্বেগজনক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলেছেন, সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তবে এর সরাসরি প্রভাব পড়তে পারে নির্বাচনের ওপর। এই সতর্কবার্তা কেবল একটি সংস্থার পর্যবেক্ষণ নয়, বরং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার একটি সমন্বিত প্রতিফলন।
মানবাধিকার সংস্থার তথ্যে জানা যায়, জানুয়ারি মাসে ৭৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৫৮ জন নিহত ও হাজারো মানুষ আহত হওয়ার তথ্যও এসেছে সামনে। এ ধরনের ধারাবাহিক সহিংসতা ইঙ্গিত দেয় যে, নির্বাচন ঘিরে উত্তেজনা কেবল তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অপসংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। টিআইবির মতে, দেশে মব সহিংসতার উৎপত্তি রাষ্ট্রের ভেতর থেকেইÑ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে এর সূচনা হয়েছিল বলে দাবি করা হয়। রাষ্ট্র যদি নিজেই আইনবহির্ভূত শক্তিকে প্রশ্রয় দেয় বা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে গণতান্ত্রিক নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। কারণ নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, এটি আইনের শাসন, নাগরিক নিরাপত্তা এবং রাজনৈতিক সমতার সমষ্টিগত প্রতিফলন। সংস্থাটি সতর্ক করে বলেছে, মব অপসংস্কৃতি নিয়ন্ত্রণে না আনলে সহিংসতা ভোটের দিনেই শেষ হবে না, বরং ভোট-পরবর্তী সময়েও তা অব্যাহত থাকতে পারে।
তফসিল ঘোষণার পর অল্প সময়েই রাজনৈতিক হত্যাকা-ের ঘটনা এ আশঙ্কাকে আরও জোরালো করে। বর্তমান পরিস্থিতি কেবল সরকারের ব্যর্থতা নয়, রাজনৈতিক দলগুলোর সহিংস আচরণ, প্রশাসনের দলীয়করণ, বিচার ব্যবস্থার ওপর আস্থাহীনতাÑসব মিলিয়েই এই সংকটের জন্ম। টিআইবি বলেছে, জুলাই আন্দোলনের শিক্ষা থেকে রাজনীতি ও আমলাতন্ত্র কেউই যথাযথভাবে শিক্ষা নিতে পারেনি। আসন্ন নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে মব সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দৃশ্যমান ভূমিকা, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি, বিচারহীনতার অপসংস্কৃতি ভেঙে দ্রুত বিচার নিশ্চিত করা দরকার। আসন্ন নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের নৈতিক শক্তি, আইনের শাসন এবং নাগরিক আস্থার পরীক্ষাও। মব সহিংসতা যদি নিয়ন্ত্রণে না আসে, তবে ক্ষতিগ্রস্ত হবে কেবল একটি নির্বাচন নয়, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এখনই সুদৃঢ় পদক্ষেপ নেওয়ার সময়। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আবার সেই পুরনো সহিংস রাজনৈতিক ধারা যেন ফিরে না আসে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।
