একজন গৃহবধূ খালেদা জিয়া যখন রাজনীতি শুরু করলেন এবং এলেন বিএনপির নেতৃত্বে তখন সবাই হয়তো ভেবেছিল তাকে সামনে রেখে বিএনপির অন্য নেতারাই দল চালাবেন। বিএনপি তখন একেবারেই নবীন দল। সেই দলের সামনে পাহাড়সম সমস্যা ছিল। দেশের ক্ষমতায় তখন একজন সামরিক স্বৈরশাসক। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন কী কঠিন সেটা আজকের বাংলাদেশের তরুণ প্রজন্ম কিছুটা হলেও জানে। কিন্তু খালেদা জিয়া তার নিজের প্রজ্ঞা এবং দৃঢ় সংকল্পে দল চালানো শুরু করলেন।\r\n খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই - এই স্লোগানগুলো বিনা কারণে আসেনি। তার নামের সঙ্গে যোগ হলো বিশেষণ আপোসহীন নেত্রী । এখনকার নতুন প্রজন্ম এই শব্দটা শুনলে মনে করতে পারে, এটা বুঝি কোনো রাগী মানুষের স্লোগান। এর মানে ছিল তিনি কোনো কিছুর বিনিময়েই আপস করতে রাজি ছিলেন না।
তার একমাত্র লক্ষ্য ছিল গণতন্ত্র এবং দেশের মানুষের মুক্তি।\r\n১৯৮৬ সালের নির্বাচনের আগে এরশাদ গঠন করলেন জাতীয় পার্টি। নির্বাচন হবে, কিন্তু বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। কারণ এটি ছিল স্বৈরশাসকে বৈধতা দেওয়ার নির্বাচন। তবে শেষ মুহূর্তে এসে নির্বাচনে যোগ দিল আওয়ামী লীগ তাদের সঙ্গে জামায়াতে ইসলামী। খালেদা জিয়া গেলেন না। আপোস করলেন না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ইতিহাসে লেখা থাকবে কোনো স্বৈরাচারী শাসকের সঙ্গে বিএনপি তথা খালেদা জিয়া কোনোদিনও আপোস করেননি।\r\nএর ফল তিনি পেয়েছিলেন ১৯৯১ সালের নির্বাচনে। সবার ধারণা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু দল বিএনপি সেই নির্বাচনে জিতে গেল।
সেই অর্থে বলতে গেলে বলতে হয় প্রেসিডেন্ট জিয়ার হাতে বিএনপি তৈরি হলেও রাজনৈতিক দল হিসেবে এই দলটির প্রকৃত ভিত্তি গড়ে উঠেছে খালেদা জিয়ার হাত ধরেই।\r\nএরপরের ইতিহাস বাংলাদেশের তরুণরা মোটামুটি জানে। ২০০৭ সাল থেকে গত ১৭ বছর ধরে খালেদা জিয়াকে যে দুঃসময় আর নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে মানুষ তা জানে। ১/১১ এর সময় মাইনাস টু ফর্মুলার অধীনে তার হাতে অপশন ছিল দেশ ছেড়ে চলে যাওয়ার। সেক্ষেত্রে গত ১৭ বছরের এই দুঃসহ জীবন তাকে সহ্য করতে হতো না। কিন্তু খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে যাননি।\r\nগত তিন টার্ম আওয়ামী লীগের শাসনামলে ২৮ বছরের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে সেই বাড়ি। তাকে জেলে দেওয়া হয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।
বড় ছেলে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে প্রায় পঙ্গু হয়ে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছে- খালেদা জিয়া প্রথমে কারাগারে পরে গৃহবন্দি অবস্থায় থেকেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তবুও তিনি দেশ ছেড়ে যাননি। এত নির্যাতন আর অপমান সহ্য করতে হয়েছে তাকে। তবুও তার মুখ থেকে কেউ কোনোদিন তার প্রতিপক্ষকে নিয়ে এমনকি তাকে যারা নির্যাতন করেছে, তাদের কাউকে নিয়ে কটু কথা বলেননি। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে মানুষ ভালো কথা বলার আগেই গালিগালাজে নেমে পড়ে, সেখানে এত বড় একজন রাজনীতিবিদ কাউকে কটু কথা না বলার যে উদাহরণ তৈরি করেছেন, সেটি এই দেশের রাজনৈতিক ভবিষ্যতে পরিবর্তন আনবে। অন্ততপক্ষে তার বংশধর তারেক রহমানের মধ্যে সেই ব্যবহারের ছায়া দেখা যাচ্ছে। তার দলও এতে প্রভাবিত হবে।\r\nবাংলাদেশ একটি নবীন দেশ।
মাত্র ৫৪ বছর এই দেশের বয়স। এই নবীন দেশে প্রায় ৪২ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন একজন রাজনীতিবিদ খালেদা জিয়া। তার শাসনামলে নারী শিক্ষার বিস্তারে বড় পরিবর্তন এসেছে। মেয়েদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির ফলে গ্রাম বাংলার অসংখ্য পরিবারে শিক্ষার ধারাবাহিকতা তৈরি হয়েছে। মেয়েরা এখন পড়াশোনা করছে, স্বপ্ন দেখছে এবং নিজেকে আত্মনির্ভর করে গড়ে তুলছে।\r\nজনসংখ্যা নিয়ন্ত্রণে ধারাবাহিক নীতির ফলে বাংলাদেশ একটি সম্ভাব্য জনসংখ্যা বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ এগিয়েছে দৃঢ়ভাবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারে দরিদ্র মানুষের জীবনে রাষ্ট্রের উপস্থিতি হয়েছে দৃশ্যমান।\r\nতাছাড়াও তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান শক্তিশালী করেছে।
তিনি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সংলাপ করেছেন, শান্তি ও স্থিতিশীলতার পথে দেশকে পরিচালিত করেছেন। তার নীতিমালা ও দূরদর্শিতা বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নারী কল্যাণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।\r\nসর্বোপরি সংসদীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচনের কাঠামো-সবই তার রাজনৈতিক প্রজ্ঞার উদাহরণ। এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আরও পরিষ্কারভাবে এগুলো বুঝবে। খালেদা জিয়ার জীবন শুধুই রাজনীতি নয়, এটি এক প্রজন্মের ইতিহাসের সঙ্গে সংযুক্ত। তার নেতৃত্ব, সাহস এবং অবিচল মনোভাব গণতন্ত্রের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।\r\nআমরা নিশ্চিত করে বলতে পারি, আজ থেকে ৫০ বছর পরে যখন সে সময়ের কোনো তরুণ বাংলাদেশের ইতিহাস পড়বে, তখন আরও নির্মোহভাবে বিশ্লেষণ করা যাবে। তখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও খালেদা জিয়াকে তারা অনুভব করতে পারবে।\r\nখালেদা জিয়া অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন। অনেক ঝুঁকির মধ্যে অনেকবার তাকে দেশ ছাড়তে তীব্র চাপ দেওয়া হয়েছে। তিনি যাননি। বলতেন, আমি এই দেশের মানুষ। এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। এই দেশেই মরব।\r\n৩০ ডিসেম্বর ২০২৫ সালে তিনি ইন্তেকাল করেছেন বাংলাদেশের মাটিতে। যে দেশকে তিনি ভালোবেসেছেন, যে দেশ ছেড়ে তিনি কখনো কোথাও যেতে চাননি, যে দেশের মানুষের অধিকার আর গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন যুদ্ধ করে গেছেন, সেই দেশের মাটিতেই ঘটেছে তার চিরনিদ্রা।\r\nলেখক : অ্যাক্টিভিস্ট, ফাউন্ডিং মেম্বার, পলিসিওয়াচ বাংলাদেশ\r\nrontychyza@gmail.com
