বাংলাদেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একই সময়ে দেশ একটি গুরুত্বপূর্ণ জনমিতিক বাস্তবতাও পার করছে, যা হচ্ছে যুব জনগোষ্ঠীর প্রাচুর্য। এই যুব জনমিতি দেশের জন্য এক বিরল সুযোগ তৈরি করেছে, যাকে অর্থনীতির ভাষায় ‘জনমিতিক সুফল’ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এটি এমন একটি পর্যায়, যখন কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় বেশি থাকে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়; সামাজিক উন্নয়নের সম্ভাবনা হয় বহু গুণ।

এটি অর্জনে রাষ্ট্রকে পরিকল্পিতভাবে শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হয়। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এবং সহায়ক সামাজিক-রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হয়, যাতে যুব জনগোষ্ঠী নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ পায় এবং উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।

বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতা এ ক্ষেত্রে একটি ভিন্ন চিত্র তুলে ধরে। প্রথমত, শিক্ষা, কারিগরি দক্ষতা ও কর্মসংস্থান তৈরির মাধ্যমে যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করতে হবে, যাতে তারা দায়িত্বশীল, সচেতন এবং সহনশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। কিন্তু ২০২৪ সালে যুবকদের সক্রিয় অংশগ্রহণে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও গত দেড় বছরে যুব জনগোষ্ঠীর জন্য দৃশ্যমান কোনো কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যায়নি। শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন বা কার্যকর উদ্যোগ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অথবা যুবকদের সামাজিক ও মানবিক বিকাশে সহায়ক কোনো উল্লেখযোগ্য রাষ্ট্রীয় পদক্ষেপের স্পষ্ট দৃষ্টান্ত অনুপস্থিত। ফলে এই সময়ের সবচেয়ে বড় ক্ষতি শুধু কাঠামোগত নয়, বরং দৃষ্টিভঙ্গিগত। অনেক যুবক-যুবতী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক প্রত্যাশা এবং প্রবঞ্চনার মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলেছে, যা তাদের ব্যক্তিগত ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ঝুঁকি তৈরি করছে। এই বাস্তবতায় যুব জনগোষ্ঠীকে কার্যকর মানবসম্পদে পরিণত করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন জরুরি।

স্বল্প ও মধ্য মেয়াদে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত একটি সমন্বিত যুব তথ্যভান্ডার তৈরি করা। এই তথ্যভান্ডারে যুবদের শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান অবস্থা, আগ্রহ এবং সম্ভাব্য কর্মক্ষেত্র সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে। এ তথ্যের ভিত্তিতে দক্ষতা উন্নয়ন কর্মসূচি পুনর্গঠন করা সম্ভব হবে, বিশেষত সেই যুবকদের জন্য, যারা এখনও কোনো কর্মসংস্থান বা দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত নয়।

একই সঙ্গে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করা জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু প্রচলিত দক্ষতা উন্নয়ন কর্মসূচি কর্মসংস্থান নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। সবুজ কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, গিগ ইকোনমি, ডিজিটাল সার্ভিস এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে। এটি শুধু কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের যুবকদের সংযোগও বৃদ্ধি করবে।

মধ্য ও দীর্ঘ মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হওয়া উচিত শিক্ষা ব্যবস্থার সমন্বিত ও যুগোপযোগী পুনর্গঠন। এ ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করার প্রয়োজন নেই; বরং অন্যান্য দেশের সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এটি শুধু সনদ প্রদান না করে; বরং যোগাযোগ সক্ষমতা, প্রযুক্তির ওপর দক্ষতা, সমস্যার সমাধান, সৃজনশীলতা এবং অভিযোজন সক্ষমতা তৈরি করে। এসব উদ্যোগের ক্ষেত্রে নারী, প্রান্তিক এবং বঞ্চিত যুব গোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ জনমিতিক সুফল তখনই পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়, যখন সকল জনগোষ্ঠী উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়।

একটি টেকসই ভবিষ্যতের জন্য একটি সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করাও অপরিহার্য। যুবকদের এমন একটি পরিবেশে বেড়ে উঠতে হবে, যেখানে তারা সংকীর্ণতা, বৈষম্য এবং বিভাজনের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার, সহনশীলতা, শান্তি, সম্প্রীতি ও বৈচিত্র্যের মূল্যবোধ ধারণ করতে পারে। একটি সমাজ শুধু উৎপাদনের যন্ত্র নয় এবং যুবকদেরও শুধু উৎপাদনের উপাদান হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং এমন একটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা প্রয়োজন, যেখানে উৎপাদনশীলতা এবং মানবিক বিকাশের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। বিশেষজ্ঞদের মতে, আগামী এক দশক বাংলাদেশের জন্য জনমিতিক সুফল অর্জনের শেষ সুযোগ। এরপর ধীরে ধীরে জনমিতিক কাঠামো পরিবর্তিত হবে এবং বয়স্ক ও নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাবে। যদি এই সময়ের মধ্যে যুব গোষ্ঠীকে দক্ষ, উৎপাদনশীল ও দায়িত্বশীল জনসম্পদ হিসেবে গড়ে তোলা না যায়, তবে এই সম্ভাবনা একটি গুরুতর অর্থনৈতিক ও সামাজিক বোঝায় পরিণত হতে পারে।

নাজমুল আহসান: উন্নয়নকর্মী