বাংলাদেশে এইচআইভি সংক্রমণ ধীরে ধীরে একটি গুরুতর জনস্বাস্থ্য ঝুঁকিতে রূপ নিচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ এবং শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে। সীমান্তবর্তী জেলা যশোরের সাম্প্রতিক পরিসংখ্যানে বিষয়ে নতুন করে সতর্ক সংকেত দিচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর অক্টোবর পর্যন্ত যশোর জেলায় ৪০ জনের বেশি এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। ২০২৪ সালে শিক্ষার্থী আক্রান্ত হয়েছিল মাত্র ১২ জন, কিন্তু এ বছর অক্টোবরের আগেই সংখ্যাটি ২৫ এ পৌঁছেছে। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১৭-২৫ বছরের মধ্যে, যা অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
?যশোর ২৫০ শয্যা হাসপাতালের তথ্যানুসারে, এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শনাক্ত হওয়া মোট রোগীর মধ্যে ২৩ পুরুষ এবং ১৪ নারী। অধিকাংশ নারী তাদের স্বামী বা পুরুষ সঙ্গীর মাধ্যমে সংক্রমিত হচ্ছে। বর্তমানে যশোর জেলায় প্রতি এক লাখে একজন করে এইডস আক্রান্ত ব্যক্তি রয়েছে। ?সীমান্তবর্তী অবস্থান, অনিরাপদ যৌন আচরণ, সচেতনতার অভাব এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অনীহাই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। যদি এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে এ প্রবণতা আগামী কয়েক বছরে ভয়াবহ রূপ নিতে পারে। কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে সচেতনতার ঘাটতি, সঠিক স্বাস্থ্যশিক্ষার অভাব এবং কথা বলতে সংকোচবোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এইডস প্রতিরোধে জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ যৌন আচরণের প্রচার, বিনামূল্যে ও গোপনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ, এবং এইডস আক্রান্তদের প্রতি বৈষম্য দূরীকরণে রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি। মানবিক দৃষ্টিভঙ্গি ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দ্রুত ও কার্যকর উদ্যোগ প্রত্যাশিত।
