জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে বাড়ছে উদ্বাস্তু মানুষের সংখ্যা। প্রতি বছর আঘাতহানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার মানুষের জীবন-জীবিকা। এছাড়া খাবার পানির তীব্র সংকট এবং কর্মসংস্থানের অভাব উপকূলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে না পেরে একসময় তারা ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এদিকে লবণাক্ততার পরিমাণ দিন দিন বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। জমিতে লবণাক্ত পানি উঠার ফলে মাটির গুণাগুণ কমে যাচ্ছে। এতে ধান, ফলমূল, শাকসবজি এবং বৃক্ষরোপণ ব্যাহত হচ্ছে। মানুষের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। বসবাসরত পরিবারগুলো নানামুখী সংকটে জড়িয়ে পড়ছে।
বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ জীবিকা হারিয়ে উদ্বাস্তু হচ্ছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলের মানুষের ঘরবাড়ি ও জীবিকা বিপন্ন হওয়াার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় নয় লাখ মানুষ উদ্বাস্তু হতে পারে। পাশাপাশি এই শতাব্দীর শেষ সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ সমুদ্রের পানি বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১২-১৮ শতাংশ ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এজন্য উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। জলবায়ু উদ্বাস্তু মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা করতে হবে; যাতে তারা উদ্বাস্তু হয়ে না পড়ে। তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বাজেটে খাদ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিতে হবে। এ অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে। আশা রাখি, উপকূলীয় জনপদের মানুষের সমস্যা, সংকট নিরসনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনপদে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।
