জেফরি এপস্টেইনের ঘটনায় মিডিয়ার ভাবগতি দেখে মনে হচ্ছে তারা মানুষের কোনো অন্ধকার মহাদেশ আবিষ্কার করে ফেলেছে। কিন্তু ক্ষমতার যৌন রাজনীতি সেই প্রাচীনকাল থেকেই এমন কুৎসিত, তা আমরা স্রেফ ভুলে থাকার ভান করেছি এতদিন। কথিত আধুনিক মূল্যবোধ আর মানবাধিকারের বুলি এই আদিম পাশবিকতার ওপর এক পাতলা পলেস্তারা লেপে দিয়েছিল মাত্র। এই আবরণ ভেদ করে যারা সত্যটা দেখতে পেত কিংবা সমাজকে জানান দিতে চাইত, তাদের স্রেফ ‘ষড়যন্ত্রতত্ত্ববিদ’ বলে হাসাহাসি করা হতো। ক্ষমতার নিয়মই এমন; যা ক্ষমতাকে অস্বস্তিতে ফেলে, তাকে শুরুতে হাস্যকর, পরে অবিশ্বাস্য এবং শেষে বিপজ্জনক অভিধায় দেগে দেওয়া হয়।
বিপুল সম্পদ, আকাশচুম্বী প্রভাব আর প্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন সংসর্গের অবারিত সুযোগ থাকা সত্ত্বেও কেন ক্ষমতাবান মানুষ শিশুর দিকেই ঝুঁকে পড়ে? এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার যৌন রাজনীতি, অনাদিকাল থেকেই যা চলছে। জেফরি এপস্টেইন সেই ধারার এক দৃশ্যমান নাম মাত্র। প্রাচীন ও মধ্যযুগে ক্ষমতাবানেরা এসব করত প্রায় প্রকাশ্যে, কারণ তখন কোনো ভদ্রলোকি মুখোশ প্রয়োজন ছিল না। আলেকজান্ডার দ্য গ্রেট, রোমান সম্রাট ক্যালিগুলা, খলিফা হারুন আল রশিদ এবং মোগল সম্রাট বাবর ও আকবর–সবার আমলেই এই অন্ধকার চর্চার সামাজিক অনুমোদন ছিল। এমনকি প্রজাহিতৈষী হিসেবে খ্যাত মহারাজা কৃষ্ণচন্দ্র কিংবা আমাদের আধুনিকতার পথিকৃৎ রাজা রামমোহন রায়ের মধ্যেও এর ছায়া দেখা যায়। ঔপনিবেশিক আমলের এলিট হাইব্রিড শ্রেণি কিংবা স্থানীয় জোতদারদের অন্দরমহলে শিশুকাম ছিল সমাজ ও ক্ষমতার যৌথ প্রশ্রয়ে টিকে থাকা এক কাঠামোগত চর্চা হিসেবে। হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’য় উল্লিখিত বাস্তবতায় এটা স্পষ্ট।
বিশ্বব্যাপী ওশো নামে পরিচিত ভারতীয় ধর্মগুরু রজনীশ বলতেন, যৌনতা নিজে কোনো অপরাধ নয়; বরং যৌনতাই যাবতীয় সৃষ্টি ও সৌন্দর্যের শিকড়। পাখির গান, গাছের ফুল, প্রাণীদের শিশুকুল, এমনকি সভ্যতার উত্তরোত্তর বিকাশ–সবই যৌনতার দান। যৌনতা যখন পারস্পরিক সচেতনতা ও সম্মতির জায়গা ছাড়িয়ে আধিপত্যের ভাষায় কথা বলতে শুরু করে, তখনই তা বিষাক্ত হয়ে ওঠে। প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মতি, অনুভবের সমতা ও প্রত্যাখ্যানের সম্ভাবনা থাকে। ক্ষমতাবানেরা এই ‘না’ শোনার সম্ভাবনাকে মানতে পারে না। শিশুরা সাধারণত প্রতিরোধহীন, সামাজিকভাবে দুর্বল এবং প্রাপ্তবয়স্কদের ওপর এক ধরনের অন্ধ নির্ভরতায় আবদ্ধ। ফলে শিশুর শরীরে অপরাধীরা নিজেদের সর্বময় কর্তৃত্ব ও আধিপত্য প্রদর্শন করতে পারে।
একচেটিয়া ক্ষমতাভোগী মানুষের মনে একপর্যায়ে মানবিক সহমর্মিতা কাজ করে না। নৈতিক মূল্যবোধের সীমানাকে তারা নিজেদের সুবিধামতো নমনীয় করে ফেলে। এই অবস্থায় যৌনতা হয়ে ওঠে তাদের আত্মপ্রমাণ ও আধিপত্য প্রদর্শনের এক কুৎসিত চর্চা। ইউরোপীয় ইতিহাসে ‘প্রথম রাতের অধিকার’ কিংবা দাসপ্রথার আমলে ক্রীতদাসদের শরীরের ওপর মালিকের নিরঙ্কুশ দখল–সবই ছিল শরীরকে সম্পত্তিতে রূপান্তরের আদিম মনস্তাত্ত্বিক কাঠামোর প্রকাশ। মোগল দরবারের অন্তঃপুর কিংবা ব্রিটিশ আমলের জমিদারবাড়িতে কিশোরী গৃহকর্মীদের ওপর যে শোষণ চলত, ক্ষমতা সেখানে প্রচলিত আইনকানুনকে নয়, বরং সামাজিক নীরবতাকেই নিজের ঢাল হিসেবে কাজে লাগাতো।
লক্ষণীয় বিষয় হলো, বহু ধর্মগুরুর মধ্যে শিশুকামের নজির থাকলেও, আমরা সহসা তাদের নাম উচ্চারণ করতে পারি না। এর জন্য দায়ী হচ্ছে ইতিহাস রচনার সেই বিশেষ কাঠামো, যা ক্ষমতার সঙ্গে পবিত্রতার ধারণাকে মিশিয়ে দেয়। ভারতীয় উপমহাদেশে ধর্মভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এইসব অপরাধ যুগ যুগ ধরেই চলমান। এই প্রেক্ষাপটে জেফরি এপস্টেইনের কৃতকর্ম হতভম্ব হবার মতো কোনো ঘটনা নয়। এ ব্যক্তি স্রেফ ইতিহাসের সেই পুরোনো ধারারই আধুনিক এক প্রতিনিধি মাত্র। তবে আধুনিক মূল্যবোধের আচ্ছাদন থাকায় তাঁকে কিছু কৌশল ও পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’ বলছে, এই অপরাধের জাল বিস্তৃত করতে তিনি তাঁর প্রেমিকা গিস্লেন ম্যাক্সওয়েলকে প্রধান কারিগর হিসেবে কাজে লাগিয়েছেন। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষিত এই নারীই শিশু-কিশোরীদের ভুলিয়ে-ভালিয়ে নিয়ে আসতেন এপস্টেইনের কাছে। গিস্লেনের এ ভূমিকা দেখিয়ে দেয়, ক্ষমতার যৌন-রাজনীতি শুধু পুরুষ নয়, উচ্চশিক্ষিত নারীকেও শিকারি বানাতে পারে।
এপস্টেইনের সেই ‘প্রাইভেট জেট’ কিংবা ‘প্রাইভেট আইল্যান্ড’ এক অর্থে আধুনিক যুগের মোড়কে মধ্যযুগীয় এক হারেমখানা। আদালতের নথিতে বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালীদের নাম উঠে আসায় এটা স্পষ্ট; এটি ক্ষমতাশালীদের অতি-অন্তরঙ্গ একটা ক্লাব ছিল। এই ক্লাবে শিশু-কিশোরীদের শরীর এক ধরনের ‘পলিটিক্যাল কারেন্সি’ বা রাজনৈতিক মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। ভুক্তভোগীরা মানুষের মাংস খাওয়ার মতো যে হাড়হিম করা ঘটনার বর্ণনা দিয়েছেন, তা থেকে বোঝা যায় ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে। এই প্রেক্ষাপটে আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে সেই পুরোনো সত্যটি আবার বলতে হয়, আইন ক্ষমতাবানদের জন্য এক ধরনের সুরক্ষাবলয় হিসেবে কাজ করে। এপস্টেইনকাণ্ডের একপর্যায়ে যখন আদালতের নথি ও অনুসন্ধানী প্রতিবেদনে বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতার শীর্ষে থাকা নামগুলো উঠে আসে, তখন তদন্তের গতি ও পরিসর নিয়ে প্রশ্ন ওঠে। তবু সম্ভবত মার্কিন বিচারব্যবস্থার আপেক্ষিক প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের কারণে এই নামগুলো সম্পূর্ণ গোপন রাখা সম্ভব হয়নি।
আবার কেবল নাম প্রকাশ পেলেই চর্চিত অপরাধের চক্র ভাঙে না। কারণ ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে করপোরেট অফিসের কনফারেন্স রুম পর্যন্ত ক্ষমতা নিজেকে রক্ষা করতে নীরবতার এক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তৈরি করেছে। সত্য বলা মানে এইসব শক্তিশালী কাঠামোর বিরুদ্ধে দাঁড়ানো, তাই ভুক্তভোগীর কণ্ঠস্বর সহজেই চাপা পড়ে থাকছে। এইসব প্রাতিষ্ঠানিক অন্ধকার ভাঙতে হলে কেবল আইন আদালত নয়, সামাজিক সচেতনতা, নৈতিক সাহস ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার জরুরত আছে।
সভ্যতাকে বস্তুগত উন্নয়ন দিয়ে যতই মাপা হোক, বাস্তবে তার সাফল্য নির্ভর করে সমাজের সবচেয়ে দুর্বল মানুষ শিশু-কিশোরেরা কতখানি নিরাপদ–এর ওপরে। এই সত্য এড়িয়ে নিজেদের শুধু সাময়িক সংক্ষুব্ধ প্রতিক্রিয়াতেই সীমাবদ্ধ রাখলে এপস্টেইনকাণ্ড ক্ষমতার যৌন রাজনীতিরই আরেকটি দৃশ্যমান পর্ব হিসেবে পরিগণিত হবে। যতদিন ক্ষমতার এই ধারাবাহিকতা অক্ষত থাকবে, ততদিন মানুষের অগ্রগতির কথামালাও নিছক একটি বিস্ময় চিহ্নের সঙ্গে উচ্চারিত হতে থাকবে।
চারু হক: গবেষক ও অনুবাদক charuhaque@gmail.com
