স্যাম অল্টম্যান যখন ‘ওয়াই কম্বিনেটর’ পরিচালনা করছিলেন, তখন উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ছিল ‘মানুষ যা চায়, তা তৈরি করো’। কিন্তু ওপেনএআইয়ের প্রধান নির্বাহী হয়ে অল্টম্যান নিজেই সে পরামর্শ অনুসরণ করেননি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যের ভোটাররা এআই ডেটা সেন্টার-সম্পর্কিত ৪১টি স্থানীয় গণভোটে নিজেদের মতামত দিয়েছেন। নর্থ ডাকোটার হারউড এলাকা ছাড়া সব জায়গাতেই এআই শিল্পকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। ওহাইওর আরবানায় তারা ডেটা সেন্টার নির্মাণ নিষিদ্ধ করেছেন এবং মেয়রকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এর দুইদিন পর প্রযুক্তিপ্রতিষ্ঠান নির্ভর নাসডাক সূচকের দরপতন ঘটে ৫ দশমিক ৫ শতাংশ, যেহেতু বিনিয়োগকারীরা তখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস এবং ডেটা সেন্টারবিরোধী নতুন গভর্নরদের সম্ভাব্য বিজয়ের প্রভাব হিসাব করতে শুরু করেছেন।
নিউইয়র্ক টাইমস ও সিয়েনা পরিচালিত এক জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের ৬১ শতাংশই ডেটা সেন্টার নির্মাণের বিরোধী। অথচ অবাক করা বিষয়, এটি এমন এক শিল্প যার প্রধান পণ্য চ্যাটজিপিটি একসময় ইতিহাসের দ্রুত বর্ধনশীল ভোক্তা-অ্যাপ্লিকেশন ছিল। কিন্তু জনগণের কাছ থেকে সম্মতি নেয়াকে গুরুত্ব না দেয়ায় এবং নিজেদের পণ্যের ব্যয়ভার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ায় শিল্পটি সেই জনসমর্থন হারিয়েছে।
সিলিকন ভ্যালি দীর্ঘ সময় ধরে ‘অন্ট্রাপ্রেনিউর-কিং’ নামের মিথ তৈরি ও লালন করে এসেছে। এ ধারণায় উদ্যোক্তাকে বিবেচনা করা হয় এমন এক দূরদর্শী ব্যক্তি হিসেবে, যার উন্নতি খুব দ্রুত, যিনি প্রয়োজনে প্রচলিত ব্যবস্থা ভাঙতে পারেন এবং অনুমতি নেয়ার চেয়ে পরে ক্ষমা চাওয়াকে ভালো মনে করেন। ট্যাক্সি পরিচালনার অনুমতিপত্র কিংবা হোটেল ব্যবসার লাইসেন্সের ক্ষেত্রে এমন মানসিকতা হয়তো কাজ করেছে। কিন্তু মানুষের বসতবাড়ির আশপাশে বিপুল সম্পদ ও জ্বালানিনির্ভর ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে যে তা কার্যকর নয়, সেটি এখন স্পষ্ট।
স্থানীয় জনগোষ্ঠীর কাছে নিজেদের পরিকল্পনার যুক্তি তুলে না ধরে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো গোপনীয়তার আশ্রয় নিয়েছে। উইসকনসিনের বিভার ড্যামে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সংস্থা একটি অজ্ঞাতনামা শেল কোম্পানির সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষর করে। কর্মকর্তারা পরবর্তী এক বছরে উন্নয়ন চুক্তি এবং কর-রাজস্ব বৃদ্ধির অনুমোদন দেয়। এতে প্রকল্পটির অর্থায়নে সহায়তা করা হয়, অথচ কখনই প্রকাশ করা হয়নি যে সেখানে ডেটা সেন্টার নির্মিত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ মেমফিসে কলোসাস সুপারকম্পিউটার চালানোর জন্য ইলোন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বসতির পাশে অনুমোদনহীন কয়েক ডজন গ্যাস টারবাইন চালায়। অথচ এলাকাটিতে বায়ুদূষণজনিত ক্যান্সারের ঝুঁকি আগে থেকেই যুক্তরাষ্ট্রের গড় ঝুঁকির প্রায় চার গুণ।
এ ধরনের চাতুরি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণার পরিপন্থী। নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো তাদের নির্বাচনী এলাকার মানুষের পক্ষে কাজ করা। কিন্তু ট্রিলিয়ন ডলারের কোনো কোম্পানির সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ থাকলে কর্মকর্তারা তাদের ভোটারদের জানাতে পারেন না, তারা আসলে কোন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। বিভার ড্যামের বাসিন্দারা ডেটা সেন্টারের বিরোধিতা করার সুযোগই পাননি, আর মেমফিসে এক্সএআই অনুমতি চাওয়ার প্রয়োজনটুকুও মনে করেনি।
এআই শিল্পের নেতাদের ঔদ্ধত্য পরিস্থিতির উন্নতি ঘটতে দেয়নি। সম্প্রতি এক পডকাস্টে অল্টম্যান বলেন, ‘বিশ্বের বিপুল পরিমাণ ডায়নামিক র্যান্ডম-অ্যাকসেস মেমোরি (ডিআরএএম) সাধারণ মানুষের ব্যক্তিগত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রে অব্যবহৃত পড়ে রয়েছে; অথচ সেগুলো তার ডেটা সেন্টারগুলোতে ব্যবহার করা হচ্ছে না, এটি বেশ ভয়াবহ ব্যাপার। এর এক মাস আগে তিনি তো বলেই বসেছিলেন, ‘এই প্রযুক্তির সুফল পাওয়ার জন্য পৃথিবীর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেয়া উচিত।’
এ পর্যন্ত মার্কিন জনগণের কাছে এআই শিল্পের নেতাদের বক্তব্যের অর্থ দাঁড়িয়েছে এই: ‘আমরা আপনাদের চাকরি স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে বিলুপ্ত করব, আপনাদের বাড়ির পাশে ডেটা সেন্টার নির্মাণ করব এবং বিদ্যুতের বিল বাড়িয়ে দেব। একই সঙ্গে সতর্ক করব, এআই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। আর এ বিপুল নির্মাণ ও বিনিয়োগ শেষ পর্যন্ত আর্থিক ধসের মুখে পড়লে তার দায়ভারও আপনাদেরই বহন করতে হবে’। এমন পরিস্থিতিতে মার্কিন জনগণ কেন তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, তা কি আর বিস্ময়ের বিষয়?
পাশাপাশি যারা এ প্রযুক্তি ব্যবহার করছেন, তারাও নিজেদের উপেক্ষিত ও অবদমিত মনে করছেন। ওপেনএআই যখন দাবি করল, তাদের মডেল একটি বিখ্যাত গাণিতিক সমস্যার সমাধান করেছে, তখন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক গণিতবিদ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তার অপ্রকাশিত গবেষণাকর্মের সহায়তা নেয়ার অভিযোগ এনেছেন। তিনি ওপেনএআইয়ের কোডিং টুল ব্যবহার করে নিজের গবেষণাটি যাচাই করছিলেন। ওপেনএআই অভিযোগ অস্বীকার করে জানাল, তার দেয়া তথ্য মডেলের উত্তরে প্রভাব ফেলেছে কিংবা মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়েছে—এমনটা হতেই পারে না।
অতীতের প্রযুক্তিগুলো অন্তত সন্দেহপ্রবণ মানুষের আস্থা অর্জন করেছিল। বোয়িং-৭০৭ উড়োজাহাজ জেটযুগের সূচনা করে প্রতিশ্রুতি দিয়েছিল দ্রুত, শব্দহীন ও চমৎকার আকাশযাত্রার, এতে করে সাধারণ পরিবারের কাছেও বিমানভ্রমণ একটি আকাঙ্ক্ষিত বিষয় হয়ে ওঠে। স্টিভ জবস আইফোনকে এমন এক ভবিষ্যতের ঝলক হিসেবে দেখিয়েছিলেন যে ভবিষ্যতে মানুষ বাস্তবেই বসবাস করতে আগ্রহী হয়ে উঠবে। এমনকি এফটিএক্সের প্রতারক স্যাম ব্যাংকম্যান-ফ্রিডও জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ক্রিপ্টোকারেন্সি পৃথিবীকে আরো ভালো জায়গা বানিয়ে দেবে। এর বিপরীতে, এআই শিল্প বিশ্ববাসীকে যেন বার্তা দিচ্ছে, ‘আপনারা পছন্দ করুন বা না করুন, যা হওয়ার তা হবেই।’
এ কৌশল অত্যন্ত বাজে। ষাট ও সত্তরের দশকে বড় তেল কোম্পানিগুলো বুঝেছিল, তেলকূপ খনন ও পাইপলাইন নির্মাণে তাদের ডলার ডলার বিলিয়নের বিনিয়োগ স্থানীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। অ্যানথ্রপিকের আইপিও-প্রসপেক্টাসও সতর্ক করেছে যে ডেটা সেন্টারবিরোধী জনমত তাদের ব্যবসার জন্য হুমকি। ফলে বিনিয়োগকারীরাও এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছে।
মার্কিন ভোটারদের অবস্থান দেখে এআই শিল্পের সুরও হঠাৎ বদলে গেছে। ওপেনএআই প্রতিশ্রুতি দিয়েছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে আলোচনায় তারা আর কোনো গোপনীয়তা রাখবে না। ভবিষ্যতে নির্মিত ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ খরচও প্রতিষ্ঠানটি নিজেই বহন করবে। ওপেনএআই আরো বলেছে, ডেটা সেন্টার নির্মাণের পদ্ধতিই হবে একটি প্রাথমিক পরীক্ষা, যাতে যাচাই করা হবে এআইয়ের সুফল সমাজের বৃহত্তর অংশের মধ্যে ভাগাভাগি হবে কিনা। এটি মূলত স্বীকার করে নেয়া যে শুরু থেকেই তারা স্থানীয় জনগণের সম্মতি নিতে পারত এবং নিজেদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারত।
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আসতে যাওয়া কংগ্রেসের কাছে কার্যকর এআই-নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়নের সুযোগ রয়েছে। ডেটা সেন্টারের বিরোধিতা এখন আর দলীয় বিভাজনের বিষয়ে সীমাবদ্ধ নেই, এমনকি এ ইস্যুতে প্রেসিডেন্টের ভেটোকেও অগ্রাহ্য করা যেতে পারে। ক্যালিফোর্নিয়ার ঘটনা এক্ষেত্রে সতর্কবার্তা হিসেবে কাজ করবে। ২০২৪ সালে গভর্নর গ্যাভিন নিউসমের ভেটোর কারণে এসবি-১০৪৭ বিলটি কার্যকর হয়নি। বিলটি পাস হলে হাগিং ফেস হ্যাকের মতো নিরাপত্তাজনিত ঘটনায় এআই ডেভেলপারদের বিরুদ্ধে প্রকৃত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হত।
পিএইচপি২শেল-এক্সপ্লয়েট আবিষ্কারের মতো সাম্প্রতিক ঘটনাগুলোও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিয়েছে। আইনপ্রণেতাদের উচিত এআইকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অন্যান্য প্রযুক্তির মতো বিবেচনা করা এবং তাদের স্বেচ্ছায় দেয়া প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে আইনগতভাবে প্রয়োগযোগ্য বিধিমালা প্রণয়ন করা।
এআই শিল্প হয়তো একদিন এমন কিছু তৈরি করতে শিখবে, যা মানুষ সত্যিকারেই চায়। কিন্তু মার্কিন ভোটাররা স্পষ্ট করে দিয়েছেন, সেই ফল দেখার জন্য তারা অপেক্ষা করতে রাজি নন। তাই তাদের নির্বাচিত প্রতিনিধিদেরও অপেক্ষা করা উচিত হবে না।
[স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট-২০২৬ ]
ব্রায়ান জাজ : গবেষণা পরিচালক, প্রোগ্রাম অন ফাইন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ভাষান্তর : নাহিয়ান ফারুক
