অনলাইন ব্যবসা এখন দেশের বাণিজ্যে এক বড় পরিবর্তন এনে দিয়েছে। আগে যেখানে বাজারে গিয়ে পণ্য কিনতে হতো, এখন মানুষ ঘরে বসেই মোবাইলের এক ক্লিকেই সব ধরনের জিনিস দেখে নিতে পারছে। পোশাক, খাবার, ইলেকট্রনিক্স, বই প্রায় সবকিছুই এখন অনলাইনে পাওয়া যায়। এই সুবিধা মানুষকে সময় বাঁচাতে সাহায্য করছে এবং ব্যস্ত জীবনে কেনাকাটা আরও সহজ বানিয়ে দিয়েছে। উদ্যোক্তাদের জন্যও অনলাইন প্ল্যাটফর্ম বড় সুযোগ তৈরি করেছে। আগে দোকান ভাড়া, সাজসজ্জা, কর্মচারী এসব খরচ ছাড়া ব্যবসা শুরু করা ভাবাই যেত না। এখন অনেক তরুণ খুব কম টাকায় ফেসবুক, ওয়েবসাইট বা অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবসা শুরু করছে। দেশের যে কোনো জায়গা থেকে পণ্য বানিয়ে শহরে বা গ্রামে পাঠানো যাচ্ছে। এর ফলে ছোট উদ্যোক্তারাও বড় বাজারে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। অনলাইন ব্যবসার সঙ্গে সঙ্গে নতুন চাকরিও তৈরি হচ্ছে। ডেলিভারি ম্যান, প্যাকেজিং কর্মী, ছবি তোলার কাজ, ডিজিটাল মার্কেটিং এসব খাতে অনেক তরুণ কাজ পাচ্ছে। এতে পরিবারের আয় বাড়ছে এবং অর্থনীতিও সচল হচ্ছে। \r\nতবে কিছু সমস্যা এখনো আছে। অনেক সময় ভুয়া পণ্য পাঠানো, দেরিতে ডেলিভারি, অতিরিক্ত দাম নেওয়া বা প্রতারণার ঘটনা ঘটে। ডিজিটাল নিরাপত্তার অভাবও গ্রাহকদের মাঝে শঙ্কা তৈরি করে। এই কারণে গ্রাহকের বিশ্বাস ধরে রাখা এবং মান ঠিক রাখা ব্যবসায়ীদের জন্য খুব জরুরি। সব মিলিয়ে বলা যায়, অনলাইন ব্যবসা শুধু নতুন ধরনের বাণিজ্যই নয়, এটি আমাদের জীবনযাত্রার অংশ হয়ে উঠছে। সঠিক নিয়ম, নিরাপত্তা আর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই খাত দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।