দেশে কোনো চিকিৎসক আক্রান্ত হলে বা চিকিৎসাজনিত অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে স্বাস্থ্য সুরক্ষা আইন আলোচনায় আসে। তার কয়েক দিন পরই আইনের দাবি ও অধিকার হারিয়ে যায়। গত ১০ বছরের বেশি সময় ধরে এ ঘটনা ঘটে আসছে। এ আইনের বিরোধীরা যত সংঘবদ্ধ ও শক্তিশালী, এ আইনের সুবিধাভোগীরা ততটা সংঘবদ্ধ ও শক্তিশালী নয়। সরকার বদল হয়, কিন্তু নাগরিকদের আইনের অধিকার অর্জন হয় না।
এ কথা অস্বীকার করার উপায় নেই, শত প্রতিবন্ধকতার পরও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যাপক বিস্তার ঘটেছে। স্বাস্থ্যসেবার নানা প্রতিষ্ঠান ও পরিধি বৃদ্ধি পেলেও আইন, নীতিমালার সংস্কার ও উন্নয়ন সে অনুসারে হয়নি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মূলত দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ দ্বারা পরিচালিত হতো। যদিও এ আইনের পরিধি খুবই সীমিত। আইনের সীমাবদ্ধতা, নজরদারির অভাব, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস না থাকাসহ নানা কারণে স্বাস্থ্যসেবার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। এ কারণে ধনী, গরিব অনেকেই চিকিৎসা করাতে দেশের বাইরে যাচ্ছে। এতে দেশ থেকে চলে যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। বাস্তবে এ পরিমাণ অনেক বেশি।
আইনের দুর্বলতার কারণে মানসম্মত আর মানহীন চিকিৎসা সেবাকেন্দ্র চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা ব্যবস্থার মানহীনের ভোগান্তির দায় সবাইকে নিতে হচ্ছে। নানা কারণে ১৯৮২ সালের অর্ডিন্যান্সের কার্যকারিতা এখন আর নেই। এ বাস্তবতায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা গ্রহীতার সুরক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে একটি যুগোপযোগী আইন প্রণয়ন করা অতি জরুরি।
স্বাস্থ্যসেবা সুরক্ষিত না হওয়ার পেছনে আইনের সমন্বয় আরেকটি কারণ। জনস্বাস্থ্যবিষয়ক পোর্টাল পাবলিকহেলথস.নেটের তথ্য অনুযায়ী জনস্বাস্থ্য, অসংক্রামক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে প্রায় ৪৫টি আইন সম্পৃক্ত। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং দণ্ডবিধির কিছু ধারায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আংশিক অন্তর্ভুক্ত। তবে এসব আইন বিচ্ছিন্ন এবং বর্তমান বাংলাদেশের বিস্তৃত স্বাস্থ্য খাতের কার্যকর ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত নয়।
বর্তমানে রোগীর সুরক্ষা এবং চিকিৎসকের সুরক্ষা– উভয় বিষয়ই জনপরিসরে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে চিকিৎসায় অবহেলার প্রশ্নটি স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে চিকিৎসায় অবহেলা সম্পর্কিত শাস্তি বা দায় নির্ধারণের সুস্পষ্ট প্রক্রিয়া নেই। এ ক্ষেত্রে মূলত কয়েকটি আইনের ওপর নির্ভর করা হয়। যেমন– একাধিক দণ্ডবিধি অনুযায়ী অবহেলা বা দায়িত্বহীনতার মাধ্যমে সেবাগ্রহীতার স্বাস্থ্য বা জীবনহানির জন্য শাস্তির বিধান রয়েছে এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারা ২৩ অনুযায়ী পেশাগত নীতিমালা লঙ্ঘনের দায়ে চিকিৎসকের নিবন্ধন বাতিল করা যেতে পারে। তবুও এসব বিধান স্বাস্থ্যসেবা খাতে দায়বদ্ধতা ও সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট নয়।
ফলে একটি সমন্বিত ও আধুনিক স্বাস্থ্য সুরক্ষা আইনের প্রয়োজনীয়তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে একটি সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন অত্যন্ত জরুরি। বর্তমানে চিকিৎসা খাতে বেশ কিছু কাঠামোগত ও আইনি সীমাবদ্ধতা বিদ্যমান, যা রোগীর অধিকার সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে বাধা সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ, বিএমডিসির কোড অব কন্ডাক্টে উল্লিখিত অনেক বিধান বাস্তবে অনুসরণ করা হয় না। বিশেষ করে প্রেসক্রিপশনে জেনেরিক নাম ব্যবহারের পরিবর্তে ব্র্যান্ড নাম ব্যবহারের প্রবণতা এখনও ব্যাপক। একই সঙ্গে চিকিৎসায় অবহেলার কোনো স্পষ্ট আইনি সংজ্ঞা না থাকায় দায় নির্ধারণ ও বিচার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসায় সহায়তাকারী, উপকরণ সরবরাহকারী ও রোগীর দায়িত্ব-কর্তব্য নির্ধারণ না থাকলে চিকিৎসায় অবহেলার দায় একতরফা চিকিৎসকদের ওপর বর্তায়। এ ছাড়া নৈতিকতা লঙ্ঘন ও ক্ষতিপূরণযোগ্য অবহেলার বিষয়গুলো পৃথকভাবে নির্ধারণের বিধান নেই।
বর্তমান সময়ে টেলিমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য তথ্য সংরক্ষণ দ্রুত বিস্তৃত হলেও এসব বিষয়ে বিদ্যমান আইনে কোনো সুস্পষ্ট বিধান নেই। ফলে একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি, যা নাগরিকের স্বাস্থ্য অধিকার রক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি আধুনিক ও সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণীত হলে রোগী ও চিকিৎসক উভয়ের সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, মান নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সৈয়দ মাহবুবুল আলম: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
