একবিংশ শতাব্দীর রাজনৈতিক অর্থনীতিতে তিনটি বিষয় ক্রমশ কেন্দ্রীয় হয়ে উঠছে: ধর্ম, সহিংসতা এবং ‘বন্দি রাষ্ট্র’ বা স্টেট ক্যাপচার। ধর্ম এখন আর শুধু ব্যক্তিগত বিশ্বাস বা আধ্যাত্মিকতার বিষয় নয়; বরং এটি ক্ষমতা সংহতকরণ, সম্পদ আহরণ ও সামাজিক নিয়ন্ত্রণের এক শক্তিশালী ‘অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান’। গ্লোবাল নর্থে এর রূপ তুলনামূলকভাবে প্রাতিষ্ঠানিক; যুক্তরাষ্ট্রের ইভানজেলিক্যাল লবি বা ইউরোপের ডানপন্থী খ্রিস্টান জাতীয়তাবাদ মূলত ‘পলিসি ক্যাপচার’ ও আখ্যান দখলের মাধ্যমে কাজ করে।
কিন্তু গ্লোবাল সাউথে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, ধর্ম অনেক বেশি সক্রিয় এবং প্রত্যক্ষ ‘রাজনৈতিক প্রযুক্তি’ হিসেবে হাজির হয়েছে। পাকিস্তানের ব্লাসফেমি আইন, ভারতের গোরক্ষা আন্দোলন কিংবা শ্রীলঙ্কায় বৌদ্ধ জাতীয়তাবাদী হামলাÑ এসব ঘটনা প্রমাণ করে যে, ধর্ম এখানে তিনটি সুনির্দিষ্ট ভূমিকা পালন করছে: (১) লুটপাট ও দুর্নীতিকে ‘ধর্মরক্ষা’ বা ‘ঐশ্বরিক ইচ্ছা’ বলে বৈধতা দেওয়া; (২) দান, মন্দির-ফান্ড ও ওয়াকফের মাধ্যমে অডিট-বিহীন বিশাল ‘ছায়া অর্থনীতি’ সচল রাখা এবং (৩) কে নাগরিক আর কে শত্রু, তা নির্ধারণ করে শাসনের বৈধতা পুনর্বণ্টন করা।
সপ্তভূজ লৌহ কাঠামোর ছয়টি দৃশ্যমান বাহুর নিচেই সক্রিয় থাকে মাফিয়া বা স্থানীয় মাস্তান, সিন্ডিকেট, চাঁদাবাজি নেটওয়ার্ক। ধর্মভিত্তিক নেটওয়ার্ক রাষ্ট্রের ‘ধূসর অঞ্চল’ দখল করে সমান্তরাল সার্বভৌমত্ব গড়ে তোলে। বাংলাদেশ এই বৈশ্বিক প্রেক্ষাপটের এক আদর্শ কেস স্টাডি, যেখানে ধর্ম, সন্ত্রাস ও অলিগার্কি মিলে ‘অদৃশ্য পুলিশ’ এবং ‘বন্দি রাষ্ট্র’-এর এক নতুন মিশ্র রূপ তৈরি করেছে। সময়-জ্ঞান দখলদক্ষিণ এশিয়ায় ধর্ম এক শক্তিশালী জ্ঞান ও সময়-নিয়ন্ত্রণ প্রযুক্তি। এখানে ধর্মের মৌলিক শিক্ষা ও চর্চার পরিবর্তে গৌণ বিতর্কে মানুষকে ব্যস্ত রাখা হয় এবং রাষ্ট্রের ব্যর্থতাকে ‘তাকদির’ বা ‘ঈশ্বরের পরীক্ষা’ হিসেবে মেনে নেওয়ার মনস্তত্ত্ব তৈরি করা হয়। এই সময়-দখল দুটি স্তরে ঘটে: (ক) আখ্যান-কেন্দ্রিক মেরুকরণ: বিফ লিঞ্চিং বা ব্লাসফেমির মতো উত্তেজনাকর ইস্যু মানুষের সময় ও মনোযোগ একচেটিয়া দখলে নেয়, ফলে লুটপাট বা কাঠামোগত সমস্যা আড়ালে চলে যায়। (খ) অলিগার্কিক সময়-দখল: দাঙ্গা বা উত্তেজনার মাধ্যমে উৎপাদনশীল সময় ও রাষ্ট্রের পলিসি-ক্যালেন্ডার হাইজ্যাক করা হয়। এর ফলে সমাজে জ্ঞানগত ধ্বংস (যুক্তিবোধের বিনাশ), সামাজিক পুঁজি ধ্বংস (আস্থা নষ্ট হওয়া) এবং অর্থনৈতিক ধ্বংস (উৎপাদনশীলতা ও মেধার অপচয়) নেমে আসে। চূড়ান্ত ফল হলো, মানবপুঁজির অবক্ষয় এবং স্থায়ী উন্নয়নগত নৈরাশ্য।
বাংলাদেশ কেস স্টাডিবাংলাদেশে সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘমেয়াদে গড়ে ওঠা একটি স্থিতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান। গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা, বিভিন্ন আন্দোলনে হেলমেট বাহিনীর হামলা বা রামু-নাসিরনগর-রংপুর-কুমিল্লায় ডিজিটাল গুজব-নির্ভর আক্রমণ; সবই রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসের ধ্রুপদী উদাহরণ। জুলাই-অভ্যুত্থান পরবর্তী সময়েও এই কাঠামো অটুট রয়েছে। ২০২৪-এর শেষার্ধ থেকে সহিংসতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু প্রমাণ করে যে, সন্ত্রাস এখন বাংলাদেশে একটি অপরিহার্য রাজনৈতিক প্রযুক্তিতে পরিণত হয়েছে।
ইতিহাসে দুটি পর্ব স্পষ্ট। শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্র-সমর্থিত সহিংসতা মূলত ভিন্নমত ও প্রতিপক্ষ দমনে ব্যবহৃত হয়েছে; আর পটপরিবর্তনের পর অতীতে নিপীড়িত গোষ্ঠীগুলো এখন একই মডেল ব্যবহার করে কর্তৃত্ব বিস্তার করছে। নর্থ, ওয়ালিস ও ওয়েইংগাস্টের (২০০৯) ‘লিমিটেড অ্যাকসেস অর্ডার’ তত্ত্ব অনুযায়ী, সহিংসতা একবার রাজনীতির ভাষা হলে সরকার বদলালেও কাঠামো বদলায় না, কেবল সুফলভোগী বদলায়; বাংলাদেশের বাস্তবতা এর হুবহু প্রতিফলন।
ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতোই বাংলাদেশেও সন্ত্রাস-হামলা ‘সম্মুখভাগে স্বতঃস্ফূর্ত, পশ্চাৎভাগে সংগঠিত’ মডেলে ঘটে। তথাকথিত জনরোষের আড়ালে থাকে স্থানীয় মাস্তান, ক্যাডার ও সিন্ডিকেটের সূক্ষ্ম পরিকল্পনা। সহিংসতাকে বুঝতে হলে আমার প্রস্তাবিত সপ্তভূজ লৌহ কাঠামোর সপ্তম বাহু বা ধর্মীয় নেটওয়ার্কের সঙ্গে অলিগার্কির বাকি ছয় বাহুর মিথোজীবী সম্পর্ক দেখা জরুরি। রাজনীতি দেয় সুরক্ষা, বিনিময়ে পায় ভোট ও বৈধতা; লুটেরা ব্যবসায়ীরা দেয় ছায়া পুঁজি, পায় নৈতিক বর্ম; আর প্রশাসন ও মিডিয়াও নিজ স্বার্থে এদের ব্যবহার করে। এই সমষ্টিগত সম্পর্কই তৈরি করে ‘বন্দি রাষ্ট্র’। সারকথা, বাংলাদেশে সহিংসতা একটি পথ-নির্ভর, দ-হীনতা-চালিত ও অলিগার্কিক দমনযন্ত্র, যা কুশীলব বদলালেও একই চিত্রনাট্যে নিজেকে পুনরুৎপাদন করে চলেছে।
অলিগার্কির অদৃশ্য পুলিশ ও হাইব্রিড সার্বভৌমত্ব জুলাই-অভ্যুত্থান পরবর্তী সহিংসতা কোনো স্বতঃস্ফূর্ত জনরোষ নয়; এটি অলিগার্কির অনানুষ্ঠানিক বলপ্রয়োগকারী যন্ত্র। এই সহিংসতার কাঠামো তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে: (১) কার্যকর হাতিয়ার: নতুন রাজনৈতিক শক্তিগুলো দ্রুত ক্ষমতা দখলের জন্য পুরোনো ও পরীক্ষিত সহিংসতাকেই সাশ্রয়ী পদ্ধতি হিসেবে বেছে নেয়। (২) দ-হীনতা: প্রতিটি বিচারহীন হামলা পরবর্তী সহিংসতাকে আরও বৈধ ও ফলপ্রসূ প্রমাণ করে। (৩) অনানুষ্ঠানিক শাসনযন্ত্র: রাষ্ট্র সন্ত্রাসকে ‘স্বল্পমূল্যের দমনযন্ত্র’ হিসেবে ব্যবহার করে ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, অথচ সহজেই এর দায় এড়িয়ে যায়।
রাষ্ট্রের আনুষ্ঠানিক পুলিশের সমান্তরালে সন্ত্রাস তিনটি ভূমিকায় কাজ করে অলিগার্কির ‘ছায়া-পুলিশ’ হিসেবে আবির্ভূত হয়েছে: (১) টার্গেটেড দমন: বাউল ও ভিন্নমতকে বেছে বেছে আক্রমণ করা। (২) সমষ্টিগত নিরাপত্তাহীনতা: সমাজে চরম অনিশ্চয়তা তৈরি করে মানুষকে ‘সেলফ-পুলিশিং’-এ বাধ্য করা। (৩) সামাজিক সীমারেখা নির্ধারণ: কে ‘মিত্র’ আর কে ‘শত্রু’; তা নির্ধারণ করে জনপরিসর নিয়ন্ত্রণ করা। পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও রাষ্ট্র ‘ধর্ম-অবমাননা’র অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয়; এই ‘দ্বৈত আইনব্যবস্থাই’ সন্ত্রাস সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং রাষ্ট্রকে ‘হাইব্রিড সার্বভৌমত্বের’ দিকে ঠেলে দিয়েছে।
কেন এখন ধর্মীয় কর্তৃত্ববাদের উত্থানএকশ্রেণির ধর্মীয় গোষ্ঠী যে কর্তৃত্ববাদী আচরণ, মব-রাজনীতি ও দমন-সংস্কৃতি প্রদর্শন করছে, তা কোনো আকস্মিক চরিত্র-পরিবর্তন নয়; বরং এটি বিগত আওয়ামী ফ্যাসিবাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে শেখা এক ধারাবাহিক রূপান্তর। এই রূপান্তরকে চারটি প্রধান তাত্ত্বিক লেন্সের মাধ্যমে ব্যাখ্যা করা যায়: (১) মাইমেটিক আইসোমরফিজম (সফল মডেলের অনুকরণ): ডিমেজিও ও পাওয়েলের (১৯৮৩) মাইমেটিক আইসোমরফিজম তত্ত্বমতে, অনিশ্চয়তার সময়ে সংগঠনগুলো সেই মডেলটিকেই অনুকরণ করে, যা দৃশ্যত সফল। গত ১৫ বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে, বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখার কার্যকর ভাষা হলো ভিন্নমত দমন ও বলপ্রয়োগ।
(২) নিপীড়িতের মনস্তত্ত্ব: পাওলো ফ্রেইরি (১৯৭০) দেখিয়েছেন, দীর্ঘকাল নিপীড়নে থাকা গোষ্ঠী প্রায়ই মুক্ত নাগরিক হওয়ার স্বপ্ন দেখে না; বরং তারা প্রাক্তন নিপীড়কের আসনে বসার স্বপ্ন দেখে। ক্ষমতার চাবি হাতে পেয়ে তারা রাষ্ট্রযন্ত্রকে ভেঙে নতুন কিছু গড়ার পরিবর্তে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। (৩) ক্ষমতার শূন্যতা দখল: সপ্তভূজ লৌহ কাঠামোর সপ্তম বাহুর একাংশ বা ধর্মীয় নেটওয়ার্ক আগে অলিগার্কির সহায়ক ছিল; এখন তারা নিজেরাই কেন্দ্রীয় নিয়ন্ত্রক হতে চাইছে। ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক শূন্যতা পূরণে অনিয়ন্ত্রিত ধর্মীয় নেটওয়ার্ক মাঠ দখল করছে। মাজার ভাঙা বা ভিন্নমত দমন মূলত তাদের এলাকা দখলের মহড়া।
(৪) পথ-নির্ভরতা ও দ-হীনতার চক্র: ডগলাস নর্থের (১৯৯০) ‘পাথ ডিপেন্ডেন্সি’ এবং চার্লস টিলির (১৯৮৫) বিশ্লেষণ মতে, কোনো সমাজ একবার সহিংসতা-নির্ভর পথে ঢুকে গেলে, সরকার বদলালেও শাসন-সংস্কৃতি বা দমনের ব্যাকরণ বদলায় না। এটি নিছক ‘এলিট রোটেশন’; এক শোষকের জায়গায় অন্য শোষকের আগমন। (২) সাংস্কৃতিক আধিপত্য ও আন্ডারডগ ক্ষমতার চক্রবাংলাদেশের বর্তমান রাজনৈতিক-সাংস্কৃতিক সংকট মূলত সাংস্কৃতিক আধিপত্য, দীর্ঘমেয়াদি বঞ্চনাবোধ এবং আন্ডারডগ ক্ষমতার চক্রের সম্মিলিত ফল। আশির দশক থেকে প্রগতিশীল সাংস্কৃতিক বয়ানে মুসলিম পরিচয়কে প্রায়শই নেতিবাচক, উগ্র বা পশ্চাৎপদ হিসেবে চিত্রিত করা হয়েছে।
ধর্মনিরপেক্ষ আধুনিকতা প্রতিষ্ঠার নামে এই একপেশে চিত্রায়ন গ্রাম-মফস্বলের বিশাল তরুণ জনগোষ্ঠীর মনে দীর্ঘস্থায়ী আত্মপরাধীনতা ও সাংস্কৃতিক বিচ্ছেদ তৈরি করেছে। সেলিগম্যানের (১৯৭২) শেখানো অসহায়ত্ব তত্ত্বের সামাজিক সংস্করণ হিসেবে, এই বঞ্চনাবোধ তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়াশীল পরিচয় জাগিয়ে তুলেছে, যা ইসলামপন্থী দলগুলোর প্রতি সহানুভূতি বাড়াতে অনুঘটক হিসেবে কাজ করেছে।৫ আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানের পর বিএনপি ও অন্যান্য প্রথাগত দল সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণে ব্যর্থ হলে, এই আন্ডারডগ তত্ত্ব অনুযায়ী ইসলামপন্থীদের উত্থান ত্বরান্বিত হয়েছে। পুরোনো সাংস্কৃতিক আধিপত্য ভেঙে পড়ার পর নতুন কোনো বিশ্বাসযোগ্য রাজনৈতিক বয়ান তৈরি না হওয়ায় সৃষ্ট শূন্যস্থানে ‘ধর্মীয় পরিচয়-রাজনীতি’ মাথাচাড়া দিয়ে উঠেছে। অন্যদিকে, তরুণ প্রজন্মের দল এনসিপি জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরিয়ে দেওয়ার পথ দেখাতে এখনো দৃশ্যমানভাবে সফল হতে পারেনি। ফলে রাজনৈতিক প্রতিবাদের ভাষা হিসেবে ধর্মভিত্তিক নেটওয়ার্কই প্রধান হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে জয়লাভ ও আগামী নির্বাচন নিয়ে জনজরিপে জামায়াত-শিবিরের উত্থানের সম্ভাবনা কি সাময়িক, নাকি এটি গ্লোবাল সাউথের সেই সাংস্কৃতিক পথ-নির্ভরতার প্রমাণ; যেখানে আন্ডারডগ পরিচয়ই ক্ষমতার নতুন মূলধন? অন্তর্বর্তীকালেই সীমিত ক্ষমতায় থেকে প্রশাসন নিয়ন্ত্রণের হুঙ্কার ও ধর্ম অপব্যাখ্যার ভাইরাল চিত্র এবং মিম পেজের বিরুদ্ধে মামলার ঘটনা যেন পুরনো ফ্যাসিবাদেরই প্রতিধ্বনি। পাশাপাশি, মাঠপর্যায়ে সপ্তম বাহুর মাজার ভাঙা ও প্রথম বাহুর ভোট কারচুপির চক্রান্ত প্রশ্ন জাগায়; রাষ্ট্র কি তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্যকেই বরণ করতে যাচ্ছে?
মনস্তত্ত্ব: অর্থ-নির্মাণ সংকট ও দ্বৈত নৈতিকতাবাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষ এক গভীর ‘অর্থ-নির্মাণ সংকট’-এর মুখোমুখি। পার্ক (২০১০)-এর মতে, এটি কেবল তথ্যের অভাব নয়; বরং নিরাপত্তাহীনতা ও উদ্দেশ্যহীনতার এমন এক মানসিক শূন্যতা, যা রাজনৈতিক ও ধর্মীয় শক্তি সহজেই নিজেদের এজেন্ডা দিয়ে পূর্ণ করে দেয়। পাওলো ফ্রেইরি (১৯৭০) দেখিয়েছেন, নিপীড়িত মানুষ প্রায়ই দ্বৈত মাপকাঠি ব্যবহার করে। তারা নিজের দল বা গোষ্ঠীর ত্রুটি দেখে ‘হৃদয়’ দিয়ে (সহানুভূতির দৃষ্টিতে), আর অন্যের ত্রুটি বিচার করে ‘চোখ’ দিয়ে (বাহ্যিকতা ও গুজবের ভিত্তিতে)।
এই অসম নৈতিকতায় ধর্মের সারসত্তা-ক্ষমা, করুণা, ন্যায়, স্বাধীনতা পিছনে চলে যায়; সামনে আসে শুধু অবয়বÑ বড় মিছিল, স্লোগান, সোশ্যাল মিডিয়ার শোরগোল।বুরদিও (১৯৯১)-এর ‘সাংকেতিক পুঁজি’র অভাবে মানুষ নিজের দুর্দশার ‘মূল কারণ’ ভাষায় প্রকাশ করতে পারে না। ফলে তারা একটি বিচ্ছিন্ন ভিডিও বা গুজবকেই অখ- সত্য মনে করে। ফলে বাংলাদেশের সমাজ আজ একটি ধারাবাহিক চক্রে প্রবেশ করেছে: মিস (বাস্তবতা ভুল বোঝা)-মিসরিড (ভুল ব্যাখ্যা করা)-মিসলিড (ভুল পথে চালিত হওয়া)। এই বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্বকে তিনটি শূন্যতা আরও তীব্র করে: রিপ্রেজেন্টেশন গ্যাপ (গণমাধ্যম ও রাজনীতিতে নিজের বাস্তবতার যথার্থ প্রতিনিধিত্ব নেই); কনসেপচুয়াল গ্যাপ (রাষ্ট্র ও অধিকার নিয়ে মৌলিক ধারণাগত জ্ঞানের অভাব); এডুকেশনাল গ্যাপ (মুখস্থ-ভিত্তিক শিক্ষার কারণে সমালোচনামূলক চিন্তার অভাব)। এই শূন্যতার কারণে ‘সত্য’ এখন যুক্তির বদলে তিনটি বাহ্যিক সূচকে নির্ধারিত হয়: লাউডনেস (কে বেশি চিৎকার করছে), উপস্থিতি (কোথায় ভিড় বেশি) এবং সোশ্যাল কনফার্মেশন (সবাই কী বলছে)। ফলে মানুষ কাঠামোগত শত্রু চিহ্নিত করতে না পেরে সহজ টার্গেট; ভিন্ন ধর্ম, ভিন্ন মাজহাব, মাজার, বাউল বা সাংস্কৃতিক কর্মীদের শত্রু বানিয়ে ফেলে। জটিল বাস্তবতাকে বোঝার বদলে মানুষ প্রায়ই সহজ নৈতিক শর্টকাট ও ষড়যন্ত্রধর্মী ফ্রেমে আশ্রয় নেয়; ল্যাকফের (২০০৪) ফ্রেমিং তত্ত্ব অনুযায়ী এগুলো আমাদের মস্তিষ্কের তৈরি মানসিক কাঠামো, যা রাজনৈতিক বাস্তবতাকেও বিকৃতভাবে সাজায়।
এই অর্থ-নির্মাণ সংকট অলিগার্কির জন্য সবচেয়ে উর্বর জমি। কারণ, এই অবস্থায় মানুষ আর রাষ্ট্রকে কাঠামোগতভাবে প্রশ্ন করে না; বরং ভয় ও আবেগের ওপর ভিত্তি করে সহিংসতায় জড়িয়ে পড়ে। ফলত, সত্য বা ন্যায়ের বদলে ভয় ও ঘৃণা-নির্ভর গোষ্ঠীগত উত্তেজনাই রাজনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গাতেই ধর্মভিত্তিক সপ্তম বাহু সহিংসতা ও ফ্যাসিবাদী মবিলাইজেশনের মাধ্যমে রাষ্ট্রকে বন্দি করার শেষ কাজটি সম্পন্ন করে।
লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক।
