দেশে এখন কৃষির ভরা মৌসুম। আমন ধান কাটার পাশাপাশি চলছে শীতকালীন সবজি ও রবিশস্যের পরিচর্যা। চলছে আলুর বীজ বোনা। কিছু দিনের মধ্যে গুটি বা মুড়িকাটা পেঁয়াজ উঠবে, শুরু হবে হালি পেঁয়াজ চাষের প্রস্তুতি, যা সারাবছরের চাহিদা মেটায়। মোট কথা, সময়টা এখন এমন– যখন সবচেয়ে বেশি সার ও বীজের প্রয়োজন পড়ে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদেরও তাই ব্যস্ত থাকার কথা।

সম্ভবত এ কারণেই কৃষি মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে, জরুরি প্রয়োজন ছাড়া মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না। কিন্তু বিস্ময়করভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর কোনো তোয়াক্কাই করছে না। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন বলছে, মাঠ পর্যায়ে বিএডিসির কর্মকর্তাদের গণহারে বদলি চলছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু ভোগান্তিতেই পড়েনি, তাদের কাজের এলাকার সেবাপ্রত্যাশীরা দুর্ভোগে পড়ছেন। তাদের আশঙ্কা, এ অবস্থায় তারা হয়তো বীজ, সার ও সেচ সুবিধা ঠিকমতো পাবেন না। প্রতিবেদন অনুসারে, গত এক মাসে অর্ধশত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বিশেষ করে সার ব্যবস্থাপনা শাখায় বদলি করা হয়েছে সবচেয়ে বেশি। অথচ এখনই সার সরবরাহ ও মাঠ পর্যায়ে কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কর্মকর্তাদের আশঙ্কা, এমন অস্থিরতায় সার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এতে বীজের সরবরাহেও বড় ধরনের সংকট তৈরি হবে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। ফলস্বরূপ রবি মৌসুমের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

বলা হতে পারে, যারা বদলি হচ্ছেন তাদের স্থানে তো নতুন কর্মকর্তা আসবেন। কিন্তু অভিজ্ঞতা বলে, সরকারি অফিসে সাধারণত নতুন কর্মকর্তা আসতে সময় লাগে। তাঁকেও তো বছরের এই শেষ সময়ে চেনাজানা কোনো পরিবেশ ছেড়ে নতুন জায়গায় আসতে হবে। যে জায়াগায় এতদিন ছিলেন, সেখানে হয়তো তাঁর পরিবার থাকে। সন্তানরা লেখাপড়া করলে এ সময় বিদ্যালয় পরিবর্তনও সম্ভব নয়। তা ছাড়া পছন্দ না হলে অনেকে নতুন কর্মস্থলে আসতে গড়িমসি শুধু নয়, বদলি ঠেকাতে রীতিমতো তদ্বির করেন, এমন ঘটনাও বিরল নয়।

আর যে কর্মকর্তা এতদিন এখানে ছিলেন, তিনি সে এলাকার নাড়ি-নক্ষত্র যেমন চেনেন, তেমনি এলাকার চাষিদের সঙ্গেও এক ধরনের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ফলে সেবাটাও ভালো হয়। নতুন কোনো কর্মকর্তা এসেই এমন সেবা দিতে পারবেন– এমন ধারণা অবাস্তব। এদিকে এ অস্বাভাবিক বদলির পেছনে আছে চেয়ারম্যান রুহুল আমিন খানের বদলি বাণিজ্য– এমন অভিযোগ ইতোমধ্যে চাউর হয়ে গেছে। প্রতিবেদনমতে, আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা রয়েছে তাঁর। অবসরে যাওয়ার আগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব বদলি করেছেন চেয়ারম্যান রুহুল আমিন খান। প্রশ্ন হতে পারে, ঘুষটা তিনি কার কাছ থেকে নিচ্ছেন? নিঃসন্দেহে, যারা তাদের বিবেচনায় ‘লোভনীয়’ স্থানে বদলি হতে চান। আর তাদের এ ইচ্ছার বলি হতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় কর্মরত কর্মকর্তাদের।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেছেন, বিএডিসির ইতিহাসে এমন বিশৃঙ্খল বদলি কখনও হয়নি। মাঠে এখন কর্মপরিকল্পনা নয়, চলছে বদলির দৌড়ঝাঁপ। বোঝাই যায়, বিএডিসি চেয়ারম্যানের এ বদলি বাণিজ্যে কেউ হচ্ছেন লাভবান, কেউ হচ্ছেন ক্ষতির শিকার। আর মাঠ পর্যায়ে দক্ষ ও সৎ কর্মকর্তারাই যে ক্ষতিগ্রস্তদের দলে, তা বলাই বাহুল্য।

সংস্থাটির চেয়ারম্যান যে স্বেচ্ছাচারের মাধ্যমে এ বদলি করছেন, তারও প্রমাণ প্রতিবেদনে আছে। গত এক মাসে যেসব বদলি করা হয়েছে, তার একটি আদেশও বিএডিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, যদিও নিয়ম হলো তা প্রকাশের। তবে আশার বিষয়, বিএডিসির সচিব যেমনটা বলেছেন, বদলিগুলো কৃষি সচিব স্থগিত রাখতে বলেছেন বলে তিনি শুনেছেন। তাঁর এ শোনাটা সত্যি হোক, এ কামনা। তবে এ অনিয়মের হোতাদের তদন্ত সাপেক্ষে শাস্তিও দিতে হবে, নইলে এমন তুঘলকি কাণ্ড বন্ধ হবে না।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল