গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ও জনগণের মতামতের প্রতিফলন। নিঃসন্দেহে গণতন্ত্র হচ্ছে এই সময়ের সবচেয়ে কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা। গণতন্ত্র সম্পর্কে সময়ের একটি জনপ্রিয় ধারণা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা এর একটি বৈশিষ্ট্য মাত্র, এর মাধ্যমে শাসন ব্যবস্থার প্রকৃত মান বোঝা যায় না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃত অবস্থা বোঝা যায় সেই সমাজের সবচেয়ে প্রান্তিক ও অপ্রধান জনগোষ্ঠীর ওপর শাসন ব্যবস্থা, প্রকারান্তরে শাসক শ্রেণি কেমন আচরণ করছে তা দিয়ে। অবশিষ্ট জনগোষ্ঠীর ওপর সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে, শুধু তাদের দৃষ্টিভঙ্গির আলোকে সব জনগোষ্ঠীকে বিচার-বিশ্লেষণ করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা যায় না।
আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। প্রশ্ন থেকে যায়, শাসন ব্যবস্থায় নারীরা কতটুকু অংশগ্রহণ করতে পারছে বা সম্পৃক্ত হতে পারছে? নিঃসন্দেহে বর্তমান বাস্তবতায় এটি কোনো সহজ-সরল বিষয় নয়। অধিকন্তু বিভিন্নভাবে শর্তসাপেক্ষ। অর্থাৎ সমাজ ও রাষ্ট্র নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ক্ষেত্রে কী কী উদ্যোগ গ্রহণ করছে তার ওপর নির্ভর করে। একটু খোলাসা করা যায় এভাবে যে, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নারী কি রাষ্ট্র পরিচালনা ও শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণে সহায়ক পরিবেশ পাচ্ছে? নাকি প্রতি পদে পদে প্রতিবন্ধকতা তাদের পেছনে ঠেলে দিচ্ছে বা পিছিয়ে রাখা হচ্ছে?
শত প্রতিবন্ধকতা পেরিয়েও এমন নারী আছে, যারা সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে–প্রতিকূলতা ডিঙিয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তবে নারীর এই কঠিন পথচলা নিঃসন্দেহে অনেককেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন থেকে পথচ্যুত হতে বাধ্য করে, যা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা।
গণতান্ত্রিকতা শুধু শাসন ব্যবস্থার সঙ্গেই যুক্ত নয়। গণতান্ত্রিক সমাজ কাঠামোর সঙ্গে নারী ও সমগ্র সমাজের উন্নয়নের যোগ সরাসরি। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছাড়া সমাজের সবার জন্য যেমন সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়, তেমনি তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলাও কঠিন। দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি তার গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, তবে তাদের মানবসম্পদ হিসেবে গড়ে ওঠা প্রায় অসম্ভব। অবশ্য সমাজে এমনও অনেকে আছেন, যারা এই জাল ছিন্ন করে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, কিন্তু তারা কিছুটা ব্যতিক্রম দৃষ্টান্ত ও কতকটা তাদের শ্রেণিকাঠামোর প্রতিফলন।
নারীর গণতান্ত্রিক অধিকার শুধু ভোট প্রদান নয়, বরং শাসন প্রক্রিয়ায় সমঅংশীদারিত্ব নিশ্চিত করতে পারার মধ্যে নিহিত। এই গণতান্ত্রিক অধিকারের আওতায় নারীর সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের পূর্ণ বাস্তবায়ন অন্তর্ভুক্ত, যা তার রাজনৈতিক অংশগ্রহণকে অংশীদারিত্বে পরিণত করে। এতে নারীর শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তির অধিকার ও সামাজিক নেতৃত্বে সমতার নিশ্চয়তা দান করে। এই গণতান্ত্রিক অধিকার শুধু নারীর সমান অধিকারের কথা বলে না; এটি একটি ন্যায্য সমাজ ব্যবস্থায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় কাঠামো সংস্কারের উদ্যোগ গ্রহণের কথাও বলে। যেখানে অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে বৈষম্য দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্তমানে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তা অনেক সময় সংগতিহীন, বিচ্ছিন্ন ও লোক দেখানো।
পশ্চাৎপদতা সত্ত্বেও নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না; বরং তাদের ক্ষমতায়নে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের জন্য ঘরে ও বাইরে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও রাজনৈতিক কাঠামোয় নারীর অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নিতে হবে। সর্বোপরি মানবাধিকারের সর্বজনীন ঘোষণা এবং সংবিধানের তৃতীয় ভাগে উল্লিখিত মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদের ঘোষণা অনুযায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটিই হচ্ছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মূলনীতি।
নাজমুল আহসান: উন্নয়নকর্মী psmiraz@yahoo.com
