ডায়াবেটিস কি? মানবদেহে কোন কারণে ইনসুলিন নামক হরমোনের অভাব হলে বা ইনসুলিন কার্যকরভাবে শরীরে ব্যবহৃত না হলে বা শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকলে রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এই সুগার প্রস্রাবের সঙ্গেও বেরিয়ে যায়Ñ এই অবস্থাকেই বলে ডায়াবেটিস। রোগটি সম্পূর্ণ নিরাময় যোগ্য নয়, তবে নিয়ন্ত্রণ যোগ্য।\r\nডায়াবেটিস দুই রকমের, টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ এ প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে যায়, কম বয়সীদের এ ধরনের ডায়াবেটিস হয়। তাদের সারা জনম ইনসুলিন নিতে হয়। টাইপ ২: এ ধরনের ডায়বেটিস রোগীদের ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায় বা প্রয়োজন মতো ইনসুলিন তৈরি হয় না। সাধারণত বয়স্ক বা স্থূল ব্যক্তিদের এ ধরনের ডায়াবেটিস দেখা যায়।\r\n১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন । ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়। মানুষের কিছু কিছু অসংক্রামক দীর্ঘস্থায়ী রোগ দেখা দেয়, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে সারা জীবন এ রোগ পালতে হবে।