আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে অস্থিরতা। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি একটু স্থিতিশীল হলে, আবার অস্থির হয়ে ওঠে সার্বিক পরিবেশ। মূলত, রাজনৈতিক অস্থিরতাই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। বিশেষ করে, অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকার পরিবর্তনের পর কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যাচ্ছে না। এর মূল কারণ হিসেবে পুলিশ বলছে ‘জাতীয় নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্র করছে। তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। বিশেষ করে আন্ডারওয়ার্ল্ড ও কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের নিয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে গেলেও নাশকতা চালানোর পাঁয়তারা করছে।’ এই অবস্থায় গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের কাজীপাড়া এলাকায় আজিজুর রহমান মুসাব্বির নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যদিও আজিজুর রহমান মুসাব্বির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। চাঁদাবাজির অভিযোগে গত বছর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এমন বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ৮ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছে ১৩টি হত্যাকা-। যার অধিকাংশই রাজনৈতিক। মূল প্রশ্ন হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠল কেন? এর নেপথ্যে কি কোনো অপশক্তি কাজ করছে? বিশেষ করে, অভ্যুত্থানে পতিত কালোশক্তি এবং আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ অপরাধীদের নেটওয়ার্ক? নাকি পরিস্থিতি বুঝে থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার করছে অপরাধীরা? দেশব্যাপী প্রতিদিন যেভাবে খুন হচ্ছে, তা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক পরিবেশকে চিহ্নিত করে না। এই অবস্থায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে বানচাল করতে কোন পক্ষ উঠেপড়ে লেগেছে? পুলিশ বলছে, নির্বাচন বানচাল করতে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে। বিশেষ করে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী এবং কারাগার থেকে পালানো বন্দিদের নিয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পলাতক বন্দিদের অনেকে ডাকাতি, হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি। তাদের অনেকেই ফের অপরাধে জড়িয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে।
২০২৬ সালের ৯ জানুয়ারিতেই যদি আইনশৃঙ্খলায় বর্তমান পরিস্থিতি নির্দেশ করে, তবে এটি ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিবেশের জন্য একটি বড় সতর্কবার্তা। রাজনীতি স্থিতিশীলতার দিকে অগ্রসর হবে, নাকি দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার চক্রে প্রবেশ করবে তা অনেকাংশেই নির্ভর করবে অন্তর্র্বর্তী সরকার ও রাজনৈতিক নেতৃত্বের দক্ষতা, বিচক্ষণতা এবং দূরদর্শিতার ওপর। এই মুহূর্তে রাজনৈতিক অনৈক্য পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে। ফলে দলগুলোকে কোনোভাবেই ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়া ঠিক হবে না। একটি দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, গণতান্ত্রিক রাজনীতিতে এটাই স্বাভাবিক। কিন্তু কোনো বিষয় যখন জাতীয় গুরুত্বপূর্ণ স্থান দখল করে, তখন বিভিন্ন দলের রাজনৈতিক মতভিন্নতা ষড়যন্ত্রকারীর পথকেই মসৃণ এবং নিষ্কণ্টক করে তোলে। ফলে যেকোনো অবাঞ্ছিত ঘটনার জন্য কোন পক্ষ দায়ী হবে তা নিরূপণ করা দুরূহ হয়ে যায়। আগামী মাসে নির্বাচন ও গণভোট। এই চাওয়ার পক্ষে যাদের অবস্থান জোরালো, তাদের সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে রাজনৈতিক পরিবেশ কোন রাস্তায় হাঁটবে? তবে আইনশৃঙ্খলা নিয়ে জনমনে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে, তা অবসানের দায়িত্ব বর্তমান সরকারের।
