ক্ষমতায় গেলে দায়িত্ব গ্রহণের প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর ইতোমধ্যে প্রায় নয় মাস অতিবাহিত হয়েছে। অর্থাৎ প্রতিশ্রুতির অর্ধেক সময় শেষ। অথচ এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের দৃশ্যমান উদ্যোগ কোথায়, কীভাবে এবং কোন খাতে বাস্তবায়িত হচ্ছে, তার সুস্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে না। বরং বিশ্বব্যাংক, উদ্যোক্তা সংগঠন ও বিভিন্ন অংশীজনের তথ্য-উপাত্ত বলছে, দেশের কর্মসংস্থান পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে। জ্বালানি সংকট, শিল্পকারখানা বন্ধ, বিনিয়োগে স্থবিরতা, কৃষিতে কর্মসংস্থান হ্রাস এবং সেবা খাতের সংকোচন– সব মিলিয়ে কর্মসংস্থানের সংকট এখন অর্থনীতির অন্যতম বড় উদ্বেগ। এমন পরিস্থিতিতে সরকারের প্রতিশ্রুতি ও কর্মকাণ্ডের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই।
কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে কার্যকর পথ হচ্ছে উৎপাদন বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ। বিশেষত বেসরকারি খাতের উৎপাদনশিল্পে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করা এখন জরুরি। অথচ বিদ্যুৎ, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানির সংকটে বিদ্যমান শিল্পকারখানাই উৎপাদন অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে। নতুন বিনিয়োগের আগ্রহ থাকলেও উদ্যোক্তারা কার্যকরভাবে এগোতে পারছেন না। এ অবস্থায় সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল জ্বালানি সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাস, অপচয় রোধ এবং বিদ্যমান শিল্পের উৎপাদন সক্ষমতা ধরে রাখা। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগের দৃশ্যমানতা অপ্রতুল।
দেশে জ্বালানির সংকট আছে, এটি অস্বীকারের উপায় নেই। কিন্তু সংকট মোকাবিলায় দক্ষ ব্যবস্থাপনার ঘাটতিও কম নয়। এখনও দেশব্যাপী অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে গভীর রাত পর্যন্ত দোকানপাটে অপ্রয়োজনীয় আলোকসজ্জা দেখা যায়। এসব ক্ষেত্রে কঠোর তদারকি, সাশ্রয়ী ব্যবহার এবং অগ্রাধিকারভিত্তিক বিতরণ নিশ্চিত করা গেলে সীমিত জ্বালানি দিয়েও উৎপাদন ব্যবস্থাকে কিছুটা সুরক্ষা দেওয়া সম্ভব। কিন্তু এ ধরনের ব্যবস্থাপনার অনুপস্থিতি সংকটকে আরও তীব্র করছে। উৎপাদন কমলে কাঁচামাল ও যন্ত্রাংশের আমদানি হ্রাস পায়, রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, জিডিপি প্রবৃদ্ধি মন্থর হয় এবং সরবরাহ সংকুচিত হওয়ায় মূল্যস্ফীতির চাপও বাড়ে। অর্থাৎ জ্বালানি সংকটের প্রভাব শুধু শিল্পে সীমাবদ্ধ নয়; তা সামগ্রিক অর্থনীতিকে আঘাত করছে।
কৃষিতেও পরিস্থিতি উদ্বেগজনক। আবাদি জমি কমছে, সেচে ডিজেল সরবরাহের অনিশ্চয়তা রয়েছে, সার ও কীটনাশকসহ কৃষি উপকরণের ঘাটতির খবরও গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এমন অবস্থায় প্রকৃতিনির্ভর ও বিকল্প সেচব্যবস্থা কাজে লাগানো, কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকের উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া জরুরি ছিল। কৃষিতে করপোরেট বিনিয়োগ বাড়লেও তা যে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করছে, এমন প্রমাণ নেই। বরং কৃষির প্রচলিত কর্মসংস্থান সংকুচিত হলে গ্রামীণ অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হবে। সরকারের নীতিনির্ধারণে এসব বাস্তবতার প্রতিফলন কতটুকু, তা স্পষ্ট নয়।
কর্মসংস্থান সংকট মোকাবিলায় আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিদেশে জনশক্তি রপ্তানি। নতুন শ্রমবাজার অনুসন্ধান, বিদ্যমান বাজারে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, বিদেশে কর্মীদের সুরক্ষা এবং অভিবাসন ব্যয় কমানো– এসব উদ্যোগের মাধ্যমে দ্রুত কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। কিন্তু মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোর সেবার মান ও তৎপরতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অন্যদিকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাবও কমেনি। এরই মধ্যে বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট সময়ে জনশক্তি রপ্তানি ৩৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে। অথচ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এক কোটি মানুষকে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। কর্মসংস্থানের এমন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ব্যবধান স্পষ্ট।
ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তাও উপেক্ষিত হচ্ছে। বৃহৎ শিল্পের তুলনায় এসব শিল্পে জ্বালানি ও অবকাঠামোর চাহিদা কম। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা, কৃষিবহির্ভূত কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উদ্যোক্তাদের বিকাশে এ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রবৃদ্ধি বৃহৎ শিল্পের চেয়েও নিচে রয়েছে। নীতিপত্রে এ খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। শুধু অগ্রাধিকার ঘোষণা করলেই কর্মসংস্থান তৈরি হয় না; প্রয়োজন অর্থায়ন, বাজারসুবিধা, প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহায়তা।
সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির সঙ্গে অগ্রাধিকারের অসংগতিও চোখে পড়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ এবং ফরাসি এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি, তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের উদ্যোগ, প্রত্যেক সংসদ সদস্যের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ, আদায়যোগ্য রাজস্বের প্রায় ৫২ শতাংশ মওকুফ, রুগ্ণ শিল্প পুনর্বাসনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল, ৮০০টি বৈদ্যুতিক বাস কেনা কিংবা সচিবালয় স্থানান্তরের মতো কর্মসূচি– এসব উদ্যোগের অর্থনৈতিক যৌক্তিকতা ও কর্মসংস্থানে সম্ভাব্য অবদান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে।
কোনো উদ্যোগই স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় নয়। উড়োজাহাজ, ড্রোন, বৈদ্যুতিক বাস কিংবা বন্দর অবকাঠামোয় বিনিয়োগেরও অর্থনৈতিক তাৎপর্য থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগের মাধ্যমে কত কর্মসংস্থান সৃষ্টি হবে, কতটা দেশীয় উৎপাদন বাড়বে, কতটা প্রযুক্তি স্থানান্তর ঘটবে এবং অর্থনীতির কোন সংকটের সমাধান হবে?
এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে সরকারের প্রয়োজন বাস্তবভিত্তিক কর্মকৌশল। ১০০ টাকায় মধ্যাহ্নভোজ, সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানে যোগদান, নিরাপত্তাপ্রহরীকে উপহার পাঠানো কিংবা কথায় কথায় কার্ড বিতরণের মতো প্রচারযোগ্য কর্মকাণ্ড জনমনে সাময়িক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কিন্তু এসব দিয়ে কর্মসংস্থানের সংকট দূর হবে না। অর্থনীতির গভীরে যে কাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান ছাড়া প্রতিশ্রুতি পূরণের পথ তৈরি করা অসম্ভব।
এ মুহূর্তে সরকারের উচিত তিন থেকে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত উন্নয়ন ও কর্মসংস্থান পরিকল্পনা প্রণয়ন করা। এক সময় পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতের অগ্রাধিকার, বিনিয়োগ, উৎপাদন ও উন্নয়ন কর্মসূচির মধ্যে সমন্বয় করা হতো। সে ধরনের পরিকল্পনা আবারও প্রয়োজন। কোন খাতে কত বিনিয়োগ হবে, কত কর্মসংস্থান সৃষ্টি হবে, বেসরকারি খাতকে কীভাবে সহায়তা দেওয়া হবে, জ্বালানি ও কৃষি সংকট কীভাবে মোকাবিলা করা হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কী ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা হবে– এসবের সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত প্রকাশ এবং কর্মসংস্থানের পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এখনও যদি সরকার কর্মসংস্থানকে কেন্দ্র করে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ না করে, তাহলে লক্ষ্যটি বাস্তবায়নের বদলে কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা বাড়বে। অর্থনীতির সংকটকে চমক দিয়ে আড়াল করা যায় না।
আবু তাহের খান: অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি; সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয়
