আমাদের দেশের মানুষ যেমন ধর্মপ্রাণ, তেমনি শিল্প-সংস্কৃতি অন্তঃপ্রাণ। বাংলাদেশকে বলা হয়, আউল-বাউল, সুর-সঙ্গীতের দেশ। জারি-সারি, মুর্শিদী, ভাটিয়ালি, কাওয়ালি, হামদ-নাত, গজল থেকে শুরু করে আধুনিক সঙ্গীতের প্রতি মানুষের অনুরাগ সুদীর্ঘকালের। গ্রামেগঞ্জে যাত্রাপালা, সার্কাস, বাউল সঙ্গীত, পুঁথিপাঠ, পালাগান প্রাচীনকাল থেকেই মানুষ দেখে ও শুনে আসছে। বিয়ে উপলক্ষে গান-বাজনার আয়োজন, বৃষ্টি না হলে চালুনি মাথায় নিয়ে পানি ঢেলে বৃষ্টির আবহ সৃষ্টি করাও গ্রামবাংলার ঐতিহ্য। ‘আল্লাহ মেঘ দে, পানি দে’ গেয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থণা করার সংস্কৃতি রয়েছে। গ্রামে মেয়েদের বৌচি খেলা, ছেলেদের দাড়িয়াবান্ধা, হাডুডু, আধুনিককালে ফুটবল-ক্রিকেট খেলা আমাদের সংস্কৃতির ধারাবাহিক বৈশিষ্ট্য। অলস দুপুরে বৃক্ষ ছায়ায় রাখালের বাঁশি বাজানো কিংবা একতারা- দোতারা হাতে বাউলদের গান গেয়ে গ্রামের পথেঘাটে ঘুরে বেড়ানো গ্রামবাংলার ঐতিহ্য। পরিবার নিয়ে দল বেঁধে সিনেমা দেখতে যাওয়ার সংস্কৃতি অনেক পুরনো। আমাদের দেশের মানুষের চিরায়ত বৈশিষ্ট্যই এমন। তারা ধর্মীয় বিধিবিধানের পাশাপাশি সুস্থ সংস্কৃতির চর্চা করে, উপভোগ করে। একটির সাথে আরেকটি মিলায় না। ধর্ম ও সুস্থ সংস্কৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই সমাজ ও পরিবার গড়ে উঠেছে। আমাদের ‘ছেলে-মেয়েদেরকে খেলার সময় খেলা, পড়ার সময় পড়া’ এই মন্ত্রণা দিয়ে গড়ে তোলা হয়। অভিভাবকরা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে। তুমি গান করতে পারবে না, খেলতে পারবে না, এমন বিধিনিষেধ সমাজ ও পরিবার থেকে দেয়া হয় না। ধর্মকর্মের পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চার মতো এমন বৈচিত্র্যপূর্ণ ও সহনশীল দেশ বিশ্বে খুব কমই রয়েছে। হাজার বছর ধরেই এই বৈচিত্র্য চলে আসছে। কখনো এ নিয়ে সংঘাতের সৃষ্টি হয়নি।
দুই. সংস্কৃতি জগতের সাথে অসংখ্য মানুষ জড়িয়ে থাকে। অসংখ্য মানুষের জীবনজীবিকার উৎস। এর অর্থনৈতিক আকার নেহায়েত কম নয়। এ খাতে বছরে হাজার কোটি টাকার বিনিয়োগ হয়। সবচেয়ে বড় কথা, একটি দেশের শিল্প-সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য বিশ্ব দরবারে সে দেশের প্রতিনিধিত্ব করে। দেশটি কেমন, তার মানুষ কেমনÑএ ধারণা বিশ্ব পায়। দেশকে বিশ্বে পরিচিত করতে ক্রীড়া ও সংস্কৃতির অবদান অনেক। আমাদের মতো উন্নয়নশীল দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধিতে এই দুইয়ের অবদান রয়েছে। এক ক্রিকেট দিয়েই বিশ্বে বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিধর দেশ বাংলাদেশ হয়ে আছে। অনেকে বিশ্বের সেরা ক্রিকেটারে পরিণত হয়েছে। অনেক উন্নত দেশের এই মর্যাদা নেই।
বিশ্বের বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেশের সিনেমা ও তারকারা অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশে সিনেমা মুক্তি পাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের নাটক, ওয়েব সিরিজ, সিনেমা বিশ্বে পৌঁছে যাচ্ছে। বিশ্ব আমাদের পরিবার, সমাজ, মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হয়েও আমরা যে একটি ‘মডারেট মুসলিম কান্ট্রি’ তা বিশ্ব স্বীকৃত। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, উগ্র নয়, তারা কোনো ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেয় না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুন্দর সহাবস্থানে বসবাস করে।
যেখানে এক সময় পশ্চিমাবিশ্ব ইসলাম ও মুসলমানদের ‘জঙ্গী ও সন্ত্রাসী’ তকমা দিয়ে বিশ্বে পরিচিত করতে চেয়েছে, সেখানে বাংলাদেশের মুসলমানরা সহনশীলতা প্রদর্শন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পশ্চিমা দেশগুলো বলতে বাধ্য হয়েছে, ‘বাংলাদেশ একটি মডারেট মুসলিম কান্ট্রি’। তারা ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেয় না। তারা অত্যন্ত অতিথিপরায়ন। আমাদের দেশের মানুষের চিরায়ত বৈশিষ্ট্যই তো সহনীলতা প্রদর্শন করা। তারা জাত-পাত, ধর্মীয় পার্থক্য নিয়ে বিবাদে জড়ায় না, পারস্পরিক শ্রদ্ধাপোষণ করে। যার যার ধর্ম নির্বিঘেœ পালন করে। হিন্দু বা অন্যকোনো ধর্মের মানুষ কুচক্রি মহলের দ্বারা আক্রান্ত হলে, মুসলমানরা তাদের পাশে দাঁড়ায়।
পবিত্র কুরআনে মহান আল্লাহ মুসলমানদের উপদেশ দিয়ে বলেছেন, তোমরা ওদের ধর্ম বিশ্বাস নিয়ে মন্দ বলো না, তাহলে ওরাও তোমাদের ধর্ম বিশ্বাসকে মন্দ বলবে। এর অর্থ হচ্ছে, তাদের হিসাব তিনি গ্রহণ করবেন, মুসলমানদের হিসাবও তিনি গ্রহণ করবেন। যেখানে মহান আল্লাহ মুসলমানদের এই উপদেশ দিয়েছেন, সেখানে কোনো মুসলমানের ভিন্ন ধর্ম, ভিন্ন মতের প্রতি উগ্র আচরণ কিংবা মন্দ কথা ও তিরস্কার করা যাবে না। কারণ, প্রত্যেকের নিজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তিনিই একমাত্র হিসাব গ্রহণকারি, সূক্ষ্ম বিচারক। ইসলাম ও মুসলমানদের সৌন্দর্য এখানেই। এখানে জোরজবরদস্তির কোনো ঠাঁই নেই। একটা সময় যে সউদী আরবে সংস্কৃতি চর্চা নিষিদ্ধ ছিল। বিনোদনের বড় মাধ্যম সিনেমা নিষিদ্ধ ছিল, সেখানে এখন তা উন্মুক্ত। ইসলামের বিধিবিধান মেনেই তা করা হচ্ছে। বিশ্বের নামিদামি তারকারা দেশটিতে ভিড় করছে। বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করছে। এখন দেশটিতে পঞ্চমবারের মতো ‘রেড সি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ চলছে। বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হচ্ছে। বিশ্বখ্যাত তারকারা উৎসবে অংশগ্রহণ করছে। সউদী আরব কেন তার রক্ষণশীলতা থেকে বের হয়ে আসছে, তা ভাবতে হবে। শুধু তাই নয়, দেশটি নারীদের শিল্প চর্চায় উৎসাহিত করছে। শালীনতার মধ্যে থেকে গাড়ি চালানো ও কর্মজীবন বেছে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। খেলাধুলায়ও নারীরা অংশগ্রহণ করছে। তাতে কি দেশটির কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না।
তিন. অত্যন্ত পরিতাপের বিষয়, মধ্যপন্থী মুসলমান দেশ হিসেবে আমাদের দেশ যেখানে বিশ্বে পরিচিত ও প্রশংসিত, তা আজ একটি উগ্রবাদী শ্রেণীর জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাংলাদেশে ইসলামী উগ্রবাদের জন্ম হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। যে অংশটি এই উগ্রাবাদিতা দেখাচ্ছে, তারা যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বৈশিষ্ট্য ধারণ করে না, তা দেশের মানুষ জানে। আমরা দেখেছি, হাসিনা ক্ষমতায় থাকার জন্য ‘জঙ্গী নাটক’ সাজিয়ে এবং তা দমন করে বিশ্বকে দেখাতে চেয়েছিল, বাংলাদেশে উগ্রপন্থীদের উত্থান ঘটছে এবং তিনি তা দমন করছেন। কিছুদিন পরপরই নিরীহ মানুষদের জঙ্গী তকমা দিয়ে সাজসাজ রবে অভিযান চালিয়ে গ্রেফতার নাটক করত এবং তা ব্যাপকভাবে প্রচার করে তার তথাকথিত জঙ্গীদমন নাটক দেখাত।
হাসিনা তা করেও শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। দুঃখজনক বিষয় হচ্ছে, হাসিনার পতনের পর একটি উগ্রবাদী গোষ্ঠী ইসলামের নামে সেই একই কাজ করছে। তারা শিল্প-সংস্কৃতিতে আঘাত হানছে। কোনো তারকা শো রুম উদ্বোধন করতে গেলে বাধা দিচ্ছে। নারীদের ফুটবল খেলায় বাধা দিচ্ছে। একের পর এক অনিবার্য কারণ দেখিয়ে তারুণ্যের নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম কনসার্ট বন্ধ করে দিচ্ছে। অনিবার্য কারণ কি, তা সচেতন মহলমাত্রই জানে। এই উগ্র গোষ্ঠী মানুষের মাজারভিত্তিক ভক্তি ও বিশ্বাসে আঘাত করছে। ইতোমধ্যে শত শত মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তারা ভিন্নমত ও ভিন্ন বিশ্বাসকে উচ্ছেদ করতে চাচ্ছে। আবারও বলতে হয়, ইসলামে যার যার কর্ম-অপকর্মের হিসাব আল্লাহর কাছে তাকেই দিতে হবে। অন্য কেউ এ হিসাব দেবে না।
যারা ইসলামের নামে অন্যের বিশ্বাসকে জবরদস্তিমূলকভাবে বন্ধ করতে চাচ্ছে, তারা কি আল্লাহর কাছে তার হিসাব ওই ভিন্নমতাবলম্বীদের হয়ে দেবে? সেই সুযোগ কি আল্লাহ রেখেছেন। রাখেননি। মহান আল্লাহ রাসূলকে (স.) পবিত্র কুরআনে পষ্টভাবে বলে দিয়েছেন, আপনার কাজ আহ্বান করা, হেদায়াতের মালিক আমি। পবিত্র কুরআনে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো। তার মানে এই নয়, জোরজবরদস্তি বা আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। যেখানে মন্দ কাজ হচ্ছে, তার বিপরীতে ভালো কাজ করে মন্দ কাজকে ঢেকে দিতে হবে। যারা এখন উগ্রবাদী আচরণ করছে, তারা কি আল্লাহর এই নির্দেশ মানছে? মানছে না। বলা বাহুল্য, দেশে এমন পরিস্থিতি কখনো দেখা যায়নি।
আমাদের দেশ তো এমনই যেখানে, মানুষ যেমন দল দলে ওয়াজ-মাহফিলে যায়, আবার দলে দলে কনসার্ট, বাউল গান, পালা গান, যাত্রা-নাটক দেখতে যায়। ওয়াজ-মাহফিলে ইসলামী স্কলাররা গান-বাজনা, নাটক-সিনেমা দেখতে নিরুৎসাহী করে উপদেশ ও বয়ান দেন। নারী-পুরুষদের আচার-আচরণ ও চলাফেরা কীভাবে করতে হবে, তা কুরআন-সুন্নাহর আলোকে তারা তুলে ধরেন। প্রতি জুমার নামাজের খুতবায় ইমাম-খতিবরা এসব বিষয় মুসল্লীদের সামনে তুলে ধরছেন। সন্তানদের ইসলামের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানাচ্ছেন। তারা জোরজবরদস্তি করেন না। যারা শোনার তারা শোনে এবং মানে। শত শত বছর ধরে এই বিধিনিষেধ ও অপসংস্কৃতিকে নিরুৎসাহের বয়ান চলে আসছে। তাদের এই আহ্বানের মধ্য দিয়েই আমাদের সমাজ ও পরিবারের নীতিনৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ধারা বজায় রয়েছে।
আমাদের দেশের মানুষ যেমন শিল্প-সংস্কৃতি মনস্ক, তেমনি তারা ধর্মীয় মূল্যবোধ ও বিধিবিধানের আলোকে জীবনযাপন করে। আমরা যদি এই সময়ের জেন-জি, আলফা প্রজন্মের দিকে তাকাই তাহলে দেখব, তারা যেমন আধুনিকতার সাথে তাল মিলাচ্ছে, তেমনি তারা ধর্মীয় বিধিবিধান মেনে চলছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক হারে বোরকা পরছে। তাদের কেউ বাধ্য করেনি। তারা যেমন ধর্ম চর্চা করছে, তেমনি কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করে। পারিবারিক শিক্ষা ও নিজ উপলব্ধি থেকেই তারা তা করছে। এটাই আমাদের চিরায়ত বৈশিষ্ট্য। চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতির দুই ধারাকে সমান্তরালে এগিয়ে নিচ্ছে। এখন এই ধারাটি উগ্রবাদী গোষ্ঠী ভেঙে দিয়ে ভারসাম্য নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। সমাজে ফেতনা-ফেসাদ সৃষ্টি করছে। মহান আল্লাহ পবিত্র কুরআনে ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করাকে হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। অথচ উগ্রবাদী গোষ্ঠীটি নানা অপকর্মের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে ‘জঙ্গীবাদের উত্থান’ ঘটছে বিশ্বে এই ম্যাসেজ দিচ্ছে। হাসিনার জঙ্গীবাদের উত্থানের বয়ান প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।
চার. উগ্রবাদী এই গোষ্ঠী নিজেদের মতামত সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর চাপিয়ে দিতে চাইছে। তারা চাইছে, তাদের মতো করে সবাই চলুক। তাদের মতামতই চূড়ান্ত। এটা ফ্যাসিবাদী মানসিকতা ছাড়া কিছু নয়। তারা আমাদের চিরকালের শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সম্প্রীতির উপর আগ্রাসী হয়ে উঠেছে। বিশ্বে যে বাংলাদেশ একটি সহনশীল, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মধ্যপন্থী ইসলামী দেশ হিসেবে পরিচিত, সে পরিচয় তারা ভেঙে দিতে চাইছে। ইসলাম যে সাম্য, শান্তি ও সম্প্রীতির ধর্ম, তাতে আঘাত হানছে। অথচ যে আফগানিস্তান বিশ্বে গোড়া ইসলামী দেশ হিসেবে পরিচিত, সেই আফগানিস্তান এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে ইসলামের আলোকেই পরিবর্তিত হচ্ছে। আমাদের দেশে যে, শত বছর ধরে শিল্প-সংস্কৃতির চর্চা হয়ে আসছে, তা কি ইসলাম ও ধর্ম পালনে কোনো ধরনের প্রতিবন্ধতা সৃষ্টি করেছে? দেশের মানুষ তা গ্রহণ করেই তো প্রজন্ম থেকে প্রজন্মে বেড়ে উঠেছে। কোনো ধরনের সমস্যা হয়নি। এখন কেন, উগ্রবাদীরা তাকে সমস্যা মনে করছে? তারা কি মনে করছে, শিল্প-সংস্কৃতি কিংবা ভিন্ন বিশ্বাসে আঘাত করে দেশকে পরিবর্তন করে ফেলতে পারবে? যদি এই চিন্তা করে থাকে, তাহলে তারা ভুল করছে। বলা বাহুল্য, এদেশের মানুষ স্বভাবগত কারণে যেমন সুর করে পবিত্র কুরআন পাঠ ও আজানের মধুর ধ্বণিতে বিগলিত হয়, একইভাবে গানের সুরে আনন্দিত হয়। যেসব উগ্রবাদী সুস্থ শিল্প-সংস্কৃতির ধারা স্তব্ধ করে দিয়ে দেশকে ‘এক্সট্রিমিস্ট’ হিসেবে বিশ্বে পরিচিত করতে চাইছে, তারা দেশের ক্ষতি ছাড়া কিছু করছে না। তারা দেশকে পিছিয়ে দিতে চাইছে।
arpan.journalist@gmail.com
